ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে


টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) এর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম, যিনি সুইডেন আসলাম নামেও পরিচিত, তাকে আবারও ৫ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান খান ৫ দিনের রিমান্ড শেষে আসলামকে আদালতে হাজির করেন এবং পুনরায় দশ দিনের রিমান্ডের আবেদন করেন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু তদন্তের জন্য হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, ঘটনার পেছনে ইন্ধনদাতাদের চিহ্নিত করা, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের সঠিক অবস্থান নির্ণয় করে গ্রেপ্তারের লক্ষ্যে সুইডেন আসলামকে পুনরায় পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন।

আরও পড়ুন: টাঙ্গাইলের গোসাই জোয়াইরে নিখোঁজ আদিবার মরদেহ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক

মামলার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলিতে হত্যা করে দুর্বৃত্তরা। টিটন হত্যার ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।

এজাহারে বাদী উল্লেখ করেন, টিটন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খাপুরা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্তি পান এবং এরপর ঢাকার হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকার একটি বাসায় বসবাস শুরু করেন।

বাদী এজাহারে আরও উল্লেখ করেন যে, টিটন অতীতে পরিবারের আর্থিক ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করে বড় ভাইয়ের সঙ্গে মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করছিলেন এবং একটি গরুর হাটের ইজারা (শিডিউল) কেনার পরিকল্পনা করেছিলেন।

এজাহারে ঘটনার পেছনে গরুর হাটের ইজারা (শিডিউল) নিয়ে বিরোধকে দায়ী করা হয়। বলা হয়, এই ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল (কিলার বাদল/কাইল্লা বাদল), শাজাহান ও রনিসহ (ভাঙ্গারি রনি) কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়।

আরও পড়ুন: পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা বাদশাহকে গ্রেপ্তার

২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষ তাকে ডেকেছে এবং তারা সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করতে চায়। পরের দিন ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ঢাবির শাহনেওয়াজ হোস্টেলের সামনে বটতলায় টিটনের ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা দুইজন অস্ত্রধারী ব্যক্তি এবং তাদের সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজনের পরিকল্পনায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

গুলিতে টিটনের ডান কানের উপরের অংশ, বাম ভ্রুর উপরের কপাল, পিঠের বাম পাশের নিচে ও ডান পাশের উপরের অংশ, বাম হাতের কনুইয়ের উপরের সামনের দিক ও নিচের অংশ এবং বাম বগলের নিচে গুরুতর আঘাত লাগে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এজাহারে আরও বলা হয়, ঘটনার খবর পেয়ে বাদী যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে ২৯ এপ্রিল ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পৌঁছে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন। তিনি নিউমার্কেট থানা পুলিশের প্রস্তুত করা সুরতহাল রিপোর্টের সময় উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করতে কিছুটা বিলম্ব হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এদিকে, গত ২২ নভেম্বর দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করার সময় সুইডেন আসলামকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন ২৩ নভেম্বর আদালত তার প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: সমাজকল্যাণমন্ত্রী

গোয়েন্দা সূত্রে জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ‘সুইডেন আসলাম’ নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক এবং তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান। আসলামের প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম এবং তার বাবার নাম শেখ জিন্নাত আলী। সুইডেন আসলামের পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকায় হলেও তিনি বেড়ে উঠেছেন রাজধানীর ইন্দিরা রোডে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: সমাজকল্যাণমন্ত্রী

নারী ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, "সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তি বিনষ্টের অপচেষ্টাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।"

তিনি শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সিতারাম মন্দিরে গজেন চন্দ্র বর্মন স্বপনের সভাপতিত্বে রাস পূজা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরো উল্লেখ করেন, "একটি মহল দেশে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করতে পারে।" তিনি বলেন, মন্দিরে হামলা বা প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়ে অন্যের ওপর দায় চাপানোর ষড়যন্ত্রও হতে পারে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। দুষ্কৃতকারীদের আইনের হাতে তুলে দিতে হবে।

তিনি আরও বলেন, "দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।" তাই পাড়া-মহল্লা, গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। সম্মিলিতভাবে শান্তি বিনষ্টকারীদের প্রতিহত করতে হবে।

মন্ত্রী সামাজিক শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে এটি অপরিহার্য।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখোয়াত হোসেন শিল্পীসহ হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা বাদশাহকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা বাদশাহকে গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর কমিটির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাদশাহকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৭নভেম্বর) দিবাগত রাতে উপজেলার জাঙ্গালীয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

শনিবার (২৮নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম বাদশাহ জাঙ্গালীয়া গ্রামের খোকন মিয়ার ছেলে। তিনি বর্তমানে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পৌরসদরের মধ্য পাকুন্দিয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাদশাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না নেতৃত্ব দেন।

সরকারবিরোধী কার্যক্রম পরিচালনা এবং এলাকায় বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে পাকুন্দিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দীন জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করে এলাকায় বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির চেষ্টার অভিযোগে জাহাঙ্গীর আলম বাদশাহকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের গোসাই জোয়াইরে নিখোঁজ আদিবার মরদেহ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


টাঙ্গাইলের গোসাই জোয়াইরে নিখোঁজ আদিবার মরদেহ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক

টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর এলাকা থেকে নিখোঁজ তিন বছরের শিশু মোছাঃ আদিবার মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় প্রতিবেশী এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার (২৮ নভেম্বর) টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শিশু আদিবার বাবা আমিনুল হক (২৯) জীবিকার তাগিদে গাজীপুরে ওয়ালটন কোম্পানিতে কর্মরত আছেন। তাঁর স্ত্রী শিরীন আক্তার (২৬) এবং মেয়ে আদিবা (০৩) টাঙ্গাইল সদরের গোসাই জোয়াইরে নিজ বাড়িতে বসবাস করতেন। গত ২৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো প্রতিবেশী আলিমের ছোট ছেলে আহসানের সঙ্গে খেলতে বের হয় আদিবা। সেদিন সকাল সাড়ে ১০টার দিকে মা শিরীন আক্তার খাবার খাওয়ানোর জন্য বাড়ির পাশের ইটের সলিং রাস্তায় গিয়ে মেয়েকে না পেয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে বাবা আমিনুল হক কর্মস্থল থেকে বাড়ি ফিরে পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে দিনভর খুঁজেও আদিবার সন্ধান পাননি।

পরদিন ২৬ নভেম্বর ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটে প্রতিবেশী ফরমান আলী (৬৫) ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিজের সিএনজি রাখার ঘরের সামনে এবং আলিমের বসতঘরের পেছনে শিশু আদিবার রক্তাক্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকারে বাবা ও প্রতিবেশীরা ছুটে এসে আদিবার কপাল, ঠোঁট ও নাকে থেতলানো এবং ছিলা জখমসহ মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, টাঙ্গাইলের মর্গে পাঠায়।

এ ঘটনায় শিশুটির বাবা আমিনুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন (এফআইআর নং-৫০, তারিখ- ২৬ নভেম্বর ২০২৬, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০)।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীর তত্ত্বাবধানে সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের নেতৃত্বে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারী দল পুলিশ পরিদর্শক (তদন্ত) ভীক্টর ব্যানার্জী ও এসআই (নিরস্ত্র) মোঃ রাশিদুল ইসলামসহ তথ্য-উপাত্ত ও স্থানীয় সোর্সের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী ছাবিনা আক্তার (৩৪, স্বামী- আলিম) ও আলিমকে (৩৬) হেফাজতে নেয়।

পুলিশ জানায়, ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ছাবিনা আক্তার ও আলিম আদিবাকে হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ গুম করার কাজে ব্যবহৃত একটি লুঙ্গি ও একটি টিনের চালের ড্রাম উদ্ধার করে জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত দুজনই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেলসির সংকটে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন কোচ জাবি আলোনসো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


চেলসির সংকটে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন কোচ জাবি আলোনসো

নটিংহ্যাম ফরেস্টের কাছে শুক্রবার ৩-২ গোলে হতাশাজনক পরাজয়ের পর কোচ জাবি আলোনসো চেলসির বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি স্বীকার করেছেন যে, চেলসি ‘কঠিন সময়ের’ মধ্য দিয়ে যাচ্ছে এবং সংকটে থাকা দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

আলোনসোর দল প্রিমিয়ার লিগে টানা তৃতীয় ম্যাচে পরাজিত হয়েছে। এই পরাজয়ের ফলে তারা পয়েন্ট তালিকার অষ্টম স্থানে নেমে গেছে।

লিগের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই পরাজিত হয়েছে ব্লুজরা। ফলে স্টামফোর্ড ব্রিজে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে আলোনসোর ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে।

ম্যাচের শুরুতেই ইগর জেসুসের গোলে ফরেস্ট এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে মরগান গিবস-হোয়াইট ব্যবধান দ্বিগুণ করেন।

ইমানুয়েল এমেগা ব্যবধান কমালেও গিবস-হোয়াইট আবারও গোল করেন।

আলোনসো বলেন, “এটি সবার জন্যই কঠিন সময়। আবারও হারতে হওয়ায় হতাশ লাগছে। তবে সমাধান খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যেতে হবে, আমরা থামতে পারি না।

“আমাদের আত্মবিশ্বাস কম। দল কোনো ফল ধরে রাখতে পারছে না। ২-১ ব্যবধানে পৌঁছানোর পরও আমরা গোল হজম করে ব্যবধান ৩-১ হতে দিয়েছি।

“কোনো কিছুই আমাদের পক্ষে যাচ্ছে না। এর জন্য আমরা নিজেরাই দায়ী এবং সমাধান খুঁজে বের করার দায়িত্বও আমাদের।”

চেলসি ইতিমধ্যে ১২ লিগ ম্যাচে ২৩ গোল হজম করেছে। আলোনসোর অদ্ভুত একটি সিদ্ধান্ত দলের দুর্বল রক্ষণকে আরও বিপাকে ফেলেছে। ইকুয়েডরের মিডফিল্ডার মইসেস কাইসেদোকে তিন ডিফেন্ডারের একজন হিসেবে খেলিয়েছিলেন তিনি।

এছাড়া, লিগ কাপের চলতি মৌসুমে লিভারপুলের বিপক্ষে হারের ম্যাচে পেনাল্টি মিস করা নিয়ে সেন্টার-ব্যাক ওয়েসলি ফোফানাকেও দলে রেখেছিলেন আলোনসো।

সিটি গ্রাউন্ডে চেলসির ক্ষুব্ধ সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয় ফোফানাকে। সাবেক চেলসি স্ট্রাইকার লিয়াম ডেলাপকে ফাউল করে পেনাল্টিও উপহার দেন তিনি।

ফোফানার বিষয়ে আলোনসো বলেন, “আমাদের সবাইকে সমর্থন দিতে হবে। দলে যে-ই থাকুক, তাকে সমর্থন করতে হবে।

“আমরা জানি, কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে। কাউকে আলাদা করে দেখছি না, বরং সবাইকে সহায়তা করতে চাই।”

চেলসির এই হতাশাজনক সময়ের মূল্যায়ন করতে বলা হলে আলোনসো ইঙ্গিত দেন, অনুশীলনে কঠোর পরিশ্রমই একমাত্র সমাধান।

চলতি মৌসুমে লিগে ষষ্ঠ হারের পর তিনি বলেন, “নিশ্চিতভাবেই আমরা আরও ভালো করতে পারি। এই পর্যায়ে খেলতে হলে ম্যাচের ফল ধরে রাখতে হয়। আর সেটি পারছি না বলেই সাম্প্রতিক ম্যাচগুলোতে হারছি।

“ফুটবলকে আমি এভাবেই বুঝি। যখন কোনো কিছু ঠিকঠাক চলে না, তখন কাজ করে যেতে হবে এবং সমাধান খুঁজতে হবে। এমনও হতে পারে, আমরা পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারব এবং সবকিছু আমাদের পক্ষে চলে আসবে।”

আলোনসোর অধীনে লিগে ষষ্ঠ পরাজয় সাবেক রিয়াল মাদ্রিদ ও বায়ার লেভারকুসেন কোচকে ঘিরে নতুন করে প্রশ্নের জন্ম দেবে।

২০২৪ সালে লেভারকুসেনকে ঐতিহাসিক বুন্দেসলিগা শিরোপা জেতালেও রিয়াল মাদ্রিদে মাত্র সাত মাস টিকতে পেরেছিলেন আলোনসো। পরে তাকে বরখাস্ত করা হয়।

বরখাস্তের আলোচনা আরও জোরালো হবার আগে সাবেক লিভারপুল মিডফিল্ডারের বুধবার পয়েন্ট তালিকার তলানিতে থাকা ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পাওয়া জরুরি।

আলোনসো বলেন, “সবাইকে একসঙ্গে থাকতে হবে এবং এই কঠিন সময় পার করতে হবে। পরিস্থিতি আমাদের সামাল দিতেই হবে।”

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%