ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অক্সফোর্ডে নতুন প্রজন্মকে নেতৃত্বের পাঠ দেবেন জাস্টিন ট্রুডো


অক্সফোর্ডে নতুন প্রজন্মকে নেতৃত্বের পাঠ দেবেন জাস্টিন ট্রুডো

একটি দেশের সরকারপ্রধান হিসেবে দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালন করেছেন। সংসদে বিতর্কে অংশগ্রহণ করেছেন, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং আন্তর্জাতিক সংকট মোকাবিলা করেছেন। এবার সেই অভিজ্ঞতা নিয়ে শিক্ষাঙ্গনে ফিরছেন। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। সেখানে তিনি ডিস্টিংগুইশড ফেলো হিসেবে যুক্ত হয়েছেন। পাশাপাশি সাবেক সরকারপ্রধানদের আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’-এর সদস্য হিসেবে যোগ দিয়েছেন।

২০২৬ সালের ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্ট আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের ঘোষণা দেয়। এর মাধ্যমে বিশ্ব রাজনীতির পরিচিত মুখ ট্রুডো যুক্ত হলেন এমন একটি আন্তর্জাতিক পরিসরে, যেখানে সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধানেরা তাদের শাসনকালীন অভিজ্ঞতা, নেতৃত্বের শিক্ষা এবং নীতিনির্ধারণী ভাবনা বিনিময় করেন।

অক্সফোর্ডের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টের ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’ মূলত সাবেক সরকারপ্রধানদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। এর উদ্দেশ্য হলো, বিভিন্ন দেশের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কার্যকর সরকারব্যবস্থা ও জননীতি প্রণয়নে অবদান রাখা। নীতিনির্ধারণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞ নেতাদের দৃষ্টিভঙ্গি নতুন প্রজন্মের সামনে তুলে ধরাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ: পাল্টাপাল্টি শুল্ক থেকে সমঝোতার পথে

ট্রুডোর আগে এই নেটওয়ার্কে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভান দুকের মতো নেতারা যুক্ত হয়েছেন। সম্প্রতি জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও এতে যুক্ত হয়েছেন। ফলে ট্রুডো এখন এমন একটি আন্তর্জাতিক পরিসরের অংশ, যেখানে বিভিন্ন দেশের সাবেক শীর্ষ নেতৃত্বের অভিজ্ঞতা ও চিন্তাভাবনা একত্রিত হচ্ছে।

এক দশকের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা

২০১৫ সালের নভেম্বরে কানাডার ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাস্টিন ট্রুডো। লিবারেল পার্টির নেতৃত্বে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর টানা প্রায় এক দশক দেশটির সরকারপ্রধান ছিলেন তিনি। তার শাসনামলে কানাডাকে মোকাবিলা করতে হয়েছে করোনা মহামারি, অর্থনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক সংঘাত এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবর্তনের মতো নানা চ্যালেঞ্জ।

২০২০ সালে করোনা মহামারি শুরু হলে তার সরকারকে জনস্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। একই সময়ে জলবায়ু নীতি, জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের মতো বিষয়গুলোও তার সরকারের নীতিনির্ধারণের গুরুত্বপূর্ণ অংশ ছিল।

আরও পড়ুন: জেরিকোতে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি নারীসহ ১১ জন নিহত

এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে পরিবর্তনের মতো ঘটনাগুলোও তার প্রধানমন্ত্রিত্বের সময়ে বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলে। প্রযুক্তিগত পরিবর্তনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতিও সরকারগুলোর সামনে নতুন ধরনের নীতিগত প্রশ্ন তৈরি করেছে।

অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে এসব অভিজ্ঞতা ভাগাভাগি করার সুযোগ পাবেন ট্রুডো। রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা, আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা এবং সংকটের সময়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে তার কাছ থেকে সরাসরি জানার সুযোগ তৈরি হবে।

ট্রুডো ও অক্সফোর্ড কর্তৃপক্ষের বক্তব্য

নতুন দায়িত্ব প্রসঙ্গে ট্রুডো বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের এক দশকে বিশ্ব ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এসব পরিবর্তন আন্তর্জাতিক ব্যবস্থাকে নতুনভাবে প্রভাবিত করেছে।

আরও পড়ুন: পর্যটনমন্ত্রীর সঙ্গে ইউএন ট্যুরিজমের মহাসচিবের বৈঠক, আন্তর্জাতিক আয়োজনের প্রস্তাব

তিনি বলেন, অভিজ্ঞতা ভাগাভাগি, বিশ্বের অন্যান্য নেতার সঙ্গে দৃষ্টিভঙ্গি বিনিময় এবং ভবিষ্যৎ সরকার ও নীতিনির্ধারণী নেতৃত্বের সঙ্গে কাজ করার সুযোগ নিয়ে তিনি আগ্রহী। সরকারগুলো কীভাবে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে আরো আশাবাদী, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে বিষয়ে আলোচনায় অবদান রাখতে চান তিনি।

ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টের ডিন অধ্যাপক নাইরি উডসও ট্রুডোর নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তার ভাষ্য, এক দশকের জনসেবার অভিজ্ঞতা নিয়ে ট্রুডো এই প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছেন। সরকার পরিচালনার জটিল বাস্তবতার মধ্য দিয়ে যারা গেছেন, তাদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত মূল্যবান।

বিশ্ববিদ্যালয়টির প্রত্যাশা, ট্রুডোর অভিজ্ঞতা শিক্ষার্থী, গবেষক এবং ভবিষ্যৎ নীতিনির্ধারকদের জন্য নতুন চিন্তার ক্ষেত্র তৈরি করবে।

কেন গুরুত্বপূর্ণ এই দায়িত্ব

আরও পড়ুন: লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা, পাঁচজন আহত

ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে। এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্বজুড়ে সরকারি ব্যবস্থাপনা, জননীতি, নেতৃত্ব ও সুশাসনের মান উন্নয়নে কাজ করে প্রতিষ্ঠানটি। এখানে ভবিষ্যৎ সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক ও নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়া শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে জানার সুযোগ পান।

প্রতিষ্ঠানটির বিশ্বনেতাদের নিয়ে কাজ করার উদ্যোগের মূল ভাবনাই হলো, তাত্ত্বিক শিক্ষার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সংযোগ তৈরি করা। কারণ, রাষ্ট্র পরিচালনার অনেক জটিলতা শুধু পাঠ্যবই পড়ে বোঝা সম্ভব নয়। রাজনৈতিক সমঝোতা, আন্তর্জাতিক চাপ, জনমত, অর্থনৈতিক সংকট কিংবা জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার বাস্তব অভিজ্ঞতা ভবিষ্যৎ নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ।

এ ক্ষেত্রে ট্রুডোর মতো একজন সাবেক সরকারপ্রধানের অভিজ্ঞতা বিশেষ গুরুত্ব বহন করে। তিনি যেমন সরকারের ভেতরে থেকে সিদ্ধান্ত নিয়েছেন, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কাজ করেছেন। ফলে তার অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে রাষ্ট্র পরিচালনার বাস্তব চিত্র তুলে ধরতে পারে।

রাজনীতির পর নতুন পথচলা

আরও পড়ুন: ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা ইরানের: মার্কিন গোয়েন্দা তথ্য

প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পরও জনজীবন থেকে পুরোপুরি সরে যাননি ট্রুডো। ২০২৫ সালের জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর ওই বছরের ১৪ মার্চ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। তার স্থলাভিষিক্ত হন লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি।

এরপর আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি নতুন পেশাগত উদ্যোগেও যুক্ত হয়েছেন তিনি। চলতি বছরের ১১ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময় দীর্ঘদিনের সহযোগী ও সাবেক চিফ অব স্টাফ কেটি টেলফোর্ডকে সঙ্গে নিয়ে ‘হোপ অ্যান্ড হার্ড ওয়ার্ক’ নামে একটি মিডিয়া ও বিনোদন প্রযোজনা প্রতিষ্ঠান চালু করেন ট্রুডো।

প্রতিষ্ঠানটি চলচ্চিত্র, টেলিভিশন, অডিও এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক কনটেন্ট তৈরির কাজ করবে। অর্থাৎ রাজনীতি ছাড়ার পর বিনোদন জগতেও নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। এবার যুক্ত হলো অক্সফোর্ডের সঙ্গে তার একাডেমিক ও নীতিনির্ধারণী পর্যায়ের সম্পৃক্ততা।

খুলছে নতুন একটি ক্ষেত্র

আরও পড়ুন: পাকিস্তানে মক্কা জোটের বৈঠক চলতি মাসের শেষে: ইসহাক দার

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুলে নভেম্বরের শেষ দিকে তার যাওয়ার কথা রয়েছে। সেখানে শিক্ষার্থী, গবেষক ও আন্তর্জাতিক নেতাদের সঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ, নেতৃত্ব এবং সুশাসন নিয়ে আলোচনা করবেন তিনি।

রাজনীতির দীর্ঘ অধ্যায় পেরিয়ে ট্রুডোর সামনে খুলছে নতুন একটি ক্ষেত্র। একসময় যিনি সরকারপ্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিতেন, এখন তিনি সেই অভিজ্ঞতা তুলে ধরবেন ভবিষ্যতের নেতৃত্ব গড়ে ওঠার মঞ্চে। কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সরকার পরিচালনা, পরিবর্তনশীল ভূরাজনীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয়গুলোতে তার অভিজ্ঞতা কতটা প্রভাব ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

সূত্র: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্ট, দ্য কানাডিয়ান প্রেস, সিবিসি ও রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের জন্য চ্যাটজিপিটির সঠিক ব্যবহার ও সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


শিক্ষার্থীদের জন্য চ্যাটজিপিটির সঠিক ব্যবহার ও সতর্কতা

বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি শিক্ষা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আবির্ভূত হয়েছে। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে শিক্ষার পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। একসময় শিক্ষার্থীদের কোনো বিষয় বুঝতে না পারলে পাঠ্যবই, গাইডবই, লাইব্রেরি বা শিক্ষকের ওপর নির্ভর করতে হতো। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষার জগতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এই ক্ষেত্রে চ্যাটজিপিটি একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি, যা শিক্ষার্থীদের যেকোনো প্রশ্নের উত্তর দিতে, কঠিন বিষয়বস্তু সহজভাবে বুঝতে, অনুশীলন করতে এবং চিন্তনক্ষমতা ও দক্ষতা বিকাশে সহায়তা করতে সক্ষম। এর সঠিক ব্যবহার শিক্ষার্থীদের জ্ঞান অর্জন, বিশ্লেষণী ক্ষমতা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীরা চ্যাটজিপিটিকে কীভাবে শেখার সহায়ক উপকরণ হিসেবে ব্যবহার করতে পারে, সে সম্পর্কে আলোচনা করা হলো।

ব্যক্তিগত শিক্ষাসহায়ক হিসেবে ব্যবহার

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখার গতি এবং বোঝার ক্ষমতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। শ্রেণিকক্ষের বাইরে চ্যাটজিপিটি শিক্ষার্থীদের নিজেদের গতিতে অনুশীলনের সুযোগ প্রদান করে। কোনো উত্তর বুঝতে অসুবিধা হলে শিক্ষার্থীরা বারবার প্রশ্ন করতে পারে, উদাহরণসহ সহজ ব্যাখ্যা চাইতে পারে। এইভাবে শিক্ষার্থী নিজের দুর্বলতা চিহ্নিত করে বিভিন্নভাবে সমস্যার সমাধান খুঁজে পেতে সক্ষম হয়। তবে চ্যাটজিপিটি কখনোই শিক্ষকের বিকল্প হতে পারে না; বরং এটি শিক্ষক, পাঠ্যবই এবং অন্যান্য নির্ভরযোগ্য উপকরণের সহায়ক হিসেবে ব্যবহার করা উচিত।

পরীক্ষার প্রস্তুতি ও অনুশীলন

পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা অধ্যায়ভিত্তিক অনুশীলনী, বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ), সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্ন এবং মডেল টেস্ট তৈরিতে চ্যাটজিপিটির সহায়তা নিতে পারে। শিক্ষার্থী নিজে উত্তর দেওয়ার পর সঠিক উত্তর যাচাই, সম্ভাব্য ভুল নির্ণয় এবং সংশোধনের উপায় সম্পর্কে পরামর্শ চাইতে পারে। তবে এসব প্রশ্নকে শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক প্রশ্ন বা নিশ্চিত সাজেশন হিসেবে বিবেচনা করা উচিত নয়। মূল পাঠ্যক্রম এবং নির্ধারিত পাঠ্যবইয়ের আলোকে প্রস্তুতি নিতে হবে।

ভাষাশিক্ষা ও লেখার দক্ষতা বৃদ্ধি

বাংলা ও ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে শব্দের অর্থ, বাক্যগঠন, ব্যাকরণ, অনুবাদ, সারাংশ ও অনুচ্ছেদ তৈরি এবং লেখার অনুশীলনে চ্যাটজিপিটি সহায়ক হতে পারে। শিক্ষার্থীরা নিজের লেখার ব্যাকরণগত ভুল শনাক্ত করতে এবং সংশোধনের কারণ ও সম্ভাব্য সঠিক রূপ জানতে চাওয়া যেতে পারে। এতে ভুল সংশোধনের পাশাপাশি ভাষার ব্যবহার সম্পর্কে ধারণা বৃদ্ধি পায়। এমনকি নতুন কোনো ভাষা শেখার সুযোগও তৈরি হয়। তবে অন্যের লেখা হুবহু ব্যবহার না করে নিজের ভাষায় লেখার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থী নিজস্ব প্রকাশভঙ্গি ও সৃজনশীলতা বিকাশ করতে পারে।

গণিত, বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষায় সহায়তা

কোনো গাণিতিক সমস্যা ধাপে ধাপে সমাধান করতে, পদার্থবিজ্ঞানের সূত্রের প্রয়োগ জানতে, রসায়নের বিক্রিয়া ব্যাখ্যা করতে, জীববিজ্ঞানের জটিল প্রক্রিয়া কিংবা কোনো প্রাণী বা উদ্ভিদের ব্যবচ্ছেদ পদ্ধতি সম্পর্কে ধারণা পেতে এবং প্রযুক্তির জটিল বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনে চ্যাটজিপিটি ব্যবহার করা যেতে পারে। প্রোগ্রামিং শেখার সময় কোডের প্রতিটি অংশের কাজ, সম্ভাব্য ত্রুটি এবং সংশোধনের পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা চাওয়া যেতে পারে। তবে গণিতের ফলাফল, বৈজ্ঞানিক তথ্য এবং প্রোগ্রামের কার্যকারিতা নির্ভরযোগ্য উৎস বা বাস্তব পরীক্ষার মাধ্যমে যাচাই করা উচিত। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো কখনো ভুল বা বিভ্রান্তিকর উত্তর দিতে পারে।

সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা

বিজ্ঞান প্রকল্প, বিতর্ক, উপস্থাপনা, গবেষণার প্রাথমিক পরিকল্পনা কিংবা সামাজিক ও পরিবেশগত সমস্যা নিয়ে নতুন ধারণা খুঁজতে চ্যাটজিপিটির সহায়তা নেওয়া যেতে পারে। শিক্ষার্থীরা কোনো সমস্যার একাধিক সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করে সেগুলোর সুবিধা-অসুবিধা তুলনা করতে পারে। তবে চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তার উত্তরকে সর্বদা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে না ধরে প্রস্তাবিত ধারণাগুলো যাচাই, বিশ্লেষণ এবং বাস্তবতার আলোকে মূল্যায়ন করে নিজেদের ধারণা ও চিন্তাশক্তিকে প্রাধান্য দেওয়া উচিত।

লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলাদেশ বিমানবাহিনী শাহীন কলেজ, ঢাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়োগের নামে প্রতারণার অভিযোগ, ইসলামিক ফাউন্ডেশন সতর্ক করলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


নিয়োগের নামে প্রতারণার অভিযোগ, ইসলামিক ফাউন্ডেশন সতর্ক করলো

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুলে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগের নামে প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এবং ভুয়া নিয়োগপত্র দেওয়ার ঘটনা ঘটছে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন চাকরিপ্রত্যাশীসহ সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি একটি প্রতারক চক্র ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুলে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগের নামে বিভিন্ন ভুয়া বিজ্ঞাপন প্রচার করছে। এসব বিজ্ঞাপনের মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ আদায় এবং ভুয়া নিয়োগপত্র বিতরণের অভিযোগ পাওয়া গেছে।

ইসলামিক ফাউন্ডেশন স্পষ্টভাবে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অননুমোদিত মাধ্যমে প্রচারিত এসব নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগপত্রের সঙ্গে প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। এগুলো সম্পূর্ণরূপে ভুয়া এবং প্রতারণামূলক।

প্রতিষ্ঠানটি এ ধরনের প্রতারণার ফাঁদে পড়ে কাউকে অর্থ প্রদান না করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের কপি, ব্যাংক হিসাবের তথ্য কিংবা অন্য কোনো সংবেদনশীল তথ্য না দেওয়ার জন্য অনুরোধ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সব নিয়োগ কার্যক্রম সরকারি বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করা হয়। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি কেবল প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইট (www.islamicfoundation.gov.bd) এবং অনুমোদিত গণমাধ্যমে প্রকাশ করা হয়। নিয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনের প্রয়োজন নেই।

এছাড়া প্রতারক চক্রের বিষয়ে কোনো তথ্য বা প্রমাণ পাওয়া গেলে তা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে চাকরিপ্রত্যাশীসহ সবাইকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ, আ.লীগের হামলার বিচার চাইলেন নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


লন্ডনে কার্যক্রম নিষিদ্ধ, আ.লীগের হামলার বিচার চাইলেন নাহিদ

যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত একটি সংবর্ধনা অনুষ্ঠানের পর সাধারণ প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি যুক্তরাজ্য সরকারের কাছে নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি তুলেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল পৌনে সাতটার দিকে নাহিদ ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস প্রকাশ করেন। সেখানে তিনি অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, প্রবাসী কমিউনিটির নেতাদের এবং ১১ দলীয় ঐক্যের নেতাদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি লেখেন, "আজ লন্ডনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের ব্যাপক অংশগ্রহণে আমরা গভীরভাবে কৃতজ্ঞ ও অভিভূত। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।"

স্ট্যাটাসে নাহিদ ইসলাম অভিযোগ করেন, "দুঃখজনকভাবে, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।" তিনি বলেন, "এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।"

তিনি আরও লেখেন, "আজকের অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। তারা নিজেরাই এই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। আমরা আশা করি, তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে।"

হামলার ঘটনায় নাহিদ ইসলাম আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের ইতিহাস বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে।" তিনি উল্লেখ করেন, "জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত এই ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখন বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে।" এটি শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক।

নাহিদ আরও বলেন, "আমরা স্পষ্ট করে বলতে চাই, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই।" তিনি যুক্তরাজ্যের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন।

একই সঙ্গে তিনি যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান, "আমরা যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তারা আজকের হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে এবং যুক্তরাজ্যের গণতান্ত্রিক পরিসরকে ব্যবহার করে সন্ত্রাস ও সহিংসতামূলক কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডুলাহাজারা সাফারি পার্কে হাতি সংরক্ষণ ও মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে তিন দিনব্যাপী প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

সিরাজুল ইসলাম, জেলা প্রতিনিধি কক্সবাজার

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


ডুলাহাজারা সাফারি পার্কে হাতি সংরক্ষণ ও মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে তিন দিনব্যাপী প্রশিক্ষণ

বন্যহাতির আবাসস্থল সুরক্ষা, মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসন এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে তিন দিনব্যাপী স্থানীয় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ৩ থেকে ৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে হাতি সংরক্ষণ, বন্যহাতির প্রাকৃতিক আবাসস্থল ও চলাচলের পথ রক্ষা এবং মানুষ ও বন্যহাতির মধ্যে নিরাপদ সহাবস্থান নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল স্থানীয় জনগোষ্ঠীকে হাতি সংরক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করা এবং মানুষ-হাতি দ্বন্দ্বের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা। একই সঙ্গে বন্যহাতির বিচরণক্ষেত্র সংরক্ষণ এবং হাতির সঙ্গে মানুষের সংঘাত এড়াতে করণীয় বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, বন ও বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষার পাশাপাশি হাতির চলাচলের প্রাকৃতিক করিডর সংরক্ষণ অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করা গেলে মানুষ ও বন্যহাতির মধ্যে সংঘাত অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো এবং মানুষ-হাতির সহনশীল সহাবস্থান গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আয়োজনে: বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%