বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং
০৯:২৬ পি.এম
বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি জুলফিকার আলী হায়দার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের প্রতি কান না দেওয়ার এবং উসকানি মূলক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সকলকে পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য সজাগ থাকারও অনুরোধ করেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বরগুনার আমতলী উপজেলায় শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর আমতলী উপজেলায় ১৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। সভায় পূজামণ্ডপের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ডিআইজি জুলফিকার আলী হায়দার জানান, একদিন পর পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়বে। সেখানে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিরা আসবেন। তাঁদের নিরাপদ চলাচল ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কোনো গোষ্ঠী উসকানিমূলক প্রচারণা চালাতে পারে। তাই এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত হওয়া যাবে না এবং কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কোথাও কোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা স্থানীয় থানা-পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। পুলিশ অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বস্ত করেন।
সভায় আমতলী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাসের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন।
সভায় বক্তব্য দেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরতই খুদা বিপিএম, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দীন ফকির, সাবেক সাধারণ সম্পাদক মো. তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির ফকির এবং গুলিশাখালী ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি মনিন্দ্র নাথ মাঝি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আমতলী-তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব মো. জালাল আহমেদ খান, যুবদল নেতা মেহেদী হাসান রাকিব, উপজেলা কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক বিল্টু পাল, সিনিয়র সাংবাদিক সাইফুল্লাহ নাসির, হায়াতুজ্জামান মিরাজ, নাসির উদ্দীন মাহমুদ, মহসিন মাতুব্বর, সজিব মিয়া, মৃধা বেলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী জোসেফ মাহতাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আমতলীর সনাতন ধর্মাবলম্বীরা আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নিয়মিত খোঁজখবর নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় আমতলীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সিরিয়ার শীর্ষ নেতার সাথে সরাসরি ফোনালাপের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ২০২৫ সালের জুলাই মাসে দামেস্কে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিকটবর্তী এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে তার এই কথোপকথন ঘটে।
দীর্ঘকাল ধরে যুদ্ধাবস্থায় থাকা এবং কূটনৈতিক সম্পর্ক না থাকা দুই চিরশত্রু দেশের শীর্ষ নেতার মধ্যে সরাসরি কথা বলার ঘটনা এটিই প্রথম বলে মনে করা হচ্ছে। সম্প্রতি দ্রুজ সম্প্রদায়ের এক লিকুদ কনফারেন্সে নেতানিয়াহু এই বিস্ফোরক তথ্যটি প্রকাশ করেন।
সেদিনের ফোনালাপের স্মৃতি স্মরণ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, "আমি ফোনটি তুলে শারাাকে কল করলাম। কথোপকথনটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত এবং কড়া বার্তার। আর এর ফলেই সিরিয়ায় দ্রুজদের ওপর চলা হত্যাযজ্ঞ বন্ধ হয়েছিল।"
বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের শেষের দিকে দীর্ঘকালীন শাসক বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতা গ্রহণকারী আহমেদ আল-শারাার সরকারের সাথে ইসরায়েলের এই যোগাযোগ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি বড় মোড় হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েল দাবি করেছে, সিরিয়ার দ্রুজ-প্রধান সুয়েদা অঞ্চলে চলা সাম্প্রদায়িক সংঘাত এবং সেখানকার দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করার জন্যই ওই বিমান হামলা চালানো হয়েছিল।
কনফারেন্সে দ্রুজ সম্প্রদায়কে আশ্বস্ত করে নেতানিয়াহু বলেন, "আমাদের এবং আপনাদের ভাইদের সুরক্ষায় আমি আমার সাধ্যমতো সবকিছু করব।"
বর্তমানে ইসরায়েল ও শারাা সরকারের মধ্যে একটি সম্ভাব্য নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে এই চুক্তির পথে অন্যতম বড় বাধা সিরিয়ার ভূখণ্ড। আসাদ সরকারের পতনের পর থেকে সিরীয় সীমান্তে আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) যে বাফার জোন দখল করে রেখেছে, সেখান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের জোরালো দাবি জানিয়ে আসছে সিরিয়া। সূত্র: টাইমস অব ইসরায়েল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬ : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের আজ একটি বিবৃতিতে জানিয়েছেন, সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ, দ্রুত এবং জনবান্ধব করার উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অনলাইনে বাসা বরাদ্দ প্রক্রিয়া শুরু করেছে।
অনলাইন বাসা বরাদ্দের ফলাফল প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী উল্লেখ করেন, "দেশে সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক সেবা সহজীকরণ করাই আমাদের সরকারের অঙ্গীকার।"
তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার অংশ হিসেবে সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে আরও জনবান্ধব করতে এই অনলাইন বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন এবং সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৫ সেপ্টেম্বর অনলাইনে বাসা বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তির অনুযায়ী, গত ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। বিভিন্ন শ্রেণির জন্য মোট ৫৪টি শূন্য বাসার বিপরীতে ৫৯৬টি আবেদন জমা পড়েছে। প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই শেষে ৩৪২টি আবেদন গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয় এবং ২৫৪টি আবেদন প্রয়োজনীয় শর্তাবলি পূরণ না হওয়ায় বাতিল করা হয়।
আজ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী জাকারিয়া তাহের এই অনলাইন বাসা বরাদ্দের ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আগে সরকারি বাসা বরাদ্দ প্রক্রিয়া ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন হতো। প্রযুক্তির ব্যবহার করে সেবা প্রদান কার্যক্রমকে আরও জনবান্ধব করতে সরকারি আবাসন পরিদপ্তর বাসা বরাদ্দ প্রদান সেবাকে স্বয়ংক্রিয় করেছে।
অনলাইনে বাসা বরাদ্দের ফলাফল প্রকাশের ফলে বরাদ্দপ্রত্যাশীরা সহজেই ফলাফল জানতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১৫ অক্টোবর, ২০২৬ : খাদ্য অধিকার আইন প্রণয়নের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। সাধারণ মানুষের খাদ্য অধিকার প্রতিষ্ঠা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, সরকারের উদ্যোগের মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, যা নিম্ন ও সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। প্রান্তিক জনগণের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্যও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই উদ্যোগগুলোর সুফল শিগগিরই সাধারণ মানুষ ভোগ করতে পারবে।
আজ চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘গণশুনানি ও আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, যেখানে শহরের সীমিত আয়ের জনগণের খাদ্যমূল্য বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে আলোচনা করা হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) বাংলাদেশ, আইএসডিই বাংলাদেশ এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রাণ) যৌথভাবে এই সভার আয়োজন করে।
আবু সুফিয়ান আরও বলেন, খাদ্যের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রায় চাপ সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য খাদ্য কেনার সক্ষমতা বৃদ্ধি, খাদ্যসংকট দূর করা এবং সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গণশুনানিতে সাধারণ মানুষের উত্থাপিত সমস্যা, অভিজ্ঞতা ও সুপারিশগুলো সরকারের সংশ্লিষ্ট মহলে পৌঁছানোর আশ্বাস দেন তিনি।
গণশুনানিতে বিভিন্ন পেশার মানুষ তাদের দৈনন্দিন জীবনযাত্রা, খাদ্যসংকট ও খাদ্যমূল্য বৃদ্ধির অভিজ্ঞতা তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন। বক্তব্য রাখেন কলামিস্ট মুসা খান, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬ : ভূমি মন্ত্রণালয়ে সহকারী কমিশনার (ভূমি) পদে ৯৪ জন কর্মকর্তার যোগদানপত্র গ্রহণ করা হয়েছে। সম্প্রতি, এই কর্মকর্তারা একযোগে মন্ত্রণালয়ে তাদের দায়িত্ব পালন করতে যোগদান করেন।
ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে আজ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২২ জুলাই, ২ আগস্ট, ৯ আগস্ট ও ২৪ সেপ্টেম্বর জারি করা পৃথক প্রজ্ঞাপন এবং ভূমি মন্ত্রণালয়ের ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেছেন। তাদের যোগদানপত্র গ্রহণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ