ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩


রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। রবিবার বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় কর্তৃপক্ষের সূত্রে এই তথ্য প্রকাশ করেছে।

কর্তৃপক্ষের মতে, রাতভর চলা এই হামলায় অন্তত ৩০টি বহুতল ভবন, ৩৫টি গাড়ি, চারটি বাড়ি, তিনটি প্রশাসনিক ভবন, আটটি বাণিজ্যিক স্থাপনা এবং তিনটি সামাজিক সেবাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেলগোরোদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার শুভায়েভ এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

এদিকে, কৃষ্ণসাগরের বন্দরনগরী চর্নোমোরস্কের দিকে যাওয়া একটি পণ্যবাহী জাহাজেও রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি ইউক্রেনের সেনাবাহিনীর জন্য সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছিল।

এছাড়া, ইউক্রেনের খারকিভ শহরে একটি লজিস্টিকস সেন্টার, একটি বিতরণকেন্দ্র এবং একটি লজিস্টিকস টার্মিনালে রুশ বাহিনী হামলা চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ

নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে। কমিশন এই পদক্ষেপটি গ্রহণ করেছে যাতে উপনির্বাচন অবাধ, সুষ্ঠু এবং প্রভাবমুক্ত রাখা যায়।

আজ রবিবার, এই নির্দেশনা বাস্তবায়নের জন্য ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সংশ্লিষ্ট চিঠি পাঠিয়েছে কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বহিরাগতদের ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচন সম্পূর্ণ প্রভাবমুক্ত, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, ভোটগ্রহণের নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা পূর্ব থেকে শুরু করে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ২৪ ঘণ্টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। অর্থাৎ, ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো বহিরাগত ব্যক্তি অবস্থান করতে পারবেন না।

এই সিদ্ধান্তের শতভাগ বাস্তবায়নে স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ উপনির্বাচনে প্রার্থীরা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমিন (প্রতীক: ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (প্রতীক: দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (প্রতীক: বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (প্রতীক: হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (প্রতীক: ডাব)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটেনে ঝড় অস্টেনের তাণ্ডব, আসছে ঝড় বোয়েলোর!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


ব্রিটেনে ঝড় অস্টেনের তাণ্ডব, আসছে ঝড় বোয়েলোর!

যুক্তরাজ্যে ঝড় অস্টেনের তাণ্ডবের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বাতাসের কারণে গাছ উপড়ে পড়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ও পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। ইংল্যান্ডের ব্রাইটনে ঐতিহাসিক ওয়েস্ট পিয়ারের একটি অংশ ঝড়ের আঘাতে ধসে পড়েছে। অস্টেনের প্রভাব কাটতে না কাটতেই, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডের কিছু এলাকায় নতুন ঝড় বোয়েলোর আশঙ্কায় আবহাওয়াগত সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর মেট অফিস এবং বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৩ অক্টোবর শুক্রবার ঝড় অস্টেনের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয় কর্নওয়াল, ডেভন এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চলে।

মেট অফিসের রিপোর্ট অনুযায়ী, ঝড়ের সময় আইলস অব স্কিলির সেন্ট মেরিজ বিমানবন্দরে ঘণ্টায় সর্বোচ্চ ৭৬ মাইল বা প্রায় ১২২ কিলোমিটার বেগে দমকা বাতাস রেকর্ড করা হয়। ডরসেটের আইল অব পোর্টল্যান্ড এবং আইল অব ওয়াইটের নিডলস এলাকায়ও ঘণ্টায় ৭৫ মাইল বেগে বাতাস প্রবাহিত হয়। ঝড়ের আশঙ্কায় মেট অফিস আগেই কর্নওয়াল, আইলস অব স্কিলি এবং পশ্চিম ডেভনের কিছু এলাকায় অ্যাম্বার সতর্কতা জারি করেছিল। উপকূলে বড় ঢেউ এবং উন্মুক্ত স্থানে প্রবল বাতাস পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। শনিবার ২৪ অক্টোবর সকাল ৮টায় ন্যাশনাল গ্রিডের হালনাগাদ তথ্যে জানানো হয়, ঝড় শুরু হওয়ার পর থেকে ১ লাখ ১৭ হাজার ৩২০টি বাড়ি ও অন্যান্য স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে। তবে এ সংখ্যা দিয়ে ওই সময় পর্যন্ত কতটি স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, উত্তাল ঢেউয়ের আঘাতে ব্রাইটনের ঐতিহাসিক ওয়েস্ট পিয়ারের ধ্বংসাবশেষের একটি অংশ সমুদ্রে পড়ে যায়। ২০০৩ সালে অগ্নিকাণ্ডের পর থেকেই পিয়ারটি ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হচ্ছিল। তাই সর্বশেষ ধসের ক্ষেত্রে ঝড়ের প্রভাবের পাশাপাশি স্থাপনাটির দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতাও বিবেচনায় নেওয়া হচ্ছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান ও ফেরি চলাচলেও বিঘ্ন ঘটে। স্কটিশ বিমান সংস্থা লগানএয়ারের ১৮টি ফ্লাইট বাতিল করা হয়। কর্নওয়ালের নিউকুয়ে বিমানবন্দরসহ কয়েকটি রুটে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। আইলস অব স্কিলির সঙ্গে ফেরি চলাচলও সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এছাড়া, সড়কে গাছ ও ডালপালা পড়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে। কিছু এলাকায় স্কুল খোলার সময় পরিবর্তন করা হয় এবং কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

অস্টেনের পর এবার নতুন ঝড় বোয়েলো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মেট অফিসের পূর্বাভাসে উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডের কিছু এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টির আশঙ্কা জানানো হয়েছে। উন্মুক্ত উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ মাইল বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে অঞ্চলভেদে আবহাওয়ার তীব্রতা ভিন্ন হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, আটলান্টিকের গভীর নিম্নচাপ এবং জেট স্ট্রিমের প্রভাবে ঝড়ের তীব্রতা বেড়েছিল। পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের আবহাওয়াগত সতর্কতা অনুসরণ, যাত্রার আগে বিমান ও ফেরি চলাচলের সর্বশেষ তথ্য যাচাই এবং উত্তাল সমুদ্র ও ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ঝড় অস্টেনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার চূড়ান্ত হিসাব জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী হালনাগাদের অপেক্ষা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহনপুরে সার বিতরণে অনিয়মের অভিযোগ, কৃষকরা ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


মোহনপুরে সার বিতরণে অনিয়মের অভিযোগ, কৃষকরা ভোগান্তিতে

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার মেসার্স আশা ট্রেডার্সের বিরুদ্ধে সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত দিনে সার নিতে ভোর ৫টা থেকে দোকানের সামনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক কৃষক সার পাননি। তাঁদের অভিযোগ, লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকদের সার না দিয়ে দোকানের ভেতরে গোপন পথে প্রবেশকারীদের সার দেওয়া হয়েছে। পরে জানানো হয়, সার শেষ হয়ে গেছে। এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অপেক্ষমাণ কৃষকেরা।

ভুক্তভোগী কৃষকদের ভাষ্য, সার পাওয়ার আশায় তাঁরা ভোর থেকেই দোকানের সামনে অপেক্ষা করছিলেন। কিন্তু সার বিতরণের মাত্র পাঁচ মিনিট আগে তাঁদের নতুন করে অন্য একটি লাইনে দাঁড়াতে বলা হয়। নির্দেশনা অনুযায়ী তাঁরা নতুন লাইনে দাঁড়ালেও অভিযোগ রয়েছে, ওই লাইনে থাকা কৃষকদের সার না দিয়ে অন্য পথে আসা লোকজনকে সার দেওয়া হচ্ছিল। দীর্ঘ সময় অপেক্ষার পর ডিলার জানালে কৃষকেরা হতাশ হয়ে পড়েন। তাঁদের চোখেমুখে ক্ষোভ ও হতাশা ফুটে ওঠে।

কৃষকদের অভিযোগ, কৃষিকাজের গুরুত্বপূর্ণ সময়ে সার সংগ্রহ করতে এসে এ ধরনের ভোগান্তির শিকার হওয়ায় তাঁদের চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাঁরা দাবি করেছেন, সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং প্রকৃত কৃষকেরা যাতে নিয়ম অনুযায়ী সার পান, সে ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে মেসার্স আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল আজিজ বলেছেন, "সার ছিল, কাল দেওয়া হবে। আজ ভিড়ের কারণে সবাইকে সার দেওয়া সম্ভব নয়।"

উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম জানিয়েছেন, অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকদের দাবি, সার বিতরণে অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক, যাতে প্রকৃত কৃষকেরা হয়রানি ছাড়াই সার পেতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই দ্বারা লেখা বইয়ের জন্য নতুন সাহিত্য পুরস্কার চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


এআই দ্বারা লেখা বইয়ের জন্য নতুন সাহিত্য পুরস্কার চালু

চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাই দ্বারা রচিত বইয়ের জন্য একটি নতুন সাহিত্য পুরস্কার চালু করা হয়েছে। ফ্রান্সে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার নাম প্রি পাস্কাল দ্য লিতেরাত্যুর আইএ। এআই প্রযুক্তির সাহায্যে যৌথভাবে লেখা পাণ্ডুলিপি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার বিজয়ীর বইটি প্রকাশের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। প্রতিযোগীদের ১০ হাজার থেকে ৫০ হাজার শব্দের মধ্যে একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি জমা দিতে হবে। এ ছাড়া, লেখাটি তৈরিতে ব্যবহৃত এআই মডেল ও প্রম্পটের বিস্তারিত তথ্যও জানাতে হবে।

চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাই এবং লামা-র মতো প্রধান ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর ব্যবহার অনুমোদিত হয়েছে। পৃথিবীর যেকোনো প্রান্তের লেখকরা এতে অংশগ্রহণ করতে পারবেন, তবে পাণ্ডুলিপি অবশ্যই ফরাসি ভাষায় হতে হবে।

এই পুরস্কারের নামকরণ করা হয়েছে ফরাসি বহুমুখী প্রতিভাবান পণ্ডিত ব্লেইজ পাস্কালের নামে। তিনি বিশ্বের প্রথম যান্ত্রিক ক্যালকুলেটরের উদ্ভাবনে সহায়তা করেছিলেন। ধর্মতত্ত্ব বিষয়ক বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে 'পঁসে' অন্যতম। পোপ ফ্রান্সিস বইটির "দার্শনিক গভীরতা ও সাহিত্যিক মাধুর্যের" প্রশংসা করেছেন।

পুরস্কারের শর্তাবলিতে ফিকশন জমা দেওয়ার কথা বলা হলেও, একটি বিশেষ শর্ত যুক্ত করা হয়েছে। জমা দেওয়া লেখায় মানবজাতির জন্য হুমকিস্বরূপ কোনো নৈতিক, সামাজিক বা পরিবেশগত সমস্যা সমাধানে সহায়ক কিছু থাকতে হবে।

ফিলিপ রদ্রিগেজ, আলব্যাঁ সেরভিয়ঁ ও জিল মঁত্রে এই পুরস্কারটি প্রবর্তন করেছেন। তারা তিনজনই প্রযুক্তি খাতের উদ্যোক্তা। রদ্রিগেজ ব্যবসায়িক একীভূতকরণ ও অধিগ্রহণ-সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান অ্যাভোল্টা-র প্রতিষ্ঠাতা অংশীদার। ওয়েবসাইটে তাকে "ইউরোপীয় ক্রিপ্টো ও ব্লকচেইন শিল্পের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব" হিসেবে বর্ণনা করা হয়েছে।

সেরভিয়ঁ একজন ডিজিটাল মিডিয়া উদ্যোক্তা এবং এলজিবিটিকিউ+ বিষয়ক ম্যাগাজিন 'তেতু'-র সাবেক চেয়ারম্যান। মঁত্রে একজন সাবেক সরকারি কর্মকর্তা, দর্শনে পিএইচডি ডিগ্রিধারী, যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও প্যারিস ১ পঁতেঁ-সরবোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। মঁত্রে অনলাইন ভোটিং প্ল্যাটফর্ম ইলেক্টিস-এর সহপ্রতিষ্ঠাতা।

চলতি বছর বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কারের চূড়ান্ত পর্বের প্রতিযোগী ও বিজয়ীদের বিরুদ্ধে লেখায় এআই ব্যবহারের সম্ভাব্য অভিযোগ নিয়ে বিতর্ক চলছে। এর মধ্যে কমনওয়েলথ ছোটগল্প পুরস্কার, কেইন পুরস্কার ও ফ্রান্সের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার প্রি গোঁকু-র নাম রয়েছে। এসব বিতর্কের মধ্যে প্রি পাস্কাল চালুর ঘোষণা এসেছে।

গত মঙ্গলবার থেকে প্রি পাস্কালের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা নভেম্বরের শেষ পর্যন্ত চলবে।

ডিসেম্বরের শুরুতে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণার আগে ১০টি বইয়ের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। পাঁচ থেকে ছয়জন লেখক, সমালোচক, সাংবাদিক, দার্শনিক ও প্রকাশকের সমন্বয়ে একটি জুরি বোর্ড গঠন করা হবে। নভেম্বরের শুরুতেই এই বিচারকদের নাম ঘোষণা করা হবে। তথ্যসূত্র: দ্যা গার্ডিয়ান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%