০৪:৫৪ পি.এম
ঢাকা-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের বাস লেন তুলে দিয়ে সড়কটিকে ৩+৩ লেনের হাইওয়েতে রূপান্তরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহন বিশেষজ্ঞরা। তারা প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর এই সিদ্ধান্তের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন।
তাদের মতে, যদি প্রকল্পে অনিয়ম বা কারিগরি ত্রুটি থাকে, তবে তা তদন্ত করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বিআরটি চালু করা উচিত। প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণের জন্য বিশেষজ্ঞ, পেশাজীবী ও সাধারণ মানুষের মতামত নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি), ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি) এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট ১ হাজার ২৯৫ জন
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ঢাকা-গাজীপুর বিআরটি করিডোরের নির্ধারিত বাস লেন বিলুপ্ত করে সড়কটিকে ৩+৩ লেনের হাইওয়েতে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, "প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর বিআরটির বাস না কিনে এবং সেবা চালু না করেই এমন সিদ্ধান্ত নেওয়া প্রশ্নবিদ্ধ।"
তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে আর্থিক বা পরিচালনগত সমস্যা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এর দায় নিতে হবে। বিআরটি ব্যবস্থা বা বাস লেনকে দায়ী করা যায় না। প্রকল্পের শুরু থেকে এখন পর্যন্ত সংশ্লিষ্ট সব নথিপত্র, পরামর্শক ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের তালিকা, দায়িত্ব ও ভূমিকা সংরক্ষণ করতে হবে। এছাড়া স্বার্থের সংঘাত নেই—এমন বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিশন গঠন করে তদন্তের ফলাফল প্রকাশ করতে হবে।
ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বিআরটি লেন বহাল রাখা বা এ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নির্মাণ ও পরিচালন ব্যয়, যাত্রীদের সময় সাশ্রয়, পরিবেশগত সুফল এবং যানজটের কারণে সম্ভাব্য সময় ও আর্থিক ক্ষতির মূল্যায়ন করা জরুরি। তিনি উল্লেখ করেন, "সব পক্ষের মতামত নিয়ে বিকল্পগুলো বিশ্লেষণ এবং সেই তথ্য জনগণের সামনে প্রকাশ করে সিদ্ধান্ত নিতে হবে।" মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখে সিদ্ধান্তের যৌক্তিকতা জনসমক্ষে তুলে ধরতে হবে।
তিনি আরো বলেন, বিআরটি চালু হলে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যাতায়াতের সময় কমবে, ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং গাজীপুরে বিনিয়োগ ও নগর অর্থনীতির বিকাশের সুযোগ তৈরি হবে। ঢাকা ও গাজীপুরের বিদ্যমান ও চলমান সড়ক প্রকল্পগুলো সম্পন্ন হলে এ করিডোরে যানবাহনের চাপও কমতে পারে।
আরও পড়ুন: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে
বিআইপি সভাপতি জানান, ঢাকা-গাজীপুর বিআরটি করিডোর ২০০৫ সালের স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান (এসটিপি), ২০১৫ সালের রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান (আরএসটিপি), ২০২৫ সালের হালনাগাদ পরিকল্পনা এবং গাজীপুর ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত রয়েছে। তাই সামগ্রিক পরিবহন পরিকল্পনার আলোকে প্রকল্পটির ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।
তিনি বিমানবন্দর-গাজীপুর করিডোরকে ‘আরবান আর্টারি’ ঘোষণা করে সেখানে বিআরটি লেন বহাল রাখার পাশাপাশি দেশের প্রথম বিআরটি করিডোর বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে ঢাকা শহরসহ দেশের অন্যান্য স্থানে বিআরটি চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবং ‘ঢাকা বিআরটি পিএলসি’ বন্ধ না করে প্রয়োজনীয় জনবল ও কারিগরি নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করার কথাও বলেন।
সংবাদ সম্মেলনে বিশিষ্ট রাজনীতিবিদ রুহিন হোসেন প্রিন্স বলেন, ২ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও এ বিষয়ে সাধারণ মানুষকে কিছু জানানো হয়নি। তিনি বলেন, "প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনানির্ভর হওয়া এবং সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা জরুরি।" বিআরটি প্রকল্পে দুর্নীতি হয়ে থাকলে তা দূর করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা উচিত। তিনি যুক্তি দেন, "দুর্নীতির সমাধান না করে প্রকল্প বাতিল করা যুক্তিযুক্ত নয়।"
তিনি প্রকল্পের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে শ্বেতপত্র প্রকাশ এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সব দিক বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: অ্যালুমিনিয়ামের চকচকে হাঁড়িতে বিষাক্ত সিসা, গবেষকদের সতর্কতা
গাজীপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক বলেন, ২০১২ সালে শুরু হওয়া বিআরটি প্রকল্প ১৪ বছরেও শেষ হয়নি। তিনি বলেন, "অথচ পাকিস্তানের পেশোয়ারে ২৮ কিলোমিটার দীর্ঘ বিআরটি প্রকল্প মাত্র দুই বছরে বাস্তবায়িত হয়েছে।" প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ হওয়ার পর তা বাতিলের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে, তা জনগণকে জানাতে হবে।
দীর্ঘসূত্রতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানান তিনি। শামসুল হক বলেন, প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতির সঙ্গে যানজট কিছুটা কমতে শুরু করায় গাজীপুরবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছিল। তিনি সতর্ক করেন, "পর্যাপ্ত গণপরিবহন না থাকায় অটোরিকশার সংখ্যা বাড়ছে। বিআরটি প্রকল্প বাতিল হলে ২৫টি স্টেশনের সড়ক পারাপারের বিশেষ সুবিধা বন্ধ হয়ে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে ভোগান্তি বাড়তে পারে।"
তিনি বলেন, যারা গণপরিবহন ব্যবহার করেন না, তারাই এ প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি জোর দেন, প্রকল্প বাতিলের আগে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা ও সাধারণ মানুষের মতামত গ্রহণ করতে হবে। নাগরিক সমাজের প্রতিনিধিদের গাজীপুরে গিয়ে যাতায়াতের বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখা উচিত বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাসুদুর রশিদ বলেন, বিআরটি প্রকল্প পরিবহন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, "প্রকল্পে কোনো ত্রুটি থাকলে প্রয়োজনীয় কারিগরি সংশোধনের মাধ্যমে তা সমাধান করা উচিত।" সম্পূর্ণ প্রকল্প বাতিল করা বড় ধরনের ভুল হবে বলে তিনি মন্তব্য করেন।
আরও পড়ুন: বৃষ্টিতে ঢাকার বাতাসে দূষণের মাত্রা কমেছে, ১২তম স্থানে
তিনি বলেন, প্রকল্প গ্রহণের আগে সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল। পরবর্তী সময়ে আবার সমীক্ষা করে প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়ার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। যথাযথ পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে বিআরটিকে দৃষ্টান্তমূলক প্রকল্পের পাশাপাশি অনন্য স্থাপত্য নিদর্শন হিসেবেও গড়ে তোলা সম্ভব।
পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী ড. মাহবুবুল বারী বলেন, আর্থিক, কারিগরি ও অন্যান্য বিবেচনায় বিআরটি প্রকল্পটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময়। তিনি উল্লেখ করেন, "এটি শুধু তার ব্যক্তিগত মতামত নয়; বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমীক্ষাতেও প্রকল্পটির সম্ভাব্যতা উঠে এসেছে।" তিনি বলেন, এ করিডোরে বিপুলসংখ্যক বাসযাত্রী চলাচল করেন। বিআরটি চালু হলে পরিবেশ ও সড়ক নিরাপত্তায় ইতিবাচক প্রভাব পড়বে।
সরকার বাস ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ব্যবস্থার সফল বাস্তবায়নে নিরবচ্ছিন্ন গণপরিবহন জরুরি। বিআরটির সঙ্গে ছয়টি বাস রুট সমন্বয়ের পরিকল্পনা রয়েছে। ফলে প্রকল্পটি বাতিল হলে এসব রুটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন দেখা দেবে।
বিআরটির পরিবর্তে প্রচলিত সড়কব্যবস্থা চালুর উদ্যোগকে তিনি আত্মঘাতী আখ্যা দিয়ে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের আহ্বান জানান।
আরও পড়ুন: নদী দখল বন্ধ করবে কে?
প্রশ্নোত্তর পর্বে বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মু. মুসলেহ উদ্দিন হাসান বলেন, গাজীপুরের সংসদ সদস্যদের সঙ্গে এককভাবে আলোচনা করা হয়েছে। তিনি জানান, "তাদের সঙ্গে সমন্বিতভাবে আলোচনারও পরিকল্পনা রয়েছে।" গত জুনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও সংবাদ সম্মেলনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তাদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছায়নি।
তিনি বলেন, বিআরটি প্রকল্পের বিষয়ে তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। বৃহত্তর জনস্বার্থেই তারা প্রকল্পটি বাস্তবায়ন চান। তিনি বলেন, "এটি শুধু একটি পরিবহন প্রকল্প নয়, বরং বৃহৎ নগর রূপান্তরের উদ্যোগ। বিআরটি বাস্তবায়ন ছাড়া শুধু বাস ফ্র্যাঞ্চিজির মাধ্যমে পরিবহন সমস্যার পূর্ণাঙ্গ সমাধান সম্ভব নয়।"
সংবাদ সম্মেলনে বিআইপির পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—গত ১৮ অক্টোবরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, সব অংশীজনের মতামত নিয়ে আর্থিক ও পরিবেশগত মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ, প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সব নথি সংরক্ষণ এবং স্বার্থের সংঘাতমুক্ত বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিশন গঠন করে প্রতিবেদন প্রকাশ।
এ ছাড়া বিমানবন্দর-গাজীপুর করিডোরকে আরবান আর্টারি ঘোষণা, ঢাকা ও দেশের অন্যান্য স্থানে বিআরটি চালু, ঢাকা বিআরটি পিএলসিকে পুনর্গঠন করে দেশব্যাপী বিআরটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া এবং প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে কারিগরি জ্ঞানসম্পন্ন ব্যক্তিকে নিয়োগের দাবি জানানো হয়। একই সঙ্গে দেশের পরিবহন উন্নয়ন প্রকল্পনির্ভর না করে পরিকল্পনানির্ভর করা এবং দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জনগণের মনোজাগতিক পরিবর্তন প্রয়োজন: ডা. বিটু
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মু. মুসলেহ উদ্দিন হাসান, ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, সাবেক প্রিন্সিপাল ও গাজীপুরের বাসিন্দা কফিল উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন