বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৪০ পি.এম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য গ্যাস পাইপলাইন স্থানান্তরের টাই-ইন কাজ সম্পন্ন করা হবে। এই কারণে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আশুলিয়া ও সাভারের বিস্তীর্ণ এলাকায়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় আশুলিয়া রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। ফলে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায়।
এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন শিশুদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করার জন্য একটি ব্যাপক পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে, ১৩ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে এবং শিশুদের জন্য নিরাপদ অ্যাকাউন্ট চালু করতে অনলাইন সেবাদাতাদের বাধ্য করা হবে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফন ডার লায়েন জানান, বর্তমান সময়ে শিশুরা বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তিগুলোর কিছু ব্যবহার করছে, তবে এসব প্রযুক্তি শিশুদের কল্যাণ ও বিকাশের বিষয়টি মাথায় রেখে তৈরি করা হয়নি। তিনি বলেন, প্রস্তাবিত ‘ইইউ কিডস অ্যাক্ট’ বাস্তব জীবনের মতো ডিজিটাল জগতেও সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করবে।
প্রস্তাব অনুযায়ী, ১৩ থেকে ১৫ বছর বয়সী শিশুদের অনলাইন অ্যাকাউন্টে অভিভাবকদের নিয়ন্ত্রণ থাকবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার আগে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশ ও ইউরোপীয় পার্লামেন্টের সঙ্গে আলোচনা করতে হবে।
১৮ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম, ভিডিও শেয়ারিং সেবা, অনলাইন ভিডিও গেম, এআই ভিত্তিক সঙ্গী এবং চ্যাটবট ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ আরোপের প্রস্তাব করা হয়েছে।
এতে আসক্তি তৈরি করে এমন ফিচার, ব্যবহারকারীর প্রোফাইলভিত্তিক সুপারিশ ব্যবস্থা, অন্তহীন স্ক্রল, পুরস্কারের মাধ্যমে ব্যবহার বাড়ানোর কৌশল এবং অপরিচিত ব্যক্তির অনাকাঙ্ক্ষিত যোগাযোগ নিষিদ্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এআই সঙ্গী ও চ্যাটবট শিশুদের জন্য ডিফল্টভাবে বন্ধ রাখার প্রস্তাবও করা হয়েছে।
এছাড়া, অনলাইন প্ল্যাটফর্মগুলোকে শিশুদের জন্য নিরাপদ অ্যালগরিদম তৈরি করতে হবে এবং সহজে ব্যবহারযোগ্য অভিভাবক নিয়ন্ত্রণ ব্যবস্থা দিতে হবে। ব্যবহারকারীদের ব্লক ও মিউট করার সুবিধাও সহজ করার কথা বলা হয়েছে।
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, চীন, ভারত, তুরস্ক ও ইউরোপের কিছু দেশ ইতিমধ্যে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সীমিত করার উদ্যোগ নিয়েছে। তবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা বাস্তবায়নে অস্ট্রেলিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ ইউরোপের জন্যও বিষয়টি কঠিন হতে পারে বলে মনে করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনের কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ কাহবুব পাহাড় এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী এই অঞ্চলে একাধিক ফ্রন্টে লড়াই অব্যাহত রয়েছে।
তাইজ থেকে আল জাজিরার সংবাদদাতা মাহা আলী জানিয়েছেন, ইয়েমেন সরকারের ‘হোমল্যান্ড শিল্ড’ বাহিনী ‘জায়ান্টস ব্রিগেড’-এর সহযোগিতায় কাহবুব এলাকায় হুথিদের একটি অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিহত করেছে।
সরকারি বাহিনী দাবি করেছে যে, হুথিরা ওই অঞ্চলে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে তাদের সেই প্রচেষ্টা সফলভাবে ঠেকানো হয়েছে।
অভিযানে হুথিদের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই হুথি সদস্যকে আটক করার খবর পাওয়া গেছে। এছাড়া, সংঘর্ষের সময় সরকারি বাহিনী হুথিদের একটি ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে।
কাহবুব পাহাড় ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী অবস্থিত। এটি লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত এবং ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ : স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সভা শুরু হয়েছে, যেখানে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনারগণও সভায় অংশগ্রহণ করেন।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করার কাজ সম্পন্ন হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে মারা যান আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যবসায়ী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সরিষাবাড়ী উপজেলার বয়রা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজারে সার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় আব্দুল মালেক দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় তার পা পিছলে গিয়ে তিনি ট্রেনের নিচে পড়ে যান। পরে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
আরো পড়ুন
চাঁদে বিশাল নতুন গর্তের সন্ধান পেল নাসার মহাকাশযান
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘দৌড়ে ট্রেনে ওঠার সময় পা পিছলে আব্দুল মালেক ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ