০৪:৪৪ পি.এম
মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের কারণে বড় ভাইয়ের স্ত্রী ও দেড় বছর বয়সি ভাতিজাকে হত্যা করার অভিযোগে ইউসুফ মোল্লা (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) রাত ১২টার দিকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকার মিরপুর বেরিবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যার পর থেকেই ইউসুফ মোল্লা আত্মগোপনে ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার (৩০ মে) রাতে দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে ইউসুফ মোল্লা তার বড় ভাই আব্দুস ছালামের বাড়িতে হামলা চালান। এই হামলায় নিহত হন আব্দুস ছালামের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আমেনা (২৮) এবং তাদের দেড় বছর বয়সি ছেলে আসওয়াদ। হামলায় গুরুতরভাবে আহত হন আব্দুস ছালাম (৪০)।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৪৯ লাখ টাকার পণ্যসহ দুইজন আটক
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার দিন রাত ৯টা ১০ মিনিটে দোকান বন্ধ করে ছালাম বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়িতে পৌছানোর পর তার ছোট ভাই ইউসুফ মোল্লা তাকে গুরুতর আঘাত করেন। এর আগে ইউসুফ ঘরে প্রবেশ করে ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদের ওপর হামলা চালান, যা ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু ঘটায়।
স্থানীয়রা আহত ছালামকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করেছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর ইউসুফ মোল্লা পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর বেরিবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, নিহত আমেনার মা মিনা খাতুন বাদী হয়ে ইউসুফ মোল্লার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই ইউসুফ মোল্লাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছিল। অবশেষে জেলা গোয়েন্দা পুলিশ ও দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৪ জন গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন