ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

উরুগুয়ের বিপক্ষে হেরে স্ক্যালোনি: ধৈর্য ধরতে হবে


উরুগুয়ের বিপক্ষে হেরে স্ক্যালোনি: ধৈর্য ধরতে হবে

উরুগুয়ের বিপক্ষে লা বোম্বোনেরায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে হারের পরও আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনি ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন। তিনি মেসি-পরবর্তী সময়ে জাতীয় দলে আসা নতুন খেলোয়াড়দের নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তার মতে, তরুণ খেলোয়াড়দের কাছ থেকে এখনই দলের পুরো দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার প্রত্যাশা করা উচিত নয়।

স্ক্যালোনি বলেন, উরুগুয়ের বিপক্ষে হারের পরও দলের কিছু ভালো মুহূর্ত ছিল, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। তিনি উল্লেখ করেন, "স্বাভাবিকভাবেই কিছু জায়গায় আমাদের সংশোধন করতে হবে। আমরা জানতাম, তারা কঠিন প্রতিপক্ষ। আমাদের কাজ হলো অনুশীলন চালিয়ে যাওয়া এবং নিজেদের উন্নতি করা।"

জাতীয় দলের পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন মুখদের নিয়ে কথা বলতে গিয়ে স্ক্যালোনি বলেন, "তারা তরুণ খেলোয়াড়। আমরা বিশ্বাস করি, তাদের সুযোগ দেওয়ার জন্য সঠিক সময় খুঁজে বের করতে হবে। দুর্ভাগ্যবশত, আজ আমরা তাদের স্বাভাবিকভাবে নিজেদের ফুটবল উপভোগ করার মতো পরিস্থিতি তৈরি করতে পারিনি। আমাদের ধৈর্য ধরতে হবে। কারণ, তারা তরুণ এবং নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত। আমরা তাদের কাছ থেকে আশা করতে পারি না যে তারা একাই পুরো দলের দায়িত্ব কাঁধে তুলে নেবে। বিশেষ করে এমন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কাজটা কঠিন।"

আরও পড়ুন: মেসির অবসরের পর ফাঁকা গ্যালারিতে আর্জেন্টিনার নতুন যুগের শুরু

তিনি আরও বলেন, "হারারও বিভিন্ন ধরন রয়েছে। আমাদেরও গোল করার সুযোগ ছিল। প্রতিপক্ষ আপনাকে কঠিন পরিস্থিতিতে ফেলেছিল। তাদের কৃতিত্ব দিতেই হবে। আমরা সবকিছুই চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাশিত ফল পাইনি। এমন পরিস্থিতি আগে থেকে পরিকল্পনা করে রাখা যায় না।"

স্ক্যালোনি জানান, নতুন খেলোয়াড়দের জাতীয় দলের জার্সিতে অভ্যস্ত হওয়ার সুযোগ দিতে চান তিনি। তার ভাষায়, "আমি তাদের সুযোগ দিতে চাই, যাতে তারা এই জার্সি পরে খেলার সঙ্গে মানিয়ে নিতে পারে। আমাদের পরিকল্পনা এমন নয় যে দল সব সময় ছন্নছাড়া হয়ে পড়বে। আমরা এই খেলোয়াড়দের আরও কিছুটা স্থিতিশীলতা দিতে চাই।"

ধৈর্য ধরার বিষয়ে তিনি বলেন, "আমি যখন ধৈর্যের কথা বলছি, তখন পুরো প্রক্রিয়া এবং দলীয় পর্যায়ে ধৈর্যের কথা বলছি। এই খেলোয়াড়দের শান্তভাবে খেলতে দিতে হবে। আমরা জানি, দলের তারকা খেলোয়াড়রা এখন নেই। যারা রয়েছে, তারাও ভালো খেলোয়াড়। আমাদের তাদের সময় দিতে হবে। তাদের সেই সময় দেওয়ার সুযোগ আমাদের রয়েছে। তারপরও আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। এমনটা ভাবা ঠিক হবে না যে তরুণরাই ম্যাচ জিতিয়ে দেবে। আশা করি, তারা একদিন সেটি পারবে। কিন্তু এখনই তাদের ওপর সেই দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত নয়।"

দলের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, "২-০ গোলে পিছিয়ে পড়ার পর দলের প্রতিক্রিয়ায় আমি সন্তুষ্ট। দল ঘুরে দাঁড়িয়েছিল এবং ধৈর্য ধরে খেলেছিল। ম্যাচ খেলতে খেলতেই সতীর্থদের সম্পর্কে জানা যায়, কে কীভাবে নড়াচড়া করে, কীভাবে খেলে। এসব অভিজ্ঞতা ম্যাচের মাধ্যমেই অর্জন করতে হয়। তবে আমি চেয়েছিলাম, প্রতিপক্ষের অর্ধে আরও বেশি তীব্রতা ও নির্ভীকতা নিয়ে প্রেসিং করুক দল।"

আরও পড়ুন: উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য একাদশ

আগামী বুধবার (১৮ নভেম্বর) কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচে দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন স্ক্যালোনি।

তিনি বলেন, "আমরা কিছু পরিবর্তন আনব। কয়েকজন খেলোয়াড় আবারও খেলতে পারে। আমার মনে হয়, সেটাই ন্যায্য হবে। কয়েকজনের পারফরম্যান্স আমার ভালো লেগেছে, তারা আবারও খেলার সুযোগ পেতে পারে।"

আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া গোলরক্ষক হেরোনিমো রুলির পাশেও দাঁড়িয়েছেন স্ক্যালোনি। রুলির পারফরম্যান্স নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, "গেরো আমাদের জন্য নির্ভরযোগ্য একজন গোলরক্ষক। দুঃখিত, গোলগুলোর জন্য তার কোনো দায় ছিল না। আমরা তার পারফরম্যান্সে খুশি।"

সবশেষে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে স্ক্যালোনি বলেন, "হারলেও সামগ্রিকভাবে দল ভালো খেলেছে। আমাদের এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। আমরা আর্জেন্টিনা জাতীয় দল, তাই সব সময় সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। উন্নতির পথ হলো ম্যাচ খেলা এবং তরুণদের সুযোগ দেওয়া।

আরও পড়ুন: আজ ফাইনালে ওঠার লড়াই, প্রতিপক্ষ পাকিস্তান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, বিদ্যুৎ মিলবে চলতি মাসে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩২ এম


রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, বিদ্যুৎ মিলবে চলতি মাসে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি মাসে অথবা আগামী মাসের প্রথম দিকে জাতীয় গ্রিডে এই কেন্দ্রের বিদ্যুৎ যোগ হবে যদি সবকিছু ঠিক থাকে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

এখন পর্যন্ত রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য একটি অতিরিক্ত ইউরেনিয়ামের চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটি চালানসহ মোট ছয়টি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর আগে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানায়, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট ৯টি চালানে এসব পারমাণবিক জ্বালানি আনার কথা রয়েছে।

কবে মিলবে রূপপুরের বিদ্যুৎ

এদিকে, রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে সীমিত পরিসরে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।

প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা জানিয়েছেন, প্ল্যান্টের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম সফলভাবে লোডিং সম্পন্ন হয়েছে। এখন ফিশন প্রক্রিয়া পূর্ণমাত্রায় শুরু হবে এবং পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। প্রকল্প কর্মকর্তারা আশা করছেন, চলতি মাসেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যোগ হতে পারে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গত ৩ নভেম্বর জানিয়েছিলেন, পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

রূপপুরের দুটি ইউনিট সম্পূর্ণরূপে চালু হলে এই উৎস থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান: যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা চালালে তাৎক্ষণিক জবাব দেব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ এম


ইরান: যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা চালালে তাৎক্ষণিক জবাব দেব

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি পুনরায় হামলা চালায়, তাহলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়ার বিষয়ে সতর্ক করেছে তেহরান। একই সঙ্গে, বাহরাইনসহ কিছু উপসাগরীয় দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতার অভিযোগও তুলেছে ইরান।

ইরান দাবি করেছে যে, এসব দেশ তাদের নিজস্ব ভূখণ্ড, আকাশসীমা এবং সামরিক স্থাপনা ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় সহযোগিতা করছে। এ কারণে, তাদেরকে জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানায় তেহরান।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে ইরানের প্রতিনিধি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি আবার কোনো আগ্রাসী যুদ্ধ শুরু করে, তাহলে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।

তিনি আরো বলেন, পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে হামলার উৎস যেখানেই থাকুক, সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান বন্ধ করার, অবরোধ প্রত্যাহার করার এবং ভবিষ্যতে আর হামলা চালানো হবে না—এমন নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগ্ন ছবির লোভে যুদ্ধের পরিকল্পনা পাকিস্তানকে দিলেন ভারতীয় পাইলট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ এম


নগ্ন ছবির লোভে যুদ্ধের পরিকল্পনা পাকিস্তানকে দিলেন ভারতীয় পাইলট

ভারতের বিমানবাহিনীর এক উইং কমান্ডারের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছে অত্যন্ত গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি ওই পাকিস্তানি এজেন্টের কাছ থেকে নগ্ন ছবি গ্রহণ করতেন। এমনকি, একটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধের গোপন পরিকল্পনার একটি পৃষ্ঠা সরবরাহের প্রস্তাবও দিয়েছিলেন অভিযুক্ত কর্মকর্তা।

দিল্লি পুলিশের অভিযোগপত্রে এসব তথ্য প্রকাশিত হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর গোপন যুদ্ধপরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমানের অবস্থান, সামরিক মহড়া এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার অবস্থান সংক্রান্ত তথ্য পাকিস্তানি এজেন্টের কাছে পাঠিয়েছেন। পুলিশ জানায়, এসব তথ্য ফাঁস দেশের সামরিক প্রস্তুতি ও জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় অভিযুক্ত ওই উইং কমান্ডার গত পাঁচ মাস ধরে কারাগারে রয়েছেন। অভিযোগপত্র অনুযায়ী, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত হোয়াটসঅ্যাপে পাকিস্তানি ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল অভিযুক্ত কর্মকর্তার। এই সময়ের মধ্যে তিনি একাধিকবার গোপন সামরিক তথ্য সরবরাহ করেন। ১ এপ্রিল, যখন তিনি নিজের কার্যালয়ে স্মার্টফোন নিয়ে প্রবেশ করছিলেন, তখন তাকে আটক ও তল্লাশি করা হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানি এজেন্ট ওই কর্মকর্তাকে একটি নগ্ন ছবি পাঠান। এর জবাবে, তিনি ভারতীয় বিমানবাহিনীর গোপন যুদ্ধপরিকল্পনার একটি পৃষ্ঠা পাঠান। তাদের মধ্যে এমন একটি সমঝোতার প্রস্তাবও হয়েছিল যে, প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধপরিকল্পনার নথি থেকে একটি পৃষ্ঠা সরবরাহ করবেন অভিযুক্ত কর্মকর্তা।

যেসব গোপন তথ্য ফাঁস

পুলিশের দাবি, অভিযুক্ত কর্মকর্তা ভারতীয় বিমানবাহিনীর একটি গোপন ড্রোন ইউনিটের জনবল, সাংগঠনিক কাঠামো ও পরিচালন পদ্ধতির তথ্যও সরবরাহ করেছেন। তিনি ড্রোনের পরীক্ষামূলক কার্যক্রম, উড্ডয়ন সক্ষমতা, কতক্ষণ আকাশে থাকতে পারে এবং অস্ত্রের লক্ষ্যবস্তু নির্ধারণব্যবস্থার সম্পর্কেও তথ্য দিয়েছেন।

যুদ্ধ পরিস্থিতিতে ওই ড্রোন ইউনিট কোথায় মোতায়েন করা হতে পারে, সে তথ্যও পাকিস্তানি এজেন্টকে জানানো হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া, লেহতে যুদ্ধবিমান মোতায়েনের তথ্য এবং রাজস্থানের সুরতগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার বিবরণও ফাঁস করেছেন তিনি। যুদ্ধের সময় সেনা মোতায়েনের পরিকল্পনা এবং স্পর্শকাতর সামরিক স্থাপনার অবস্থানও তার পাঠানো তথ্যের মধ্যে ছিল বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় আরও গুরুতর তথ্য সামনে এনেছে দিল্লি পুলিশ। অভিযোগপত্রে বলা হয়েছে, পাকিস্তানি এজেন্ট অভিযুক্ত কর্মকর্তাকে ম্যালওয়্যার ও স্পাইওয়্যারযুক্ত বিভিন্ন অ্যাপ এবং লিংক পাঠিয়েছিলেন। এসব প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে সংরক্ষিত গোপন তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ ছিল।

পুলিশের দাবি, অভিযুক্ত উইং কমান্ডার নিজের অধীনে কর্মরত পাঁচ কর্মকর্তার ইলেকট্রনিক ডিভাইসে নির্দিষ্ট ম্যালওয়্যার ও স্পাইওয়্যার ইনস্টল করতেও সহায়তা করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগাযোগ এবং ডিভাইসে থাকা সংবেদনশীল তথ্য সংগ্রহের উদ্দেশ্যে এমনটি করা হয়েছিল বলে সন্দেহ তদন্তকারীদের।

অর্থাৎ, শুধু নিজেই গোপন তথ্য পাচার নয়, অধীনস্থ কর্মকর্তাদের ডিভাইস ব্যবহার করেও সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন তিনি বলে অভিযোগ পুলিশের।

অভিযোগপত্রে অভিযুক্ত কর্মকর্তা ও পাকিস্তানি এজেন্টের মধ্যে যোগাযোগের ডিজিটাল তথ্যপ্রমাণও জমা দিয়েছে পুলিশ। হোয়াটসঅ্যাপের তথ্য বিশ্লেষণে তাদের মধ্যে ৩ হাজার ৮টি টেক্সট বার্তা, ৬৫টি ছবি, ৬৫টি প্রতিক্রিয়া, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিও কল এবং ছয়টি ইউআরএল আদান-প্রদানের তথ্য পাওয়া গেছে।

এসব ডিজিটাল তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তা ঠিক কতটা গোপন তথ্য পাচার করেছেন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেনে নিন গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ এম


জেনে নিন গুচ্ছ ভর্তিতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে

শিক্ষার্থীদের যাতায়াত এবং ভর্তি প্রক্রিয়ার ভোগান্তি কমানোর লক্ষ্যে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই ব্যবস্থার মাধ্যমে ভর্তিচ্ছুদের জন্য আলাদা আলাদা ক্যাম্পাসে গিয়ে পরীক্ষা দেওয়ার ঝামেলা হ্রাস পায় এবং একটি পরীক্ষার মাধ্যমেই একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সৃষ্টি হয়।

আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট ১৬ হাজার ৯৩টি আসন নির্ধারণ করা হয়েছে। তবে নতুন চারটি বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে; যদি সেটি বাস্তবায়িত হয়, তাহলে মোট আসনসংখ্যা বেড়ে প্রায় ১৬ হাজার ৪৭৩ থেকে ১৬ হাজার ৬৪৩টিতে পৌঁছাতে পারে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় থাকা ২০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন কয়েকটি বিশ্ববিদ্যালয় যুক্ত হতে পারে। সম্ভাব্য তালিকায় রয়েছে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়। তবে এসব বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন প্রয়োজন।

গত ১ নভেম্বর দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের আসনসংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে। তথ্য অনুযায়ী, বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালগুলোর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ৫১৫, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১৭৫, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩৯৫, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৭০ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৮৫০টি আসন রয়েছে।

এছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬১১, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৫৮০, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৩০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৫০ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৭৫টি আসন রয়েছে।

অন্যদিকে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৩০, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ৩৯০, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১২৬, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৯০ এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০৪টি আসন রয়েছে।

এছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯০, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজিতে ২২০, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৭২, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬০ এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬০টি আসন রয়েছে।

অন্যদিকে সম্ভাব্য নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগের চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে প্রাথমিকভাবে আনুমানিক ৮০ থেকে ১০০টি আসন থাকতে পারে।

এছাড়া বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ও লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো বিভাগ অনুমোদন পায়নি। এসব বিশ্ববিদ্যালয়ের বিভাগ অনুমোদন এবং ইউজিসির প্রয়োজনীয় সিদ্ধান্তের পরই আসনসংখ্যা চূড়ান্তভাবে জানা যাবে। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাথমিকভাবে আনুমানিক ১০০ থেকে ১৫০টি আসন থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%