০৯:০২ পি.এম
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার আগেই গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে বাংলাদেশ আশাবাদী। দেশের পানির ন্যায্য চাহিদা এবং দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেন, ‘আমরা বিশ্বাস করি এবং আশাবাদী, চলতি বছর মেয়াদ শেষ হতে যাওয়া চুক্তিটি নবায়ন হবে। ভারতও এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমরা আশাবাদী।’
প্রতিমন্ত্রী জানান, পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছেন। চুক্তিটির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: সংসদ সচিবালয়ের আধুনিক জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি
তিনি বলেন, পানিসম্পদমন্ত্রী এবং সরকারের অর্থ উপদেষ্টা এ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিও কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ভারতের সঙ্গে বিভিন্ন পর্যায়ে ইতোমধ্যে আলোচনা চলছে। অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে।
তিনি উল্লেখ করেন, ‘ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হবে। চুক্তি নিয়ে বিভিন্ন পর্যায়ে তাদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা চলছে।’
আসন্ন এই আলোচনায় ইতিবাচক ফল আসবে এবং গঙ্গার পানি বণ্টনে দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে সাহায্য করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: বঞ্চিত ঠিকাদারদের সুযোগ দিতে আইন সংশোধন, বিরোধীদের স্বজনপ্রীতির শঙ্কা
বিদ্যমান চুক্তিটি সরাসরি নবায়ন করা হবে, নাকি সংশোধিত শর্ত যুক্ত করে নতুন চুক্তি করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গঠিত কমিটির পর্যালোচনার মাধ্যমে সরকার তার আলোচনার অবস্থান নির্ধারণ করবে।
তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ তার ন্যায্য দাবি আদায়ে সচেষ্ট থাকবে এবং দেশের বর্তমান ও ভবিষ্যৎ পানির চাহিদাকে অগ্রাধিকার দেবে।
তিনি বলেন, ‘আমাদের ন্যায্য দাবি এবং বাংলাদেশ ও এ দেশের মানুষের প্রয়োজনকে ভিত্তি করেই আলোচনা এগিয়ে নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ভবিষ্যৎ স্বার্থের জন্য সবচেয়ে ভালো হয় এবং পানিসংকট সমাধানে সহায়ক হয়—এমনভাবেই আমরা সিদ্ধান্ত নেব।’
আরও পড়ুন: হুমায়ুন কবির: পিটার হাসের সঙ্গে বৈঠক ছিল অনানুষ্ঠানিক ও ব্যবসায়িক
উল্লেখ্য, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন