০১:৩৮ পি.এম
একসময় গ্রামে গ্রামে গিয়ে শিশু-কিশোরদের প্রাইভেট পড়িয়ে সংসার চালাতেন তিনি। শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি পাস। কিন্তু বর্তমানে জীবনের শেষ বয়সে এসে সেই মানুষটিকে কাটাতে হচ্ছে চরম অভাব ও মানবেতর অবস্থায়। নিরাপদ থাকার ঘর নেই, নেই নিয়মিত আয়ের কোনো উৎস। ভাঙাচোরা টিনের ঘরের ওপর পলিথিন টাঙিয়ে স্ত্রীকে নিয়ে কোনোরকমে বেঁচে আছেন ৭০ বছর বয়সী ইন্দ্রজিৎ দে। মৃত্যুর আগে তাঁর একটাই চাওয়া, মাথা গোঁজার মতো একটি নিরাপদ আশ্রয় যেন পান।
পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান গ্রামের প্রয়াত জিতেন্দ্রনাথ দের ছেলে ইন্দ্রজিৎ দে ১৯৭৪ সালে এসএসসি পাস করেন। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করায় পড়াশোনা শেষ করেও কোনো চাকরি জোটেনি। জীবিকার তাগিদে ছোটবেলা থেকেই গ্রামের বিভিন্ন বাড়িতে শিশুদের প্রাইভেট পড়ানো শুরু করেন। এ সামান্য আয় দিয়েই চলত তাঁর সংসার।
বাবা-মায়ের মৃত্যুর পর বাবার রেখে যাওয়া সামান্য জমির ওপর একটি খুপরিঘরে স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করতেন তিনি। মেয়েকে বিয়ে দিয়ে জামাইয়ের হাতে তুলে দেওয়ার পর মেয়েটি স্বামীর সংসারে ভালোই আছেন। তবে বয়সের ভারে এখন আর আগের মতো বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের পড়ানো সম্ভব হয় না ইন্দ্রজিৎ দের। শারীরিক অসুস্থতার কারণে অন্য কোনো কাজ করেও জীবিকা নির্বাহ করার সামর্থ্য নেই তাঁর।
আরও পড়ুন: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০৩তম জন্মবার্ষিকী উদ্যাপনের প্রস্তুতিমূলক সভা যশোরে
বর্তমানে বাবার রেখে যাওয়া সামান্য জমিতে থাকা কয়েকটি সুপারি ও অন্যান্য গাছই তাঁর আয়ের একমাত্র অবলম্বন। মেয়ে-জামাই কিংবা শ্বশুরবাড়ির লোকজন মাঝে মাঝে চাল-ডাল ও কিছু টাকা দিয়ে সহযোগিতা করেন। সেই সহযোগিতায় কোনো রকমে চলে স্বামী-স্ত্রীর সংসার। অনেক সময় অর্ধাহারে-অনাহারেও দিন কাটাতে হয় তাঁদের।
ইন্দ্রজিৎ দের বসতঘরের অবস্থা অত্যন্ত করুণ। ভাঙাচোরা টিনের চাল ও বেড়ার ওপর পলিথিন টাঙিয়ে রোদ-বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন তাঁরা। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। দিনের বেলাতেও ঘরের ভেতর পর্যাপ্ত আলো প্রবেশ করে না। ফলে অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে চলাফেরা করতে হয়। একসময় ঘরে বিদ্যুৎ সংযোগ থাকলেও ঝুঁকিপূর্ণ অবকাঠামোর কারণে বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে তিনি জানান।
সরেজমিনে কুমিয়ান গ্রামের তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, বসবাসের অনুপযোগী প্রায় ভেঙে পড়া ঘরটিতে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন এই বৃদ্ধ দম্পতি। ঘরের চালের বিভিন্ন অংশ ভাঙা, কোথাও টিনের পরিবর্তে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘরের ভেতরে নেই স্বাভাবিক বসবাসের পরিবেশ। সামান্য ঝড়-বৃষ্টি কিংবা দুর্যোগে ঘরটি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
নিজের জীবনের দুঃখ-দুর্দশার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ইন্দ্রজিৎ দে। তিনি জানান, অসুস্থ হয়ে পড়লেও অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি। কয়েকটি সুপারি বিক্রি করে পাওয়া সামান্য টাকা দিয়ে কিছু ওষুধ কিনেছিলেন। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারলেও আগের মতো কাজ করার শক্তি নেই। একসময় বেশ কিছুদিন তাঁকে বিছানায় পড়ে থাকতে হয়েছে।
আরও পড়ুন: সেন্টমার্টিনে আটকা ১৫০০ পর্যটক, ১০ ট্রলারে ফিরছেন ৪০০
তাঁর স্ত্রী ঝর্ণা রানী পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলার জলাবাড়ি গ্রামের বাসিন্দা। বয়স হলেও তাঁর শরীরে এখনো কিছুটা শক্তি-সামর্থ্য রয়েছে। কিন্তু সংসারে অভাব থাকায় প্রয়োজনীয় চিকিৎসা ও জীবনযাপনের ন্যূনতম চাহিদা পূরণ করাও তাঁদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। মানুষের সঙ্গে সময় কাটিয়ে নিজেদের দুঃখ-কষ্ট ভুলে থাকার চেষ্টা করেন তিনি।
ইন্দ্রজিৎ দে আক্ষেপ করে বলেন, ‘সারা জীবন মানুষের সন্তানদের পড়িয়েছি। লেখাপড়া শিখেও নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারিনি। এখন বয়স হয়েছে, শরীরে আর শক্তি নেই। অসুস্থ হলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। থাকার ঘরটিও ভেঙে গেছে। বৃষ্টি হলেই ঘরের মধ্যে পানি পড়ে। জীবনের শেষ সময়ে এসে আমার আর কিছু চাওয়ার নেই। মৃত্যুর আগে অন্তত মাথা গোঁজার মতো একটি ঘর পেলে স্ত্রীকে নিয়ে বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে পারতাম।’
একটি নিরাপদ ঘর, দুবেলা খাবার এবং প্রয়োজনীয় চিকিৎসা-জীবনের শেষ বয়সে এসে ইন্দ্রজিৎ দে ও তাঁর স্ত্রীর চাওয়া এখন এতটুকুই। সমাজের বিত্তবান, মানবিক ও সচেতন ব্যক্তি এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে তাঁদের আকুল আবেদন, অসহায় এই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়ে তাঁদের জন্য একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা হোক। জীবনের শেষ দিনগুলো যেন অন্তত একটু স্বস্তি ও নিরাপত্তার মধ্যে কাটাতে পারেন তাঁরা, এটাই জীবনের শেষ চাওয়া বলে জানান ইন্দ্রজিৎ দে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে ওই পরিবারের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের জন্য কিছু করার উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন: ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল গড়ে তুললে বদলে যাবে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি: মীর হেলাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন