ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

বাহরাইনে ইরানের হামলাকে সমর্থন, এক ব্যক্তির ৫ বছরের কারাদণ্ড


বাহরাইনে ইরানের হামলাকে সমর্থন, এক ব্যক্তির ৫ বছরের কারাদণ্ড

বাহরাইনের হাইকোর্ট, ইরানের হামলাকে সমর্থন ও প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে। আদালত একই সঙ্গে তাকে ২ হাজার বাহরাইনি দিনার জরিমানা এবং জব্দ করা সামগ্রী বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছে।

বাহরাইনের সন্ত্রাসবিষয়ক প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, মঙ্গলবার আদালত ওই ব্যক্তিকে বাহরাইনের বিরুদ্ধে ইরানের ‘সন্ত্রাসী হামলা’ সমর্থনের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত করেছেন।

পাবলিক প্রসিকিউশন জানায়, দুর্নীতি ও অর্থনৈতিক এবং ইলেকট্রনিক নিরাপত্তাবিষয়ক মহাপরিদপ্তরের সাইবার ক্রাইম অধিদপ্তর থেকে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টের বিষয়ে প্রতিবেদন পাওয়ার পর তদন্ত শুরু হয়। তদন্তে দেখা যায়, ওই অ্যাকাউন্টে বাহরাইনে ইরানের হামলার প্রশংসা ও গৌরবগাথা তুলে ধরে ছবি, ভিডিও ও মন্তব্য প্রকাশ করা হয়েছিল।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণ নিয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য

গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তে অ্যাকাউন্টটি পরিচালনাকারী ব্যক্তিকে শনাক্ত করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ, সাক্ষীদের বক্তব্য গ্রহণ এবং জব্দ করা ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাদের প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

এরপর তাকে হাইকোর্ট অব ক্রিমিনাল জাস্টিসে বিচারের মুখোমুখি করা হয়। কয়েক দফা শুনানি শেষে আদালত তাকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দিয়ে রায় ঘোষণা করেন।

বাহরাইনের পাবলিক প্রসিকিউশন বলেছে, দেশটির আইনে মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আইনি সীমা মেনে চলতে হবে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করা যাবে না।

আরও পড়ুন: আমাজন রেইনফরেস্টে প্রায় ১২ হাজার ৬০০ বছরের প্রাচীন শিলাচিত্র, আট মাইল বিস্তৃত ‘প্রাচীনকালের সিস্টিন চ্যাপেল’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা, ৬ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা, ৬ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছয়জনকে আটক করেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার বাঘাডাংগা সীমান্তে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/৭৫-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের বাজারপাড়ার জাহাঙ্গীরের মেহগনি বাগানে বিশেষ টহল পরিচালনা করে বিজিবি। এই সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার কারণে ছয়জনকে আটক করা হয়।

বিজিবি আরও জানায়, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষিজমি ভরাট চলছেই, খাদ্য উৎপাদন নিয়ে বাড়ছে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


কৃষিজমি ভরাট চলছেই, খাদ্য উৎপাদন নিয়ে বাড়ছে শঙ্কা

বিতুল পারওয়ান বিল ছিল একসময় পাঁচ গ্রামের বাসিন্দাদের ধান ও মাছের প্রধান উৎস। এই বিল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বিতুল, পারওয়ান, রয়েন, সিপুলিয়া ও পিপুলিয়া গ্রামের মানুষের চাহিদা মেটাতো।

২০২২ সাল থেকে বিভিন্ন কোম্পানি কৃষকদের কাছ থেকে জমি কিনে ঐতিহ্যবাহী এই বিল ভরাট করতে শুরু করেছে। সড়কের পাশে পাকা দেয়াল ও টিনের বেড়া দিয়ে রাতের অন্ধকারে ভরাট করা হচ্ছে বিলের জমি। ফলে এলাকার ফসল ও মাছের উৎস বিলীন হওয়ার পথে রয়েছে।

কালীগঞ্জ উপজেলার অধিকাংশ বিলের অবস্থা বিতুল পারওয়ান বিলের মতোই। এসব বিলের কৃষিজমি ভরাটের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এতে খাদ্য উৎপাদন কমার পাশাপাশি এলাকার প্রাকৃতিক ভারসাম্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় মোট ১৫ হাজার ৩৩০ হেক্টর আবাদি জমি রয়েছে। এর মধ্যে ৯ হাজার ৫১ হেক্টর জমি এক ফসলি, চার হাজার ৭৮ হেক্টর দুই ফসলি এবং দুই হাজার ২০০ হেক্টর জমি তিন ফসলি।

কিন্তু কী পরিমাণ কৃষিজমি ভরাট হয়েছে বা ভরাট হওয়ার পথে রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) ও আজ মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন নিচু ও আবাদযোগ্য জমিতে মাটি ফেলে উঁচু করা হচ্ছে। কোথাও জমির একাংশ ইতোমধ্যে ভরাট হয়ে গেছে, কোথাও ভরাটের প্রস্তুতি চলছে। কৃষিজমির পাশেই পড়ে থাকতে দেখা যায় মাটির স্তূপ। সড়কের পাশে বিল বা নিচু কৃষিজমি ভরাট হচ্ছে প্রকাশ্যেই।

স্থানীয়রা জানান, মাঝে মাঝে প্রশাসন অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে। তবে সংশ্লিষ্টরা চলে যাওয়ার পর ফের শুরু হয় ভরাটের কাজ। নাগরী বাজারসংলগ্ন সড়কের পাশে দেখা যায়, ইট ও টিনের দেয়াল তুলে নির্মাণ করা হয়েছে গেট। রাত হলেই শুরু হয় জমি ভরাটের কাজ।

নাগরী ইউনিয়নের গলান এলাকায়ও চলছে বিল ভরাটের কাজ। এতে একদিকে ফসলি জমির স্বাভাবিক চরিত্র বদলে যাচ্ছে, অন্যদিকে পানি অপসারণের পথও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষিজমি ভরাটের ফলে প্রতিবছর আবাদি জমির পরিমাণ কমছে। আগে যেসব এলাকায় ধান, সবজি ও অন্যান্য ফসল উৎপাদন হতো, সেসব জমি ধীরে ধীরে বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা বিভিন্ন স্থাপনা নির্মাণের উপযোগী করে তোলা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, রাজধানীর পূর্বাচলঘেঁষা গাজীপুরের কালীগঞ্জে সাইনবোর্ড সর্বস্ব কিছু প্রতিষ্ঠান কৌশলে মাটি ভরাট করে কৃষিজমি নষ্ট করছে। আবার কিছু বৈধ কোম্পানি আইনের তোয়াক্কা না করে মাটি ভরাট করছে। বেআইনি ও অপরিকল্পিতভাবে জমি ভরাটের ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের সমস্যা দেখা দিচ্ছে। খাল, নালা ও নিচু জমি ভরাট হয়ে গেলে বৃষ্টির পানি দ্রুত সরতে না পেরে জলাবদ্ধতা দেখা দিতে পারে।

সচেতন নাগরিকদের ভাষ্য, উন্নয়ন প্রয়োজন, কিন্তু উন্নয়নের নামে নির্বিচারে কৃষিজমি ভরাট কোনোভাবেই কাম্য নয়। পরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের জন্য নির্ধারিত এলাকার বাইরে কৃষিজমি রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। কৃষিজমি ভরাটের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও পরিবেশগত বিষয়গুলো কঠোরভাবে অনুসরণ করা প্রয়োজন।

তাদের দাবি, উপজেলায় কোথায় কতটুকু কৃষিজমি ভরাট হচ্ছে, তার সঠিক তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে কৃষিজমি রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানো এবং আইন লঙ্ঘন করে ভরাটের অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

নাগরী এলাকার একজন কৃষক সুবল চন্দ্র দাস বলেন, এখনই যদি কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে অদূর ভবিষ্যতে কালীগঞ্জের বিস্তীর্ণ সবুজ মাঠ হারিয়ে যেতে পারে। কৃষিজমির জায়গা দখল করবে কংক্রিটের স্থাপনা—এমন পরিস্থিতি সৃষ্টি হলে শুধু কৃষি নয়, এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যও পড়বে হুমকিতে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. ইসমাঈল হোসেন বলেন, প্রশাসনিক দুর্বলতার কারণেই কৃষিজমি ভরাট হচ্ছে। আরো কঠোরভাবে আইনের প্রয়োগ করা উচিত।

গাজীপুরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কাজ করা সংগঠন চেতনা গাজীপুরের সাধারণ সম্পাদক কবি মনোয়ার হোসেন বলেন, প্রকৃতির লীলাভূমি গাজীপুরের খাল বিল নদী নালা ও বন আমাদের অলংকার। এই সম্পদ ধ্বংসের জন্য কিছু অসাধু ব্যক্তি দায়ী। তারা কৃষিজমি ও খাল-বিল ভরাট করছে, যা গাজীপুরের জন্য হুমকি। অচিরেই জেলার ঐতিহ্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, কৃষিজমি ভরাটের খবর পেলেই ভ্রাম্যমাণ আদালত যাচ্ছে। কোনো বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সড়কের পাশে দেয়াল নির্মাণ করে ভেতরে বিল ভরাটের ছবি দেখে তিনি বলেন, ‘এটি অবৈধ। ব্যবস্থা নেওয়া হবে’।

কৃষি থেকে পাওয়া উল্লেখিত তথ্য প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, ‘কৃষিজমির এই পরিসংখ্যান আমি অফিসে যোগদান করার পর পেয়েছি, যা আপডেট ধরে নিয়ে কাজ করছি।’ কৃষিজমি ভরাট বিষয়ে তিনি বলেন, ‘সরকারের অনুমতি ছাড়া কেউ কৃষিজমি ভরাট করলে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি নিশ্চিত করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোয়েল মল্লিক প্রথমবার ধারাবাহিক নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


কোয়েল মল্লিক প্রথমবার ধারাবাহিক নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে

পশ্চিমবঙ্গের সিনেমায় দীর্ঘকাল ধরে সফলতার সঙ্গে অভিনয় করে আসছেন কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিকের পদাঙ্ক অনুসরণ করে তিনি অভিনয়ে প্রবেশ করেন এবং দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের জন্য একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তবে এত দীর্ঘ ক্যারিয়ারে টেলিভিশনের ধারাবাহিক নাটকে তাকে কখনো দেখা যায়নি। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

জীবনের ৪৪ বছরে এসে কোয়েল প্রথমবারের মতো ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার একটি জনপ্রিয় সিরিয়ালের আদলে বাংলায় নির্মিত হতে যাচ্ছে নতুন একটি ধারাবাহিক। এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন কোয়েল।

তবে ধারাবাহিকটির নাম এবং পরিচালকের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে, এটি সনি আট চ্যানেলে প্রচারিত হতে পারে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

এর আগে টেলিভিশনের পর্দায় কোয়েল একাধিকবার উপস্থিত হয়েছেন। বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি ‘কথা ও কাহিনী’ শিরোনামের একটি টক শোও উপস্থাপন করেছেন। তবে ধারাবাহিক নাটকে অভিনয় করা এবারই প্রথম।

২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে কোয়েলের বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর ‘বন্ধন’, ‘নীল আকাশের চাঁদনি’, ‘হিরো’, ‘প্রেমের কাহিনী’, ‘মন মানে না’, ‘বলো না তুমি আমার’, ‘সাত পাকে বাঁধা’, ‘দুই পৃথিবী’, ‘পাগলু’, ‘হেমলক সোসাইটি’, ‘রংবাজ’, ‘বেশ করেছি প্রেম করেছি’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেছেন।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও কোয়েল নাম লিখিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে সর্বশেষ নির্বাচনে দলটির পরাজয়ের পর মাস দুয়েকের মধ্যেই রাজনীতি থেকে সরে দাঁড়ান এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পী আবু সাঈদ খানের শাশুড়ি সালেহা খাতুন ৮৬ বছরে মারা গেলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


শিল্পী আবু সাঈদ খানের শাশুড়ি সালেহা খাতুন ৮৬ বছরে মারা গেলেন

বীর মুক্তিযোদ্ধা, জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক আবু সাঈদ খানের শাশুড়ি সালেহা খাতুন মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৬ বছর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সালেহা খাতুন ঢাকার ধামরাইয়ের বাসিন্দা ছিলেন এবং তিনি ব্যবসায়ী মরহুম মোহাম্মদ আলীর স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার দুই ছেলে বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং ছোট মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

মরহুমার নামাজে জানাজা আগামীকাল বুধবার বাদ আসর আজিমপুর কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%