ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে বাংলাদেশে প্রবেশের অনুমতি


তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে বাংলাদেশে প্রবেশের অনুমতি

সরকার তাবলিগের ধর্মীয় কাজের উদ্দেশ্যে ২৯৮ জন বিদেশি নাগরিককে বাংলাদেশে প্রবেশের জন্য শর্তসাপেক্ষে অনুমতি প্রদান করেছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাদের ১২০ দিনের ভিসা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে।

গত ২৫ নভেম্বর, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে এই সংক্রান্ত সম্মতিপত্র পররাষ্ট্র সচিবের কাছে পাঠানো হয়েছে।

এই বিদেশিরা বিভিন্ন দেশের নাগরিক, যেমন পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ফ্রান্স, তিউনিসিয়া, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, জর্ডান, আমেরিকা, ইন্দোনেশিয়া, মিয়ানমার, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া।

আরও পড়ুন: পাকিস্তান-বাংলাদেশ গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধি জোরদার

সম্মতিপত্রে উল্লেখ করা হয়েছে, মাদরাসা উলূমি দীনিয়া মালওয়ালী মসজিদ তথা ঢাকার তাবলিগ সেন্ট্রাল মার্কাজের আবেদনের প্রেক্ষিতে এই সম্মতি প্রদান করা হয়েছে। ২০২৬ সালের ভিসানীতির ৩৪ নম্বর ক্রমিকে বর্ণিত ‘আরটি’ ক্যাটাগরিতে তাদের ভিসা প্রদান করা হবে।

তবে, এসব বিদেশি নাগরিককে বাংলাদেশে অবস্থানকালে কিছু শর্ত মেনে চলতে হবে। শর্ত অনুযায়ী, তারা বাংলাদেশে অবস্থানকালে প্রচলিত ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতিবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। তাবলিগ সেন্ট্রাল মার্কাজের বাইরে অন্য কোনো সংস্থার কাজে যুক্ত হতে পারবেন না। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কর্মস্থল পরিবর্তন করার অনুমতি নেই।

এছাড়া, তারা বাংলাদেশে অবস্থানকালে শুধুমাত্র ধর্মীয় বা মিশনারি কাজে নিয়োজিত থাকবেন। ধর্মীয় কাজের বাইরে অন্য কোনো কাজে যুক্ত হতে পারবেন না। তাদের অবস্থানের বিষয়ে স্থানীয় পুলিশকে নিয়মিত অবহিত করতে হবে।

সম্মতিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, বিদেশি নাগরিকরা বাংলাদেশে অবস্থানকালে কোনো রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ কিংবা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ থেকেও বিরত থাকতে হবে।

আরও পড়ুন: ফেনীতে মাদরাসা ও সাব-রেজিস্ট্রি অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ

অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ায় এমন বক্তব্যও দেওয়া যাবে না। এই সম্মতি একবার প্রবেশের ক্ষেত্রে ১২০ দিনের জন্য কার্যকর থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবি প্রক্টরের বাসভবনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


রাবি প্রক্টরের বাসভবনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

শনিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে নগরীর অক্ট্রয় মোড় থেকে প্রায় ২০০ গজ ভেতরে প্রক্টরের বাসভবনের নিচে বিস্ফোরণটি ঘটে।

একই রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গেটেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রক্টরকে হুমকি দিয়ে পোস্ট দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।

এছাড়া, প্রক্টরের বাসভবনের নিচে বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গেটেও ককটেল বিস্ফোরণের ভিডিও পাওয়া গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান এ বিষয়ে বলেন, "গতকাল রাতে আমার বাসভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার সময় আমি বাসায় না থাকলেও পরিবারের সদস্যরা বিস্ফোরণের শব্দ শুনেছেন। ভিডিও ধারণের বিষয়টিও তারা জানতে পেড়েছেন।"

তিনি আরও বলেন, "ঘটনার পরপরই পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করেছে। তবে এ ধরনের ঘটনা প্রতিরোধে শুধু একটি থানার উদ্যোগ যথেষ্ট নয়। রাতে মোটরসাইকেল চলাচল ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়াতে সমন্বিত পুলিশি উদ্যোগ প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।"

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রক্টরকে উদ্দেশ করে হুমকিমূলক পোস্ট দেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।

পোস্টে তিনি লেখেন, "মাননীয় প্রক্টর, আমাদের আপাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করার দুঃসাহস আপনি কোথায় পান? আপনার কথাবার্তা ও আচরণ শুনে অন্তত একজন শিক্ষকের পরিণত ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় না; বরং মনে হয়, কোনো ওয়ার্ড পর্যায়ের পাতি নেতা বক্তব্য দিচ্ছেন। নেত্রীকে নিয়ে আর কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করার আগে নিজের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে সচেতন হোন, তা না হলে এবার আপনার মাথার ওপর পড়বে। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনাদের বিদায়ের ঘণ্টা ইতোমধ্যেই বেজে গেছে। এবার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।"

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে ওপেক প্লাসের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


২০২৭ সালের তেল উৎপাদন কোটা নির্ধারণে ওপেক প্লাসের বৈঠক

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : আগামী বছরের তেল উৎপাদনের কোটা নির্ধারণের লক্ষ্যে রোববার অনলাইনে বৈঠকে অংশগ্রহণ করতে যাচ্ছে সৌদি আরব, রাশিয়া এবং ওপেক প্লাসের অন্যান্য ১৯টি সদস্যদেশের প্রতিনিধিরা। বিশ্লেষকদের মতে, বৈঠকে বিশ্ববাজারের অনিশ্চিত পরিস্থিতির কারণে কঠোর আলোচনা হতে পারে।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ওপেক এবং তাদের সহযোগী দেশগুলো নিয়ে গঠিত ওপেক প্লাসের বৈঠকে সদস্যদেশগুলোর তেল উৎপাদনের নতুন সক্ষমতার সীমা নির্ধারণের বিষয়টি গুরুত্ব পাবে। এই সক্ষমতার ভিত্তিতে সদস্যদেশগুলোর উৎপাদন কোটা নির্ধারণ করা হয়।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে জ্বালানি অবকাঠামোয় নতুন হামলার ঘটনা বিশ্ববাজারের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

রিস্টাড এনার্জির বিশ্লেষক হোর্হে লিওন মন্তব্য করেন, ‘এটি ওপেক প্লাসের জন্য গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে জটিল বৈঠকগুলোর একটি হতে যাচ্ছে।’ তিনি এএফপিকে জানান, ‘সংগঠনটির জন্য উৎপাদনের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা অত্যন্ত কঠিন হবে।’

ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে ওপেক প্লাস জানুয়ারি মাসের জন্য বর্তমান উৎপাদন কোটা অপরিবর্তিত রাখতে পারে। এই তথ্য সংগঠনটির নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রতিনিধির বরাত দিয়ে জানানো হয়েছে।

উৎপাদনের নতুন মানদণ্ড

ইউক্রেন ও ইরান যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের ঘাটতি ও মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) পূর্বাভাস দিয়েছে, বছরের চতুর্থ প্রান্তিকে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। সরবরাহ বাড়লেও চাহিদা তুলনামূলকভাবে কম থাকার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্টের বিশ্লেষক আর্নে লোহমান রাসমুসেন বলেন, ‘বিশ্ববাজারে তেলের বড় ধরনের উদ্বৃত্ত সরবরাহ তৈরি হলে ২০২৭ সালে উৎপাদন কমানোর প্রয়োজন হতে পারে।’

এমন পরিস্থিতিতে ওপেক প্লাসের সদস্যদেশগুলোর সামনে একটি বড় প্রশ্ন থাকবে—কোন দেশ উৎপাদন কমানোর দায়িত্ব নিতে রাজি হবে। ২০২৭ সাল থেকে সদস্যদেশগুলোর উৎপাদন কোটা নির্ধারণের ভিত্তি হিসেবে নতুন উৎপাদন সক্ষমতার মাত্রা নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ডিগোলিয়ার অ্যান্ড ম্যাকনটন দুই বছর ধরে বিশ্লেষণ করে এ মূল্যায়ন সম্পন্ন করেছে।

ওপেকের মহাসচিব হাইথাম আল-ঘাইস নভেম্বরের মাঝামাঝি সময়ে জানান, ‘এটি প্রথমবারের মতো স্বাধীন ও নিরপেক্ষ প্রক্রিয়ায় সদস্যদেশগুলোর সর্বোচ্চ টেকসই তেল উৎপাদন সক্ষমতা মূল্যায়ন ও নির্ধারণ করা হয়েছে।’

তবে উপসাগরীয় অঞ্চলে সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সদস্যদেশের তেলশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হোর্হে লিওন মন্তব্য করেন, ‘যেসব দেশের উৎপাদন সক্ষমতা বর্তমানে কমে গেছে, তারা প্রত্যেকেই দাবি করতে পারে যে এই ঘাটতি সাময়িক।’ এই যুক্তিতে দেশগুলো বেশি উৎপাদন কোটা পাওয়ার চেষ্টা করতে পারে।

ওপেক ছাড়ার আশঙ্কা আবারও

মধ্যপ্রাচ্যের যুদ্ধে উপসাগরীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হলো ইরাক। দেশটি ইতিমধ্যে তেল উৎপাদন সক্ষমতা নিয়ে করা নতুন মূল্যায়ন প্রত্যাখ্যান করেছে বলে খবর পাওয়া গেছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মূল্যায়নে ইরাকের দৈনিক তেল উৎপাদন সক্ষমতা ৫০ লাখ ব্যারেলের নিচে নির্ধারণ করা হয়েছে। তবে ইরাকের দাবি, দেশটি দৈনিক ৫২ লাখ ব্যারেল তেল উৎপাদনে সক্ষম।

শুক্রবার ইরাকের তেলমন্ত্রী বাসেম খুদাইর জানান, ‘উৎপাদনের সীমা বাড়ানোর জন্য আমরা ওপেকের সঙ্গে আলোচনা করছি। এ আলোচনা শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়। ইরাক ওপেকের প্রতিষ্ঠাতা সদস্যদের একটি। নিজেদের অধিকার রক্ষার অধিকার আমাদের রয়েছে।’

ডিএনবি কার্নেগির বিশ্লেষকরা মন্তব্য করেন, ‘ইরাক দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, উৎপাদনের ওপর বিধিনিষেধ দেশের পুনর্গঠনের অর্থায়নের সক্ষমতা সীমিত করছে।’

উৎপাদন কোটা নিয়ে মতবিরোধের কারণে চলতি বছরের শুরুতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ওপেক ছেড়ে যায়। উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনাকে জাতীয় স্বার্থের বিষয় হিসেবে তুলে ধরে আবুধাবি এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছিল।

পিভিএমের বিশ্লেষক তামাস ভার্গা এএফপিকে বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের ওপেক ছেড়ে যাওয়ার ঘটনা সংগঠনটির অন্য সদস্যদের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা রয়েছে, তাদেরও বেশি কোটা দাবি করতে উৎসাহিত করবে। দাবি পূরণ না হলে তারা সংগঠন ছাড়ার হুমকি দিতে পারে।’

হোর্হে লিওন বলেন, ‘তেলের দাম বাড়তি রাখতে ওপেক প্লাস যে পরিমাণ তেল উৎপাদন থেকে বিরত রাখছে, সেই সুযোগ কাজে লাগিয়ে সংযুক্ত আরব আমিরাত বাজারে আরও বেশি তেল বিক্রি করতে পারছে।’

তিনি উল্লেখ করেন, ওপেক ছাড়ার সময় সৌদি আরবের পর সংযুক্ত আরব আমিরাতেরই সবচেয়ে বেশি অব্যবহৃত তেল মজুত ও উৎপাদন সক্ষমতা ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুরেলের লড়াইয়ের পরও নিউজিল্যান্ডের চালকের আসন ক্রাইস্টচার্চে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


জুরেলের লড়াইয়ের পরও নিউজিল্যান্ডের চালকের আসন ক্রাইস্টচার্চে

ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে ধ্রুব জুরেলের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের মাধ্যমে প্রথম ইনিংসে বিপর্যয় সামাল দেওয়ার পরও নিউজিল্যান্ড ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তৃতীয় দিনের শেষে, কিউইরা দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে, ফলে তাদের মোট লিড দাঁড়িয়েছে ২৪৩ রান।

আগের দিনের ৬ উইকেটে ১১৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে একাই লড়াই চালিয়ে যান ধ্রুব জুরেল। ভারত শেষ তিন উইকেটে মূল্যবান ১১৯ রান যোগ করে, যেখানে আকাশ দীপ ২৯ এবং গুরনুর ব্রার ১০ রান করে দারুণ সঙ্গ দেন। জুরেল ১৭০ বল খেলে ১৪টি চারের সাহায্যে ৮৮ রান করে আউট হলে ভারতের প্রথম ইনিংস থামে ২৪৬ রানে। নিউজিল্যান্ডের হয়ে কাইল জেমিসন ৪টি উইকেট শিকার করেন।

প্রথম ইনিংসে ১১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড শুরুতেই অধিনায়ক টম ল্যাথামকে (৮) হারায়। এরপর হেনরি নিকোলসও (২২) দ্রুত ফিরলে স্বাগতিকরা কিছুটা চাপে পড়ে; দুটি উইকেটই নেন জাশপ্রীত বুমরাহ।

তবে একপ্রান্ত আগলে রেখে ডেভন কনওয়ে (৫১) হাফ-সেঞ্চুরি তুলে নেন। ওয়াশিংটন সুন্দরের বলে যশস্বী জয়সওয়ালের দারুণ এক ক্যাচে কনওয়ে ফিরলেও রচিন রবীন্দ্র (৪৬*) ও ডারিল মিচেল (৫*) দিন শেষ করে মাঠ ছাড়েন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড (৩য় দিন শেষে)

নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৩৫৬/১০

ব্যাটিং : টম ব্লান্ডেল ৮৯, টম ল্যাথাম ৫৯, গ্লেন ফিলিপস ৩৬

বোলিং (ভারত) : আকাশ দীপ ৫/৯৯, গুরনুর ব্রার ২/৭৮, অংশুল কম্বোজ ২/৭৯

ভারত ১ম ইনিংস : ২৪৬/১০ (৮৬.১ ওভার)

ব্যাটিং : ধ্রুব জুরেল ৮৮, আকাশ দীপ ২৯, কে এল রাহুল ২৫

বোলিং (নিউজিল্যান্ড) : কাইল জেমিসন ৪/৬৯, ন্যাথান স্মিথ ২/৫৪, জ্যাকব ডাফি ২/৫৭, ম্যাট হেনরি ২/৫৮

নিউজিল্যান্ড ২য় ইনিংস : ১৩৩/৩ (৪৬ ওভার)

ব্যাটিং : ডেভন কনওয়ে ৫১, রচিন রবীন্দ্র ৪৬*, হেনরি নিকোলস ২২, ডারিল মিচেল ৫*

বোলিং (ভারত) : জাশপ্রীত বুমরাহ ২/৩৪, ওয়াশিংটন সুন্দর ১/১৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ছাত্রদলের বিক্ষোভ, নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


সিলেটে ছাত্রদলের বিক্ষোভ, নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য, দেশকে অস্থিতিশীল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং রোববার ডাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে সিলেটে ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসানের নেতৃত্বে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে এই মিছিলটি শুরু হয়।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আকিরুল ইসলাম চৌধুরী জিসান বলেন, "দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।" তিনি আরও উল্লেখ করেন যে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে। তিনি জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, এমন কর্মসূচি সাধারণ মানুষ প্রত্যাখ্যান করবে বলে বিশ্বাস করেন।

তিনি বলেন, "দেশের মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।" আকিরুল ইসলাম চৌধুরী জিসান আরও জানান, ছাত্রদল সব সময় সাধারণ মানুষের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের স্থিতিশীলতার পক্ষে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় ছাত্রদলের নেতাকর্মীরা সচেতন ও ঐক্যবদ্ধ থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সহসমবায়বিষয়ক সম্পাদক সোহাগ মিয়া, মহানগর ছাত্রদল নেতা রেজাউল করিম চৌধুরী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাবেক সদস্যসচিব হোসাইন আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সহসভাপতি সাঈদ আহমদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ, ফেঞ্চুগঞ্জ সরকারি ছাত্রদলের সদস্যসচিব সাইফ আহমদ, যুগ্ম আহ্বায়ক মোকাব্বির আহমদ, তোফায়েল আহমদ ও সৌরভ রায়হান, মহানগর ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম জীবন, জাবির হোসাইন, মো. খোবাইব, মহসিন চৌধুরী, ওসমানীনগর উপজেলা ছাত্রদল নেতা মো. ইমান হোসেন গাজী ও আর এইচ ফাহিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা হুমায়ুন আজাদ, কানাইঘাট সরকারি কলেজ ছাত্রদল নেতা আল বাসার, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদল নেতা নাঈম আহমদ, রিজু মিয়া, আদনান আহমদ, তারেক আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা সাফি আহমদ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা মোজাহিদ ইসলাম তারেকসহ জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%