ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্রের স্থায়ী অবসান চাওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আলোচনা শুরু


যুক্তরাষ্ট্রের স্থায়ী অবসান চাওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আলোচনা শুরু

ইউক্রেন যুদ্ধের স্থায়ী সমাধানের উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। গতকাল মঙ্গলবার শুরু হওয়া এই দুই দিনের বৈঠকটি গত ফেব্রুয়ারির পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা হিসেবে চিহ্নিত হয়েছে।

দ্য গার্ডিয়ান জানাচ্ছে, আলোচনায় যুদ্ধ বন্ধের পাশাপাশি রাশিয়া ও ইউরোপের মধ্যে দীর্ঘমেয়াদি নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। তবে রাশিয়ার দাবির কারণে ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার লক্ষ্য শুধুমাত্র যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের স্থায়ী অবসান নিশ্চিত করা। তারা ইউরোপকে আলোচনার টেবিলে রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। আলোচনায় ন্যাটো-রাশিয়া কাউন্সিল পুনরুজ্জীবিত করার পাশাপাশি রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও আলোচিত হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিরাপত্তা কাঠামোয় সংকট মোকাবিলার জন্য নিয়মিত পরামর্শ, নির্ভরযোগ্য যোগাযোগব্যবস্থা, সামরিক স্বচ্ছতা এবং উত্তেজনা কমাতে পারস্পরিক পদক্ষেপের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকছেন নেতানিয়াহু

মার্কিন প্রতিনিধি জ্যারেড কুশনার বলেছেন, নতুন কাঠামো ইউক্রেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হতে পারে। এতে কয়েক দশক, এমনকি কয়েক শতাব্দী ধরে শান্তি বজায় রাখার পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফও উপস্থিত রয়েছেন। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশের গোয়েন্দাপ্রধান রুস্তেম উমেরভ। অন্যদিকে, রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। প্রথমবারের মতো রাশিয়ার প্রতিনিধি দলে কূটনীতিক সের্গেই রিয়াবকভকেও আলোচনায় রাখা হয়েছে।

দখল চার এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চায় রাশিয়া। রাশিয়া দীর্ঘদিন ধরে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। ২০২২ সালের সেপ্টেম্বরে অঞ্চল চারটি নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিলেও সেগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি মস্কো। পাশাপাশি ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা বন্ধ, সামরিক সক্ষমতায় সীমাবদ্ধতা আরোপ এবং রুশ ভাষা ও মস্কোপন্থি অর্থোডক্স চার্চের ওপর বিধিনিষেধ প্রত্যাহারের দাবি রয়েছে রাশিয়ার।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব দাবি প্রত্যাখ্যান করেছেন। তাঁর মতে, ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন। ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতিকে বৃহত্তর সমঝোতার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছে। অন্যদিকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চূড়ান্ত সমঝোতায় ইউক্রেনের বর্তমান ভূখণ্ডের আকার কিছুটা পরিবর্তিত হতে পারে।

আরও পড়ুন: শান্তি ও যুদ্ধের বাইরে পরিস্থিতি কাটাতে চীনকে পাশে চায় ইরান

যুদ্ধে চার লাখ রুশ সেনা নিহতের তথ্য প্রকাশিত হয়েছে। ফাঁস হওয়া রুশ সরকারি পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত চার লাখ ১২ হাজার ৫৭৬ রুশ সেনা নিহত হয়েছেন। দেশটির পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের এক কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদ বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো। তবে তথ্যগুলোর সম্পূর্ণ সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ভারতের সহযোগিতার প্রস্তাব এসেছে। আবুধাবি বৈঠকের আগে গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় ভারতের সহযোগিতার আগ্রহ পুনর্ব্যক্ত করেন তিনি। দুই নেতা যুদ্ধের মানবিক প্রভাব, কৃষ্ণসাগরে খাদ্যশস্য পরিবহন এবং ভারত-ইউক্রেন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন। ফার্স্ট পোস্টের খবর অনুযায়ী, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য করিডোর প্রতিষ্ঠায় ভারত সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন জেলেনস্কি।

সাবেক সোভিয়েত বলয়ে রাশিয়ার প্রভাব কমছে। অন্যদিকে, সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর ওপর রাশিয়ার প্রভাব নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। মস্কোয় আজ বুধবার সমষ্টিগত নিরাপত্তাচুক্তি সংস্থার (সিএসটিও) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে আর্মেনিয়া সংস্থাটির কার্যক্রমে অংশ নিচ্ছে না। নাগোরনো-কারাবাখ সংঘাতে সহায়তা না পাওয়ায় সংস্থাটির ওপর আস্থা হারিয়েছে দেশটি।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, সিএসটিওতে তাদের আগ্রহের অবসান ঘটেছে। এদিকে মধ্য এশিয়ার দেশগুলোও তুরস্কের নেতৃত্বাধীন সংস্থাসহ বিকল্প নিরাপত্তা সহযোগিতার দিকে ঝুঁকছে।

আরও পড়ুন: এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠকে প্রতিরক্ষা ও বাণিজ্য সহযোগিতার গুরুত্ব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ এম


ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ গ্রেপ্তার

পুলিশ ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া এলাকা থেকে তার গ্রেপ্তারি কার্যক্রম সম্পন্ন হয়।

স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, ফিরোজ খান রাজ দীর্ঘ সময় ধরে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার তিনি তার গ্রামের বাড়িতে ফিরে আসেন। তার বাড়িতে উপস্থিতির খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ছাত্রলীগ নেতা ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

একই দিন দুপুরে সালথা থানা রোড এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি এ এস এম ফেরদাউসকে (২৮) গ্রেপ্তার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তি ও যুদ্ধের বাইরে পরিস্থিতি কাটাতে চীনকে পাশে চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ এম


শান্তি ও যুদ্ধের বাইরে পরিস্থিতি কাটাতে চীনকে পাশে চায় ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চীন, এমন মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধে গালিবাফ এই মন্তব্য করেন। তিনি চীনবিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দেশের প্রতিনিধিদলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গালিবাফ নিবন্ধে উল্লেখ করেন, যুদ্ধ বন্ধের পাশাপাশি ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন পরিস্থিতির অবসানে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, চীনের সঙ্গে ইরান ও আরব দেশগুলোর সম্পর্ক এবং বেইজিংয়ের কূটনৈতিক উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করার পাশাপাশি নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেছে।

গালিবাফ আরও জানান, চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুনির্দিষ্ট অগ্রাধিকার নির্ধারণ করে বিস্তারিত নির্দেশনা প্রদান করেছেন।

তিনি জানান, বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা কার্যক্রমের সমন্বয় ও তদারকির জন্য উচ্চপর্যায়ের একটি পরিচালনা ও তদারকি সংস্থা গঠনের পরিকল্পনা রয়েছে। এই সংস্থাটি কৌশলগত সমন্বয়, অগ্রাধিকার নির্ধারণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করবে। তবে এটি সরকারি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বের বিকল্প হিসেবে কাজ করবে না।

গালিবাফ চীনের সঙ্গে সহযোগিতাকে শুধুমাত্র আনুষ্ঠানিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক প্রকল্পে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি সমন্বিত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও স্থায়ী সমঝোতার শর্ত নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার, নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালি নিয়ে সমঝোতা এখনো আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের জবাব দিলেন পারশা মাহজাবীন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩১ এম


‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের জবাব দিলেন পারশা মাহজাবীন

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী। তিনি বর্তমান প্রজন্মের একটি আলোচিত সংগীতশিল্পী। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় তার গাওয়া গান ব্যাপক আলোচনায় আসে। এবার তিনি ব্যক্তিজীবনের নতুন অধ্যায় বিয়ের খবর নিয়ে আলোচনা সৃষ্টি করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করেছেন পারশা। তবে ছবিতে তিনি স্বামীর মুখ আড়ালে রেখেছেন। এরপর থেকেই তার বিয়ে, স্বামীর পরিচয় ও ধর্মীয় বিশ্বাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্বামী হিসেবে স্বঘোষিত নাস্তিক ও ব্লগার আসাদ নূরের পরিচয় সামনে আসে। গত ১০ নভেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে আসাদ নূর পারশাকে বিয়ের কথা স্বীকার করেন। তিনি জানান, তারা কোনো ধর্মীয় বিধিবিধান অনুসরণ করে বিয়ে করেননি, বরং ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। অর্থাৎ ধর্মীয় পরিচয়ের বাইরে গিয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিয়ের খবর এত দিন আড়ালে রাখার কারণও ব্যাখ্যা করেছেন আসাদ নূর। তার ভাষ্য, সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙতে এবং মানুষের প্রতিক্রিয়া দেখতে পরিকল্পিতভাবে বিয়ের বিষয়টি নিয়ে রহস্য তৈরি করেছিলেন তারা। পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণ করার মতো বিষয়গুলোও ছিল সেই পরিকল্পনার অংশ।

পারশার পরিবার ও ক্যারিয়ারকে সম্মান জানিয়ে একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আসাদ নূর। পাশাপাশি তাদের রাজনৈতিক সম্পৃক্ততা, ধর্মীয় বিশ্বাস এবং পারশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর এআই ছবি ও ট্রল নিয়েও কথা বলেন তিনি।

এদিকে বিয়ে ও স্বামীর পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন এবং সমালোচনার মুখে এবার দীর্ঘ এক পোস্ট দিয়েছেন পারশা। সেখানে তিনি নিজের বিয়ের সিদ্ধান্ত, স্বামীর প্রতি ভালোবাসা, ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিস্বাধীনতা এবং আসাদ নূরের অতীত জীবনের নানা দিক তুলে ধরেছেন। একই সঙ্গে সমালোচকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেছেন, ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’

নিজের স্বামীর প্রশংসা করে পারশা লিখেছেন, আসাদের মতো যত্নবান, সাহসী, আন্তরিক ও দায়িত্বশীল পুরুষ তিনি তার বাবা ছাড়া আগে কখনো পাননি। আসাদের প্রতিটি কথা, নীরবতা, কাজ এবং পোষা প্রাণীদের প্রতি যত্ন তাকে মুগ্ধ করে। পারশার দাবি, তিনি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলেন, যিনি শুধু তাকে ভালোবাসবেন না, বরং তার কাজকে সম্মান করবেন এবং তার অনুভূতিও বুঝবেন।

সমালোচকদের উদ্দেশে পারশা আরও লিখেছেন, আসাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে অনেকে একমত না-ও হতে পারেন। তার অনেক বক্তব্য অপছন্দ হতে পারে। এমনকি পারশার নিজেরও আসাদের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। কিন্তু সে কারণে একজন মানুষকে শুধু ‘নাস্তিক’ কিংবা ‘ধর্মহীন’ বিশেষণের মধ্যে আটকে রাখা উচিত নয়। বরং তাকে একজন মানুষ এবং পারশার জীবনসঙ্গী হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের পরিবারের অবস্থান তুলে ধরে পারশা জানান, প্রথমে তার বাবা-মা এই বিয়েতে রাজি ছিলেন না। তারা নিজেদের আশঙ্কার কথা বুঝিয়েছেন, তবে তাকে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখেননি। কারণ তার পরিবার ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাস করে। পারশার বড় ভাই একজন ধর্মপ্রাণ মুসলিম। ইসলামের ওপর তার লেখা বই ও গবেষণাও রয়েছে। ভাবি নিকাব করেন এবং পরিবারের মধ্যেও পর্দার নিয়ম মেনে চলেন। কিন্তু পরিবারের কেউ কখনো তার গানবাজনা কিংবা জীবনযাপন নিয়ে আপত্তি জানাননি।

পারশা মনে করেন, তার পরিবার তাকে ধর্মীয় পরিচয়ের আগে মানুষ হতে শিখিয়েছে। মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতাকেই মনুষ্যত্বের প্রথম পরিচয় হিসেবে দেখেছেন তারা। তার বন্ধুবান্ধবের মধ্যে সব ধর্ম ও বিশ্বাসের মানুষ রয়েছেন। কারও ভালোবাসা পাওয়ার জন্য কখনো নিজের বিশ্বাসের সঙ্গে অন্যের বিশ্বাস মিলিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি বলেও উল্লেখ করেন এই শিল্পী।

ধর্ম পালন করা মানুষের সঙ্গে তার কোনো বিরোধ নেই জানিয়ে পারশা লিখেছেন, ধর্মকে ব্যবহার করে মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা, বিদ্বেষ ছড়ানো এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের বিরুদ্ধে তার অবস্থান। বিশেষ করে ওয়াজ মাহফিলের নামে নারীর শরীর, পোশাক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ধর্মের দোহাই দিয়ে নারীবিদ্বেষ ছড়ানোর সমালোচনা করেছেন তিনি। তার মতে, ধর্মীয় মঞ্চ কোনো নারীর চরিত্রহননের আদালত হতে পারে না। একজন নারীর জীবন, শরীর ও সিদ্ধান্তের ওপর কর্তৃত্ব করার অধিকার একমাত্র তার নিজের।

নিজের শিল্পীসত্তা ও ধর্মীয় পরিচয় নিয়েও খোলামেলা কথা বলেছেন পারশা। তিনি জানান, গানবাজনা, ছবি আঁকা ও অভিনয় তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইসলামের কিছু কঠোর ব্যাখ্যায় এসব বিষয়ে বিধিনিষেধ রয়েছে। ধর্মীয় ব্যাখ্যা ও মতভিন্নতা থাকলেও নিজের জীবনযাপন যে কঠোর ধর্মীয় অনুশাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, তা তিনি স্বীকার করেন। শিল্পকে বিসর্জন দেওয়া তার কাছে নিজের সত্তাকে অস্বীকার করার মতো।

তবে ইসলাম থেকে পাওয়া সততা, সহমর্মিতা, দানশীলতা ও মানুষের উপকার করার মতো শিক্ষাগুলো তিনি এখনো ধারণ করেন বলে জানিয়েছেন। তার মতে, ধর্মীয় অনুশাসন পুরোপুরি মেনে চলতে না পারলে শুধু সামাজিক স্বীকৃতির জন্য ধার্মিকতার অভিনয় করার কোনো অর্থ নেই।

এ প্রসঙ্গে নিজের জীবনযাপনের নানা দিক তুলে ধরে পারশা বলেন, তিনি কখনো ধূমপান, মাদক কিংবা নেশাজাতীয় কিছু গ্রহণ করেননি। কারও ক্ষতি করেননি, কাউকে ঠকাননি। বরং পশুপাখির যত্ন নেওয়া এবং সব শ্রেণি-পেশার মানুষকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করেছেন। নিজের পরিচয় ও অর্জন নিয়ে তিনি আত্মবিশ্বাসী। মুখে এক কথা বলে আড়ালে অন্য জীবনযাপন করার অভ্যাস তার নেই বলেও উল্লেখ করেন।

এরপর স্বামী আসাদ নূরের অতীত জীবনের নানা দিক তুলে ধরেন পারশা। জানান, তাদের দুজনের বেড়ে ওঠার পরিবেশ সম্পূর্ণ আলাদা। পারশা নিজেকে প্রিভিলেজড উল্লেখ করে বলেন, তিনি উত্তরবঙ্গের একটি নামকরা স্কুলে পড়াশোনা করেছেন। তার বাবা পিএইচডিধারী অধ্যাপক। পরিবারে শিক্ষা, সংস্কৃতি ও শিল্পচর্চার পরিবেশ ছিল। ছোটবেলা থেকেই বাবা-মায়ের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন। নিজের প্রতিভা বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও পেয়েছেন।

অন্যদিকে আসাদের বেড়ে ওঠা ছিল ভিন্ন পরিবেশে। তার বাবা একজন হাইস্কুল শিক্ষক। পরিবার ছিল অত্যন্ত ধর্মপ্রাণ। দাদার শেষ ইচ্ছা পূরণ করতে আসাদের বাবা তাকে মাদরাসায় ভর্তি করিয়েছিলেন। পঞ্চম শ্রেণি পর্যন্ত সেখানে পড়াশোনা করেন আসাদ। আরবি হাতের লেখা সুন্দর ছিল। মক্তবে আজান দেওয়ার পাশাপাশি ওয়াজ মাহফিলে হামদ-নাতও পরিবেশন করতেন তিনি।

পারশার দাবি, মাদ্রাসায় পড়ার সময় আসাদ গুরুতর শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। বিষয়টি জানতে পেরে তার বাবা তাকে নিজের স্কুলে ভর্তি করিয়ে দেন। তবে সেই অভিজ্ঞতার পরও আসাদ ধর্মচর্চা অব্যাহত রেখেছিলেন। নামাজ পড়তেন এবং অন্য মুসলিম শিশুদের মতোই ধর্মীয় অনুশাসন মেনে চলতেন।

পরবর্তী সময়ে কৈশোরে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ধর্মীয় বিধিনিষেধের মুখোমুখি হন আসাদ। পারশার বর্ণনা অনুযায়ী, প্রেমকে হারাম বিবেচনা করে তৈরি হওয়া পরিস্থিতিতে আসাদ ও ওই তরুণীর জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দুই পরিবারের চেষ্টা সত্ত্বেও পরিস্থিতির সমাধান হয়নি। ওই ঘটনার পর থেকেই আসাদের মনে ধর্মীয় বিশ্বাস নিয়ে নানা প্রশ্ন তৈরি হতে শুরু করে। দীর্ঘদিন পড়াশোনা, অনুসন্ধান ও নিজের মতো করে বিচার-বিশ্লেষণের পর একসময় তিনি ধর্মবিশ্বাসের বাইরে চলে যান বলে জানান পারশা।

এখানেই শেষ নয়, আসাদের জীবনের পরবর্তী সময় নিয়েও কথা বলেছেন তিনি। বাংলাদেশে মুক্তচিন্তার লেখক ও ব্লগারদের ওপর হামলা এবং হত্যাকাণ্ডের সময় আসাদও বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন। মাদরাসায় শিশু নির্যাতনের প্রতিবাদ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার কারণে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয় এবং তাকে দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয় বলে দাবি করেছেন পারশা। তার ভাষ্য, এসব ঘটনার কারণে আসাদ পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। প্রায় ১০ বছর ধরে মায়ের সঙ্গে তার দেখা হয়নি।

পারশার মতে, আসাদের জীবনের অতীত অভিজ্ঞতা এবং সামাজিক প্রত্যাখ্যান তার ব্যক্তিত্বে প্রভাব ফেলেছে। তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই বদলে গেছেন। জীবনকে নতুন করে দেখছেন, শিখছেন এবং নিজের ভুলত্রুটি নিয়ে ভাবছেন। তাই অতীতের পরিচয়ের ভিত্তিতে তাকে বিচার না করে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পারশা।

আসাদের বাংলাদেশ ও বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসার কথাও তুলে ধরেছেন এই শিল্পী। কানাডায় থাকলেও আসাদ দেশীয় খাবার পছন্দ করেন এবং বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে বলে জানান তিনি। তার মতে, ধর্মীয় বিশ্বাস আলাদা হলেও দেশের প্রতি ভালোবাসা কিংবা সমাজের জন্য কাজ করার আকাঙ্ক্ষা আলাদা হওয়ার কথা নয়।

সবশেষে নিজের দেশ, শেকড় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রসঙ্গ টেনে পারশা লিখেছেন, বাংলাদেশ তার দেশ। এ দেশের মানুষ, নদী-নালা, পশুপাখি, গানবাজনা, ভাষা ও সংস্কৃতি তার অস্তিত্বের অংশ। কোনো ধর্মীয় পরিচয় কিংবা কারও অনুমতির ওপর নিজের দেশের সঙ্গে তার সম্পর্ক নির্ভর করে না।

ভাষা আন্দোলনের ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি আরও লিখেছেন, শেকড় উপড়ে ফেলা এত সহজ হলে চাপিয়ে দেওয়া উর্দুর কাছে বাংলা ভাষা কবেই আত্মসমর্পণ করত। যে জাতি নিজের ভাষা ও আত্মপরিচয়ের মর্যাদা রক্ষায় বুকের রক্ত দিয়েছে, সেই জাতির একজন সন্তানকে নিজের দেশেই পরবাসী বানানোর চেষ্টা করা উচিত নয়।

বিয়ের খবর প্রকাশের পর শুরু হওয়া আলোচনা-সমালোচনার জবাবে পারশার এই দীর্ঘ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে স্বামী আসাদ নূরের অতীত, ধর্মীয় বিশ্বাস এবং নিজেদের সম্পর্কের নানা দিক প্রকাশ্যে এনে নিজের সিদ্ধান্তের পক্ষে অবস্থান জানিয়েছেন এই সংগীতশিল্পী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির কর্মচারীকে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩২ এম


ঢাবির কর্মচারীকে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, নাশকতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে একটি কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশও (শোকজ) প্রদান করা হয়েছে। অভিযুক্ত কর্মচারীর নাম আমান উল্লাহ আমান, যিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসে স্যানিটারি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

তথ্য অনুসন্ধানে জানা যায়, আমান উল্লাহ আমান জহুরুল হক হল শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ছিলেন। তিনি গোলাম রাব্বানীর অনুসারী হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, ‘এস্টেট অফিসের একজন কর্মচারী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীকে বোমা মারার জন্য এক হাজার টাকা করে প্রস্তাব দেন। পরে এক কর্মচারী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানান।’

তিনি আরও বলেন, ‘প্রশাসন ওই কর্মচারীকে ডেকে পাঠালেও তিনি আসেননি। ফোন বন্ধ করে পলাতক অবস্থায় আছেন; কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না।’

এদিকে, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টি এবং স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। অপরাধে জড়িত ব্যক্তির পরিচয়, পদমর্যাদা কিংবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা যা-ই হোক, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি সমন্বয় সভায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছয় প্রবেশপথে বসছে চেকপোস্ট

ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে। পাশাপাশি বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরার মনিটরিং কার্যক্রম জোরদার করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। তবে কেউ পরিকল্পিতভাবে ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বিনষ্ট, নাশকতা, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%