সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:২২ পি.এম
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : সরকার দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ বৃদ্ধি করেছে।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি আদেশে জানানো হয়, যেসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শেষ হতে যাচ্ছে, সেসব কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ থেকে ছয় মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, বর্ধিত মেয়াদে সংশ্লিষ্ট এডহক কমিটির সভাপতি যথানিয়মে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিলে স্বাক্ষর করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের একটি স্কোয়াড প্রকাশ করেছে। স্কোয়াডে নাহিদ রানা অন্তর্ভুক্ত না থাকলেও ইয়াসির রাব্বি এবং নাঈম শেখ রয়েছেন।
বাংলাদেশের স্কোয়াড
দলের সদস্যরা হলেন: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।
বিস্তারিত আসছে...
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে, যা প্রখ্যাত ফরাসি লেখক, বুদ্ধিজীবী, শিল্পকলার ইতিহাসবিদ এবং ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী আঁদ্রে মালরোর স্মরণে স্থাপন করা হয়েছে।
আজ বিজনেস স্টাডিজ অনুষদ সংলগ্ন ‘আঁদ্রে মালরো গার্ডেন’ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, যিনি স্মৃতিফলকটি উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজ-এর পরিচালক ফ্রাঁসোয়া শঁব্রো। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস এবং আলিয়ঁস ফ্রঁসেজ যৌথভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম লেখক ও বুদ্ধিজীবী আঁদ্রে মালরোর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, "তার নৈতিক সাহস, বুদ্ধিবৃত্তিক দৃঢ়তা এবং আন্তর্জাতিক সংহতির চেতনা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ফ্রান্স ও বাংলাদেশের জনগণের মধ্যে স্থায়ী সেতুবন্ধন তৈরি করেছিল।"
তিনি সাহিত্য, শিল্পকলা ও জনজীবনে আঁদ্রে মালরোর অনন্য অবদান তুলে ধরে বলেন, "মানব স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচারের প্রতি তার অবিচল অঙ্গীকারই তাঁকে বাংলাদেশের মানুষের হৃদয়ের খুব কাছাকাছি নিয়ে এসেছিল।"
উপাচার্য আরও বলেন, দেশের প্রাচীনতম এবং অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা উচিত। তিনি উল্লেখ করেন, "স্বাধীনতা সংগ্রামের কঠিন সময়ে দেশ-বিদেশের যেসব সুহৃদ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের সম্মান জানানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ দায়িত্ব।"
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেন, "বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জীবন ও জাতীয় পরিচয়ের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি প্রতিষ্ঠান।" তিনি আরও বলেন, "প্রখ্যাত ফরাসি লেখক আঁদ্রে মালরোর ৫০তম প্রয়াণ দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ আয়োজন ফ্রান্স ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বের ইতিহাসকে নতুন করে স্মরণ করার সুযোগ করে দিয়েছে।"
রাষ্ট্রদূত উল্লেখ করেন, "এ বন্ধুত্ব গড়ে উঠেছিল কূটনৈতিক সম্পর্ক, অভিন্ন মূল্যবোধ, সংহতি এবং মানুষের মর্যাদা ও স্বাধীনতার প্রতি গভীর অঙ্গীকারের ওপর ভিত্তি করে।" তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁদ্রে মালরোকে স্মরণ করার বিশেষ তাৎপর্য রয়েছে। এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই তিনি তাঁর ঐতিহাসিক ভাষণটি প্রদান করেছিলেন, যা এখনো অবিস্মরণীয় হয়ে আছে।"
অনুষ্ঠানে আঁদ্রে মালরোর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ের কিছু স্থিরচিত্র প্রদর্শিত হয়। এছাড়া, আঁদ্রে মালরোর স্মৃতিফলক সংরক্ষণ এবং শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে আটিবাজার জোনাল অফিসের আওতাধীন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আটিবাজার জোনাল অফিস সোমবার (২৩ নভেম্বর) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আটিবাজার এবং ওয়াসপুর বৈদ্যুতিক উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পরও ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি চালিয়ে যাচ্ছেন।
তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের সময় পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নেওয়ার পরও শেখ হাসিনা বসে নেই। ক্ষমতার মোহে তিনি এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা ঘটাচ্ছেন।
আজ সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এই সমাবেশের আয়োজন করে।
ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে কূটনৈতিক শিষ্টাচারের কথা বলা হচ্ছে। কিন্তু ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কীভাবে বৈঠক করেছেন? সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তারা কীভাবে পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন? এটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত।
রুহুল কবির রিজভী আরও বলেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়ার পরও তার হিংসাত্মক আচরণের কোনো পরিবর্তন দেখা যায়নি। গত ১৭ বছর ক্ষমতায় থাকতে তিনি যে নীতি প্রয়োগ করেছেন, এখনো তা-ই অব্যাহত রেখেছেন।
দেশের বিভিন্ন স্থানে নাশকতার চিত্র তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি, পোশাক কারখানা ও পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা অর্থ থেকে মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ) মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের দিয়ে এসব নাশকতা চালানো হচ্ছে।
রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় এই তাণ্ডব মোকাবিলা করছে। অতীতে আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচার গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না। এটাই তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার পার্থক্য।
তিনি আরও বলেন, শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হত্যাকারীদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।
সমাবেশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী খান মনজুর মোরশেদ এবং নির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউমসহ প্রকৌশলী সমাজের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ