মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
০৭:৪৭ পি.এম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি এঁর গত ১৪ জুন ২০২৬ খ্রি. তারিখে জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, নারায়ণগঞ্জ পরিদর্শনকালে প্রদত্ত নির্দেশনাক্রমে আজ এই হাসপাতাল পুনরায় পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।
এসময় তিঁনি হাসপাতালের প্রতিটা ওয়ার্ড, করিডর, রান্নাঘর, শৌচাগার, হাসপাতালের পেরিফেরিসহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন ও হাসপাতালে ভর্তি রোগীদের স্বজন এবং আগত ব্যক্তিদের সাথে সামগ্রিক পরিবেশ নিয়ে মতবিনিময় করে হাসপাতালের সমস্যার ব্যাপারে শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এখানে উল্লেখ্য যে, তিঁনি এসময় মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নারায়ণগঞ্জ পরিদর্শন করেন এবং কেন্দ্রের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন-প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন; সিভিল সার্জন, নারায়ণগঞ্জ; সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ;আগত সাংবাদিকবৃন্দ; বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ সেবাগ্রহীতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) নগর ভবন অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মীদের হাতে এই কার্ড তুলে দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
হারপিক বাংলাদেশের অর্থায়নে, সাজেদা ফাউন্ডেশন ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের সহযোগিতায় এবং ডিএসসিসির ব্যবস্থাপনায় প্রথম পর্যায়ে এক হাজার জন পরিচ্ছন্নতাকর্মীকে এই স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে।
পরিচ্ছন্নতাকর্মীরা সম্পূর্ণ বিনা মূল্যে এই স্বাস্থ্যসেবা কার্ড পাচ্ছেন। এই কার্ডের আওতায় একজন পরিচ্ছন্নতাকর্মী ও তার পরিবারের সর্বোচ্চ ৬ জন সদস্য বিভিন্ন স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা সুবিধা পাবেন।
স্কিমের প্রধান সুবিধাগুলোর মধ্যে রয়েছে— দেশের ৪৫০টি অনুমোদিত হাসপাতালে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও ডায়াগনস্টিক সেবায় ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়।
এ ছাড়া কোনো পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
মো. আবদুস সালাম বলেন, দেশের স্বাস্থ্যখাত ক্রমেই ব্যবসাকেন্দ্রিক হয়ে উঠছে, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। পরিচ্ছন্নতা কর্মীরা দিন-রাত পরিশ্রম করে নগরীকে বাসযোগ্য রাখছেন। সমাজের জন্য তাদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, আজ প্রথমবারের মতো পরিচ্ছন্নতাকর্মীদের জন্য এই স্বাস্থ্যসেবা কার্ড চালু হলো। আমি আশা করি, এই উদ্যোগ শুধু ঢাকায় সীমাবদ্ধ থাকবে না; দেশের অন্যান্য প্রতিষ্ঠান ও বিত্তবানরা এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসবেন।
এই উদ্যোগের অংশ হিসেবে ঢাকা শহরের বিভিন্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কিট বিতরণ করা হবে। পাশাপাশি মা ও শিশুদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে শিক্ষা কার্যক্রমও পরিচালনা করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক পরিচ্ছন্নতা কর্মীদের কর্মক্ষেত্রে জ্যাকেট, হ্যান্ড গ্লাভস, মাস্কসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন এবং ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মীদের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিচ্ছন্নতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর চানমারী ঘাট থেকে খিলগাঁও রেল ক্রসিং পর্যন্ত এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এই অভিযানের সময় রাস্তা ও ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির কারণে চার ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (১৬ জুন) এই অভিযান পরিচালনা করে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর বিধান অমান্য করে ব্যবসা পরিচালনা করার জন্য তিন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এর পাশাপাশি পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস বিক্রয় এবং সংরক্ষণ না করার অপরাধে একজন মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালীন ফুটপাত এবং সড়ক থেকে জব্দ করা বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী তাৎক্ষণিকভাবে স্পট নিলামের মাধ্যমে ৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নগরীর সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে চালানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়ের অভ্যন্তরে সংসদ সদস্যদের (এমপি) জন্য একটি করে পরিদর্শন কক্ষ নির্মাণে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের অষ্টম দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। শামীম কায়সার তার প্রশ্নে জানতে চেয়েছিলেন—দেশের সব সংসদ সদস্যের দাপ্তরিক যোগাযোগের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে পৃথকভাবে কার্যালয় নির্মাণের কোনো পরিকল্পনা আছে কি না এবং থাকলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে।
জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সব উপজেলায় সংসদ সদস্যসহ সব ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উপজেলা পরিষদের অভ্যন্তরে একটি পরিদর্শন কক্ষ নির্মাণের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে ইতোমধ্যে প্রতিটি উপজেলা পরিষদের অনুকূলে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
এর আগে, গত ৩১ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান নিজ নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বসার জন্য নির্ধারিত জায়গার দাবি জানিয়েছিলেন।
তারই ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদকে জানিয়েছিলেন, সরকার জাতীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ করে দিচ্ছে। ওই দিনই সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি গাড়ির পরিবর্তে উপজেলায় সংসদ সদস্যদের জন্য দাপ্তরিক কার্যালয় বা অফিসের ওপর গুরুত্বারোপ করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাড়িতে হামলার নেপথ্যে রাশিয়ার হাত রয়েছে, এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আদালত ও পুলিশের তথ্য অনুযায়ী, অর্থের প্রলোভনে পরিচালিত হয় এই হামলার ঘটনা। তবে, রুশ দূতাবাস এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
২০২৫ সালের মে মাসে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মালিকানাধীন বাড়ি ও গাড়িতে হামলার ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ, ফোন রেকর্ড এবং ডিজিটাল প্রমাণ বিশ্লেষণের পর কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। দীর্ঘ অনুসন্ধানের ফলস্বরূপ, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে।
আদালত ও পুলিশের বরাতে গণমাধ্যমটি উল্লেখ করেছে, পুরো অপারেশনটি একজন রুশ-ভাষী হ্যান্ডলারের মাধ্যমে পরিচালিত হয়েছিল, যে টেলিগ্রামে ‘এল মানি’ নামে পরিচিত।
অভিযোগ অনুযায়ী, এই ব্যক্তি ইউক্রেনের নাগরিক রোমান লাভরিনোভিচ এবং রোমানিয়ার নাগরিক স্ট্যানিস্লাভ কার্পিউককে নিয়োগ দিয়েছেন এবং ধাপে ধাপে আরও গুরুতর কাজের নির্দেশনা দিয়েছেন। তথ্যে উল্লেখিত আছে, লাভরিনোভিচকে অর্থ দেওয়ার পাশাপাশি রুশ নাগরিকত্ব দেয়ারও প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।
বিবিসির প্রতিবেদনে আরও দাবি করা হয়, এই ধরনের কার্যক্রম বৃহত্তর একটি প্রক্সি নেটওয়ার্কের অংশ, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিগ্রামের মাধ্যমে তরুণদের অর্থের প্রলোভন দেখিয়ে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এসব নেটওয়ার্ক বিভ্রান্তিমূলক অনলাইন কমিউনিটি তৈরি করে যুক্তরাজ্যে ভীতি ও বিভাজন ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
রুশ পক্ষ এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং দূতাবাস জানিয়েছে যে, রাশিয়াকে কোনো ধরনের অবৈধ কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
বিশ্লেষকরা মনে করেন, ইউরোপজুড়ে ইউক্রেনীয় নাগরিকদের ব্যবহার করে নাশকতা কার্যক্রম পরিচালনার অভিযোগ নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করছে।
ইউক্রেনীয় তদন্তকারীরা বলছেন, একাধিক দেশে ছড়িয়ে থাকা এমন নেটওয়ার্কে ইউক্রেনীয়রা বড় অংশে জড়িত, যা কৌশলগতভাবে বিভ্রান্তি তৈরির একটি প্রচেষ্টা। নিরাপত্তা বিশেষজ্ঞরা দেখছেন এই ঘটনাকে শুধুমাত্র অপরাধ হিসেবে নয়, বরং আধুনিক হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবেও।
তালাশ বিডি/মিডিয়া লিঃ