ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন মা


কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন মা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলায় পাঁচ মাস কারাবাস শেষে ছেলের বিরুদ্ধে মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর, প্রাণের ভয়ে এক মা ঘরবাড়ি ছেড়ে প্রশাসনের কাছে সাহায্য চাইতে বেরিয়ে পড়েছেন।

সোমবার (২ নভেম্বর) ওই নারীকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য পরামর্শ দিয়েছেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ।

ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাতআঙ্গারীয়া গ্রামের (দফাদার পাড়া) প্রয়াত হবিবর রহমানের স্ত্রী নাসিমা বেওয়া (৪৭) তিন বছর আগে স্বামী মারা যাওয়ার পর ছেলে রাজু মিয়া (২২), তার স্ত্রী, নাতি মিনহাজ (৭) এবং ছোট ছেলে লিমনকে (১৮) নিয়ে একই বাড়িতে বসবাস করতেন।

আরও পড়ুন: খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বড় ছেলে রাজু মিয়া মাদকাসক্ত হয়ে পড়লে তার নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী বছরখানেক আগে সন্তান ও স্বামীকে রেখে ঢাকায় চলে যান। এরপর থেকে রাজু আরও বেপরোয়া হয়ে ওঠে।

প্রতিবেশীরা জানান, মাদকের টাকার জন্য রাজু মায়ের ওপর নানা অত্যাচার ও নির্যাতন চালায় এবং ঘরের জিনিসপত্র বিক্রি করে দেয়। এ অবস্থায় চলতি বছরের ২ জুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক রাজুকে ১০০ টাকা জরিমানা ও পাঁচ মাসের কারাদণ্ড দেন।

স্বজনরা জানান, রাজু জেলে যাওয়ার পর তার ছোট ভাই লিমন ভয়ে ঢাকায় চলে যান। রবিবার, পাঁচ মাস জেল খেটে মুক্তি পাওয়ার পর রাজু মোবাইলে মাকে প্রাণনাশের হুমকি দেন। কোনো উপায় না পেয়ে মা নাসিমা নাতিকে নিয়ে ওইদিনই বাপের বাড়ি পাইকের চড়া চলে যান।

রাজু বাড়িতে ফিরে ঘরবাড়িতে ভাঙচুর চালান এবং মাকে খুঁজতে থাকেন। এ ঘটনায় রাতেই নাসিমা থানায় গেলে পুলিশ ইউএনওর সঙ্গে যোগাযোগ করতে বলেন।

আরও পড়ুন: টঙ্গীর এরশাদনগরে দুই যুবককে হত্যাচেষ্টার অভিযোগ, হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন টঙ্গী

পুলিশের পরামর্শে ওইদিন দুপুরে ইউএনওর দপ্তরে গিয়ে ঘটনার বর্ণনা দিয়ে প্রাণ বাঁচানোর দাবি জানান নাসিমা।

প্রাণ বাঁচানোর আকুতি জানিয়ে নাসিমা বলেন, ‘আমি বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। থানায় গেছি, তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে যেতে বলেছে। ওনার কাছে আসলাম উনি আবার থানায় যেতে বলল। রাজু দেখা পেলে আমাকে মেরে ফেলবে।’

সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল লতিফ বলেন, ‘নাসিমার বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে রাতেই আমি ঘটনাস্থলে যাই। কিন্তু রাজু কোনো কথাই শুনতে চায় না।

‘সে তার মাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং ঘরের তালা ও বেড়া ভেঙে ফেলেছে। মাঝে মাঝে সে আত্মহত্যার হুমকিও দিচ্ছে। প্রাণ ভয়ে তার মা নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে।’

আরও পড়ুন: রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

ইউএনও অমৃত দেব নাথ বলেন, ‘অভিযোগকারী নারী আমার কাছে এসেছিল, তাকে থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে।’

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, ‘উনি (নাসিমা) এসেছিলেন কিনা আমি কোর্টে থাকার কারণে জানি না। উনি এলে জিডি গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় চিকিৎসার নামে কিশোরীকে দৈহিক মেলামেশায় বাধ্য করে অন্তরঙ্গ ভিডিও ধারণ, ৭ জনের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২০ পি.এম


কলাপাড়ায় চিকিৎসার নামে কিশোরীকে দৈহিক মেলামেশায় বাধ্য করে অন্তরঙ্গ ভিডিও ধারণ, ৭ জনের বিরুদ্ধে মামলা

কলাপাড়ায় চিকিৎসার নামে অসুস্থ এক কিশোরীকে প্রতারণার শিকার করা হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে দৈহিক মেলামেশায় বাধ্য করা হয়েছে এবং অন্তরঙ্গ ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে, ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরী ও তার মাকে হয়রানি এবং ব্ল্যাকমেইল করা হয়েছে। সর্বশেষ, কিশোরীর বাড়িতে গিয়ে তাকে বিয়ে না করার কথা জানানো হয়েছে এবং বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়েছে।

এ ঘটনায় কবিরাজ তাইজুল ইসলাম মুসা, তার স্ত্রী ফাহিমা বেগমসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা মেহেদী হাসান রিয়াজ। মামলাটি গত ৩১ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (২০২৬ সালের সংশোধনীসহ) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর বিভিন্ন ধারায় করা হয়েছে।

মামলার এজাহারে মনসাতলী গ্রামের কবিরাজ তাইজুল ইসলাম মুসা (৪০), তার স্ত্রী ফাহিমা বেগম (২৮), গলাচিপা উপজেলার অসিম গাজী (৩৫), কলাপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল গনি মুন্সী (৩৮), চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের রাসেল আকন (৩৮), নাচনাপাড়া গ্রামের আব্দুল ওয়াদুদ (৫০) ও রমজান গাজী (২৮)-এর নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, মেহেদী হাসান রিয়াজ কর্মস্থলের কারণে বরিশালের রূপাতলীতে থাকেন। তার স্ত্রী ও কিশোরী মেয়ে কলাপাড়ার নাচনাপাড়ায় আব্দুল ওয়াদুদের বাড়িতে ভাড়া থাকেন। রিয়াজের প্রথম স্ত্রীর সন্তান ওই কিশোরী। প্রায় ১৪ বছর আগে দ্বিতীয় বিয়ে করার পর থেকে কিশোরী তার সৎমায়ের সঙ্গে কলাপাড়ায় বসবাস করছেন। রিয়াজ মাঝেমধ্যে সেখানে এসে থাকতেন।

এজাহারে বলা হয়েছে, কিশোরী অসুস্থ থাকায় তার পরিবার বিভিন্নভাবে চিকিৎসার চেষ্টা করছিল। এ সময় পূর্বপরিচিত অসিম গাজীর মাধ্যমে কবিরাজ তাইজুল ইসলাম মুসার সঙ্গে তাদের পরিচয় হয়। চিকিৎসার নামে তাইজুল নানা কৌশলে কিশোরীকে ফুসলিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেন এবং তার সঙ্গে দৈহিক মেলামেশা করেন। এ সময় অন্তরঙ্গ মুহূর্তের কিছু দৃশ্য মোবাইল ফোনে ধারণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী সময়ে ওই ভিডিও ব্যবহার করে কিশোরীকে একাধিকবার দৈহিক মেলামেশায় বাধ্য করার অভিযোগও আনা হয়েছে। একপর্যায়ে কিশোরী ও তার মা তাইজুল এবং অসিমকে বিয়ের বিষয়ে চাপ দেন। এর পরিপ্রেক্ষিতে আসামিরা ভিডিওগুলো মোবাইল ফোন থেকে পেনড্রাইভে নিয়ে কিশোরীর বাড়িতে গিয়ে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হবে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এতে ওই পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন কিশোরীর বাবা।

এ বিষয়ে কবিরাজ তাইজুল ইসলাম মুসা বলেন, "প্রভাবশালী মহলের সাথে কথা হয়েছে বলে বিষয়টি এড়িয়ে যান। আমি কলাপাড়া ছিলাম। ব্যক্তিগত কাজে দুরে আছি। আপনার সাথে সাক্ষাতে কথা হবে বলে ফোনটি কেটে দেয়।"

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে তুরাগ নদীতে ডুবে পোশাকশ্রমিক আবু হাসানের মৃত্যু, ৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


গাজীপুরে তুরাগ নদীতে ডুবে পোশাকশ্রমিক আবু হাসানের মৃত্যু, ৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে ডুবে ২৫ বছর বয়সী আবু হাসান নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু ঘটেছে। নিখোঁজ থাকার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের বড়ইবাড়ী এলাকায় নদীতে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবু হাসান জয়পুরহাটের পাঁচবিবি থানার তাজপুর এলাকার বাবু হোসেনের পুত্র। তিনি কালিয়াকৈরের বোর্ডমিল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় লিজ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা, নিহতের পরিবার এবং ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা কয়েক দিন ধরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করে আসছেন। এর ধারাবাহিকতায় সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে বিজিবি, পুলিশ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিজিবির এক সদস্য ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন পোশাক কারখানায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

কারখানায় ছুটি থাকায় দুপুরে আবু হাসান কয়েকজন সহকর্মীকে নিয়ে উপজেলার কালিয়াদহ এলাকায় তুরাগ নদে মাছ ধরতে যান। পরে তিনি চার সহকর্মীর সঙ্গে নদী সাঁতরে বড়ইবাড়ী এলাকায় যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার চার সহকর্মী সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও আবু হাসান পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনার পর সহকর্মীরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে তারা তাকে উদ্ধার করতে না পারায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল নদীতে অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে আবু হাসানের মরদেহ উদ্ধার করে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি ইউনিটের টিম লিডার ইদ্রিস আলী জানান, খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নিখোঁজ পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাইওয়ানে বাবার লাশ হিমঘরে, শেষবারের মতো দেখতে চায় দুই সন্তান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


তাইওয়ানে বাবার লাশ হিমঘরে, শেষবারের মতো দেখতে চায় দুই সন্তান

তাইওয়ানের দূরবর্তী স্থানে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মো. আনিসুর রহমান (৫২) পাড়ি জমিয়েছিলেন; কিন্তু দুর্ভাগ্যবশত, সেখানে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।

নিউ তাইপে সিটির একটি হাসপাতালের হিমঘরে তার নিথর দেহ পড়ে রয়েছে। দেশে তার দুই সন্তান বাবার লাশ শেষবারের মতো দেখার জন্য অপেক্ষা করছেন।

আর্থিক অসচ্ছলতার কারণে আনিসুরের লাশ দেশে ফিরিয়ে আনার খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। এই অবস্থায় তার শোকাহত স্ত্রী, সন্তান ও স্বজনরা সরকারের জরুরি সহযোগিতা কামনা করেছেন স্বামীর লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের আবুল বাসার মুন্সী ও ফিরোজা বেগমের ছেলে মো. আনিসুর রহমান চলতি বছরের ২২ জুন জীবিকার সন্ধানে ‘ট্যুরিস্ট ভিসায়’ তাইওয়ান যান। গত ৩১ অক্টোবর সকালে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নিউ তাইপে সিটির ‘ফু জেন ক্যাথলিক ইউনিভার্সিটি হাসপাতালে’ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে তার লাশ ওই হাসপাতালের হিমঘরে সংরক্ষিত রয়েছে। আনিসুরের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর থেকে পরিবারে চলছে শোকের মাতম।

মৃত আনিসুরের স্ত্রী শিলা আক্তার জানান, তাদের সংসারে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী মেয়ে জুম্মী রহমান এবং ষষ্ঠ শ্রেণির ছাত্র ছেলে জারিফ রয়েছে। বাবার মৃত্যুর খবরে তারা ভেঙে পড়েছে। সন্তানদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না স্বজনরা। তারা শুধু অপেক্ষা করছে- কখন দেশে ফিরবে বাবার লাশ, শেষবারের মতো তাকে দেখতে পাবে।

স্বামীর লাশ দেশে ফিরিয়ে আনতে সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেছেন শিলা আক্তার।

আবেদনে তিনি উল্লেখ করেন, তাইওয়ানে অবস্থানরত আনিসুরের ঘনিষ্ঠ বন্ধু ইয়াং জিয়ান-কাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তার মৃত্যু ও লাশ সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় দাপ্তরিক তথ্য পাওয়া যাবে। সরকারি উদ্যোগে লাশ দেশে আনা হলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তা গ্রহণের প্রস্তুতিও রয়েছে পরিবারের।

এদিকে আনিসুরের ভাই নাজমুল হক, আজিজুর রহমান ও আফজাল বলেন, বিদেশের মাটিতে ভাইয়ের লাশ পড়ে থাকার বিষয়টি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। নিজেদের অর্থায়নে লাশ দেশে ফিরিয়ে আনার মতো আর্থিক সামর্থ্য আমাদের নেই। সরকারের শীর্ষপর্যায় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর জরুরি হস্তক্ষেপ ছাড়া ভাইকে শেষবারের মতো দেখার সুযোগ আমাদের পক্ষে সম্ভব নয়।

লাশ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখার সুযোগ করে দিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর দ্রুত মানবিক সহযোগিতা কামনা করেছেন আনিসুরের স্ত্রী, সন্তান ও স্বজনরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লার নাঙ্গলকোটে এনজিওর মামলায় গৃহবধূ ফাতেমা জামিনে মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


কুমিল্লার নাঙ্গলকোটে এনজিওর মামলায় গৃহবধূ ফাতেমা জামিনে মুক্ত

কুমিল্লার নাঙ্গলকোটে ঋণের বকেয়া টাকা পরিশোধ নিয়ে বিরোধের কারণে পুলিশ ফাতেমা (২৪) নামের এক গৃহবধূকে গ্রেফতার করেছে।

একটি বেসরকারি সংস্থার (এনজিও) দায়ের করা মামলার ভিত্তিতে আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২ নভেম্বর) দুপুরে আদালতে নিয়ে যাওয়া হয় তাকে। পরে আদালত জামিন প্রদান করেন।

রোববার (১ নভেম্বর) রাতে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের চারজানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ফাতেমা ওই গ্রামের সাগর আহমেদের স্ত্রী।

ফাতেমার ভাই খলিল জানিয়েছেন, তার বোন একটি বেসরকারি সংস্থা থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের পুরো টাকা পরিশোধ করার পরও সংস্থাটির কর্মীরা তার কাছে আরও ৩৫ হাজার টাকা পাওনা দাবি করে আসছিলেন। রোববার সন্ধ্যায় সংস্থাটির লোকজন তার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে যান। এর কয়েক ঘণ্টা পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।

তবে ওই এনজিওর শাখা ব্যবস্থাপক ইমরুল কায়েস দাবি করেছেন, ফাতেমার কাছে তাদের প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা পাওনা রয়েছে। তিনি গত ৮-৯ মাস ধরে কোনো কিস্তি পরিশোধ করেননি। এ কারণে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ফাতেমাকে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানানো হয়েছিল এবং বকেয়া টাকা পরিশোধ করতে বলা হয়েছিল।

নাঙ্গলকোট থানার এএসআই আনোয়ার হোসেন বলেছেন, ফাতেমার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। পরোয়ানা কার্যকর করার জন্য একজন নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%