ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

নিষেধাজ্ঞা এড়াতে ইরাকি তেল পাচার ও মিশ্রণ ইরানে: গোপন তথ্য ফাঁস


নিষেধাজ্ঞা এড়াতে ইরাকি তেল পাচার ও মিশ্রণ ইরানে: গোপন তথ্য ফাঁস

ইরাকের তেল পাচার এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর একটি গোপন ও সুসংগঠিত নেটওয়ার্কের তথ্য সম্প্রতি ফাঁস হয়েছে। একটি শীর্ষ গোপনীয় (Top Secret) গোয়েন্দা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে, ইরাকের কিরকুক ও কুর্দিস্তান অঞ্চলের অপরিশোধিত তেল এবং জ্বালানি সীমান্ত পার হয়ে ইরানে পাচার করা হচ্ছে। এরপর সেই তেল ইরানি পেট্রোলিয়াম পণ্যের সাথে মিশিয়ে ভুয়া নথিপত্রের মাধ্যমে ইরাকি পণ্য হিসেবে রপ্তানি করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমের কাছে আসা ১৪ পৃষ্ঠার এই গোয়েন্দা প্রতিবেদনটি ইরাকের একটি ভূ-স্থানিক গোয়েন্দা ইউনিট দ্বারা তৈরি করা হয়েছে। ২০২১ সাল থেকে ২০২৬ সালের গ্রীষ্মকাল পর্যন্ত সংগৃহীত উপগ্রহ চিত্র (Satellite Imagery) বিশ্লেষণ করে দেখা গেছে যে, সীমান্তজুড়ে তেলবাহী ট্যাংকার এবং স্টোরেজ সুবিধার সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্নেল এই নথির সত্যতা নিশ্চিত করেছেন, তবে বিষয়টির স্পর্শকাতরতার কারণে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, তেল পাচারের দুটি প্রধান রুট রয়েছে। প্রথম রুটটি কিরকুকের উত্তর তেল কোম্পানির (North Oil Company) ক্ষেত্র থেকে শুরু হয়। সেখান থেকে সরকারি কোটায় সুলতানিয়ায় পাঠানো তেল পরবর্তীতে কুর্দিস্তানের বাসমখ ও পারওয়েজ খান সীমান্ত দিয়ে ট্যাংকারে করে ইরানে প্রবেশ করে। ইরানে পৌঁছানোর পর কম দামি ইরাকি তেল স্থানীয় জ্বালানির সাথে মিশিয়ে পুনরায় ইরাকি পণ্য হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর মাহিরুদ সীমান্ত দিয়ে তা আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়, যেখানে স্থানীয় ফিলিং স্টেশনগুলোতে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য বিক্রি করা হয়। উপগ্রহ চিত্রে দেখা গেছে, বাসমখ ও পারওয়েজ খান সীমান্তে গত কয়েক বছরে ট্যাংকারের দীর্ঘ লাইন এবং বিশাল ডিপো গড়ে উঠেছে।

আরও পড়ুন: ৫ কেজি স্বর্ণ-হীরা চুরি করে পালাল ইউটিউবার, বাবা ও প্রেমিকা গ্রেপ্তার

দ্বিতীয় বা উত্তরমুখী রুটটি দিয়ে তেল তুরস্কে পাচার করা হচ্ছে। দুহুক প্রদেশের ফিশখাবুর তেলক্ষেত্রের স্টোরেজ ট্যাংকে এই তেল খালাস করা হয়, যা নরওয়েজিয়ান কোম্পানি ডিএনও (DNO) পরিচালনা করে। ফেডারেল স্টেট অয়েল মার্কেটিং অর্গানাইজেশন (SOMO)-এর আইনি এখতিয়ারের বাইরে গিয়ে স্থানীয় ক্রেতাদের কাছে এই তেল বিক্রি করার অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে। ফিশখাবুরকে এই রুটের মূল লজিস্টিক হাব হিসেবে ব্যবহার করে নথিপত্র জালিয়াতির মাধ্যমে তেল তুরস্কে পাঠানো হয়।

এই বিশাল দুর্নীতি এবং তেল পাচারের ঘটনায় বাগদাদে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইরাকি সংসদের স্পিকার হাইবাত আল-হাউবুসি এই অবৈধ কার্যক্রমের তদন্তের জন্য একটি অস্থায়ী সংসদীয় কমিটি গঠন করেছেন। প্রতিবেদনে তেল পাচার রোধে দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করতে আর্থিক অডিট এবং দুহুক, ইরবিল, সুলতানিয়া ও কিরকুকের সমস্ত তেল ট্যাংকারকে তেল মন্ত্রণালয়ের জিপিএস ট্র্যাকিং সিস্টেমের আওতায় আনার জোরালো সুপারিশ করা হয়েছে। সূত্র: এমবিএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ কেজি স্বর্ণ-হীরা চুরি করে পালাল ইউটিউবার, বাবা ও প্রেমিকা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


৫ কেজি স্বর্ণ-হীরা চুরি করে পালাল ইউটিউবার, বাবা ও প্রেমিকা গ্রেপ্তার

পুলিশ একটি স্বর্ণালংকারের দোকান থেকে প্রায় ১৫ কোটি রুপির স্বর্ণ ও হীরার গয়না চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পলাতক ইউটিউবার নিশান্তের বাবা সুরেশ এবং তার প্রেমিকা মীনাক্ষী রয়েছেন। এই ঘটনায় প্রায় ৫ কেজি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ এখনো মূল অভিযুক্ত নিশান্তকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনাটি ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ে তানিষ্কে ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার সকালে মাদুরাইয়ের বাইপাস সড়কে অবস্থিত তানিষ্কের নতুন শোরুমে কর্মীরা চুরির বিষয়টি জানতে পারেন। আগের রাতে এক ব্যক্তি দোকানে ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার গয়না নিয়ে পালিয়ে যায়। উল্লেখ্য, ১৪ অক্টোবর শোরুমটির উদ্বোধন করা হয়েছিল।

প্রাথমিক হিসাব অনুযায়ী, দোকানে বিক্রির জন্য প্রদর্শিত অলংকারের প্রায় ৩০ শতাংশ চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে কালো পোশাক ও মুখোশ পরা একজন ব্যক্তিকে দোকানের ভেতরে দেখা যায়। পুলিশ জানিয়েছে, চুরির ঘটনার মূল অভিযুক্ত নিশান্ত একজন ইউটিউবার এবং তিনি এখনো পলাতক রয়েছেন। নিশান্তের বিরুদ্ধে প্রেমিকা মীনাক্ষীর সঙ্গে মিলে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে পুলিশ তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

তদন্তকারীরা ধারণা করছেন, ভবনটির লিফট স্থাপনের কাজ চলার কারণে তৈরি হওয়া একটি ফাঁকা স্থান ব্যবহার করে চোর ভেতরে প্রবেশ করেছে। এজন্য লিফটের কাজে ব্যবহৃত দড়ি এবং ভবনের পেছনে থাকা লোহার কাঠামোও পরীক্ষা করা হচ্ছে।

চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ এর আগে নয়টি বিশেষ দল গঠন করেছে। শোরুমের সাবেক কর্মী, নির্মাণকাজে যুক্ত শ্রমিক এবং সাজসজ্জার কাজে নিয়োজিত ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীরা চুরির ঘটনায় দোকানের ভেতরের কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখছেন।

এদিকে, চুরির ঘটনায় এক ক্রেতা বিপাকে পড়েছেন। পান্ডি নামের ওই ব্যক্তি বন্ধুর বিয়ের জন্য অলংকার কিনে মূল্য পরিশোধ করেছিলেন। পরদিন সেগুলো সংগ্রহ করতে গিয়ে জানতে পারেন, তার কেনা গয়না চুরি হয়েছে। শোরুম কর্তৃপক্ষ তাকে অন্য শাখা থেকে একই ধরনের অলংকার দেয়ার আশ্বাস দিয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দল এআইএডিএমকের নেতা এদাপ্পাদি কে পালানিস্বামী। তিনি চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআই ফরিদ আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশের এসআই ফরিদ আহমেদ মারা গেছেন

টাঙ্গাইলের বাসাইলে একটি মোটরসাইকেল ও পিকআপভ্যানের সংঘর্ষের ফলে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ আহমেদ নামের পুলিশের এসআই মারা গেছেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

ফরিদ আহমেদ বাসাইল থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তার পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

জানা গেছে, গত ১ নভেম্বর সকালে ফরিদ আহমেদ মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিংয়ে অংশ নিতে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে বাসাইল থানা পুলিশসহ সংশ্লিষ্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। সর্বশেষ তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। আজ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে তার মৃত্যু ঘটে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার মরদেহ সরাসরি নিজ গ্রামে নেওয়া হবে। ফরিদ আহমেদ একজন দক্ষ ও চৌকস পুলিশ অফিসার ছিলেন। তার মৃত্যুতে থানার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%