০৮:৫৭ পি.এম
ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে এক ছেলে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের অন্য সদস্যরাও। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বিখ্যাত সেন্ট্রাল পার্কে, যেখানে দ্য নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে মর্মান্তিক এই খবর উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, পরিবারের সঙ্গে প্রথমবারের মতো নিউইয়র্ক ভ্রমণে এসেছিলেন ১৮ বছর বয়সী তরুণ রোমাঞ্চ মহাজন। গত বুধবার (১৭ জুন) সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়িতে ঘুরছিল তারা। একসময় গাড়িচালক তাদের ছবি তোলার জন্য গাড়ি থামান। ঠিক সেই সময়ই হঠাৎ ঘোড়াটি ভয় পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দৌড় শুরু করে।
প্রতিবেদন অনুযায়ী, ঘোড়াটি ফুটপাতে উঠে যায় এবং ঘাসের ওপর দিয়ে দ্রুত গতিতে ছুটতে থাকে, চালক তার পেছনে দৌড়াতে থাকেন। রোমাঞ্চের বাবা দীপক মহাজন বলেন, ‘আমরা চিৎকার করছিলাম, ‘বাঁচাও, বাঁচাও!’
আরও পড়ুন: ইরানের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন, শত্রুকে তার ভূখণ্ডেই জবাব দেওয়ার হুঁশিয়ারি
পরিবারের সদস্যরা চেষ্টা করলেও এক পর্যায়ে রোমাঞ্চের মা প্রিয়া মহাজন গাড়ি থেকে পড়ে যান। মাকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে গাড়ি থেকে লাফ দেন রোমাঞ্চ। দীপক মহাজন বলেন, ‘আমার ছেলে শুধু তার মাকে বাঁচানোর জন্যই লাফ দিয়েছিল, সে পড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘সে ‘মা! মা!’ বলে চিৎকার করে ডাকছিল।’ সেন্ট্রাল পার্কের কাছে অবস্থিত ট্যাভার্ন অন দ্য গ্রিন রেস্তোরাঁর কর্মী তাতিয়ানা ব্রেসলার নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘ঘোড়াটি ভয় পেয়ে খুব দ্রুত দৌড়াতে শুরু করেছিল।’
দুর্ঘটনাটি দেখে তিনি সঙ্গে সঙ্গে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন। ব্রেসলারের ভাষ্য অনুযায়ী, একজন প্রত্যক্ষদর্শী নিয়ন্ত্রণহীন ঘোড়াটির গতি কমাতে সক্ষম হন। তবে এর আগেই গাড়িটি উল্টে যায়।
গাড়ি থেকে পড়ে গিয়ে রোমাঞ্চের মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি নিস্তেজ হয়ে পড়ে থাকেন। পরবর্তীতে, তাকে নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান ওয়েইল কর্নেল মেডিকেল সেন্টারে নিয়ে গেলে রাতেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক
প্রতিবেদনে বলা হয়েছে, রোমাঞ্চের বাবা-মা এবং ছোট ভাই সামান্য আহত হন। তবে তাদের গাড়িটি আরেকটি ঘোড়ার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
এই দুর্ঘটনার পরে নিউইয়র্কে ঘোড়ার গাড়ি পরিচালনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এটি সাম্প্রতিক সময়ে ঘোড়ার গাড়ি-সংক্রান্ত একাধিক দুর্ঘটনার সর্বশেষ ঘটনা। ঘোড়ার গাড়িচালকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন বলেছে, এমন ঘটনা কখনোই ঘটার কথা ছিল না।
ইউনিয়নের সহসভাপতি আলেকজান্ডার কেম্প এক বিবৃতিতে বলেছেন, ‘দেখা যাচ্ছে চালক তার ঘোড়া থেকে অন্তত এক হাত দূরে ছিলেন। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কোনো চালকেরই ছবি তোলার জন্য গাড়ি ছেড়ে যাওয়ার কথা নয়। আমরা পূর্ণাঙ্গ তদন্তের পক্ষে।’
তিনি জানান, দুর্ঘটনায় জড়িত চালকের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ঘোড়ার গাড়িটির মালিক তাকে অনির্দিষ্টকালের জন্য সাময়িক বরখাস্ত করেছেন। এদিকে ঘটনার পর সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবিও আবার জোরালো হয়েছে। বর্তমানে ম্যানহাটনে ১০০টিরও বেশি ঘোড়ার গাড়ি চলাচল করে।
আরও পড়ুন: ইসরাইলের জনগণের সঙ্গে বিরোধ নেই, নীতি নিয়ে যুক্তরাজ্যের আপত্তি
নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য ক্রিস্টোফার মার্ট, যিনি আগামী বছরের শেষে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের একটি বিল উত্থাপন করেছেন, বলেন, ‘এটিকে আর বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা যাবে না। এই ট্র্যাজেডি যে জরুরি পদক্ষেপ দাবি করছে, সিটি কাউন্সিলকে তা নিতে হবে।’
পার্ক পরিচালনাকারী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাস থেকে সেন্ট্রাল পার্ক বা এর আশপাশে অন্তত আটটি ‘ঘোড়া-সংশ্লিষ্ট’ দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে গত মাসে একটি ঘোড়া আরেকটি গাড়িকে ধাক্কা দিলে সেটিও উল্টে গিয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন