শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:০০ পি.এম
এবিজি স্পোর্টস সিটির লক্ষ্য শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তারা চায় প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে অবদান রাখুক। এবিজি তাদের পরিকল্পনা করছে, টুর্নামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বের করে ভবিষ্যতে নিজেদের ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করার জন্য।
এজন্য প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি বাছাই ও পরিচর্যার প্রক্রিয়া গড়ে তুলতে আগ্রহী। এবিজি স্পোর্টস সিটি তরুণ-তরুণীদের কর্মসংস্থানের উদ্যোগও গ্রহণ করছে। আজ আনভীর ক্রিকেট স্টেডিয়ামে এবিজি ইউনিভার্সিটি কাপের ফাইনালে উপস্থিত হয়ে এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান এ তথ্য জানিয়েছেন।
সোনারগাঁও ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ফাইনাল চলাকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইমরুল। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা চাই দেশের তরুণ সমাজ খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকুক। এবিজি স্পোর্টস সিটিতে কর্মসংস্থানেরও অনেক সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের যোগাযোগ তৈরি হচ্ছে। আমরা আশা করছি, এর মাধ্যমে এবিজি স্পোর্টস সিটিতে অনেক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ হবে।’
বিশ্ববিদ্যালয় ক্রিকেটে প্রতিভার সন্ধান মিলবে এমন আশা ব্যক্ত করেছেন ইমরুল। তার বিশ্বাস, যথাযথ পরিচর্যা পেলে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেটারদের অনেকেই ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। তিনি বলেন, ‘আজকের ফাইনালে আপনারা দেখেছেন, কয়েকজন ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করছে। তাদের যথাযথভাবে গাইড করা গেলে হয়তো শুরুতে জাতীয় দলে না হলেও অন্তত প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। তাদের পরিচর্যা করা গেলে ভবিষ্যতে জাতীয় দলেও সার্ভিস দিতে পারবে।’
ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করার কথা জানিয়ে ইমরুল বলেন, ‘বসুন্ধরা কিংসের মাধ্যমে আমরা ফুটবলে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছি। এবার ক্রিকেটেও আসার পরিকল্পনা রয়েছে। আমাদের ইচ্ছে, এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে দীর্ঘমেয়াদি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে আমাদের ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করা।’
এছাড়া, আগামী জানুয়ারিতে অন্তত ৩২টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান ইমরুল হাসান। তিনি বলেন, ‘আগামী জানুয়ারিতে অন্তত ৩২টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরও বাড়তে পারে। পর্যায়ক্রমে এই আয়োজনের পরিসর আরও বাড়ানো হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোরের লালপুরে নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ১৮ বছর বয়সী শামসুন্নাহার সুমনার মৃত্যু ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পুরাতন ঈশ্বরদী পূর্বপাড়া গ্রামে তার বাবার বাড়িতে এই ঘটনা ঘটে। ঘরের জানালা দিয়ে মেয়েকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বাবা। এরপর দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তিনি মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নিহত শামসুন্নাহার সুমনা ওই গ্রামের এস এম ইব্রাহিম হোসেনের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তার বাবা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মেয়েকে দেখতে পান। পরে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ