সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
০২:১৬ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের সহযোগিতা চেয়ে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে জোর দিয়েছেন। অপরদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের (জেবিপিএফএল) সভাপতি তারো আসো জানিয়েছেন, বাংলাদেশে অনুকূল পরিবেশ থাকার কারণে জাপানি কোম্পানিগুলো সেখানে বিনিয়োগে ব্যাপক আগ্রহী।
সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ৩টায় টোকিওতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন মৈত্রী লীগের সভাপতি তারো আসো।
সাক্ষাৎকালে, তারো আসো বাংলাদেশ-জাপান সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, "বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশই তরুণ।" তিনি উল্লেখ করেন, "দেশটিতে বর্তমানে বিরাজমান রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের চমৎকার পরিবেশ সৃষ্টি করেছে।" এই ইতিবাচক পরিস্থিতির কারণে জাপানি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে আগ্রহী।
প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তার সরকার ইতোমধ্যে নানামুখী বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, "এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় আইনি সংস্কারও আনা হচ্ছে।" প্রধানমন্ত্রী শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন অগ্রাধিকার খাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয় বৈঠকে তুলে ধরেন।
তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী জানান, "ইপিএ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ ও উন্নত প্রযুক্তি হস্তান্তরের সুযোগ প্রসারিত হবে।" তিনি জাপানের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে।
বৈঠকে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে তারো আসোর দীর্ঘদিনের ব্যক্তিগত ভূমিকা ও অবদানের জন্য প্রধানমন্ত্রী তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী ২০০৬ সালে তৎকালীন বিএনপি সরকারের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে জাপান সফরকালে তারো আসোর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তারো আসোও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সঙ্গে তার অতীত সাক্ষাতের কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালে তারো আসো সবসময়ই দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রেখেছেন।
সৌজন্য সাক্ষাতে রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ (পিপল-টু-পিপল কনট্যাক্ট) বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, গবেষণা কর্মকর্তা মো. আবদুস সাত্তার পাটোয়ারীসহ প্রধানমন্ত্রীর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অন্যদিকে, জাপানের প্রতিনিধিদলে তারো আসোর সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা, ভূমি, অবকাঠামো, পরিবহণ ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশিসহ দেশটির জাতীয় সংসদের জ্যেষ্ঠ সংসদ সদস্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আদালত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
আজ ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম আসামিদের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করেন। আদালত একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর তারিখ নির্ধারণ করেছে।
আদালতের পেশকার বেলাল হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় এই হত্যা মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন।
মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর, তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
এই মামলায় শেখ হাসিনা ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টু পলাতক রয়েছেন।
মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে আছেন। এছাড়া ১০ জন জামিনে মুক্ত রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু চীনের বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। তিনি সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে চীনের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে অংশগ্রহণ করেন চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ও কনসালটেন্সি ফার্মের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গসহ আট সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শেনজেন কাইফা টেকনোলজি (চেংদু) কোম্পানি লিমিটেডের (Shenzhen Kaifa Technology (chengdu) Co. Ltd.) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বোর্ড পরিচালক সেনহুই ঝাং (Senhui Zhang), এপিএসি অঞ্চলের কারিগরি প্রধান জুনজি চেন (Junjie Chen), একই অঞ্চলের ব্যবসাপ্রধান ওয়েই ঝাং (Wei Zhang) এবং বাংলাদেশ জাতীয় প্রতিনিধি ইউকিং ইয়াও (Yuqing Yao)।
এছাড়া, বৈঠকে উপস্থিত ছিলেন ওয়াক্সম্যাক্স কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের (WAXMAX CONSULTING PTE LTD) চেয়ারম্যান জিনসং ওয়াং (Jinsong Wang), ব্যবস্থাপনা পরিচালক ডেভিড (David) এবং পরিচালক স্টেফান ডিং (Stefan Ding)। পাশাপাশি দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি রেজাউর রহমান সোহাগও এ সময় উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের জার্সিতে তার শততম গোলটি করেছেন। গতকাল এল ক্লাসিকোর ম্যাচে বার্সেলোনার বিরুদ্ধে দুটি গোল করে এই মাইলফলকে পৌঁছান তিনি।
ন্যু ক্যাম্পে এমবাপ্পের প্রথম গোলটি ঘটে অনেকটা দুর্ঘটনাবশত। বার্সেলোনার জেরার্ড মার্টিন ইয়ান দিওমান্দের ক্রস ক্লিয়ার করার জন্য শট নেন। সেই শটটি দৌড়াতে থাকা এমবাপ্পের পায়ে লেগে জালে প্রবেশ করে। রিয়ালের হয়ে ফরাসি এই তারকার শততম গোলটিতে সহায়তা করেন তার স্বদেশী এদুয়ার্দো কামাভিঙ্গা।
একশ গোল করার জন্য এমবাপ্পের প্রয়োজন হয়েছে ১১৬ ম্যাচ। এর আগে রিয়ালের ২৩ জন ফুটবলার এই মাইলফলক অর্জন করেছেন। উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন আলফ্রেডো ডি স্টেফানো (৩০৮), ফেরেঙ্ক পুসকাস (২৪২), রাউল (৩২৩), রোনালদো নাজারিও (১০৪), করিম বেনজেমা (৩৫৪), সার্জিও রামোস (১০১), গ্যারেথ বেল (১০৬) ও ভিনিসিউস জুনিয়র (১২৯)। ৪৫০ গোল নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এমবাপ্পের একশ গোলের মধ্যে ৬৭টি লা লিগায়, ২৫টি চ্যাম্পিয়ন্স লিগে, ৪টি কোপা দেল রেতে, ২টি ক্লাব বিশ্বকাপে এবং একটি করে উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপে এসেছে।
এমবাপ্পের সর্বাধিক গোল পিএসজির জার্সিতে। ২০২৪ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে তিনি ৩০৮ ম্যাচে ২৫৬ গোল করেন। তার সিনিয়র ক্লাব ক্যারিয়ারে মোট ৪৮৪ ম্যাচে গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৮৩টি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভের দুই পাশে পর্যটন অবকাঠামো গড়ে উঠছে। শহর থেকে দূরের সৈকত ও সেখানকার রিসোর্টে নিরিবিলি পরিবেশের আকর্ষণে পর্যটকেরা ছুটে আসছেন। কিন্তু পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা একই গতিতে গড়ে উঠছে না। বিশেষ করে সৈকতের অপ্রচলিত ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত লাইফগার্ড, আধুনিক উদ্ধার সরঞ্জাম এবং কার্যকর সতর্কতাব্যবস্থা নেই।
গত বুধবার (২১ অক্টোবর) পেচারদ্বীপ সমুদ্রসৈকতে ঢেউয়ের তোড়ে পাঁচ পর্যটকের প্রাণহানির ঘটনা নিরাপত্তার এই ঘাটতিকে আবার সামনে নিয়ে এসেছে। এর আগে গত বছরের ৮ জুলাই একই সৈকতে ঢেউয়ের তোড়ে প্রাণ হারান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সাবাব ও আসিফ। অরিত্র হাসান নিখোঁজ রয়েছেন।
দুর্ঘটনা ঘটলেও প্রত্যন্ত সৈকতগুলোতে দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে পর্যটকদের অভিযোগ। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে প্রশিক্ষিত লাইফগার্ড নিয়োগ, উদ্ধার ইউনিট স্থাপন এবং পর্যটকদের সচেতন করার উদ্যোগ নেয়ার দাবি উঠেছে। ফায়ার সার্ভিস মেরিন ড্রাইভে স্থল ও ডুবুরি ইউনিট স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে। তবে সেই পরিকল্পনা কবে বাস্তবায়িত হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
মেরিন ড্রাইভের পেচারদ্বীপ সমুদ্রসৈকতে গত বুধবার (২১ অক্টোবর) ঢেউয়ের তোড়ে পাঁচ পর্যটকের মৃত্যু ঘটে। তারা সবাই সৈকতসংলগ্ন একটি রিসোর্টে অবস্থান করছিলেন। নিরিবিলি পরিবেশের আকর্ষণে সেখানে গেলেও সমুদ্রে নামার ঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত ধারণা এবং বিপদের মুহূর্তে দ্রুত উদ্ধারের ব্যবস্থা না থাকায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
পর্যটক সাইফ উদ্দিন বলেন, “আমরা অবশ্যই এ ধরনের ঘটনায় চিন্তিত। কারণ, আমরা ভ্রমণে আসি মানসিক প্রশান্তি ও কিছুটা স্বস্তির জন্য। সেখানে যদি জীবনের ঝুঁকি থাকে কিংবা প্রাণ হারানোর আশঙ্কা থাকে, তাহলে মানুষ পরবর্তী সময়ে কক্সবাজারে আসতে নিরুৎসাহিত হবে।”
সমুদ্রে নামার আগে সম্ভাব্য ঝুঁকি, দুর্ঘটনার কারণ ও নিরাপদ থাকার উপায় সম্পর্কে পর্যটকদের স্পষ্ট ধারণা দেয়া জরুরি বলে মনে করেন তিনি।
সাইফ উদ্দিন বলেন, একজনকে উদ্ধার করতে গিয়ে আরও পাঁচজনের প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের দুর্ভোগ ভাষায় প্রকাশ করার মতো নয়। ঘটনার দিন তিনি একই রিসোর্টে অবস্থান করছিলেন এবং দুপুরে নিহত পর্যটকদের সঙ্গে একসঙ্গে খাবারও খেয়েছিলেন।
তিনি বলেন, সাত বন্ধুর মধ্যে চারজন ফিরে এসেছেন, আর বাকি তিনজনের মরদেহ এসেছে। পরে বাকি চারজন কান্নাকাটি করতে করতে রিসোর্ট ছেড়ে চলে যান। ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক। এ ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্রে নামার আগে প্রয়োজনীয় সতর্কতা ও নির্দেশনা দেয়া অত্যন্ত জরুরি।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে রিসোর্ট মালিক, হোটেল কর্তৃপক্ষ ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন পর্যটক সোহানুর রহমান।
তিনি বলেন, প্রত্যেকটি রিসোর্টের মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরকারের বৈঠক করা উচিত। পর্যটন খাতের সঙ্গে জড়িত সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে পর্যটকেরা সমুদ্রে নামার বিধিনিষেধ, করণীয় ও বর্জনীয় সম্পর্কে স্পষ্ট ধারণা পান।
সোহানুর রহমান বলেন, পর্যটকেরা স্থানীয় নন। ফলে সমুদ্রের পরিস্থিতি, কোন সময়ে সমুদ্রে নামা নিরাপদ এবং কখন নামা উচিত নয়-এসব বিষয়ে অনেকের পর্যাপ্ত ধারণা থাকে না। তাই পর্যটকেরা রিসোর্টে পৌঁছানোর পর তাদের এসব বিষয়ে জানানো প্রয়োজন। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকেও কার্যকর উদ্যোগ নিতে হবে।
ঝুঁকিপূর্ণ সৈকতে সার্বক্ষণিক না হলেও অন্তত একজন স্ট্যান্ডবাই লাইফগার্ড রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে, শুধু সতর্কবার্তা দিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধারকাজ চালানোর মতো প্রস্তুতিও থাকতে হবে।
হোটেল কক্স টুডের মহাব্যবস্থাপক আবু তালেব শাহ বলেন, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো দেশে সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তায় আধুনিক সরঞ্জাম ও উন্নত লাইফগার্ড ব্যবস্থাপনা রয়েছে। চাইলে কক্সবাজারেও এসব কার্যকর ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব।
তিনি বলেন, এ জন্য প্রয়োজন সদিচ্ছা ও উদ্যোগ। সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা থাকলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও আধুনিক উদ্ধার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
সী সেফ লাইফগার্ড সংস্থার প্রকল্প কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ বলেন, বিভিন্ন পয়েন্টে গড়ে ওঠা ইকো রিসোর্টগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু নির্দেশনা দেওয়া যথেষ্ট নয়। রিসোর্ট কর্তৃপক্ষের উদ্যোগে সেখানে অন্তত একজন স্ট্যান্ডবাই লাইফগার্ড রাখা প্রয়োজন।
তিনি বলেন, পর্যটকেরা যেকোনো সময় সমুদ্রে নামতে পারেন। এ অবস্থায় দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য লাইফগার্ডের উপস্থিতি অত্যন্ত জরুরি। যথাযথ পদক্ষেপ নেওয়া এবং নির্দেশনা বাস্তবায়নে কঠোরতা নিশ্চিত করা না হলে এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটতেই থাকবে, যা পর্যটন খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
ইমতিয়াজ আহমেদ জানান, সী সেফ লাইফগার্ড সংস্থার কার্যক্রম মূলত লাবণী, সুগন্ধা ও কলাতলী-এই তিনটি পয়েন্টে পরিচালিত হয়। এসব স্থানে পর্যটকদের সচেতন করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। তবে ইনানী ও হিমছড়ির মতো অন্যান্য পর্যটনকেন্দ্রেও পানিতে ডুবে দুর্ঘটনা ঘটছে। এসব স্থানে নিরাপত্তা জোরদারে জেলা প্রশাসন, হোটেলমালিক ও টুরিস্ট পুলিশের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
পর্যটকেরা কক্সবাজারে পৌঁছানোর আগেই তাদের সচেতন করার ওপরও গুরুত্ব দেন তিনি। তার মতে, বাস টার্মিনাল, রেলস্টেশন ও বিমানবন্দরে সমুদ্রে নামার আগে করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রচার চালানো যেতে পারে। এতে পর্যটকেরা আগেভাগেই নিরাপত্তাবিধি সম্পর্কে জানতে পারবেন।
মেরিন ড্রাইভে পর্যটকদের নিরাপত্তায় স্থল ও ডুবুরি ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এসব ইউনিটের মাধ্যমে অগ্নিনির্বাপণের পাশাপাশি সমুদ্রে গোসলে নেমে ভেসে যাওয়া বা বিপদে পড়া পর্যটকদের উদ্ধারের কাজও করা হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার কার্যালয়ের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, “মেরিন ড্রাইভে স্থল ও ডুবুরি-এই দুই ধরনের ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি সমুদ্রে গোসলে নেমে ভেসে যাওয়া বা বিপদে পড়া পর্যটকদের উদ্ধার কার্যক্রমও পরিচালনা করা হবে।”
তবে পরিকল্পনা বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে তিনি কিছু জানাননি।
সী সেফ লাইফগার্ড সংস্থার দেয়া তথ্য মতে, কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে গত ১২ বছরে ৮৫ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময়ে প্রায় ১ হাজার ২০০ পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে।
পর্যটন অবকাঠামোর বিস্তারের সঙ্গে সঙ্গে নিরাপত্তাব্যবস্থা জোরদার না হলে প্রাণহানির ঝুঁকি থেকেই যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে, ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করা, প্রশিক্ষিত লাইফগার্ড নিয়োগ, আধুনিক উদ্ধার সরঞ্জাম নিশ্চিত করা এবং পর্যটকদের নিয়মিত সতর্ক করার সমন্বিত উদ্যোগই পারে অনাকাঙ্ক্ষিত প্রাণহানি কমাতে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ