মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০১:০৯ পি.এম
নাটক ‘দার-এ-নাজাত’-এর জারিয়াব চরিত্রের পক্ষে দাঁড়িয়েছেন অভিনেত্রী দুরেফিশান সেলিম, পোশাকের স্বাধীনতা নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে। তিনি উল্লেখ করেছেন, একজন নারীর নিজের পোশাক বেছে নেওয়ার স্বাধীনতা সকল দিক থেকে সমানভাবে স্বীকৃত হওয়া উচিত। কিছু নারী খোলামেলা পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আবার অন্যরা শালীন পোশাকে স্বস্তি খুঁজে পান—এ ধরনের সিদ্ধান্তের জন্য কাউকে জনসমক্ষে প্রশ্নের মুখে পড়তে হবে না।
সম্প্রতি ‘দার-এ-নাজাত’-এর একটি পর্ব প্রচারিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জারিয়াবের পোশাক নিয়ে আলোচনা শুরু হয়। ওই পর্বে পারিবারিক অনুষ্ঠানে স্লিভলেস পোশাক পরতে অস্বীকৃতি জানায় জারিয়াব। তার বক্তব্য ছিল, বর্তমানে সে এ ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করে না। চরিত্রটির এমন সিদ্ধান্তে কিছু দর্শক ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন, আবার অনেকে গল্পের এই পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন।
এবার বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন দুরেফিশান সেলিম, যিনি জারিয়াব চরিত্রে অভিনয় করছেন। ইনস্টাগ্রামে নিজের একটি স্লিভলেস পোশাক পরা ছবি প্রকাশের পাশাপাশি কয়েকটি স্লাইডে জারিয়াবের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন। অভিনেত্রী স্পষ্ট করেছেন, জারিয়াবের এই সিদ্ধান্ত তার স্বামী আবু বকরের চাপিয়ে দেওয়া নয়। এটি অন্য নারীদের পোশাক কেমন হওয়া উচিত, সে বিষয়ে কোনো ঘোষণা নয়, বরং এটি জারিয়াবের ব্যক্তিগত পরিবর্তনের অংশ।
নিজের বিশ্বাস ও ধর্মীয় উপলব্ধি প্রসঙ্গে দুরেফিশান লিখেছেন, ‘আমি সব সময় বিশ্বাস করেছি, বিশ্বাসের প্রকৃত রূপ শুরু হয় মানুষের ভেতরের পরিবর্তনের মধ্য দিয়ে। নিজের মধ্যে কী পরিবর্তন আসছে, পৃথিবীকে কীভাবে দেখছি, মানুষের সঙ্গে কেমন আচরণ করছি, কোন মূল্যবোধের কাছে নিজেকে দায়বদ্ধ মনে করছি এবং আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক গড়ে তুলছি-এসবই এর অংশ।’
অভিনেত্রীর মতে, ধর্মীয় বিশ্বাস কেবল বাহ্যিক অনুশীলনের বিষয় নয়; নিজের ভেতরটাকে পরিশুদ্ধ করার প্রক্রিয়াও এর গুরুত্বপূর্ণ অংশ। কখনো কখনো সেই অভ্যন্তরীণ পরিবর্তন মানুষের বাহ্যিক জীবনযাপন ও পোশাকেও প্রতিফলিত হয়।
নিজের পোশাকের প্রসঙ্গ টেনে দুরেফিশান জানান, তিনি নিজে স্লিভলেস পোশাক পরেন এবং এতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে ছোট পোশাক কিংবা কিছু নির্দিষ্ট ধরনের পোশাকে তিনি ব্যক্তিগতভাবে স্বস্তি পান না। তাঁর ভাষায়, ‘শালীনতা নিয়ে এটাই আমার ব্যক্তিগত উপলব্ধি। অন্য কারও উপলব্ধি এর চেয়ে সম্পূর্ণ আলাদা হতে পারে। কিন্তু সে কারণে তাঁর পছন্দ নিয়ে প্রশ্ন তোলা কিংবা তাঁকে বিচার করার অধিকার আমার নেই।’
তিনি আরও বলেন, ‘আমি কী পরি, কোন পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করি কিংবা ভবিষ্যতে কী পরিবর্তন আনতে চাই—সবকিছুই আমার নিজস্ব অভ্যন্তরীণ যাত্রা এবং আল্লাহর সঙ্গে আমার সম্পর্কের অংশ। এতে অন্য কারও পছন্দ ভুল হয়ে যায় না, আবার আমার পছন্দও সঠিক বলে প্রমাণিত হয় না।’
জারিয়াবের সিদ্ধান্তকে অন্য নারীদের জন্য কোনো আদর্শ বা নির্দেশনা হিসেবে দেখার প্রয়োজন নেই বলে মনে করেন দুরেফিশান। তাঁর মতে, চরিত্রটির বিশ্বাস, অগ্রাধিকার কিংবা ব্যক্তিগত উপলব্ধিতে পরিবর্তন আসতে পারে। সেটি সম্পূর্ণ তার নিজের অনুভবের প্রতিফলন।
নারীর পোশাকের স্বাধীনতা নিয়ে সমাজের দ্বৈত অবস্থানের সমালোচনা করে অভিনেত্রী বলেন, ‘আমরা একজন নারীর নিজের মতো পোশাক বেছে নেওয়ার অধিকার নিয়ে অনেক কথা বলি। কিন্তু এই স্বাধীনতা সব দিকেই সমানভাবে প্রযোজ্য হতে হবে। যিনি স্বাধীনভাবে পোশাক পরতে চান, তাঁর যেমন সেই অধিকার রয়েছে, তেমনি যিনি স্লিভলেস পোশাক না পরেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাঁরও সেই অধিকার রয়েছে। কোনো নারীকেই অন্য নারীর কাছে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হবে না।’
দুরেফিশানের মতে, একজন নারী স্বাধীনভাবে পোশাক পরবেন, নাকি শালীন পোশাক বেছে নেবেন—সমস্যা সেখানে নয়। সমস্যা তৈরি হয়, যখন অন্যরা তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন, যাচাই-বাছাই করেন কিংবা বিচার করতে বসেন।
দর্শকের নিজস্ব দৃষ্টিভঙ্গির অধিকারও স্বীকার করেছেন অভিনেত্রী। জারিয়াবের সিদ্ধান্ত কারও ভালো না-ও লাগতে পারে, গল্পের এই পরিবর্তনের সময় নিয়েও প্রশ্ন থাকতে পারে। তবে সেই মতামত প্রকাশের সঙ্গে ব্যক্তিগত পছন্দকে নিয়ন্ত্রণ করার চেষ্টা এক করে দেখা উচিত নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি কাল্পনিক চরিত্রের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে জাতীয় পর্যায়ের বিতর্ক কিংবা চূড়ান্ত রায় দেওয়ার প্রবণতা থেকেও বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
দুরেফিশানের ভাষায়, ‘জারিয়াবের সঙ্গে আপনার একমত হতে হবে না, তার অভিজ্ঞতার সঙ্গে নিজেকে মেলাতেও হবে না। তার ব্যক্তিগত যাত্রাকে নিজের করে নেওয়ারও প্রয়োজন নেই। প্রতিটি গল্প থেকে আমাদের জন্য কোনো শিক্ষা খুঁজে বের করতে হবে, এমন নয়। কখনো কখনো সেটি কেবল অন্য কারও গল্প।’
‘দার-এ-নাজাত’ নাটকে জারিয়াব হাবিব চরিত্রে অভিনয় করছেন দুরেফিশান সেলিম। তাঁর বিপরীতে আবু বকর চরিত্রে রয়েছেন শেহরিয়ার মুনাওয়ার। উমেরা আহমেদের লেখা নাটকটি পরিচালনা করেছেন সাকিব খান। বিশ্বাস, সম্পর্ক ও ব্যক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে জারিয়াবের আবেগিক ও আত্মিক যাত্রা তুলে ধরা হয়েছে এতে।
সাম্প্রতিক পর্বকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্য দিয়ে নারীর পোশাকের স্বাধীনতা নিয়ে দর্শকদের দৃষ্টিভঙ্গিও নতুন করে আলোচনায় এসেছে। দুরেফিশানের বক্তব্য, জারিয়াবের সিদ্ধান্তের সঙ্গে একমত না হলেও তার ব্যক্তিগত পছন্দকে সম্মান করা সম্ভব। কোনো নারীর পোশাক কিংবা ব্যক্তিগত পরিবর্তনের জন্য সবার অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই।
ট্রিবিউট অবলম্বনে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার আগামী ১ জুলাই ২০২৭ তারিখ থেকে সকল ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্পের শুল্ক পরিশোধের জন্য এ-চালান ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করেছে। স্ট্যাম্পের মূল্য বা পরিমাণ যাই হোক, এই নিয়ম কার্যকর হবে। তবে, ৩০ জুন ২০২৭ পর্যন্ত, এ-চালানের পাশাপাশি বর্তমানে প্রচলিত পদ্ধতিতেও স্ট্যাম্প শুল্ক পরিশোধ করা যাবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্ট্যাম্প শাখার উপসচিব মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। দ্য স্ট্যাম্প অ্যাক্ট, ১৮৯৯-এর ধারা ১১এ এবং দ্য স্ট্যাম্প ডিউটিজ (অ্যাডিশনাল মোডস অব পেমেন্ট) অ্যাক্ট, ১৯৭৪-এর ধারা ২(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধ করে নিবন্ধনযোগ্য দলিল লেখার ক্ষেত্রে কার্টিজ পেপার ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য সাব-রেজিস্ট্রারের কাছে দলিল উপস্থাপন করার সময় শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে এ-চালানের রশিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। এছাড়া, দলিলের প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর উল্লেখ করতে হবে।
বিমা পলিসির ওপর প্রযোজ্য স্ট্যাম্প শুল্কও এ-চালানের মাধ্যমে পরিশোধের ক্ষেত্রে একই ধরনের শর্ত প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে, শুল্ক পরিশোধের প্রমাণ হিসেবে বিমা পলিসির সঙ্গে এ-চালানের রশিদের মুদ্রিত কপি সংযুক্ত করতে হবে। রশিদে সংশ্লিষ্ট বিমা পলিসির শনাক্তকরণ নম্বর এবং পলিসির প্রথম পাতায় স্ট্যাম্প শুল্ক পরিশোধের এ-চালান নম্বর উল্লেখ করতে হবে।
এছাড়া, একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে এ-চালানের মাধ্যমে স্ট্যাম্প শুল্ক পরিশোধের ক্ষেত্রে যাদের পক্ষে অর্থ জমা দেয়া হচ্ছে, তাদের প্রত্যেকের নাম ও শনাক্তকরণ নম্বর উল্লেখ করতে হবে। এই ক্ষেত্রে প্রযোজ্য অনুযায়ী টিআইএন, এনআইডি, বিআইএন বা ট্রেড লাইসেন্স নম্বর প্রদান করতে হবে।
নন-জুডিশিয়াল স্ট্যাম্পের শুল্ক পরিশোধের পদ্ধতি এ-চালানের মাধ্যমে স্বয়ংক্রিয় করার ফলে প্রচলিত ইমপ্রেসড ও অ্যাডহেসিভ স্ট্যাম্পের মুদ্রণ, সংরক্ষণ, বিতরণ এবং কমিশন বাবদ সরকারের বিপুল অর্থ সাশ্রয় হবে বলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ জানিয়েছে। পাশাপাশি, জাল স্ট্যাম্প বিক্রির সুযোগ বন্ধ হবে এবং সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে বলেও আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
/এস এম রাশিদুল ইসলাম/
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রপ্তানি নতুন ও অপ্রচলিত বাজারে বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি প্রচলিত বাজারেও। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে পোশাক রপ্তানি ৯ দশমিক ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ে রপ্তানি আয় ২৩৭ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২১৭ কোটি ডলার।
বিশেষ করে তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো বাজারগুলোতে রপ্তানি প্রবৃদ্ধি বাংলাদেশের পোশাকশিল্পের বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। এর মধ্যে তুরস্কের বাজারে রপ্তানি দ্বিগুণেরও বেশি বেড়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, এই হিসাব পাওয়া গেছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত ও নতুন বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে কাজ করছে। বাংলাদেশকে একটি আঞ্চলিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সময়োপযোগী নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এলডিসি থেকে উত্তরণের আগেই এ ধরনের সক্ষমতা ও কাঠামো গড়ে তুলতে সরকার থ্রি-আর কৌশলকে কাজে লাগাচ্ছে।’
তিনি আরও বলেন, নতুন বাজার অনুসন্ধান, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে সরকারের।
ইপিবির তথ্য অনুযায়ী, অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্কে বাংলাদেশের পোশাক রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে রপ্তানি হয়েছে ২০ কোটি ৬৫ লাখ ডলারের পোশাক, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। এই হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ।
তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার, যা নতুন বাজারগুলোতে মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ। ফলে অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে তুরস্কের অংশীদারত্বও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের একই সময়ে এ বাজারে দেশটির অংশ ছিল ৪ দশমিক ৬০ শতাংশ, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে।
অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান এখনও বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪০ শতাংশ বেশি। মোট অপ্রচলিত বাজারের রপ্তানিতে জাপানের অংশ ১৮ দশমিক ৪৪ শতাংশ।
এ ছাড়া অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৪০ লাখ ডলারে এবং দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৫ কোটি ১৩ লাখ ডলারে দাঁড়িয়েছে। তবে ভারতের বাজারে রপ্তানি ৫ দশমিক ৩৮ শতাংশ কমে ২৫ কোটি ৯ লাখ ডলারে নেমেছে।
শীর্ষ পাঁচ বাজারের বাইরের দেশগুলোতেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে। এসব বাজারে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। এই সময়ে রপ্তানি আয় ১০৬ কোটি ডলার, যা অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ।
অক্টোবরে নতুন বাজারে রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এই মাসে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। রপ্তানি আয় ৫৫ কোটি ৯৭ লাখ ডলারে দাঁড়িয়েছে।
অক্টোবরে তুরস্কে রপ্তানি বেড়েছে ৭৫ দশমিক ৯৬ শতাংশ। দেশটিতে এই মাসে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। মাসভিত্তিক রপ্তানিতে জাপানের পরেই তুরস্কের অবস্থান। এই মাসে জাপানে রপ্তানি হয়েছে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক, যা গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি।
একই সময়ে অস্ট্রেলিয়ায় রপ্তানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে ৫ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ভারতে রপ্তানি ৫ দশমিক ৪১ শতাংশ কমে ৪ কোটি ৫৯ লাখ ডলার এবং দক্ষিণ কোরিয়ায় ৪ দশমিক ৬০ শতাংশ কমে ৩ কোটি ৪ লাখ ডলারে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন বাজারে রপ্তানি সম্প্রসারণ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে জাপান ও তুরস্কের মতো বড় বাজারে রপ্তানি বাড়ার পাশাপাশি অন্যান্য বাজারেও প্রবৃদ্ধি অব্যাহত থাকলে প্রচলিত কয়েকটি বাজারের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা ধরে রাখতেও বাজার বহুমুখীকরণ সহায়ক হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে দেওয়ার বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের পরিচালনা পর্ষদের সভায় কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা করে অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এদিকে, থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার সুযোগ ধরে রাখতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস তৎপর হয়েছে। এ জন্য সংস্থাটি বেবিচকের কাছে আনুষ্ঠানিকভাবে লাইসেন্সের আবেদন করেছে। একই সঙ্গে দ্রুত লাইসেন্স অনুমোদনের অনুরোধ জানানো হয়েছে।
বেবিচকের সদস্য (প্রশাসন) এসএম লাবলুর রহমান জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ চলছে। আজকের বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের শর্তাবলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
আগামী ১৬ ডিসেম্বর সীমিত পরিসরে থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা চুক্তির বিভিন্ন শর্ত নিয়ে ইতোমধ্যে আপত্তি ও অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে পরিচালনার দায়িত্ব, রাজস্ব ভাগাভাগি এবং চুক্তির বিভিন্ন ধারায় সরকার কী পরিমাণ ছাড় দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাড়াহুড়ো করে চুক্তি চূড়ান্ত করতে গিয়ে জাতীয় স্বার্থ, দেশের বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি সক্ষমতা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে সংসদীয় কমিটির বৈঠকেও আপত্তি জানানো হয়েছে।
এ পরিস্থিতিতে বেবিচকের বোর্ড সভায় চুক্তির স্পর্শকাতর শর্তগুলো পুনরায় পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় অনুমোদন মিললে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এককভাবে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে লাগেজ সরবরাহে বিলম্ব, মালামাল হারানো, সেবার মান এবং দক্ষ জনবল ও আধুনিক সরঞ্জামের ঘাটতি নিয়ে বিভিন্ন সময়ে দেশি-বিদেশি এয়ারলাইন্স অসন্তোষ প্রকাশ করেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে থার্ড টার্মিনালে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে অভিজ্ঞ বিদেশি প্রতিষ্ঠান যুক্ত করার উদ্যোগ নেয় সরকার।
গত মাসে থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা জাপানি কনসোর্টিয়াম বেবিচকের কাছে চারটি বিদেশি প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করে। এগুলো হলো সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন হোল্ডিং, সংযুক্ত আরব আমিরাতের ডানাটা এবং যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন।
বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়ার মধ্যেই থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিমান। এ জন্য বিদ্যমান গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার (জিএইচএসপি) লাইসেন্সের কার্যপরিধি বাড়িয়ে তাতে থার্ড টার্মিনাল অন্তর্ভুক্ত করার আবেদন করেছে সংস্থাটি।
গত ২৮ অক্টোবর বেবিচক চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ এ আবেদন জানান। চিঠিতে দ্রুত লাইসেন্স অনুমোদন এবং ১৬ ডিসেম্বর থেকে সেবা দেওয়ার সুযোগ নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে।
বিমানের আবেদনের পরিপ্রেক্ষিতে জানা যায়, গত ১৯ অক্টোবর বেবিচকের এক চিঠিতে বলা হয়েছিল, সিভিল এভিয়েশন অ্যাক্ট-২০১৭ এবং এএনও (গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস)-২০১৮ অনুযায়ী বিমানের বিদ্যমান লাইসেন্সে শুধু প্রথম ও দ্বিতীয় টার্মিনালের কথা উল্লেখ রয়েছে। ১৬ ডিসেম্বর থেকে থার্ড টার্মিনালে কার্যক্রম শুরু করতে হলে লাইসেন্স প্রক্রিয়াকরণে অন্তত এক মাস সময় প্রয়োজন। এ কারণে দ্রুত আবেদন করতে বিমানকে নির্দেশনা দেওয়া হয়।
বিমান জানিয়েছে, থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার জন্য প্রয়োজনীয় লাইসেন্স ফি পরিশোধ করা হয়েছে। সেবা পরিচালনার প্রস্তুতিও শেষ পর্যায়ে। সংস্থাটির দাবি, তাদের আন্তর্জাতিক আইওএসএ ও আইসাগো সনদ রয়েছে। কার্গো কার্যক্রমের জন্য রয়েছে আরএ৩ সনদ। এ ছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএর মানদণ্ড অনুসারে পরিচালিত হচ্ছে।
চিঠিতে বিমান আরও জানিয়েছে, থার্ড টার্মিনালের সম্ভাব্য চাহিদা বিবেচনায় অতিরিক্ত জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (জিএসই) কেনার কাজ চলছে। পাশাপাশি গ্রাউন্ড সার্ভিস ম্যানুয়াল, জিএসই অপারেশন ম্যানুয়াল ও ডেঞ্জারাস গুডস ম্যানুয়ালসহ প্রয়োজনীয় নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে। বিমান ট্রেনিং সেন্টারের (বিএটিসি) মাধ্যমে কর্মীদের নিয়মিত বাধ্যতামূলক প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
আবেদনে বিমান যুক্তি দিয়েছে, থার্ড টার্মিনালে একাধিক প্রতিষ্ঠান গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে পারে। সে ক্ষেত্রে বিমানকে মোট কার্যক্রমের যে পরিমাণ অংশ দেওয়া হবে, সেই অনুপাতে সংস্থাটির সক্ষমতা মূল্যায়ন করা উচিত। পুরো টার্মিনালের পরিবর্তে বরাদ্দ পাওয়া কাজের পরিমাণ বিবেচনায় নিয়ে সক্ষমতা নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা।
এ ছাড়া জাপানি কনসোর্টিয়াম এসডব্লিউজির অভিমত অনুযায়ী, থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম একসঙ্গে শুরু না করে এক বছর ধরে পর্যায়ক্রমে চালু করার প্রস্তাবও চিঠিতে উল্লেখ করেছে বিমান।
সব মিলিয়ে, থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি চূড়ান্ত করার পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব বণ্টনও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে বিদেশি অভিজ্ঞ প্রতিষ্ঠান যুক্ত করে সেবার মান বাড়ানোর সরকারি উদ্যোগ, অন্যদিকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম ধরে রাখার চেষ্টা। এ দুইয়ের মধ্যে সমন্বয় কীভাবে হবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বেবিচকের আজকের বোর্ড সভা ও পরবর্তী সরকারি অনুমোদন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ