০২:৫৬ পি.এম
গাজীপুরের কালিয়াকৈরে ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় আজও বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থ শ্রমিকরা জানান, তারা আজকে পানি পান না করেও অসুস্থ হয়ে পড়েছেন। কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস কারখানায় শ্রমিকেরা যথাসময়ে সকাল বেলা কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেন। তবে, কাজ শুরুর কিছুক্ষণ পর হঠাৎ করেই বেশকিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে বেশিরভাগ মানুষের মাথা ঘুরে পড়ে যাওয়া, বমি এবং পেটে ব্যথার সমস্যা দেখা দেয়। এই সময় ফ্লোরে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়লে তাদের মধ্যে ২২ জনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। শ্রমিকদের মধ্যে অভিযোগ এসেছে যে আজ পানি পান না করেও অসুস্থ হয়ে পড়েছেন। তারা জানান, এসব শ্রমিকদের মধ্যে বেশ কয়েকজন আগের দিনও অসুস্থ হয়েছিলেন। বর্তমানে অসুস্থদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। চিকিৎসার জন্য ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যান্য শ্রমিকদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। বিষয়টি তদন্তে অভিজ্ঞরা ধারণা করছেন যে, এই অসুস্থতাকে মাস সাইকোজেনিক ডিজিজ তথা গণ মনস্তাত্ত্বিক রোগ হতে পারে। তবে বিষয়টি পানিবাহিত কিনা সেটি পরীক্ষা করার জন্য পানির স্যাম্পল ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে। উল্লেখ্য, কালিয়াকৈরের ওই ড্রেসম্যান লিমিটেড কারখানায় গেল বৃহস্পতিবারও একইরকম সিম্পটম নিয়ে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল তারা সুস্থ হওয়ার পর বাড়ি ফিরে গেলেও আজ আবার বেশ কয়েকজন শ্রমিকের মধ্যে অনুরূপ সমস্যা দেখা দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন