০৫:৪৪ পি.এম
স্পেনের মধ্যাঞ্চলীয় টলেডো প্রদেশে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭৯ জন। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়াগামী রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চ-গতির রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিই জানিয়েছে, ট্রেন দুটি একই দিকে যাচ্ছিল। এ সময় একটি ট্রেন পেছন থেকে অন্য ট্রেনটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে দুটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনাস্থল কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া জানিয়েছেন, কর্তৃপক্ষ ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পেরেছে। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা যে তথ্য পাচ্ছি, তা মোটেও ভালো নয়। অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে।’
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
স্পেনের সংবাদমাধ্যম এল পাইসকে সরকারি সূত্র জানিয়েছে, দুর্ঘটনাটি জানুয়ারিতে আদামুজে ঘটে যাওয়া রেল দুর্ঘটনার চেয়েও ভয়াবহ হতে পারে। ওই দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিল। এবারের দুর্ঘটনায় স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে সেভিলগামী রেনফে এভিই উচ্চগতির ট্রেন এবং বিপরীত দিক থেকে আসা ইরিওর একটি ট্রেন জড়িত ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাটিতে উল্টে পড়ে থাকা একটি ট্রেনের বগি থেকে ধোঁয়া উঠছে। আশপাশে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ। এভিই ট্রেনের শেষ দিকের একটি বগিতে থাকা এক যাত্রী ক্যাপিটাল রেডিওকে জানান, ‘প্রচণ্ড সংঘর্ষের’ পর ট্রেনটির একটি অংশ ‘আকাশে ছিটকে উঠেছিল’।
কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার সময় ইরিও ট্রেনে একটি শিশুসহ ১৪৬ জন যাত্রী ছিলেন। অন্যদিকে এভিই ট্রেনে ছিলেন প্রায় ৩৯৭ জন যাত্রী।
এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘টলেডোতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আমি মর্মাহত। আমি পরিবহনমন্ত্রীর সঙ্গে এবং কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের প্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’
আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?
তিনি আরও লেখেন, ‘দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। এ কাজে সংশ্লিষ্ট সব প্রশাসন সমন্বয় করে কাজ করছে।’
কাছের শহর উর্দার মেয়র ম্যানুয়েল গালান জানিয়েছেন, দুর্ঘটনায় যাত্রীরা আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার জন্য একটি ক্রীড়া মিলনায়তন প্রস্তুত রাখতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছেন নাগরিক সুরক্ষা কর্মকর্তারা।
প্রতিবেশী গ্রাম লস ইয়েবেনেসের মেয়র হেসুস পেরেস দুর্ঘটনাটিকে গুরুতর বলে বর্ণনা করেছেন। এদিকে কাস্তিয়া-লা মাঞ্চার আঞ্চলিক সরকারের প্রধান এমিলিয়ানো গার্সিয়া-পাখে এক্সে দেওয়া পোস্টে জানিয়েছেন, তিনি দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
চলতি বছরের জানুয়ারিতে স্পেনের দক্ষিণাঞ্চলে আরেকটি প্রাণঘাতী রেল দুর্ঘটনা ঘটেছিল। সে সময় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ালে ৪৫ জন নিহত হন।
আরও পড়ুন: ডিজেল রপ্তানি বাড়াতে চায় ভারত, শোধনাগারগুলো সক্ষমতা বাড়াচ্ছে
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও দ্য সান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন