১১:১০ এম
রাজধানী ঢাকায় রাতভর মুষলধারে বৃষ্টিপাত চলেছে। প্রবল বর্ষণের কারণে বিভিন্ন প্রধান সড়ক এবং অলিগলিতে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর ফলে রোববার (১২ জুলাই) সকাল থেকে অফিসগামী মানুষ এবং সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর খবর দিয়েছে, দেশের অধিকাংশ এলাকায় আজও দমকা হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শনিবার (১১ জুলাই) দিবাগত রাতে শুরু হওয়া অবিরাম বৃষ্টির ফলে ঢাকার ধানমন্ডি, মিরপুর, মৌচাক, মালিবাগ, কারওয়ান বাজার, মতিঝিল এবং পুরান ঢাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও হাঁটু থেকে কোমরপানি জমে যাওয়ায় সড়কের ওপর অনেক যানবাহন বিকল হয়ে পড়ে আছে। সকালের দিকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, ফলে অফিসগামীদের বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। গণপরিবহন সংকটের সুযোগ নিয়ে রিকশা এবং সিএনজিচালিত অটোরিকশাগুলো অতিরিক্ত ভাড়া দাবি করছেন, জানিয়েছেন যাত্রীরা।
কারওয়ান বাজারে বাসের জন্য অপেক্ষারত তুষার মিয়া নামের এক যাত্রী জানান, গ্রিন রোড ও কলাবাগানের অনেক রাস্তা এখন পানির নিচে। অনেক কষ্টে কারওয়ান বাজারে এসে বাসের জন্য অপেক্ষা করছেন তিনি। কিন্তু মতিঝিলগামী গাড়িগুলি খুব একটা পাওয়া যাচ্ছে না। রিকশাচালকরা সিএনজির মত ভাড়া চাচ্ছেন, আবার রাস্তায় সিএনজিচালিত অটোরিকশাও তেমন একটা নেই।
আরও পড়ুন: রুহুল কবির রিজভী: শ্রমিক আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা সফল হবে না
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, রাতভর ভারী বৃষ্টির কারণে রাজধানীর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের উভয় পাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নাগরিক দুর্ভোগ কমাতে সড়কে জমে থাকা পানি দ্রুত অপসারণে ডিএনসিসির কুইক রেসপন্স টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ভারী বৃষ্টির কারণে রাজধানীর অনেক এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের রাস্তা ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় কর্তৃপক্ষ ইতিমধ্যে বেশ কয়েকটি স্কুলের আজকের ক্লাস এবং পরীক্ষা বাতিল করেছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি জুলাই মাসে এখন পর্যন্ত এক রাতের মধ্যে এত বেশি বৃষ্টি হয়নি। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আজ দেশের অধিকাংশ এলাকায় দিনভর দমকা হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে অপহরণ, প্রাইভেট শিক্ষক রাজিবের বিরুদ্ধে মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন