০৫:৩৬ পি.এম
রাজশাহী, ১৯ অক্টোবর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু মন্তব্য করেছেন যে, আগামীকাল দুর্গাপূজা চলাকালীন রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরটি ঐতিহাসিক হতে যাচ্ছে।
আজ সোমবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভা আয়োজনের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথা বলেন।
ভূমিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর এই সফর রাজশাহীবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আনন্দের মাত্রা অনেক বেড়ে গেছে, কারণ তিনি পূজার সময় রাজশাহীতে আসছেন। এটি নিঃসন্দেহে প্রধানমন্ত্রীর একটি ঐতিহাসিক সফর হতে যাচ্ছে।
আরও পড়ুন: বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
তিনি আরও বলেন, এর আগে কোনো রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী ঢাকার বাইরে কোথাও পূজা মন্ডপ পরিদর্শনে যাননি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানই একমাত্র প্রধানমন্ত্রী যিনি পূজার সময় রাজশাহীতে আসছেন। এরপর তাঁর রংপুর ও চট্টগ্রামে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এই মাদরাসা মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ভাষণ দিয়েছেন। তারেক রহমানও এখানে ভাষণ দিয়েছেন, তবে তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না। সেক্ষেত্রে, প্রধানমন্ত্রী হিসেবে এটি রাজশাহীতে তাঁর প্রথম সফর।
মন্ত্রী আরও জানান, রাজশাহীতে সমাবেশ সবসময় বিপুল সমারোহে অনুষ্ঠিত হয়, এবারেরও তার ব্যতিক্রম হবে না। ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর এক নজর দেখার জন্য রাজশাহীর মানুষ অপেক্ষা করছে।
প্রধানমন্ত্রীকে বরণ করতে রাজশাহীবাসী প্রস্তুত জানিয়ে তিনি বলেন, তাঁর আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। রাজশাহী বিএনপি তাঁকে স্বাগত জানাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। আশা করছি, সুস্থ ও সফলভাবে এই জনসভা শেষ হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।
আরও পড়ুন: কুড়িগ্রামের রাজিবপুরে নদীর তীর সংরক্ষণ ব্লকের নিচ থেকে মাটি কাটার অভিযোগ
উল্লেখ্য, রাজশাহীতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান দুটি অংশে অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিনি রাজশাহী ধর্মসভায় পূজা মন্ডপ পরিদর্শন করবেন এবং মাদরাসা মাঠে জনসভা ও ইক্ষু চাষিদের প্রণোদনা দেবেন।
এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির জনসভা স্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তায় কোনো ত্রুটি থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনী ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন