ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে আইনশৃঙ্খলা ও বাল্যবিবাহ নিরোধ সভা অনুষ্ঠিত: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার


কাউখালীতে আইনশৃঙ্খলা ও বাল্যবিবাহ নিরোধ সভা অনুষ্ঠিত: সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষা, মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং যৌতুক ও বাল্যবিবাহ নিরোধের লক্ষ্যে এক মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবির, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক এনামুল হক এবং আরটিভির জেলা প্রতিনিধি রিয়াজ আহমেদ নাহিদসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ।

উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবির বলেন, কাউখালীকে মাদক, সন্ত্রাস ও সামাজিক ব্যাধিমুক্ত করতে দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাল্যবিবাহ ও যৌতুকের মত ব্যাধি আমাদের সমাজকে পেছনে টেনে রাখছে। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবারকেও এগিয়ে আসতে হবে। আমরা উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী বলেন, "উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক বিক্রেতা ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া বাল্যবিবাহের মতো অপরাধ রুখতে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোথাও কোনো অপরাধ বা নাশকতার চেষ্টা দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান বলেন, একটি সুন্দর ও নিরাপদ উপজেলা গড়তে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক অপরাধ দমন অত্যন্ত জরুরি। বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি আইনের প্রয়োগ জোরদার করা হবে। শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের সমন্বিত প্রচেষ্টায় কাউখালীকে একটি দৃষ্টান্তমূলক উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

সবশেষে, মুক্ত আলোচনা পর্বে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হত্যাচেষ্টা মামলায় কলিমউল্লাহকে গ্রেফতার দেখানোর আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


হত্যাচেষ্টা মামলায় কলিমউল্লাহকে গ্রেফতার দেখানোর আবেদন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মুস্তাঈন বিল্লাহ সাব্বিরকে হত্যাচেষ্টার মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।

বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন ঢাকার মহানগর প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন।

তিনি জানান, গত ২৮ জুলাই আসামি কলিমউল্লাহকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা উত্তর পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. আবু সাঈদ। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত আগামীকাল বৃহস্পতিবার শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

ওই আবেদনে বলা হয়েছে, হাজতি আসামি কলিমউল্লাহ এই মামলার ঘটনার সঙ্গে জড়িত রয়েছে বলে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। বর্তমানে তিনি জেল হাজতে আটক থাকায়, তাকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।

মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তদন্তকার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত কলিমউল্লাহকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।

২০২৫ সালের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমউল্লাহকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিনই জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ভিকটিম মুস্তাঈন বিল্লা সাব্বির। ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র স্বরনী রোড এলাকায় অবস্থানকালীন আসামিরা মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অন্যান্য আসামিদের সহায়তায় ছাত্র-জনতার ওপর অতর্কিতভাবে গুলি চালান। এ সময় একটি গুলি বাদীর বাম হাতের কনুইয়ের মাঝখানে লেগে বিপরীত পাশে বের হয়ে যায়। এ ঘটনায় তিনিসহ আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

উপস্থিত লোকজন বাদীকে উত্তরা হাইকেয়ার জেনারেল হাসপাতাল এবং পরে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) ভর্তি করেন। ওই ঘটনায় ভিকটিম বাদী হয়ে উত্তর পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন।

এ ছাড়া, ২৭ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের মামলায় এক লাখ টাকা মুচলেকায় পাসপোর্ট জমার শর্তে কলিমউল্লাহর জামিননামা দাখিল করেন তার আইনজীবীরা।

কলিমউল্লাহর আইনজীবী মহসিন রেজা জানান, গত ১৪ জুন তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমার সাপেক্ষে জামিননামা দাখিলের অনুমতি দেন আদালত। তারা জামিননামা দাখিল করেছেন। অন্য কোনো মামলা উপস্থিত না থাকায়, তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে চরম টানাপোড়েন, নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’ কি কার্যকারিতা হারাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:৩২ পি.এম


যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে চরম টানাপোড়েন, নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’ কি কার্যকারিতা হারাচ্ছে

রাজনৈতিক ও ব্যক্তিগত—উভয় দিক দিয়েই যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ককে এতদিন তার ক্ষমতার অপরিহার্যতা প্রমাণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। শৈশবের একটি দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে কাটানোর কারণে তিনি মার্কিন উচ্চারণে কথা বলার দক্ষতা অর্জন করেন, যা তাকে মার্কিন প্রেসিডেন্টদের ইসরায়েল ও তার নিজ রাজনৈতিক উদ্দেশ্যের পক্ষেও রাখতে সহায়তা করে।

দীর্ঘ সময় ধরে এমন ধারণা ছিল যে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ইসরায়েল এবং নেতানিয়াহুর জন্য সবচেয়ে ভালো ছিলেন—বিশেষ করে ইরানের বিরুদ্ধে যৌথ যুদ্ধে সম্মত হওয়ার পর। তবে, সে ইরান যুদ্ধ থমকে গেছে, ট্রাম্প মধ্যপ্রাচ্যে চুক্তি করার প্রতি ইসরায়েলি মতামত ছাড়াই আগ্রহ দেখাচ্ছেন, এবং যুক্তরাষ্ট্রে ইসরায়েলের উপর সমালোচনা বৃদ্ধি পেয়েছে। ফলে এখন ইসরায়েলে এ প্রশ্ন উঠছে—নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’ কি কার্যকারিতা হারাচ্ছে?

এমন এক সময়ে নেতানিয়াহু এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যখন অক্টোবরের শেষের দিকে তার দেশে সাধারণ নির্বাচন হবে, এবং তার বিরুদ্ধে দুর্নীতির বিচার প্রক্রিয়া চলমান। যুক্তরাষ্ট্রে তিনি মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করতে যাচ্ছেন, যেখানে তিনি আশা করছেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্কের গভীরতা ইসরায়েলি জনগণের সামনে তুলে ধরা যাবে।

তবে, নেতানিয়াহুর ট্রাম্পের সাথে সম্পর্কের টানাপোড়েন মূলত ইরান যুদ্ধের সময় থেকেই শুরু হয়েছে। গণমাধ্যমের খবরে এসেছে, এই সামরিক অভিযানের সম্ভাব্যতা সম্পর্কে ট্রাম্পকে রাজি করার ক্ষেত্রে মূল উদ্যোগ নিয়েছিলেন নেতানিয়াহু। এছাড়া, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংস আচরণ এবং তাদের কর্মকাণ্ডের ওপর মার্কিন কংগ্রেসের উদ্বেগ বাড়ছে।

নিউ ইয়র্কে নিযুক্ত ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত অলন পিনকাস এই সফরের বিষয়ে মন্তব্য করেছেন। আল জাজিরাকে তিনি জানান, নেতানিয়াহুর ইউনাইটেড স্টেটসে আসার প্রকৃত উদ্দেশ্য স্বার্থপর এবং চতুর। নেতানিয়াহু দাবি করছেন যে তিনি লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে যোগ দিতে এসেছেন। আনুষ্ঠানিকভাবে আলোচ্যসূচি রাখা হলেও, এটি মূলত ট্রাম্পের সঙ্গে সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দুর্নীতির বিচারে ক্ষমার দাবি করার জন্যই।

নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে সফল বৈঠককে নির্বাচন উপলক্ষে তার ভোট বাড়ানোর উৎস হিসেবে ব্যবহার করছেন। কিন্তু, বর্তমানে যুক্তরাষ্ট্রে তার গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। মার্কিন রক্ষণশীল ব্যক্তিত্বরা নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র সমালোচনা করছেন। এমনকি, মার্কিন ভাইস প্রেসিডেন্টও কিছু ইসরায়েলি কর্মকর্তার সমালোচনা করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন, ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকে কোন বিতর্কিত বিষয় প্রকাশিত হবে না, তবে নির্বাচনে নেতানিয়াহুর সক্ষমতা কমে গেছে। নেতানিয়াহুর সাবেক সহকারী মিচেল বারাক বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটি ভাল ইতিহাস ছিল, কিন্তু তিনি নিজেই অনেক সেতু ভেঙে ফেলেছেন। ট্রাম্পের মন্তব্য এবং মার্কিন সরকারের সমালোচনা থেকে এটা পরিষ্কার যে, ট্রাম্প নেতানিয়াহুর পাশে কতদিন থাকবেন তা নিয়ে প্রশ্ন উঠছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স

প্রচণ্ড খরা এবং ভয়াবহ দাবদাহের পরিস্থিতির মুখে পড়ে ফ্রান্সে দাবানল পরিস্থিতি পুনরায় চরম অবনতি হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিরোন্দ বিভাগে নতুন করে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে দিনরাত লড়াই করছে হাজার হাজার অগ্নিনির্বাপক কর্মী। এরই মাঝে আবহাওয়া দপ্তর চলতি গ্রীষ্মের চতুর্থ তাপদাহ শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছে, যা তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাতে পারে এবং এ পরিস্থিতি আরও গুরুতর করে তুলতে পারে।

ফরাসি ফায়ার ফাইটার্স ফেডারেশনের মুখপাত্র ব্রোকার্দি বলেছেন, এই অসম লড়াইকে ‘ডেভিড বনাম গোলিয়াথ’-এর সংগ্রামের সাথে তুলনা করা যেতে পারে। গত সপ্তাহে আগুন নেভাতে গিয়ে তাদের চারজন সহকর্মী প্রাণ হারিয়েছেন। বর্তমানে শুধু জিরোন্দ এলাকাতেই প্রায় দুই হাজার অগ্নিনির্বাপক সদস্য মোতায়েন আছেন। আঞ্চলিক প্রিফেক্ট সোফি ব্রোকাস জানিয়েছেন, গত মঙ্গলবারেই পূর্বে ১৪টি স্থানে নতুন করে আগুন জ্বলে উঠেছে। অধিকন্তু, দেশটির বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত দুই লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্তত ২৪০টি বাড়িঘর ধ্বংস হয়েছে।

দাবানলের শিখা পার্শ্ববর্তী স্প্যানিশ এবং পর্তুগিজ সীমান্ত এলাকাতেও ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি আঘাত এসেছে ফ্রান্সের বোর্দো অঞ্চলের আশপাশে। ঐতিহাসিক ওয়াইন উৎপাদনের জন্য বিখ্যাত এই নগরের কাছে আগুনের শিখা প্রায় ১৫ কিলোমিটার পৌঁছে গিয়েছিল। যদিও বোর্দো শহরটি সরাসরি আগুনের কবলে পড়ার ঝুঁকিতে নেই, তথাপি পুরো নগরী ঘন ছাই এবং বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে। বাসিন্দারা মাস্ক পরে বাইরে বের হচ্ছেন এবং স্বাভাবিক জীবনযাত্রা ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধোঁয়ার কারণে পর্যটকশূন্য হয়ে পড়ায় স্থানীয় রেস্তোরাঁ এবং ওয়াইন শিল্প চরম ক্ষতির সম্মুখীন হয়েছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ জানিয়েছেন, অগ্নিকাণ্ড সংক্রান্ত ঘটনার তদন্তে গত ৬ জুলাই থেকে এ পর্যন্ত ১৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বার অঞ্চলে আগুন লাগানোর অভিযোগে ২৩ বছর বয়সী একজন তরুণকে আটক করা হয়েছে, যার ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। স্বাস্থ্য বিভাগ তাদের জনসাধারণকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। ভয়াবহ দাবদাহ এবং শুকনো বাতাসের কারণে পরিস্থিতি কতদূর গড়ায় সে বিষয়ে আতঙ্কিত রয়েছে পুরো ইউরোপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০২:৪১ পি.এম


গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

 জেলার কালিয়াকৈরে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এই ঘটনায় পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের চালক নিহত হয়।

আজ বুধবার ভোরে উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বোডঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত ট্রাক চালক সিরাজুল ইসলাম (৪০) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চিত্তিপাড়া গ্রামের মৃত মানিক সরকারের ছেলে হিসেবে শনাক্ত হয়েছেন।

কোনাবাড়ি হাইওয়ে পুলিশের এসআই শফিক জানান, ভোরে ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক উত্তরবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে ভোর সাড়ে চারটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় চালক ট্রাকের ভিতরে আটকা পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং কোনাবাড়ি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং চালক সিরাজুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উনাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ।

কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বাসস’কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো পর মৃতদেহ এবং ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, 'স্বজনরা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%