শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং
০২:১৯ এম
অনন্ত মহাবিশ্বের অসংখ্য গ্রহ-নক্ষত্রের মাঝে, পৃথিবীই একমাত্র প্রাণবন্ত নীলাভ নীড়। এই প্রাণের অস্তিত্বের জন্য প্রথম এবং প্রধান পূর্বশর্ত হলো জল। আধুনিক বিজ্ঞান যেমন পৃথিবীতে জীবনের সূচনাকে জলের সঙ্গে যুক্ত করেছে, তেমনি হাজার হাজার বছর আগে বৈদিক ঋষিরাও জলকে সৃষ্টির আদিরূপ হিসেবে উপলব্ধি করেছিলেন।
ঋগ্বেদের নাসদীয় সূক্তে সৃষ্টির পূর্বাবস্থার বর্ণনায় উল্লেখ করা হয়েছে - সৃষ্টির আদিতে সর্বত্র ছিল অন্ধকারে আচ্ছন্ন এক অসীম জলরাশি। সনাতন ভাবনায় পঞ্চমহাভূতের মধ্যে ‘অপ’ বা জলই সেই মূল উপাদান, যা বাকি সব উপাদানের মাঝে প্রাণসঞ্চার করে। নদী, বৃষ্টি, পুকুর, বিল ও সমুদ্রের সঙ্গে গড়ে ওঠা আমাদের রূপসী বাংলার জীবন ও সংস্কৃতির গভীরে জলের এই অস্তিত্বকে এবারের দুর্গাপূজার ভাবনায় ধারণ করে গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন বেছে নিয়েছে একটি অনন্য থিম - ‘জলজ’ (জল থেকে যার জন্ম)।
সনাতন ধর্মে জল কেবল একটি প্রাকৃতিক উপাদান নয়; জল স্বয়ং পবিত্রতা, পরমেশ্বর ও পরম সংস্কারের স্তম্ভ। মাতৃগর্ভের তরল থেকে শুরু করে গঙ্গাতীরে জীবনের শেষ অঞ্জলি - মানুষের সমগ্র জীবনচক্র জলের প্রবাহেই বাঁধা। জলই মাঙ্গলিক সূচনা, ঘটস্থাপন, তর্পণ, হোম কিংবা আত্মশুদ্ধির প্রধান মাধ্যম। শ্রীশ্রীচণ্ডীতে দেবী মা কেবল শক্তিরূপা নন, তিনি জীবের জীবনধারণের মূল আকুতি: ‘তৃষ্ণারূপেণ সংস্থিতা!’ জলের বুক চিরে যেমন পদ্ম প্রস্ফুটিত হয়, তেমনি জীবচেতনার তৃষ্ণা থেকেই প্রকাশিত হন মহাশক্তি মা দুর্গা।
এই ভাবনাকেই এবছর গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের মণ্ডপসজ্জায় স্থাপত্য, প্রকৌশল, কুটিরশিল্প, আলোক-নকশা আর নানান অলংকরণের মিশেলে রূপ দেয়া হচ্ছে এক বৃহৎ জলজ জৈব-রূপকল্পে। পরিবেশবান্ধব উপাদান যেমন বাঁশ, বেত, প্রাকৃতিক তন্তু ও চটের সাহায্যে নির্মিত হবে ঢেউখেলানো বহুস্তরীয় দৃশ্যপট, যা এক স্থির বিশাল উর্মিমালার মতো দর্শককে ঘিরে রাখবে।
প্রবেশপথ থেকে মণ্ডপের অন্তঃস্থল পর্যন্ত দর্শকের যাত্রা হবে এক আধ্যাত্মিক অভিজ্ঞতা - প্রকৃতির উত্তাল তরঙ্গ থেকে শান্ত হয়ে মাতৃচরণের দিকে অগ্রসর হওয়া। জলপ্রপাত, রিফ্লেকশন পুল ও আলোর মেলবন্ধনে সৃষ্টি হবে এক রূপান্তরশীল পরিবেশ। আর প্যান্ডেলের কেন্দ্রে থাকবে একটি বৃহৎ পদ্মরূপী স্থাপত্য, যেখান থেকে জলের গভীরতা থেকে প্রস্ফুটিত পদ্মের মতো শংখ-পটে উদ্ভাসিত হবেন আদ্যাশক্তি মা দুর্গা।
তবে ‘জলজ’ কেবল ধর্মীয় অনুভূতির মাঝে সীমাবদ্ধ নয়; এটি তার আবেদনকে প্রসারিত করেছে বৈশ্বিক ও পরিবেশগত সামাজিক দায়বদ্ধতায়। আজ জলবায়ু পরিবর্তন, নদী দখল ও জলদূষণের কারণে পৃথিবীর জলচক্র মারাত্মক সংকটে। নদীমাতৃক বাংলাদেশের জন্য এই সংকট অস্তিত্বের প্রশ্ন। তাই জলকে সম্মান করা ও রক্ষা করা মানেই জীবন, ইতিহাস ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। ‘জলজ’ মায়ের কাছে ফিরে যাওয়ার, প্রকৃতিকে ভালোবাসার এবং জীবমণ্ডলকে রক্ষা করার এক সানন্দ আহ্বান।
জল, পদ্ম, তীর্থবারি, তৃষ্ণা ও পরম জীবন – এ সবকিছু মিলিয়ে দেবী দুর্গার কাছে আমাদের আকুল প্রার্থনা: মা, তুমি বিশ্বসংসারকে তৃষ্ণামুক্ত করো, জীবন ও প্রকৃতিকে রক্ষা করো, মানুষকে দাও সংহার নয়, সৃষ্টির শক্তি।
গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের আয়োজনে এবং স্থপতি অমিতি কুন্ডু ও শিল্পী-গবেষক পার্থপ্রতিম সাহার পরিকল্পনা, ডিজাইন ও তত্ত্বাবধানে বনানী কামাল আতাতুর্ক পার্কে শারদোৎসবের এই অভিনব ও দৃষ্টিনন্দন সার্বজনীন মন্ডপ সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মোবাইল কোর্ট গুলশানের ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার, রাজধানীর গুলশান-১ এর পেয়ারি তেহারি রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজ।
অভিযান চলাকালে রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে নোংরা অবস্থায় পাওয়া যায়। এছাড়াও, রান্নার মশলা ও আচার স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নন-ফুডগ্রেড পাত্রে সংরক্ষিত অবস্থায় লেবেলহীনভাবে পরিলক্ষিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, অভিযানের সময় রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, নিবন্ধন সনদ, প্রেমিসেস লাইসেন্স, রেস্টুরেন্টকর্মীদের স্বাস্থ্য সনদ এবং পানি পরীক্ষার সনদ পাওয়া যায়নি। এসব অপরাধের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা অবিলম্বে আদায় করা হয়।
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া ও অন্যান্য কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যের একটি দল উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অনিয়মের অভিযোগের তদন্তে প্রমাণ পাওয়া যাওয়ার পর সমাজসেবা অধিদপ্তর শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশের বর্তমান কার্যকরী পরিষদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
এছাড়া, সংস্থাটির কার্যক্রম পরিচালনার জন্য এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে একটি তত্ত্বাবধায়ক মণ্ডলী গঠন করা হয়েছে। এই মণ্ডলীর আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. মো. খায়রুল ইসলাম।
৮ অক্টোবর, সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন, বাংলাদেশের মহাসচিব রেজা করিম এবং কার্যকরী পরিষদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।
এছাড়া, যশোর শিশু হাসপাতালের স্থানীয় ব্যবস্থাপনা কমিটি বাতিল করার পাশাপাশি বর্তমান ব্যবস্থাপনা কমিটির অর্থ স্থানান্তরের বিষয়েও অভিযোগ পাওয়া যায়।
এই অভিযোগগুলোর তদন্তের জন্য গত ২৯ জুলাই একটি দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ৩০ সেপ্টেম্বর তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পর্যালোচনায় সংস্থাটির বর্তমান কার্যকরী পরিষদের অনিয়মের বিষয়টি পরিলক্ষিত হওয়ায় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১-এর ৯(১) ধারা অনুযায়ী কার্যকরী পরিষদকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আদেশ অনুযায়ী, তত্ত্বাবধায়ক মণ্ডলীর আহ্বায়ক ডা. মো. খায়রুল ইসলামকে দায়িত্ব বুঝে নিতে হবে। আদেশে আরও উল্লেখ করা হয়েছে, অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন করতে হবে। তত্ত্বাবধায়ক মণ্ডলী দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতি মাসের ৫ তারিখে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন সমাজসেবা অধিদপ্তরে জমা দিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের খাতুনগঞ্জে একটি গোডাউনে ১৬০ থেকে ১৭০ টন এলাচ মজুদের তথ্য সংগ্রহ করেছে। এই মজুদে একটি প্রতিষ্ঠান প্রায় ১১ মাসে ১৫ টন এলাচের মধ্যে মাত্র আধা টন বিক্রি করেছে।
অন্য একটি প্রতিষ্ঠান ৩০ টন এলাচ বিক্রির রশিদ দেখালেও পণ্য সরবরাহ করেনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালিত অভিযানে এসব তথ্য প্রকাশ পায়।
এলাচ মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির চেষ্টার অভিযোগে হোসেন কর্পোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই গোডাউনে আমদানিকৃত জিরার মূল বস্তায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় আরাফাত ট্রেডিংকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এই অভিযান পরিচালনা করে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, খাতুনগঞ্জের বিমল বাবুর গোডাউনে হোসেন কর্পোরেশন ২০২৫ সালের নভেম্বরে ১৫ টন এলাচ মজুদ করেছে। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত মাত্র আধা টন বিক্রি করেছে। অবশিষ্ট সাড়ে ১৪ টন এলাচ দীর্ঘদিন ধরে মজুদ রয়েছে, যার মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। অধিদপ্তরের মতে, এভাবে পণ্য আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।
একই গোডাউনে প্রাইম ট্রেডিংয়ের গত দুই মাসে ধাপে ধাপে ৪৭ টন এলাচ মজুদের তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি এ সময়ে ৩০ টন এলাচ বিক্রির রশিদ দেখালেও পণ্যের ডেলিভারি সম্পন্ন হয়নি। বিক্রয় রশিদ যাচাইয়ে বিভিন্ন ধাপে দাম বাড়ানোর তথ্যও অধিদপ্তর পেয়েছে।
এলাচের ক্রয়মূল্য, ভাউচার ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের জন্য প্রাইম ট্রেডিংকে আগামী রোববার প্রয়োজনীয় রেকর্ডসহ অধিদপ্তরের কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। প্রতিষ্ঠানটির বক্তব্য ও নথিপত্র পর্যালোচনার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভিযানকালে ব্যবসায়ীদের অযৌক্তিক মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও পণ্য সরবরাহে প্রতিবন্ধকতা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার জন্য সতর্ক করা হয়।
অধিদপ্তর জানিয়েছে, বাজারে ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে তদারকি অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একদিনে দেশের তিনটি বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামী ২০ অক্টোবর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাবেন। সফরের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সামরিক বিমানে তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৈয়দপুরে পৌঁছানোর পর তিনি রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন।
এরপর সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় তিনি রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন এবং পরে রাজশাহী সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করবেন।
প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফরে রাজশাহীতে একটি জনসভায় বক্তব্য দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে।
জনসভা শেষে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় তিনি চট্টগ্রামের রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু সময় অবস্থান করে রাতে বিমানযোগে ঢাকায় ফিরে আসবেন।
এদিকে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর এবং শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) প্রস্তুতিমূলক সভা করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঘণ্টাব্যাপী আরএমপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
সভায় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সফর উপলক্ষে সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ