০৪:২৩ পি.এম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টা ২০ মিনিটে জামালপুর এম এ রশিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৯৩ বছর।
তিনি ৪৫ বছর ধরে (১৯৮১ সাল থেকে আমৃত্যু পর্যন্ত) সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সদাহাস্যোজ্বল ও বিনয়ী।
মরহুম আজিম উদ্দিন আহমেদ ছিলেন মরহুম জসিম উদ্দিনের ছেলে, যিনি সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
আরও পড়ুন: সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ-সাংবাদিক সুরক্ষা পরিষদ
শুক্রবার বিকেল ৫টায় সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তার লাশ সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এবং স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার শামীম। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন