০৮:০৭ পি.এম
বর্তমান বাস্তবতায় পঞ্চম বর্ষে গড়ানো ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার হামলা এখন দৈনিক ঘটনার অংশ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এটি শুধুমাত্র রণক্ষেত্রের কৌশল নয়, বরং রাশিয়ার বৃহত্তর কূটনৈতিক পরিকল্পনারও প্রতিফলন—যেখানে ইউক্রেনকে কোণঠাসা করার পাশাপাশি কিয়েভের প্রধান দুই ভরসাস্থল ন্যাটো এবং ইউরোপের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাহ্যিকভাবে কূটনৈতিক আলোচনায় অংশগ্রহণ করছে মস্কো। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে রুশ কূটনীতিকরা শান্তি চুক্তির পরিবর্তে এমন সব শর্ত জুড়ে দিয়েছেন, যা মেনে নিলে স্নায়ুযুদ্ধ-পরবর্তী ইউরোপের পুরো নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে।
বর্তমানে পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অভাবে ইউক্রেন চাপের মধ্যে রয়েছে, ফলে কিয়েভ সম্মুখসারি বরাবর যুদ্ধ স্থগিত রাখার যে প্রস্তাব দিয়েছিল, সেটি মস্কো নাকচ করে দিয়েছে। ফাঁস হওয়া নথির তথ্য অনুযায়ী, রাশিয়া চায় মধ্য ও পূর্ব ইউরোপ থেকে ন্যাটো তাদের সৈন্য প্রত্যাহার করুক এবং জোটটির সম্প্রসারণ চিরতরে বন্ধ হোক। পাশাপাশি, প্রতিবেশী দেশগুলো, যেমন এস্তোনিয়া বা ফিনল্যান্ডের সঙ্গে আলাদাভাবে ‘অনাক্রমণ চুক্তি’ করতে চায় মস্কো।
আরও পড়ুন: আত্মজীবনীতে ফিলিস্তিনের পক্ষ নিয়ে লিখলেন জো বাইডেন
আবুধাবি বৈঠক শেষে রুশ আলোচক আলেক্সেই দ্রোবিনিন জানিয়েছেন, ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলাদাভাবে এ ধরনের চুক্তি হলে মস্কোর পক্ষ থেকে তাদের বাড়তি নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হতে পারে। তবে কূটনীতিকদের মতে, যদি এমন দ্বিপাক্ষিক চুক্তি হয়, তাহলে ন্যাটোর মূল ভিত্তি—অর্থাৎ ‘এক সদস্যের ওপর হামলা মানে ৩২টি সদস্য দেশের ওপরই হামলা’—এই যৌথ প্রতিরক্ষা নীতি কার্যকরী হবে না।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রতিবাদে পদত্যাগ করা সাবেক রুশ কূটনীতিক বরিস বন্দারেভ সতর্ক করে বলেন, এমন চুক্তি বাস্তবায়িত হলে ন্যাটো ভেঙে পড়বে এবং ইউরোপীয় দেশগুলো এককভাবে রাশিয়ার মুখোমুখি হতে বাধ্য হবে। ফলে ইউরোপ রাশিয়ার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে, কোনো গুলি না ছুড়েই বা সৈন্য না হারিয়েই। তিনি আরও জানান, এসব চুক্তিতে এমন শর্ত থাকবে যাতে রাশিয়ার সঙ্গে অন্য কোনো ইউরোপীয় দেশের যুদ্ধ বাধলে চুক্তিবদ্ধ দেশটি তাতে অংশ নিতে না পারে।
আলাদাভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, রাশিয়া তাদের এই দাবিগুলো ইউরোপীয় নেতাদের না জানিয়ে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের কাছে উপস্থাপন করেছে। কিয়েভভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স ইনস্টিটিউট’-এর নির্বাহী পরিচালক মারিয়া কুচেরেনকো জানান, মস্কো ইউরোপকে পাশ কাটিয়ে কেবল আমেরিকার সঙ্গে কথা বলতে চায় এবং নিরাপত্তার চেয়ে রাজনীতিকে প্রাধান্য দিয়ে সর্বোচ্চ সুবিধা আদায়ের পুরোনো কৌশল নিয়েছে।
আলোচনার জটিলতা স্বীকার করে মার্কিন প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার বলেন, এই চুক্তিগুলো অত্যন্ত কঠিন ও স্পর্শকাতর, কারণ এটি একটি চলমান রক্তক্ষয়ী যুদ্ধ। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এসব দাবিকে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিন্ন এক জগতে বাস করছেন। ইউক্রেনের শীর্ষ আলোচক দাভিদ আরাখামিয়াও আবুধাবির এই বৈঠককে ২০২২ সালের পর সবচেয়ে কঠিন আলোচনা হিসেবে অভিহিত করেছেন।
আরও পড়ুন: চীন হার্ভার্ড অধ্যাপককে ফিরিয়ে এনে অন্য মার্কিন গবেষকদেরও ডাকছে
বিশ্লেষকদের ধারণা, শান্তি আলোচনা ঝুলিয়ে রেখে রাশিয়া মূলত সময় ক্ষেপণ করছে, যাতে ইউরোপের প্রধান দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের অনুকূল পরিস্থিতি তৈরি হয়। আগামী এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্রান্সের কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লে পেন জয়ী হলে ছয় মাসের মধ্যে ইউক্রেনে সব ধরনের সামরিক ও আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন। জনমত জরিপে তিনি বর্তমানে এগিয়ে আছেন।
অন্যদিকে, জার্মানিতে বাজেট ও অর্থনৈতিক স্থবিরতা নিয়ে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে পড়লে আগাম নির্বাচনে জয়ের পথে রয়েছে কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)। দলটি ইউক্রেনে সহায়তা বন্ধ করে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পুনরায় রুশ তেল ও গ্যাস কেনার পক্ষে অবস্থান নিয়েছে।
ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় দিতে কিয়েভের ওপর চাপ সৃষ্টি করছে। এর মধ্যে ফ্রান্স ও জার্মানিতে ইউক্রেন-বিরোধী শক্তি ক্ষমতায় এলে কিয়েভ চরম বিপাকে পড়বে। কিয়েভভিত্তিক বিশ্লেষক আলেক্সেই কুশ আশঙ্কা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যদি একজোট হয়ে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করে, তবে ওয়াশিংটন ও ব্রাসেলসের মধ্যে কূটনৈতিক ভারসাম্য রক্ষার আর কোনো সুযোগ কিয়েভের হাতে থাকবে না। সূত্র: আল জাজিরা।
আরও পড়ুন: ইরান কি ইউরোপকেও নতুন রণক্ষেত্র বানাবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন