ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

আরহান খানের জন্মদিনে মাকে বললেন, 'আপনার জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দেব'


আরহান খানের জন্মদিনে মাকে বললেন,

বলিউডের অভিনেত্রী মালাইকা অরোরার ছেলে আরহান খানের ২৪তম জন্মদিন ৯ নভেম্বর উদযাপিত হয়েছে। এই বিশেষ দিনে, মালাইকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের শৈশবের কিছু মুহূর্ত এবং বর্তমানের ছবি শেয়ার করেছেন। সেই পোস্টে, আরহান তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে একটি বিশেষ মন্তব্য করেছেন।

ছবির ক্যারোসেলে ছোটবেলার নানা মুহূর্তের পাশাপাশি আরহানের সাম্প্রতিক ছবিও অন্তর্ভুক্ত ছিল। শেষ ছবিতে জন্মদিনের কেক এবং মা-ছেলের একটি সেলফি দেখা যায়। ছবিগুলোর সঙ্গে মালাইকা লিখেছেন, ‘এমন কোনো পাহাড় নেই, যা পেরিয়ে যেতে পারব না। শুভ জন্মদিন, আমার ছোট্ট ছেলে। তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।’

মালাইকার সেই পোস্টে মন্তব্য করে আরহান বলেছেন, ‘মা, আপনার জন্য পুরো পৃথিবী জ্বালিয়ে দেব।’

আরও পড়ুন: এফডিসির কর্মচাঞ্চল্য হারিয়ে যাচ্ছে কি?

এদিকে, আরহানের জন্মদিনে বাবা আরবাজ খানও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ছেলেকে গালে চুমু খাওয়ার একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ২৪ বছর ধরে তিনি আরহানকে ভালোবেসে আসছেন এবং তার প্রতি গর্বিত। জীবনের প্রতিটি মুহূর্তে ছেলের পাশে থাকার কথা জানান তিনি। আরবাজ আরহানকে বড় স্বপ্ন দেখতে, বিনয়ী থাকতে এবং নিজের ওপর বিশ্বাস রাখতে উৎসাহিত করেছেন।

এছাড়া, ফারাহ খান, সোফি চৌধুরী, ভাবনা পান্ডে, অমৃতা অরোরা, সীমা সাজদেহ, চাঙ্কি পান্ডে ও ডিনো মোরিয়াসহ আরও অনেকেই আরহানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

মালাইকা অরোরা ও আরবাজ খান ১৯৯৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তবে, বিচ্ছেদের পরও তারা ছেলে আরহানের দায়িত্ব যৌথভাবে পালন করে আসছেন।

আরও পড়ুন: জারিয়াবের পাশে দাঁড়ালেন অভিনেত্রী দুরেফিশান স্লিভলেস পোশাক বিতর্কে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরাগে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


তুরাগে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেফতার

রাজধানীর তুরাগে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় পুলিশ তিনজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কামরুল ইসলাম (২১), হযরত আলী (২০) এবং মিতুল হাসান (১৯)। তারা তুরাগ ও আশপাশের এলাকার বাসিন্দা। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তুরাগ থানাধীন প্রত্যাশা ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে তুরাগ থানা পুলিশের একটি দল প্রত্যাশা ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঝটিকা মিছিলের উদ্দেশ্যে জড়ো হচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

এছাড়া, পুলিশ জানিয়েছে যে, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নূর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. কফিল উদ্দিন মেম্বারের নেতৃত্বে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে উসকানিমূলক লেখা সংবলিত একটি নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারও জব্দ করা হয়। ব্যানারটির দৈর্ঘ্য ৭ ফুট এবং প্রস্থ ৩ ফুট।

তুরাগ থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উসকানিমূলক লেখা সংবলিত একটি ব্যানারও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এফডিসির কর্মচাঞ্চল্য হারিয়ে যাচ্ছে কি?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


এফডিসির কর্মচাঞ্চল্য হারিয়ে যাচ্ছে কি?

একসময় যেখানে সকাল থেকে রাত পর্যন্ত সিনেমা নির্মাণের কর্মযজ্ঞ চলত, শিল্পী-কলাকুশলীদের পদচারণায় মুখর থাকত পুরো চত্বর, সেখানে এখন দৃশ্যপট অনেকটাই ভিন্ন।

শুটিংয়ের ব্যস্ততার পরিবর্তে এখন চোখে পড়ে বিভিন্ন সমিতির কার্যালয়, আড্ডা এবং সাংগঠনিক কর্মকাণ্ড। চলচ্চিত্র নির্মাণের আঁতুড়ঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন কি ক্রমেই পরিণত হচ্ছে সমিতির আখড়ায়?

এফডিসির প্রতিটি দেয়াল যেন ধারণ করে আছে বাংলা চলচ্চিত্রের স্বর্ণালি দিনের স্মৃতি। এখানে তৈরি হয়েছে অসংখ্য কালজয়ী সিনেমা, বহু তারকা দর্শকনন্দিত হয়েছেন। কিন্তু সেই পরিচিত চিত্রে এখন পরিবর্তনের ছাপ স্পষ্ট।

বিভিন্ন সমিতির কার্যালয় ঘিরে সদস্যদের আনাগোনা, আড্ডা এবং সাংগঠনিক ব্যস্ততা থাকলেও চলচ্চিত্র নির্মাণের সেই চিরচেনা কর্মচাঞ্চল্য এখন অনুপস্থিত। কোথাও ফাঁকা শুটিং ফ্লোর, কোথাও নীরব স্টুডিও। প্রশ্ন উঠছে, চলচ্চিত্রের স্বার্থে গড়ে ওঠা এই সমিতিগুলোর কর্মকাণ্ড কতটা ভূমিকা রাখছে চলচ্চিত্র শিল্পের বিকাশে?

চলচ্চিত্রের উন্নয়ন এবং সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষায় চলচ্চিত্র সমিতিগুলোর ভূমিকা নিয়ে রয়েছে বিভিন্ন মতামত। কেউ বলছেন, চলচ্চিত্র নির্মাণ সমিতির দায়িত্ব নয়; বরং সদস্যদের স্বার্থ রক্ষা করাই সংগঠনগুলোর প্রধান কাজ।

তবে ভালো সিনেমা নির্মাণ, হল ডিজিটালাইজেশন, ই-টিকিটিং এবং সেন্ট্রাল সার্ভার চালুর মতো উদ্যোগে সবাই একমত। এসব ক্ষেত্রে সরকারি সহযোগিতার ওপর নির্ভর করতে হচ্ছে বলেও জানান তারা।

নির্মাতারা বলছেন, গত ১৭ বছরের অনিয়ম এবং জটিলতা এক-দুই বছরে কাটিয়ে ওঠা সম্ভব নয়। বরং সমিতির সহযোগিতার কারণেই এখনো সিনেমা নির্মাণ করা সম্ভব হচ্ছে বলে জানান নির্মাতারা।

এদিকে সাংগঠনিক কার্যক্রম, নির্বাচন আয়োজনের পাশাপাশি চলচ্চিত্রের স্বার্থে সমিতিগুলোর আরও সক্রিয় হওয়া প্রয়োজন বলে মনে করেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।

তবে এফডিসিতে অতীতে কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনা হলেও সেগুলো কাজে লাগানো যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী বলেন, ‘চলচ্চিত্র নির্মাণে সহযোগিতা করা সমিতির কাজ নয়। আমাদের কাজ শিল্পীদের স্বার্থ রক্ষা করা। আর নির্মাণের থেকে যদি সমিতির কর্মকাণ্ড বেশি হয়ে যায় সেটা আমাদের দেখারও কথা নয়।’

এদিকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য দিঠি আনোয়ার বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির দায়-দায়িত্ব অনেক বেশি। উনাদেরকে দেখে যেন বাইরের মানুষও চলচ্চিত্রে ইনভেস্ট করার কথা ভাবে। তাতে করে আবারও বাংলা চলচ্চিত্রে রমরমা অবস্থা ফিরে আসবে।’

নির্মাতা সাইমন তারিক বলেন, ‘সমিতিগুলোর অবদান না থাকলে কখনও গঠন হতো না। ১৭ বছরের অবর্জনা ১ বছরে কমানো সম্ভব নয়, এভাবেও মন্তব্য করলেন তিনি।’

নির্মাতা কবিরুল ইসলাম রানা বলেন, ‘ইদানিং নির্মাণ কম হচ্ছে বলেই সমিতির উৎসব বেশি চোখে পড়ছে। নির্মাণ বাড়লে এগুলো তখন আর চোখে লাগবে না।’

চলচ্চিত্রের উন্নয়নের চেয়ে সমিতির কর্মকাণ্ডই যদি মুখ্য হয়ে ওঠে, তাহলে এফডিসির হারানো কর্মচাঞ্চল্য ফিরবে কীভাবে? সমিতি হোক চলচ্চিত্রের স্বার্থে, ব্যক্তিস্বার্থে নয় এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্ধম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অসুস্থ ৩০, হাসপাতালে ভর্তি ২৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


অর্ধম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অসুস্থ ৩০, হাসপাতালে ভর্তি ২৬ জন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অস্বাভাবিক গরমের কারণে অর্ধম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ২৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) স্থানীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এখানে নিবন্ধিত দৌড়বিদের সংখ্যা ছিল ৭ হাজার ৫০০। প্রতিযোগিতার সময় অসুস্থ হয়ে পড়া ২৬ জনকে অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়ির মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া আরও চারজনকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৪১ মিনিটে প্রথম দৌড়বিদের মধ্যে তাপজনিত ক্লান্তির লক্ষণ দেখা দেয়। হাসপাতালে ভর্তি হওয়া ২৬ জনের মধ্যে সোমবার সকাল পর্যন্ত তিনজন চিকিৎসাধীন ছিলেন।

এই ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে দৌড়বিদরা অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় পুলিশও বিষয়টি তদন্ত করছে।

আয়োজক ডেভিড মনিকো জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবারের প্রতিযোগিতায় অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার ঘটনা বেশি ঘটেছে। তিনি উষ্ণ আবহাওয়া এবং অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়াকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন।

জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতা শুরুর সময় সকাল ৭টার পর সান্তা বারবারার তাপমাত্রা ৬০ ডিগ্রি ফারেনহাইটের ঘরে ছিল। দুপুর নাগাদ তা ৮০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই ঘটনাটি প্রতিযোগিতায় অংশগ্রহণ ও গরমের সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে মনে করা হচ্ছে। এতে স্থানীয় জনগণের জন্য বড় ধরনের কোনো স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা নেই।

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কষ্টের মাধ্যমে আল্লাহর রহমত ও প্রতিদানের সুযোগ সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৬ পি.এম


কষ্টের মাধ্যমে আল্লাহর রহমত ও প্রতিদানের সুযোগ সৃষ্টি

মানুষের জীবন কখনো একরকম থাকে না। কখনো চারপাশ হাসি-আনন্দে ভরে ওঠে, আবার কখনো দুঃখ-বেদনা, হতাশা ও বিপদের কালো মেঘে জীবনের আকাশ ঢেকে যায়। কখনো প্রিয়জন হারানোর বেদনা, কখনো অসুস্থতার যন্ত্রণা, কখনো অভাব-অনটন, আবার কখনো মানুষের অবহেলা ও প্রতারণায় হৃদয় ক্ষতবিক্ষত হয়। তবে মুমিনের জীবনে কোনো কষ্টই অর্থহীন নয়। কখনো সেই কষ্টের বিনিময়ে পাপ মোচন হয়, কখনো মর্যাদা বৃদ্ধি পায়, কখনো আল্লাহর নৈকট্য অর্জিত হয়, আবার কখনো এমন প্রতিদান অপেক্ষা করে, যা মানুষের কল্পনারও বাইরে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে।’ (সুরা : ইনশিরাহ, আয়াত : ৬)

অতএব বিপদে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা এবং তাঁর রহমতের প্রত্যাশা করা একজন প্রকৃত মুমিনের পরিচয়। নিম্নে কষ্টের আড়ালে লুকিয়ে থাকা আল্লাহর রহমত ও অফুরন্ত প্রতিদানের কয়েকটি দিক তুলে ধরা হলো।

১. কষ্ট ও বিপদ মুমিনের জন্য পাপ মোচনের মাধ্যম : আবু সাঈদ খুদরি (রা.) ও আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো মুসলিমের ওপর যে ক্লান্তি, অসুস্থতা, দুশ্চিন্তা, বিষণ্নতা, কষ্ট কিংবা দুঃখই আসুক না কেন, এমনকি একটি কাঁটা বিঁধলেও আল্লাহ এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৬৪১)

একবার চিন্তা করে দেখুন, পথ চলতে গিয়ে পায়ে একটি কাঁটা বিঁধলেও যদি আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন, তাহলে দীর্ঘ অসুস্থতা, প্রিয়জন হারানোর বেদনা কিংবা জীবনের কঠিন পরীক্ষাগুলো ধৈর্যের সঙ্গে সহ্য করলে কত বড় প্রতিদান অপেক্ষা করতে পারে! তাই মুমিনের উচিত বিপদে ভেঙে না পড়ে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করা।

২. বিপদ-আপদ মুমিনের মর্যাদা বৃদ্ধির মাধ্যম : বিপদে মানুষ যখন ধৈর্য ধারণ করে, আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকে এবং তাঁর আনুগত্যে অবিচল থাকে, তখন সেই বিপদ তার মর্যাদা বৃদ্ধির কারণ হয়ে যায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ যখন কোনো বান্দার জন্য এমন মর্যাদা নির্ধারণ করেন, যেখানে সে নিজের আমলের মাধ্যমে পৌঁছতে পারে না, তখন আল্লাহ তাকে তার শরীর, সম্পদ কিংবা সন্তান-সন্ততির ব্যাপারে পরীক্ষায় ফেলেন। এরপর তাকে ধৈর্য ধারণের তাওফিক দেন এবং সেই মর্যাদায় পৌঁছে দেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৩০৯০)

৩. আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে পরীক্ষা করেন : মানুষ সাধারণত মনে করে, যার জীবনে সুখ-শান্তি বেশি, আল্লাহ তার ওপর বেশি সন্তুষ্ট। আর যার জীবনে বিপদ-আপদ বেশি, সে হয়তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত। অথচ বাস্তবতা এমন নয়। আল্লাহর প্রিয় বান্দারাও কঠিন পরীক্ষার সম্মুখীন হন। নবী-রাসুলগণ ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, অথচ তাঁদের জীবনেই ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই বড় প্রতিদান বড় পরীক্ষার সঙ্গে সম্পর্কিত। আর আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন, তখন তাদের পরীক্ষায় ফেলেন।’ (জামে তিরমিজি, হাদিস: ২৩৯৬)

৪. ধৈর্যশীলদের জন্য রয়েছে আল্লাহর বিশেষ ভালোবাসা ও সাহায্য : বিপদের সময় মানুষ সবচেয়ে বেশি অসহায় বোধ করে। চারপাশের সব দরজা বন্ধ মনে হয়, পরিচিত মানুষগুলোও দূরে সরে যায়। কিন্তু একজন মুমিনের জন্য কখনো আল্লাহর দরজা বন্ধ হয় না। সে ধৈর্য ধারণ করে আল্লাহর সাহায্যের অপেক্ষা করে। আল্লাহ তাআলা বলেন, ‘আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন।’ এরপর আল্লাহ ধৈর্যশীলদের পরিচয় দিয়ে বলেন, ‘যখন তাদের ওপর কোনো বিপদ আসে, তখন তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁর কাছেই ফিরে যাব।’ এরপরই আল্লাহ তাদের জন্য তিনটি বিশেষ অনুগ্রহের ঘোষণা দিয়েছেন—তাদের প্রতি রয়েছে রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, রহমত এবং তারাই সঠিক পথপ্রাপ্ত। (সুরা : বাকারা, আয়াত : ১৫৫-১৫৭)

কত বড় সৌভাগ্যের বিষয়! বিপদের মুহূর্তে যে বান্দা নিজের অসহায়ত্ব স্বীকার করে আল্লাহর ওপর ভরসা রাখে, তার জন্য আল্লাহ নিজেই রহমত ও সুসংবাদের ঘোষণা দিয়েছেন।

৫. কষ্টের পরেই আসে স্বস্তি ও প্রশান্তি : জীবনের কঠিন সময়ে মানুষ অনেক সময় মনে করে, এই দুঃখের বুঝি আর শেষ নেই। কিন্তু আল্লাহ তাআলা মুমিনকে আশ্বস্ত করেছেন, কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘অতএব নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে।’ (সুরা : ইনশিরাহ, আয়াত : ৫-৬)

সুতরাং বিপদের সময় হতাশ না হয়ে আল্লাহর রহমতের প্রত্যাশা করা উচিত। কারণ মানুষের দৃষ্টিতে যে পথ বন্ধ, আল্লাহ চাইলে সেখান থেকেই মুক্তির পথ খুলে দিতে পারেন।

৬. ধৈর্যশীলদের প্রতিদান হবে সীমাহীন : মানুষের প্রতিটি ভালো কাজের প্রতিদান আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। কিন্তু ধৈর্যের প্রতিদান এতটাই বিশাল যে, আল্লাহ তা কোনো নির্দিষ্ট পরিমাণের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। বিপদের সময় যে ব্যক্তি নিজের ঈমান অটুট রাখে, হারাম থেকে বেঁচে থাকে এবং আল্লাহর সিদ্ধান্তের প্রতি অসন্তুষ্ট না হয়ে ধৈর্য ধারণ করে, তার জন্য রয়েছে অপরিসীম পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের প্রতিদান দেওয়া হবে অপরিমিতভাবে।’ (সুরা : যুমার, আয়াত: ১০)।

৭. বিপদে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ তৈরি হয় : সুখ-স্বাচ্ছন্দ্যের সময় অনেক মানুষ আল্লাহকে ভুলে যায়। দুনিয়ার ব্যস্ততা, সম্পদের মোহ ও নানা আকর্ষণে ডুবে থেকে ইবাদতে অবহেলা করে। কিন্তু যখন জীবনে বিপদ আসে, তখন মানুষ নিজের অসহায়ত্ব উপলব্ধি করে। তখন তার হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন, ‘আর অবশ্যই আমি তাদের বড় শাস্তির আগে ছোট শাস্তির কিছু স্বাদ আস্বাদন করাব, যাতে তারা ফিরে আসে।’ (সুরা : সাজদাহ, আয়াত : ২১)

৮. মুমিনের প্রতিটি অবস্থাই কল্যাণকর : একজন মুমিনের জীবনে শুধু সুখের সময়ই কল্যাণ থাকে না; বরং দুঃখের সময়ও তার জন্য কল্যাণের সুযোগ থাকে। সুখে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আর দুঃখে ধৈর্য ধারণ করে। এভাবেই তার জীবনের প্রতিটি পরিস্থিতি ইবাদতে পরিণত হয়। সুহাইব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনের বিষয়টি কতই না বিস্ময়! তার প্রতিটি বিষয়ই কল্যাণকর।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৯৯৯)

এরপর রাসুলুল্লাহ (সা.) ব্যাখ্যা করে বলেন, মুমিন সুখ-শান্তি লাভ করলে কৃতজ্ঞতা প্রকাশ করে, ফলে তা তার জন্য কল্যাণকর হয়। আর বিপদে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে, সেটাও তার জন্য কল্যাণকর হয়।

আল্লাহ তাআলা আমাদের জীবনের সব বিপদ-আপদে ধৈর্য ধারণের মাধ্যমে তাঁর অফুরন্ত রহমত ও জান্নাত লাভ করার তাওফিক দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%