১২:৪৭ পি.এম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
শনিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে নগরীর অক্ট্রয় মোড় থেকে প্রায় ২০০ গজ ভেতরে প্রক্টরের বাসভবনের নিচে বিস্ফোরণটি ঘটে।
একই রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গেটেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রক্টরকে হুমকি দিয়ে পোস্ট দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।
আরও পড়ুন: পাকিস্তান-বাংলাদেশ গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধি জোরদার
এছাড়া, প্রক্টরের বাসভবনের নিচে বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গেটেও ককটেল বিস্ফোরণের ভিডিও পাওয়া গেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান এ বিষয়ে বলেন, "গতকাল রাতে আমার বাসভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার সময় আমি বাসায় না থাকলেও পরিবারের সদস্যরা বিস্ফোরণের শব্দ শুনেছেন। ভিডিও ধারণের বিষয়টিও তারা জানতে পেড়েছেন।"
তিনি আরও বলেন, "ঘটনার পরপরই পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ করেছে। তবে এ ধরনের ঘটনা প্রতিরোধে শুধু একটি থানার উদ্যোগ যথেষ্ট নয়। রাতে মোটরসাইকেল চলাচল ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়াতে সমন্বিত পুলিশি উদ্যোগ প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।"
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রক্টরকে উদ্দেশ করে হুমকিমূলক পোস্ট দেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব।
আরও পড়ুন: ফেনীতে মাদরাসা ও সাব-রেজিস্ট্রি অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ
পোস্টে তিনি লেখেন, "মাননীয় প্রক্টর, আমাদের আপাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করার দুঃসাহস আপনি কোথায় পান? আপনার কথাবার্তা ও আচরণ শুনে অন্তত একজন শিক্ষকের পরিণত ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় না; বরং মনে হয়, কোনো ওয়ার্ড পর্যায়ের পাতি নেতা বক্তব্য দিচ্ছেন। নেত্রীকে নিয়ে আর কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করার আগে নিজের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে সচেতন হোন, তা না হলে এবার আপনার মাথার ওপর পড়বে। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনাদের বিদায়ের ঘণ্টা ইতোমধ্যেই বেজে গেছে। এবার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।"
মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন