০১:১৭ এম
কক্সবাজারের চকরিয়ায় অগ্নিকাণ্ডের কারণে মোহাম্মদ আব্দুল্লাহ (১৫) এবং মোহাম্মদ ওমর ফারুক (১৪) নামে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রোববার রাতে, বাড়িতে স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে পাঞ্জাবি ইস্তিরি করার সময় আকস্মিকভাবে অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে ঘরের ভেতরে দগ্ধ হন দুই ভাই।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সোমবার সকালে, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই মোহাম্মদ ওমর ফারুক মারা যান। একই দিন রাত ৮টার দিকে, গ্রামের মসজিদ মাঠে নিহত ওমর ফারুকের জানাজার প্রস্তুতির সময় খবর আসে যে, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহও মারা গেছেন।
রাত ৯টার দিকে, ওমর ফারুকের দাফন শেষ করে অপর ভাইয়ের লাশ আনতে হাসপাতালে ছুটে যান স্বজনরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে, বড় ছেলে মোহাম্মদ আব্দুল্লাহর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে, করাইয়াঘোনা জামে মসজিদ কবরস্থানে ছোট ভাই ওমর ফারুকের কবরের পাশে দাফন করা হয় বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহকে।
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে নিহত মোহাম্মদ আব্দুল্লাহ ও ওমর ফারুক একই এলাকার মাওলানা ফজলে কাদেরের সন্তান। তারা দুজনই একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় নিহতদের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, অগ্নিকাণ্ডে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার। তিনি বলেন, "কয়লার আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।" প্রাথমিকভাবে পরিবারটিকে কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তিনি জানান, এ পরিবারকে আরও সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে কাপড় ইস্তিরি করার সময় হঠাৎ অগ্নিকাণ্ডে দগ্ধ হয় আপন দুই ভাই। নিহতদের ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি পদক্ষেপ শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন