০৪:৪৬ এম
পটুয়াখালীর গলাচিপা উপজেলার দুর্গম ইউনিয়নগুলোর মধ্যে ‘চরবিশ্বাস’ অন্যতম। চরবিশ্বাস ইউনিয়নের দূরবর্তী দুর্গম গ্রাম ‘চর আগস্তি’ অবস্থিত। চর আগস্তির বেড়িবাঁধের বাইরের অংশে দুই দশক ধরে গড়ে ওঠা চরটি অনেকের কাছে ‘ঘাসির চর’ নামে পরিচিত। বিচ্ছিন্ন এই চরটি চর আগস্তি গ্রামের একটি অংশ। এখানে ৮০টি পরিবার বসবাস করে, যারা প্রায় সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের চলাচলের জন্য কোনো রাস্তা বা সাঁকো নেই। চরটির ভেতরে অন্তত তিনটি বড় খাল রয়েছে। এসব খাল সরাসরি তেঁতুলিয়া নদীর সঙ্গে সংযুক্ত থাকায় প্রতিটি জোয়ার-ভাটায় পানি ওঠানামা করে। বর্ষা মৌসুমে এই এলাকার মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে।
সম্পূর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। ফলে এখানকার নারী ও শিশুরা বাইরে যাতায়াত করতে পারে না। যাঁরা নৌকা দিয়ে মাছ শিকার করেন, তাঁরা মাঝে মাঝে খালে নৌকা ব্যবহার করেন। তবে সে সুবিধাও খুব বেশি সময় স্থায়ী হয় না। কারণ মাছ ধরতে এই নৌকাগুলো প্রায়ই নদী বা সাগরে থাকে। তাই বর্ষা মৌসুমে এখানকার পরিবারগুলোকে অনেকটা গৃহবন্দি হয়ে থাকতে হয়। দুর্গম এই চর থেকে উপজেলা বা জেলায় যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। যোগাযোগব্যবস্থার মতোই থমকে আছে শিশুদের ভবিষ্যৎ। শিশুদের সোনালি ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ। তিন বছর ধরে এখানে বসুন্ধরা শুভসংঘ স্কুল পরিচালিত হচ্ছে। এই স্কুলটি ঘিরেই স্বপ্ন দেখতে শুরু করেছে শিশুরা। চরে বসবাসকারী পরিবারগুলোর তিন বেলার খাবার সংগ্রহের জন্য সব সদস্যকে মাছ শিকার বা ক্ষেতে কাজ করতে হয়। পড়াশোনার জন্য বাড়তি সময় ব্যয় করা তাদের কাছে বিলাসিতা।
পরিবারগুলোর প্রধান পেশা মাছ শিকার বা কৃষিকাজ। যাঁদের ভিটা ছাড়া আর কিছু নেই, তাঁরা দিনমজুরের কাজ করেন। মাছ শিকারে নারীরাও সহযোগিতা করেন। মা-বাবার সঙ্গে ছোট ছোট শিশুরাও কাজ করে। অনেক শিশুই জেলে নৌকায় মাছ শিকার করে। মায়ের সঙ্গে পরিবারের ছোট সদস্যরাও কাজে হাত লাগায়। একজন নারীকে ৩০০ থেকে ৪০০ টাকা করে মজুরি দেওয়া হয়। শিশুদের পারদর্শিতা ও বয়সের ওপর ভিত্তি করে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা মজুরি দেওয়া হয়। শিশুরাও কাজ করে পরিবারের আর্থিক জোগান দেয়। তাই পড়াশোনার চেয়ে এখানকার শিশুদের মাছ শিকারে ঝোঁক বেশি। মা-বাবারাও চান সন্তানরা তাঁদের সঙ্গে মাঠে কাজ করুক। এভাবেই ঝরে পড়তে শুরু করছিল শিশুদের ভবিষ্যৎ। এই বিষয়টি নিয়ে কাজ করতে এগিয়ে আসে বসুন্ধরা শুভসংঘ। অভিভাবকদের বুঝিয়ে পড়ায় আগ্রহী করে তোলে শিশুদের। তিন বছর আগে চালু করা হয় বসুন্ধরা শুভসংঘ স্কুল। বর্তমানে সেই স্কুলে পড়াশোনা করে শতাধিক শিশু। অভিভাবকরাও এখন স্বপ্ন দেখেন, এই শিশুরা ভালো পড়াশোনা করে বড় মানুষ হবে।
আরও পড়ুন: ফরিদপুরে খেলাধুলার মাঠের জায়গায় পুকুর, জরাজীর্ণ কক্ষে পাঠদান
বসুন্ধরা শুভসংঘ স্কুলে দুই ছেলে-মেয়ে পড়াশোনা করতে দিয়ে অনেকটা নিশ্চিন্ত চর আগস্তি গ্রামের খাদিজা। তিনি বলেন, ‘আমি ঢাকায় গার্মেন্টসে চাকরি করি। আমার আদরের দুই মেয়ে ও ছেলে গ্রামের বাড়িতে থাকে। আমাগো বাড়ির পাশে স্কুল নাই। আমাগো গ্রামে বসুন্ধরা শুভসংঘ একটা স্কুল করছে। ওইখানেই আমার দুই সন্তান পড়ে। ওই স্কুল না থাকলে আমার সন্তান দুইডা হয়তো স্কুলেই যাইতে পারত না।’ তিনি আরো বলেন, ‘এই স্কুল দিয়া আমাগো পোলাপানগো বই, খাতা-কলম-পেনসিল, জামা-প্যান্ট, জুতা, স্কুলব্যাগসহ একটা ছাত্রের যা যা লাগে সবই দেয়। স্কুলডা না থাকলে আমাগো পোলাপান কী করত আমরাই জানি না।’ প্রথম শ্রেণির শিক্ষার্থী শাহনাজ আক্তার বলেন, ‘আমার বড় বোন মরিয়ম সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ছে। এরপর সে আর স্কুলে যায় না। আমি পড়াশোনা করতে চাই। কলেজেও পড়তে চাই। কিন্তু কী কমু কন? আমাগো তো আর অত টাহা-পয়সা নাই। তাই অল্পদিন পড়ার পরেই স্কুলে যাওয়া আর হয় না। আমার পড়তে ভালো লাগে। অনেক বড় ক্লাসে পড়তে ইচ্ছা করে। আমি জানি, যারা বেশি বড় ক্লাসে পড়ে, পাস করে, হেগো (তাদের) সবাই সম্মান দেয়, ভালোবাসে। হেরা পড়ালেহা করে চাকরি করে। আমিও বেশি বেশি পড়ালেহা করে চাকরি করমু। আমার লগে ছোট ভাই নুরুন্নবীও এই স্কুলে পড়ে। আমরা দুই ভাই-বোন একসঙ্গে স্কুলে আসা-যাওয়া করি।’ অভিভাবক সোহাগ শিকদার বলেন, ‘আমাগো এলাকার কাছাকাছি কোনো প্রাইমারি স্কুল নাই। যাও বা আছে, অনেক দূরে। তাই আমাগো ছোট বাচ্চাদের অত দূর পাঠানো হয় না। কারণ আমাগো বাড়ি চর আগস্তির ঘাসির চরে। আমাদের বাড়ি থেকে বসুন্ধরা স্কুলে আসতেই দুইটা হাক্কা (সাঁকো) পার হওয়া লাগে। এই হাক্কাগুলা সচরাচর গ্রামের বাইরের মানুষ পারাপার হতে পারে না। ছৈলা বা কেওড়া গাছ দিয়ে অনেক উঁচু এবং লম্বা করে করা হয়। আমরা শুধু বাজারঘাট করার জন্য সেখান দিয়ে যাতায়াত করি। কিন্তু বাইরের লোকজন পার হতে গেলে তাদের অনেক কষ্ট হয়। আমাদের গ্রাম মাত্র তিন-চার মাস শুকনা থাকে। বাকি সময় নদীর পানিতে খালসহ বাড়ি, রাস্তাঘাট জোয়ারের পানিতে তলিয়ে থাকে। তাই নৌকাই তখন আমাদের একমাত্র ভরসা হয়ে থাকে। আমাদের জীবন ওয়াপদার (বেড়িবাঁধের) ভেতরের মানুষের মতো নয়। আমাদের প্রতিটি মুহূর্তে পানির সঙ্গে লড়াই করেই টিকে থাকতে হয়। আমাদের সংসার চলে পানিতে মাছ শিকার করে। আবার চলাচলও করতে হয় পানির ওপর দিয়ে।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মোসা. কুলসুম আক্তার বলেন, ‘আমাগো ম্যাডামরা অনেক ভালো মানুষ। তাঁদের দেখলে মায়া লাগে। তাই আমিও বড় হয়ে শিক্ষক হতে চাই।’ দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, ‘আমি পড়াশোনা করে ডাক্তার হতে চাই। কারণ আমাগো গ্রামে ভালো ডাক্তার নাই। সবাইকে আমি বিনা পয়সায় চিকিৎসা করমু। আমাগো গ্রামে কেউ অসুস্থ থাকবে না।’
জেলে রাসেল গাজী বলেন, ‘আমাগো পোলাপান পড়ানোর লইগ্যা বসুন্ধরা এত খরচ করবে ভাবতেও পারি নাই। এইডা আমাগো ভাগ্য। আমরা চাই হেরা আমাগো গ্রামে আরো বেশি বেশি কাজ করুক। আমাগো পোলাপানসহ গ্রামের মাইনসেরও উপকার হউক। আমি তো প্রায় সারা দিনরাত নদীতে মাছ ধরি। ঘরে থাহা (থাকা) পড়ে কম। হের পরেও হাটে গেলে গ্রামের মানুষরা এই স্কুলডার কতা ভালোই কয়। এই স্কুলডা না থাকলে আমাগো পোলাপান হয়তো পড়ানো সম্ভব হইত না।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুই দিন বৃষ্টির সম্ভাবনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন