ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর পরিকল্পনায় সিলেট-৩ আসনের এমপির বাসভবনে পেট্রোল বোমা হামলা


ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর পরিকল্পনায় সিলেট-৩ আসনের এমপির বাসভবনে পেট্রোল বোমা হামলা

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের (এম এ মালেক) বাসভবনে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলি এলাকায় তার বাসভবন খাজা মহলে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর দুপুরে এমপি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের ক্ষোভ প্রকাশ করেন এবং জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

হামলার বর্ণনা দিতে গিয়ে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেন, "আমি বাইরে থেকে এসে রাত ২টা ৪৫ বা ৩টার দিকে ঘুমাতে গিয়েছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে নিরাপত্তাকর্মীরা বাইরে গিয়ে দেখতে পান, একটি পিকআপে করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে আগুন ধরে যায়। তবে বাসায় ফায়ার এক্সটিংগুইশার থাকায় নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।"

এ ঘটনায় মানসিক ক্ষতির কথা উল্লেখ করে এমপি আব্দুল মালিক বলেন, "আমাদের ফায়ার এক্সটিংগুইশার থাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে। নাহলে তো একবারে পুরা বাড়ি এক মিনিটের মধ্যে শেষ হয়ে যেত। এই ঘটনায় পরিবারে মানসিক অশান্তি ও আতঙ্ক তৈরি হয়েছে। সবচেয়ে বড় একটা মানসিক ক্ষতি। এখন এই বাড়িতে কেউ থাকতে গেলেও রাত্রে ভয় পাবে। আমার ওয়াইফ তো মানে কালকে থেকে এক ধরনের একটা ডিপ্রেশনের মতোই, কারণ এইটাতে তারা তো অভ্যস্ত না। এই আমার ছেলেও সে রাত্রে বাইরে গেছে। এটা একটা মানসিক অশান্তি এবং লাইফের তো রিস্ক আছেই।"

আরও পড়ুন: নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হামলার পেছনে আওয়ামী লীগ ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংসদ সদস্য বলেন, "গত দিনও আমরা দক্ষিণ সুরমায় সন্ত্রাসবিরোধী র‌্যালি করেছি। এই সন্ত্রাসী চক্রকে ফান্ডিং ও উসকানি দেওয়া হচ্ছে। এমনকি আমরা এখানে কারো সঙ কথা বলার আগেই লন্ডন থেকে আওয়ামী লীগপন্থী সাংবাদিকরা হামলার ভিডিওসহ এ নিয়ে প্রথম নিউজ করেছে। দিল্লিতে বসে শেখ হাসিনা এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর পরিকল্পনায় এসব হচ্ছে।"

তিনি আরও দাবি করেন, এর আগেও লন্ডনে তাঁর ওপর একাধিকবার হামলা হয়েছে। এমনকি গাড়িতে ট্র্যাকার লাগিয়ে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলেও অভিযোগ করেন। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "খোদা না খাস্তা আমি যদি কোনো কারণে মারা যাই বা গুম হই, তবে এর জন্য তারাই দায়ী থাকবে।"

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এমপি আব্দুল মালিক বলেন, "গত ১৫–১৬ বছর মানুষ বাড়িতে ঘুমাতে পারেনি, কিন্তু এখন সবাই নিজ নিজ বাড়িতে শান্তিতে ঘুমাচ্ছে। আমি এমপি হওয়ার পর নিশ্চিত করেছি যেন আওয়ামী লীগের কেউও মানবাধিকার থেকে বঞ্চিত না হয় বা আমাদের দ্বারা কারো ক্ষতি না হয়।"

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ধৈর্য্য ধারণ করে চলার কথা জানিয়ে সংসদ সদস্য বলেন, "হুমকি-ধামকি বা মহড়া দিয়ে আমাকে দমানো যাবে না। ‘সবার আগে বাংলাদেশ’—এই আদর্শ নিয়ে আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।"

আরও পড়ুন: কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ জামান, সাধারণ সম্পাদক রফিক মন্ডল

পুলিশ জানায়, ভোরের দিকে পিকআপে করে এসে একদল দুর্বৃত্ত এম এ মালিকের বাসার বাইরে থেকে পেট্রলবোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে নাশকতাকারীরা। আগুনে তেমন ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এমএইচ

আরও পড়ুন: নারী নির্যাতন প্রতিরোধে আমতলীতে র‌্যালী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিক অসন্তোষে বাংলাদেশের পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত, ভারত পাচ্ছে সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


শ্রমিক অসন্তোষে বাংলাদেশের পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত, ভারত পাচ্ছে সুবিধা

বাংলাদেশে শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো দেশের তৈরি পোশাক খাত থেকে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর মধ্যে জারা, এইচঅ্যান্ডএমসহ উল্লেখযোগ্য অংশ প্রতিবেশী ভারতে যাচ্ছে। এছাড়া ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতেও পোশাকের ক্রয়াদেশ বৃদ্ধি পাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, নভেম্বরের প্রথম ১৮ দিনে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরিত হয়েছে। তিনজন কারখানামালিকের তথ্য অনুযায়ী, মাসের মোট ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো অন্য এশীয় দেশে সরিয়ে নিয়েছে। এর মধ্যে ভারতে সবচেয়ে বেশি ক্রয়াদেশ স্থানান্তরিত হয়েছে।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প। এ খাত দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি প্রদান করে। পাশাপাশি উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও এই শিল্পের ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে খাতটি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) হিসাব অনুযায়ী, শ্রমিক অসন্তোষের ফলে উৎপাদনে ৪০ কোটি ডলারের বেশি ক্ষতি হয়েছে।

শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শ্রমিক অসন্তোষের পাশাপাশি মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের কম খরচে পোশাক উৎপাদনের সক্ষমতাকে চাপে ফেলছে। ফলে আন্তর্জাতিক ক্রেতারা, যারা চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ, সেখান থেকে মুখ ফিরিয়ে বিকল্প উৎপাদন কেন্দ্রের দিকে ঝুঁকছেন।

ভারত পাচ্ছে সবচেয়ে বেশি ক্রয়াদেশ

শিল্প উদ্যোক্তাদের মতে, বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া ক্রয়াদেশের সবচেয়ে বড় অংশ ভারতে যাচ্ছে। একই সঙ্গে ক্রেতারা সরবরাহব্যবস্থার ঝুঁকি কমানো এবং নির্ধারিত সময়ে পণ্য হাতে পেতে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াকেও বেছে নিচ্ছেন।

গত বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সরকার তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত চার দশকের মধ্যে এটিই সবচেয়ে কম হারে মজুরি বৃদ্ধির ঘটনা। যদিও শ্রমিকদের দাবি ছিল, মজুরি দ্বিগুণের বেশি বাড়াতে হবে। নতুন মজুরি ঘোষণার পরেও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তারাফদার এই মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ বলে অভিহিত করেছেন।

শিল্প উদ্যোক্তাদের আশঙ্কা, মজুরি বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রম ব্যয়ের প্রতিযোগিতামূলক সুবিধা আরও কমে যাবে। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলোর বক্তব্য, আন্তর্জাতিক পোশাক শিল্পের মানদণ্ডে বাংলাদেশের শ্রমিকদের মজুরি এখনো অনেক কম।

সরকারের গঠিত মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আখতার বলেন, শ্রমিক অসন্তোষকে অজুহাত হিসেবে দেখিয়ে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নেওয়া ঠিক নয়। রাজনৈতিক অস্থিতিশীলতা ও শ্রমিক অসন্তোষের বিষয়গুলো ক্রেতারা আগে থেকেই বিবেচনায় রাখেন। তাই এসব কারণ দেখিয়ে ক্রয়াদেশ স্থানান্তরের সিদ্ধান্ত কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে তিন কারখানামালিক জানান, শ্রমিক অসন্তোষের কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড তাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে। এসব ক্রয়াদেশের বড় অংশ ভারত পেয়েছে।

জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। একইভাবে মার্কস অ্যান্ড স্পেনসার, এইচঅ্যান্ডএম ও সেলিওও মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর ভারতের বস্ত্র খাতের কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম সর্বোচ্চ ১১ শতাংশ এবং ট্রাইডেন্টের প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ারের দামও প্রায় ২ শতাংশ করে বেড়েছে।

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি, জ্বালানি, অন্যান্য পরিষেবা ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় পোশাক উৎপাদনকারীরা বাড়তি চাপের মধ্যে রয়েছেন। একদিকে ক্রেতারা পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতাও বাড়ছে। এর মধ্যে মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় আরও বেড়েছে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান অবশ্য নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করেননি। তবে তিনি মনে করেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং আর্থিক ক্ষতি কমানো সম্ভব।

ভবিষ্যতের ক্রয়াদেশ হারানোর শঙ্কা

বাংলাদেশের পোশাক শিল্পের উদ্যোক্তাদের বড় উদ্বেগ এখন শুধু বর্তমান ক্রয়াদেশ হারানো নয়, বরং ভবিষ্যতের ব্যবসাও হাতছাড়া হওয়ার আশঙ্কা। আন্তর্জাতিক ক্রেতারা পোশাক উৎপাদনের জন্য বিকল্প দেশগুলোর সক্ষমতা নতুন করে যাচাই করছেন। এতে দীর্ঘমেয়াদে বাংলাদেশের বাজার হারানোর ঝুঁকি তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশের পোশাক কারখানাগুলোতেও। জ্বালানির অভাবে উৎপাদন ব্যাহত হওয়ায় কিছু কারখানাকে বেশি খরচে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে।

মহিউদ্দিন চৌধুরী বলেন, বর্তমানে ক্রেতাদের কাছে পণ্যের দামের চেয়ে নির্ধারিত সময়ে সরবরাহ নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সময়মতো পণ্য পৌঁছানোর বিষয়টি নিশ্চিত না হলে কম দামে পণ্য উৎপাদনের সুবিধাও ক্রেতাদের কাছে গুরুত্ব হারায়।

তার দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশি সরবরাহকারীদের তুলনায় ভারত থেকে প্রায় এক সপ্তাহ আগে পণ্য সরবরাহ করা সম্ভব। অন্যদিকে ভিয়েতনাম ও কম্বোডিয়া এ ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত সময় বাঁচাতে পারে। এসব প্রতিদ্বন্দ্বী দেশে সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে উৎপাদন ও সরবরাহ সম্পন্ন হয়। অথচ বাংলাদেশে একই প্রক্রিয়ায় প্রায় ১২০ দিন সময় লাগে।

উৎপাদন ব্যাহত হওয়ায় ঢাকার আশপাশের অনেক পোশাক কারখানায় ২০ থেকে ২৫ দিনের কাজ জমে আছে। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে কোনো কোনো প্রতিষ্ঠান শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করানো এবং বেশি খরচে আকাশপথে পণ্য পাঠানোর পরিকল্পনা করছে।

ইউরোপের বিভিন্ন ব্র্যান্ডে পোশাক সরবরাহকারী অ্যালপস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম বলেন, শ্রমিক অসন্তোষের কারণে কারখানাগুলোতে নতুন ক্রয়াদেশ আসার পরিমাণ ইতোমধ্যে কমে গেছে।

তিনি জানান, ১ নভেম্বর থেকে তার অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। ক্রেতারা জানিয়েছেন, তাদের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এরই মধ্যে তারা বিকল্প উৎপাদন ব্যবস্থা গড়ে তুলেছেন।

এদিকে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক উত্তেজনা নতুন করে অস্থিরতার আশঙ্কা বাড়াচ্ছে।

শিল্প উদ্যোক্তারা মনে করছেন, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা এবং কারখানায় নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। মহিউদ্দিন চৌধুরীর আশঙ্কা, অস্থিরতার সময়ে যেসব ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও সেগুলো বাংলাদেশে ফিরে নাও আসতে পারে।

তিনি বলেন, সাময়িকভাবে অন্য দেশে সরিয়ে নেওয়া ক্রয়াদেশ যেন দীর্ঘমেয়াদি সিদ্ধান্তে পরিণত না হয়, সে জন্য আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্র্যান্ডগুলোর হাতে বিকল্প উৎপাদন কেন্দ্র রয়েছে। অস্থিরতা অব্যাহত থাকলে তারা বাংলাদেশের জন্য অপেক্ষা করবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদো: ব্রাজিলের বর্তমান স্কোয়াড বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী নেই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


রোনালদো: ব্রাজিলের বর্তমান স্কোয়াড বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী নেই

দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর থেকে খালি হাতে ফিরছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর সেলেসাওরা আর ফাইনালেই উঠতে পারেনি; সর্বশেষ ২০২৬ বিশ্বকাপে কার্লো আনচেলত্তির অধীনে শেষ ৩২–এ নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

বর্তমান দলের এই দুরবস্থা ও হেক্সা অধরার নেপথ্য কারণ নিয়ে এবার সরাসরি কথা বলেছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও।

‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো মন্তব্য করেন, এখন আর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই এবং দলের ভেতরে আগের সেই সংহতিও দেখা যাচ্ছে না।

তার মতে, ব্রাজিলের খেলোয়াড়রা এখন ইউরোপীয় ফুটবলারদের অনুকরণ করার পথে হাঁটছে, অথচ একসময় নিজেদের সহজাত প্রতিভার ওপর ভর করে যে প্রবল আত্মবিশ্বাস তৈরি হতো, তা আজ দুর্বল হয়ে পড়েছে।

অন্যদিকে আধুনিক ইউরোপীয় দলগুলো অনেক বেশি শক্তিশালী, দ্রুতগতির এবং সুসংগঠিত হয়ে উঠেছে।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার লড়াকু মানসিকতা প্রসঙ্গ টেনে রোনালদো বলেন, প্রতিদ্বন্দ্বীদের এমন লড়াইয়ের স্পৃহা দেখলে ব্রাজিলের সমর্থকদের কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কারণ বর্তমান ব্রাজিল দলে সেই তাড়না অনুপস্থিত।

স্পষ্ট ভাষায় তিনি জানান, বিশ্বমঞ্চে আধিপত্য ফেরাতে হলে কেবল নামে নয়, শক্তি ও ঐক্যেও বদল আনতে হবে।

সাবেক দুই ইংলিশ ফুটবলার গ্যারি নেভিল ও জেমি ক্যারাঘারের সঙ্গে ওই আলোচনায় নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অতীত আক্ষেপও তুলে ধরেন রোনালদো। ১৯৯৭ সালে বার্সেলোনায় লা লিগা ও কাপ উইনার্স কাপ জয়ের দারুণ সাফল্যের পর ইন্টার মিলানে পাড়ি জমানোর পেছনে বড় কারণ ছিল আর্থিক প্রস্তাব।

রোনালদোর ভাষ্য অনুযায়ী, বার্সায় বছরে দুই মিলিয়ন আয় করলেও ইন্টার তার রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করে বার্ষিক বেতন চার গুণ বাড়িয়ে আট মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেওয়ায় তিনি ইতালিতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এ ছাড়া ১৯৯৬ সালের ব্যালন ডি’অর ভোটে ডিফেন্ডার ম্যাথিয়াস সামারের কাছে দ্বিতীয় হওয়ার স্মৃতিতেও তখন ক্ষুব্ধ ছিলেন তিনি। বার্সার জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স ও প্রচুর গোলের পরও পিছিয়ে পড়াটা মানতে পারেননি রোনালদো। তবে ইন্টার মিলানে প্রথম মৌসুমেই ১৯৯৭ সালে এবং পরবর্তীতে ২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর ফের ব্যালন ডি’অর জিতে সেই আক্ষেপ ঘোচান এই কিংবদন্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে বিসিআইসির বাফার গুদাম উদ্বোধন করলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব

আন্তর্জাতিক ডেস্ক

‎সুনামগঞ্জ প্রতিনিধি : মোহাম্মদ নূর

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


সুনামগঞ্জে বিসিআইসির বাফার গুদাম উদ্বোধন করলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব

সুনামগঞ্জে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) বাফার গুদামের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার রাধানগর পয়েন্ট সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে গুদামটির উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এ সময় উপস্থিত ছিলেন বিসিআইসির চেয়ারম্যান ও সচিব মো. বাবুল মিঞা।
‎
‎জানা যায়, সরকারি সফরে সুনামগঞ্জে এসে শিল্প মন্ত্রণালয় ও বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এরই ধারাবাহিকতায় বিসিআইসির সুনামগঞ্জ বাফার গুদাম পরিদর্শন, উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‎
‎অনুষ্ঠানে বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক) ও যুগ্মসচিব মো. মনিরুজ্জামান, পরিচালক (অর্থ) ও যুগ্মসচিব কামরুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) ও যুগ্মসচিব মুঃ খায়রুজ্জামান এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) গাজী সাহিনুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আদিত্য পাল। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুনামগঞ্জ সদর উপজেলার অনুমোদিত বিসিআইসি সার ডিলাররা উপস্থিত ছিলেন।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলার ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের অনুমোদিত সার ডিলারদের মধ্যে মেসার্স মামুন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আকাশ চন্দ্র দাশ, মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের শামীম আহমদ, রাইসা বীজঘরের ছাদিকুর রহমান, মেসার্স ফারহান এন্টারপ্রাইজের আফাজ উদ্দিন, মামুন এন্টারপ্রাইজের মামুন আহমদ, জামাল এন্টারপ্রাইজের জামাল উদ্দিন, মেসার্স ফাতেমা ট্রেডার্সের মনির উদ্দিন, মেসার্স আমিন ট্রেডার্সের রুহুল আমিন, মেসার্স সুরমা এন্টারপ্রাইজের রিয়াজুর রহমান রিজুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।
‎
‎উল্লেখ্য, কৃষকদের কাছে সরকারি সার সরবরাহ ব্যবস্থাকে আরও গতিশীল ও সহজলভ্য করার ক্ষেত্রে বাফার গুদামটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

॥ মোফাজ্জেল হোসাইন ॥

বরিশাল, ২৮ নভেম্বর, ২০২৬ : বরিশালের বস্তিতে বেড়ে ওঠা শিশুরা পড়াশোনার প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও বিভিন্ন বাঁধা বিপত্তির কারণে পিছিয়ে পড়ছে। আর্থিক অসচ্ছলতা, সামাজিক বৈষম্য এবং নানান সমস্যা তাদের শিক্ষা জীবনকে মাঝপথে থমকে দিচ্ছে। এই পরিস্থিতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ-তরুণী এগিয়ে এসেছে এসব শিশুদের ঝরে পড়া রোধ করতে।

জেলা সমাজ সেবা কর্মকর্তা জানিয়েছেন, তারা শিশুদের শিক্ষা জীবনকে এগিয়ে নিতে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

বরিশাল নগরীর স্টেডিয়াম কলোনী, যা কীর্ত্তনখোলা নদীর পাড় ঘেঁষে অবস্থিত, এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তবে, সকল শিক্ষার্থী স্কুলে যেতে পারছে না। অনেকের লেখাপড়ার ইচ্ছা থাকলেও অর্থনৈতিক অসচ্ছলতার কারণে তাদের কাজে যেতে হচ্ছে। এর ফলে, এখানকার বেশিরভাগ শিশু শিক্ষা জীবন থেকে পিছিয়ে পড়ছে।

ঝরে পড়া ঠেকাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীরা একটি সাপ্তাহিক পাঠদান কর্মসূচি চালু করেছে। তারা শিশু শিক্ষার্থীদের জন্য ফেরিওয়ালার মতো কাজ করছেন। অর্ধশতাধিক শিশুকে নিয়মিত পাঠদান করছেন তারা। এই পাঠদান শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী ও আনন্দময় করতে গান, কবিতা ও গল্প শেখানো হচ্ছে। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত কীর্ত্তনখোলা নদীর পাড়ে এই কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন।

পদাতিক সামাজিক সাংস্কৃতিক মঞ্চের সভাপতি ভূমিকা সরকার বাসস’কে বলেন, "আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে ঠিক করলাম যে বাচ্চাদের জন্য কিছু করা যায় কি-না। আমরা খুঁজতে শুরু করি বরিশাল শহরের কোন কোন জায়গায় শিশুরা পড়াশোনা করতে পারছে না। এখানে এমন সব শিক্ষার্থী রয়েছে যাদের বয়স হয়েছে অথচ তারা নূন্যতম শিক্ষা টুকু জানে না। আমরা তাদেরকে শিক্ষার আওতায় আনার চেষ্টা করছি।"

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শিশুদের শিক্ষা দিতে পেরে খুশি। তারা বলছেন, শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। পাশাপাশি, শিশুদের বিষয়ে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, "এখানকার বাচ্চারা সুবিধা বঞ্চিত, দারিদ্রতার কারণে হোক বা পরিস্থিতির কারণেই হোক, ওদের যে শিক্ষা পাওয়ার কথা তা ওরা এখনো পায়নি। খুব সামান্য বিষয়গুলো ওরা পারছে না, যে জিনিসগুলো দেখা যায় শহরের শিশুরা অনেক এগিয়ে কিন্তু ওরা তার চেয়ে পিছিয়ে রয়েছে। আমরা মাঝেমধ্যে এসে দেখি ওদের কলম খাতা কিছুই নেই।"

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী লাবনী আক্তার সেতু বলেন, "আমরা ত্রিশ গোডাউনের দর্শনীয় স্থান হিসেবে ঘুরতে আসতাম। আমরা তখন দেখেছি এখানে অনেক শিক্ষার্থী রয়েছে তবে মৌলিক শিক্ষা পাচ্ছে না। আমরা দেখেছি এরা অধিকার বঞ্চিত। আমরা প্রথম পর্যায়ে ২০ থেকে ২৫ জন নিয়ে পড়ানো শুরু করি। ওরা পড়ার বিষয়ে খুবই আগ্রহী, কিছু কিছু ক্ষেত্রে এদের মেধা অনেক ভালো। আমরা দেখেছি এখানকার বেশিরভাগ শিক্ষার্থী স্কুলে যাচ্ছে না। অন্ততপক্ষে এদের যদি প্রাথমিক শিক্ষাটা নিশ্চিত করা যায় তাহলে ভালো হতো।"

স্টেডিয়াম কলোনির শিশু থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়া শিক্ষার্থীরা কীর্তনখোলার পাড়ে এখানে পড়তে আসছে। তারা বলছে, বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীরা তাদের সুন্দরভাবে পড়াশোনা করাচ্ছে।

বাইরে টাকা দিয়ে কোচিং করতে না পারলেও এখানে দুই দিনের ক্লাসে তারা অনেক কিছু শিখতে পারছে। এখানে পড়েই দু’জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে।

অভিভাবক দেলোয়ারা বলেন, "বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা আমাদের গরীবের ছেলে মেয়েদের পড়াশোনা শেখাচ্ছে। আমাদের সামর্থ্য না থাকায় আমরা পড়াশোনা করাতে পারছি না। রাস্তার ওপরে বসে পড়ার কারণে একটু সমস্যা হয়, তাই আমরাও দাবি করছি এদের যেন একটি ভাল জায়গার ব্যবস্থা করে দেয়া হয়।"

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উদ্যোগকে সমাজসেবা কর্মকর্তা স্বাগত জানিয়েছেন। তিনি জানিয়েছেন, দরিদ্র শিক্ষার্থীদের জন্য সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসন কাজ করবে। জেলা প্রশাসন ও সমাজসেবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক।

বরিশাল সমাজ সেবার ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ বাসস’কে বলেন, "আমি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই কারণ, তারা শিক্ষার্থী হয়েও অন্যান্য শিক্ষার্থীদের পড়াশোনা করাচ্ছে। আমি নিজে ইতোমধ্যে তাদের এই পাঠদান কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করেছি। যারা এখনো পড়াশোনা করার জন্য স্কুল ড্রেস কিনতে পারছে না, বই খাতা কিনতে পারছে না, তাদের ব্যাপারে আমি জেলা প্রশাসক এবং সমাজসেবা বিভাগের উপ পরিচালকের সাথে আলাপ করে উদ্যোগ নেব।"

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ফেরিওয়ালা এই শিক্ষার্থীরা বিশ্বাস করেন, সুন্দর একটি জাতি গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই তারা আশা করেন, শুধু স্টেডিয়াম কলোনি নয় বরিশালের সকল সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াবে সবাই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%