ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন চলছেই


প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন চলছেই

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভবনের তালা খুলে দিয়েছেন। তবে তারা বলেছেন, তিন দফা দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি অব্যাহত থাকবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক ও শিক্ষার্থীদের দাবির প্রতি শিক্ষক-প্রশাসনের সংহতি প্রকাশের পর রাত ১০টার দিকে ভবনগুলোর তালা খুলে দেওয়া হয়।

পরে রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুষ্ঠু তদন্ত এবং দাপ্তরিক কার্যক্রম পরিচালনার স্বার্থে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া পৃথক বিবৃতিতে বলা হয়েছে, দাবি বাস্তবায়নের আগে ক্লাস-পরীক্ষায় না ফেরার সিদ্ধান্ত জানানো হয়েছে।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২২ জুলাই রাতে বিজয়’২৪ হলে ঘটে যাওয়া ঘটনাবলীর পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনগুলোতে তালা দিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেন। পরে শিক্ষার্থীদের তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে।

এর অংশ হিসেবে শনিবার সব ডিসিপ্লিনের প্রধানরা নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। উক্ত সভাগুলোতে শিক্ষকরা যৌন অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচারের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

পরে বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের সভাপতিত্বে জরুরি সভায় উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট ও দায়িত্বপ্রাপ্ত পরিচালকেরা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. আশরাফুল আলম এবং ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক মো. নবীউল ইসলাম খান ২২ ব্যাচের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। আলোচনার পর শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে সব ভবনের তালা খুলে দিয়েছেন।

আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। একই সাথে দাবিগুলোর বিষয়ে ইতোমধ্যে নেওয়া পদক্ষেপ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের প্রত্যয়ও ব্যক্ত করা হয়েছে।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বহাল রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরিচালিত ‘টু টু (Two Two)’ ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রশাসনিক কর্মকর্তা, সব স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে অ্যাকাডেমিক কাউন্সিলের দুই প্রতিনিধি শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন। এরপর প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে তালা খুলে দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, তিন দফা দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন অব্যাহত থাকবে। দাবি বাস্তবায়নের পর স্থগিত পরীক্ষার নতুন সূচি দ্রুত প্রকাশের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দাবি বাস্তবায়নের আগে শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে কোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ মানসিক চাপ না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: জনগণের বিরুদ্ধে অবৈধ সাম্রাজ্য রক্ষার দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ ও যুদ্ধবিরতির মধ্যেই ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৯ এম


যুদ্ধ ও যুদ্ধবিরতির মধ্যেই ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ : ইরানের তেল মন্ত্রণালয় দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধবিরতির সময় মোট ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেল বিক্রি করা হয়েছে।

শনিবার, মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধ চলাকালে ১১ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং যুদ্ধবিরতির সময় ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের তেল বিক্রি করা হয়েছে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘চলমান সংকটের মধ্যেও এ আয় চলতি অর্থবছরের বাজেটে তেল খাত থেকে যে রাজস্ব আয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল, তার ৬০ শতাংশেরও বেশি পূরণ করেছে।’

খবরটি বার্তা সংস্থা এএফপি’র উদ্বৃতি দিয়ে প্রকাশিত হয়েছে।

তবে, গত জুনের শেষ দিকে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত বন্দর অবরোধের কারণে ইরান কোনো তেলই রপ্তানি করতে পারেনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর সেখানে যুদ্ধের সূচনা হয়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে পাল্টা হামলা চালায়।

গত এপ্রিল মাসে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সংঘাত অনেকটা থেমে যায়। তবে, চলতি জুলাইয়ের শুরুতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করলেন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:০২ এম


মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করলেন পররাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শনিবার (২৫ জুলাই) বিকেলে মালেতে পৌঁছান ড. খলিলুর রহমান, মালদ্বীপ প্রজাতন্ত্রের ৬১তম স্বাধীনতা বার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

মালেতে পৌঁছানোর কিছুক্ষণ পরেই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রেসিডেন্ট কার্যালয়ে উপস্থিত হয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক শুভেচ্ছা মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেন এবং গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে তার প্রার্থিতাকে সমর্থন দেয়ায় প্রেসিডেন্ট মুইজ্জুর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. খলিলুর রহমান বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার হলো ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা।

মোহাম্মদ মুইজ্জু এবং ড. খলিলুর রহমান বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং উভয় দেশের পারস্পরিক স্বার্থে বাস্তবভিত্তিক সহযোগিতার মাধ্যমে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা সাম্প্রতিক আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সার্ককে পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর জোর দেন।

পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীর কর্মসংস্থানে সন্তোষ প্রকাশ করেন। প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম, স্বরাষ্ট্র নিরাপত্তাবিষয়ক মন্ত্রী আলী ইহুসান এবং মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশের সফররত পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে এক হাই-টি অনুষ্ঠানের আয়োজন করেন। এতে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতীফ, মন্ত্রিসভার সদস্য এবং দেশটির সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের আয়োজিত এক কূটনৈতিক সংযোগ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি মালদ্বীপে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং দেশটির জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য বিদেশযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:০৫ এম


আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য বিদেশযাত্রা

রাষ্ট্রপতির পদ ত্যাগ করেছে মো. সাহাবুদ্দিন এবং আজ রোববার (২৬ জুলাই) তিনি বঙ্গভবন ত্যাগ করছেন।

এরপর তিনি সপরিবারে রাজধানীর গুলশানে তাঁর নিজ বাসভবনে উঠবেন। চিকিৎসার জন্য শিগগিরই তিনি বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন। শনিবার (২৫ জুলাই) সাবেক রাষ্ট্রপতি একটি গণমাধ্যমকে এসব কথাগুলি জানান।

সাবেক রাষ্ট্রপতি জানান, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংকক যাওয়ার সুযোগ রয়েছে। জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ বলে তিনি উল্লেখ করেন। সঙ্গে স্ত্রীকে নিয়ে বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে তিনি যাচ্ছেন।

এর আগে শনিবার শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন তিনি। সম্প্রতি বাইপাস সার্জারি হওয়ার পর তিনি ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামক জটিল রোগে আক্রান্ত হয়েছেন। এই কারণে মাঝে মাঝে তিনি স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন।

দলটির সাবেক রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতির অংশ হিসেবে কয়েকদিন আগে থেকেই তাঁর ব্যক্তিগত মালপত্র গুলশানের বাড়িতে সরিয়ে নেওয়া হচ্ছিল। গুলশানের বাড়িটির পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ পান।

সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই হিসেবে বর্তমান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

নতুন রাষ্ট্রপতি নির্বাচন সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বগুড়ার শেরপুরে শনিবার পল্লী উন্নয়ন একাডেমির বার্ষিক পরিকল্পনা সম্মেলনের পর স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাংবাদিকদের বলেন, দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন–বিএনপির দলীয় নাকি বাইরের কেউ, সে সম্পর্কে সিদ্ধান্ত হবে দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে। সংবিধান ও প্রয়োজনীয় আইন মেনে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে বিষয়টি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

একইদিন রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, সংবিধান অনুযায়ী পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আগামী ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদ অধিবেশন বসবে বলে আশা করা যাচ্ছে। পরবর্তী অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আলোচনা করা হবে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি, মন্তব্য করেন তিনি।

এছাড়া রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে। যথাসময়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত জাতির সামনে তুলে ধরা হবে। তিনি আরো বলেন, পদত্যাগকারী রাষ্ট্রপতির বিচারের দাবি বিভিন্ন রাজনৈতিক দল তুলেছে এবং এই বিষয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আলোচনা হবে পরে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আরেক অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের বলেন, ‘দেশের রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তবে তার আইনগত অধিকার রয়েছে। কেন পদত্যাগ করেছেন, কী ঘটেছে এসব তথ্য আমার জানা নেই। পদত্যাগে রাজনীতি জড়িত রয়েছে বলে আমি অতটা মনে করি না।’

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবারে অফিস করবেন বঙ্গভবনে এবং তিনি স্পিকারের বাসভবনে থাকবেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে উঠছেন না, তিনি তার স্পিকারের বাসভবনেই থাকবেন কিন্তু অফিস করবেন বঙ্গভবনে। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে থেকেই গত শুক্রবার জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন এবং আশেপাশে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিকেলে মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ান। সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলের অভিযোগে ডিগ্রি পরীক্ষার ১২ পরীক্ষার্থী বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:০৯ এম


নকলের অভিযোগে ডিগ্রি পরীক্ষার ১২ পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরের দেওয়ানগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষের ইংরেজি পরীক্ষায় নকল করার জন্য ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার পৌর শহরের সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষের ইংরেজি পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। এ সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে নকলের কাগজ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

বহিষ্কৃতদের মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ডিগ্রি কলেজের ৬ জন এবং কাঠারবিল এম এম মেমোরিয়াল কলেজের ৬ জন পরীক্ষার্থী রয়েছেন। নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় পরীক্ষার হল থেকেই মোট ১২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা নকল বরদাশত করা হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরীক্ষা কেন্দ্রে প্রশাসনের এমন কঠোর তদারকিকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক ও সচেতন অভিভাবকরা। তাদের মতে, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার মান ও মূল্যায়নের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%