বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৫৪ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি এবং র্যাবের যৌথ অভিযানের মাধ্যমে ১০ টন ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে এই জিরাগুলি উদ্ধার করা হয়। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা এই জিরাগুলি আটক করা হয়েছে।
এই অভিযানের ফলে তিনজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমার মো. এম ফয়সাল আবীর, রাজশাহীর এয়ারপোর্ট এলাকার আজিজুল হাকিম এবং একই এলাকার হাবিবুর রহমান। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানিয়েছেন, বুধবার রাতে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে সরাইলের শাহবাজপুর এলাকায় একটি ট্রাক তল্লাশির জন্য থামানো হয়। বিজিবি এবং র্যাবের যৌথ টহলদল ট্রাকে থাকা ব্যক্তিদের কাছে জিরার বৈধ কাগজপত্র চাওয়া হয়। বৈধ কাগজপত্র প্রদান করতে ব্যর্থ হওয়ায় এই জিরাগুলি জব্দ করা হয়। জব্দ করা জিরা এবং ট্রাকের মোট মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। আটকদের সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা জিরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ৯ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ১৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শুধু ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ৪ জনের প্রাণহানি হয়েছে।
তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ১ হাজার ৯ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৯০৯ জন ও হামে আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ১৬৫ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৯ হাজার ৯৩৩ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন ছাড়পত্র পেয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে উপজেলার চিরাপাড়া সংলগ্ন সন্ধ্যা নদীর তীরে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার মিটার অবৈধ চরগড়া জাল জব্দ করা হয়। জব্দকৃত এই জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান এবং কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও নৌ পুলিশ পরিদর্শক মোঃ ইমরান হোসাইন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, মৎস্য সম্পদ রক্ষা এবং প্রজনন নিরাপদ রাখতে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : রাজশাহী জেলা পরিষদ কর্তৃক অসহায়, দুস্থ, শিক্ষার্থী ও চিকিৎসাসহ বিভিন্ন মানবিক ক্ষেত্রে সহায়তার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. এরশাদ আলী (ঈশা)।
প্রধান অতিথি’র বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. এরশাদ আলী (ঈশা) উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে দেশের সাধারণ মানুষের কল্যাণ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।’
তিনি আরও বলেন, তারই ধারাবাহিকতায় সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারলে আমাদের দায়িত্ববোধ আরও অর্থবহ হবে। বিশেষ করে দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়া চালিয়ে নিতে সহায়তা করা এবং অসুস্থ মানুষের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া একটি মানবিক কাজ।
আলোচনা সভা শেষে ৩৮ জন উপকারভোগীর মাঝে মোট ২ লাখ ৬২ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক এবং প্রধান সহকারী এস. এম. আল মতিন।
এছাড়াও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ