০১:২০ পি.এম
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৪৭১টি অভিযান পরিচালনা করে ৪৬ হাজার ৪২৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এই অভিযানে মোট ১ লাখ ৬১ হাজার ৭৪৮ জনের কাগজপত্র যাচাই করা হয়েছে এবং ২ হাজারেরও বেশি নিয়োগকর্তার বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) লোকমান এফেন্দি রামলি উল্লেখ করেছেন, প্রতিদিন গড়ে ৩৭টিরও বেশি অভিযান পরিচালিত হচ্ছে এবং এ পর্যন্ত ৫২ হাজার ৭৪৩ জন বিদেশিকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সেলাঙ্গর রাজ্যের মেরু এলাকায় একটি পেরেক তৈরির কারখানায় অভিবাসন বিভাগ এবং উপদ্বীপীয় মালয়েশিয়া শ্রম বিভাগ (জেটিকেএসএম) যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন: ইরানে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়া অনিবার্য হতে পারে: ডেভিড ডেস রোচেস
এই অভিযানে ১৩১ জন পুরুষ বিদেশি কর্মীকে তল্লাশি করা হয়, যার মধ্যে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার অপব্যবহার এবং অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগে ৭১ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫১ জন বাংলাদেশি, ১৯ জন নেপালি এবং একজন তাইওয়ানের নাগরিক রয়েছেন।
অভিযান চলাকালে কারখানাটির নোংরা পরিবেশ এবং নিরাপত্তা বিধি লঙ্ঘন করে শ্রমিকদের আবাসন ব্যবস্থা দেখে কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেন। পরে আটককৃতদের আইনি পদক্ষেপের জন্য অভিবাসন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়। এছাড়া শ্রম বিভাগ (জেটিকেএসএম) শ্রমিকদের আবাসন ও সুবিধাদি সংক্রান্ত ন্যূনতম মানদণ্ড আইন ১৯৯০ (অ্যাক্ট ৪৪৬) এবং কর্মসংস্থান আইন ১৯৫৫-এর আওতায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
লোকমান এফেন্দি আরও জানান, গত বুধবার থেকে সারা দেশে ৩৪টি কারখানায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০২ জন বিদেশি কর্মীকে যাচাই করা হয়েছে, যার মধ্যে ৫১৯ জনকে আটক করা হয়েছে এবং ৪২ জন নিয়োগকর্তা ও মালিককে সমন জারি করা হয়েছে। তিনি বলেন, শ্রম বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ এবং স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত এই যৌথ বাহিনী অবৈধ কর্মী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অভিযান অব্যাহত রাখবে।
আরও পড়ুন: কলকাতা ও শিলিগুড়িতে ১ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন