১০:৩৩ এম
যুক্তরাষ্ট্র ইরানে অস্ত্র ও অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধে নতুন সামরিক অভিযান শুরু করেছে স্থলপথে। এই উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামে একটি বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটন ইরানের ওপর চলমান নৌ অবরোধকে আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে এই বাহিনীর মাধ্যমে।
রোববার (৮ নভেম্বর) ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে উল্লেখ করেছেন যে, নতুন এই বাহিনী ইরানে প্রবেশ ও দেশটি থেকে বের হওয়ার পথ নিয়ন্ত্রণে সম্পূর্ণ সক্রিয় রয়েছে। তিনি দাবি করেন, ইতিহাসের সবচেয়ে বড় নৌ অবরোধের পাশাপাশি এই উদ্যোগের ফলে ইরানে পণ্য প্রবেশ ও বের হওয়া আরও কঠিন হয়ে যাবে।
এর আগে শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দেয়। আট মাস ধরে চলমান যুদ্ধের মধ্যে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধকে শক্তিশালী করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: পেজেশকিয়ান
সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, নতুন বাহিনী ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জামের মজুত বৃদ্ধি করার সক্ষমতা সীমিত করবে।
ফ্লোরিডাভিত্তিক এই বাহিনীতে সামরিক ও বেসামরিক সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন। তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তাদের প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্য এবং অবৈধ অর্থের প্রবাহ প্রতিরোধ করা।
তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে ব্যর্থ বলে দাবি করেছে। বাহিনীটির মুখপাত্র হোসেইন মোহেবি বলেছেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন নামে ও পরিকল্পনায় যে অর্থনৈতিক অবরোধ আরোপের চেষ্টা করছে, তা কখনোই সফল হবে না।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে তিনি বলেন, ওয়াশিংটন চরম অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ইরানের অর্থনীতি ধসিয়ে দেওয়া এবং দেশটিকে ভেঙে ফেলার লক্ষ্য অর্জন করতে পারবে না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের যোগাযোগ ও বাণিজ্যিক পথ বন্ধ করার ক্ষমতাও যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: ইরান শান্তিহীন পরিস্থিতির অবসান চায়, যুদ্ধ আলোচনা চলছে
সেন্টকমের দাবি, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের কারণে দেশটির ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রফতানি আটকে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন