০৩:২৩ পি.এম
ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলার বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে দুটি টিনশেড ঘর এবং একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এই ঘটনায় ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামালের ক্ষতি হয়েছে, যার পরিমাণ প্রায় দেড় লাখ টাকা। তবে, এই অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি।
সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুকুর ফরেস্টের ডাঙ্গা গ্রামের মো. সোনাবুলের (৫০) বসতবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোনাবুল, মৃত শামসুল হকের ছেলে।
স্থানীয়দের মতে, সকালে হঠাৎ করে সোনাবুলের বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন দুটি শোয়ার ঘর এবং রান্নাঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়কে প্রাণ হারালেন ৫ জন, একই পরিবারের ৪ জন
ভুক্তভোগী সোনাবুল বলেন, "হঠাৎ ঘরে আগুন দেখতে পাই। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘরের অনেক মালামাল পুড়ে গেছে।" ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়েনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন