ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘দেশে থাকার সাহস নাই, পালিয়ে গেছে; তারা আবার ফেসবুকে জনগণকে উসকানি দিচ্ছে’


‘দেশে থাকার সাহস নাই, পালিয়ে গেছে; তারা আবার ফেসবুকে জনগণকে উসকানি দিচ্ছে’

সমাজকল্যাণমন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেন মন্তব্য করেছেন যে, যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে এবং মামলা মোকাদ্দমা করে জনরোষ থেকে বাঁচার জন্য পালিয়ে গেছে। তারা মানুষের কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আবারও উসকানি দিচ্ছে, "আরও আগুন লাগাও, আরও মানুষ মারো এবং আরও বিশৃঙ্খলা সৃষ্টি করো।"

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে ২ হাজার ৪শ জন কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, "তারা বিদেশে বসে উস্কানি দিচ্ছে, আর এর ফলে আমাদের নিরীহ সরলমনা মানুষ বাস ও ট্রাকের মধ্যে আগুন লাগাচ্ছে এবং ঘুমন্ত অবস্থায় হেল্পার ড্রাইভার মারা যাচ্ছে। ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষ আক্রমণের শিকার হচ্ছে। তারা আবারও সেই পুরনো দিনের রাজনীতিতে ফিরে যাচ্ছে। এমপির বাড়িতে আগুন দেওয়া কিংবা পুলিশ স্টেশনে আগুন দেওয়া এগুলো কোন ভালো মানুষের কাজ নয়।"

আরও পড়ুন: মামুনুল হক: প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বান স্বাগত, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের

তিনি সকলকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান। তবে তিনি উল্লেখ করেন, "কোন খারাপ কাজের উত্তর কিন্তু খারাপ দিয়ে দেওয়া যাবে না। খারাপ কাজের উত্তর দিতে হবে আপনার ভালো আচরণ দিয়ে, আপনার উপস্থিতি দিয়ে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে।"

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের দল ‘অ্যারো ভেনম’। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় নিজেদের তৈরি অ্যারিয়াল প্রজেক্ট ও ড্রোন প্রযুক্তি প্রদর্শন করে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর লালমনিরহাট ক্যাম্পাসে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টিম অ্যারো ভেনম তাদের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরেছে। দ্বিতীয় স্থান অর্জনের জন্য টিমকে ষাট হাজার টাকা পুরস্কারের ডেমো চেক প্রদান করা হয়। এ আয়োজনে দলের সঙ্গে উপস্থিত ছিলেন রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের প্রধান এবং দলটির উপদেষ্টা অধ্যাপক ড. মাসুদ রানা। এছাড়াও দলের পক্ষ থেকে অংশগ্রহণ করেন ২০২০–২১ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তাকি তামিম ও ইমন চৌধুরী এবং একই বর্ষের যন্ত্রকৌশল বিভাগের মোহাম্মদ খুবায়েব ও মজনুরুল আলম।

এছাড়া ২০২২–২৩ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের আব্দুল্লাহ আল মারযুক, নাইমুর আলম আশিক ও রাফি উদ্দীন সোহাগ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের নাবিল আজাদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইশতিয়াক আহমেদ ইমন এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের মাহমুদুল হাসান মেহরাজ ও তাহমিদ হাসান ফুয়াদ অংশগ্রহণ করেন। বর্তমানে দলের সদস্য সংখ্যা প্রায় ১৫ জন, যাদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা দেশের তরুণদের মেধা, সাহস ও সম্ভাবনা বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি তরুণদের উদ্ভাবনকে শুধুমাত্র প্রতিযোগিতা বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে কৃষি, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনকল্যাণে কার্যকর সমাধান তৈরিতে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে তরুণদের চাকরি প্রার্থী হওয়ার পাশাপাশি উদ্ভাবক, গবেষক ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ, গবেষণা ও দেশীয় প্রযুক্তির বিকাশ অপরিহার্য। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ ক্ষেত্রে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন ও রোবটিক্স প্রযুক্তিতে আগ্রহী তরুণ, উদ্ভাবক ও প্রযুক্তি প্রেমীদের জন্য একটি প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য। এর মাধ্যমে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ধারণা তুলে ধরার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, গবেষক ও উদ্ভাবকদের মধ্যে যোগাযোগ, জ্ঞান বিনিময় ও সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

উদ্বোধনীর পর প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিশেষায়িত গবেষণাগার এবং অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও স্পেস প্রযুক্তি সরেজমিনে পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, বিশেষায়িত গবেষণাগারের সুযোগ-সুবিধা এবং অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস প্রযুক্তির অগ্রগতিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে অবহিত করেন।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭৪টি দলের মোট ২৯৬ জন প্রতিযোগী চারটি বিভাগে অংশগ্রহণ করছেন। বিভাগগুলো হলো: রোটরক্রাফট, ফিক্সড উইং, সকার বট ও স্পেস রোবোটিক্স। এর মধ্যে রোটরক্রাফট বিভাগে ১৬টি দলের ৬৯ জন, ফিক্সড উইং বিভাগে ১৭টি দলের ৮০ জন, সকার বট বিভাগে ৩৭টি দলের ১১৭ জন এবং স্পেস রোবোটিক্স বিভাগে ৪টি দলের ৩০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, বিমানবাহিনী প্রধান, লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য, এএইউবির উপাচার্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২০ নভেম্বর) প্রতিযোগিতার দ্বিতীয় দিনের কার্যক্রম ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হবে। আয়োজকদের মন্তব্য, প্রতিযোগিতার লক্ষ্য শুধুমাত্র বিজয়ী নির্বাচন নয়; বরং সম্ভাবনাময় তরুণ প্রতিভা খোঁজা, উদ্ভাবকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র তৈরি এবং ধারণার সঙ্গে গবেষণা, বাস্তব প্রযুক্তি ও ভবিষ্যৎ শিল্পের সংযোগ স্থাপন করা। দেশের অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবোটিকস ও মহাকাশ প্রযুক্তি খাতে নিজস্ব সক্ষমতা, প্রযুক্তিগত স্বনির্ভরতা, নতুন শিল্প এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে এএইউবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরের অসময়ের অতি বর্ষণে বিপর্যস্ত বরিশাল, কৃষকদের মধ্যে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


নভেম্বরের অসময়ের অতি বর্ষণে বিপর্যস্ত বরিশাল, কৃষকদের মধ্যে আতঙ্ক

পশ্চিম মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বরিশাল অঞ্চলের জনজীবন গত দুই দিনে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসল আমন এবং রবি ফসলের ক্ষতির পাশাপাশি শীতকালীন সবজির ক্ষেত্রেও ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষি যোদ্ধাগণ এ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন।

বুধবার (২০ নভেম্বর) রাতে উপকূলীয় এলাকা জুড়ে হালকা বৃষ্টি শুরু হয় এবং বৃহস্পতিবার সকাল থেকে দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকে। শুক্রবার সকালের পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বরিশালে প্রায় ৩৫ মিলি বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরিশালে আরো প্রায় ২০ মিলি বৃষ্টি পড়েছে।

নভেম্বরে আকাশে মেঘ জমলেই বরিশাল অঞ্চলের কৃষকদের মধ্যে আতঙ্ক এবং দুশ্চিন্তা দেখা দেয়। এ বছর বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ২৪ লাখ টন আমন চাল ঘরে তোলার লক্ষ্যে ৯ লাখ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে। ভাটি এলাকা হওয়ার কারণে বরিশাল অঞ্চলে এ প্রধান দানাদার খাদ্য ফসলের আবাদ ও কর্তন বিলম্বিত হয়ে থাকে। দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যে আমন কর্তন প্রায় শেষ হয়ে গেলেও বরিশাল অঞ্চলের বেশিরভাগ আমন ধান কর্তনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও অধিকাংশই এখনো ফুল পর্যায়ে রয়েছে। কিছু উচ্চ ফলনশীল জাতের ধান পাকতে শুরু করলেও বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ৫ ভাগ আমন ধান ঘরে উঠেছে।

ফলে চলমান দুর্যোগ বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসলকে চরম অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। ইতোমধ্যে বিপুল সংখ্যক উঠতি আমন ধানের জমিতে পানি জমতে শুরু করেছে। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরো ৩০ মিলি বৃষ্টিপাতের ফলে বিপুল সংখ্যক আমন ধান চূড়ান্ত সর্বনাশের দিকে যাচ্ছে। অক্টোবর মাসে স্বাভাবিকের মাত্র ৫ ভাগ বৃষ্টিপাতের পরে মধ্য নভেম্বর পর্যন্ত একই পরিস্থিতি অব্যাহত থাকার কারণে অসময়ের এ বর্ষণ সমগ্র দক্ষিণাঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসলকে ভয়াবহ ঝুঁকির মুখে ফেলেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যত দ্রুত সম্ভব ধান কর্তনের পরামর্শ দেয়া হলেও গত দুদিনের বর্ষণে কোনো কৃষক ও কৃষি শ্রমিক মাঠে নামতে পারেননি।

তবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করলেও বরিশাল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে, বৃষ্টিপাতের গত দুদিনের ধারা শনিবারেও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

শেষ নভেম্বরের এ বর্ষণে বরিশাল অঞ্চলের আগাম শীতকালীন সবজিও ক্ষতির মুখে পড়ছে এবং সবজি ও ডালসহ সব ধরনের শীতকালীন ফসলের আবাদও যথেষ্ট পিছিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর প্রতি সহিংসতা বন্ধে জুলাই সনদ মেনে নতুন রাষ্ট্র গঠনের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


নারীর প্রতি সহিংসতা বন্ধে জুলাই সনদ মেনে নতুন রাষ্ট্র গঠনের দাবি

দেশের চলমান সহিংসতা এবং নারীর প্রতি সব ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধে জুলাই সনদ মেনে নতুনভাবে রাষ্ট্র গঠনের দাবি জানিয়েছেন বক্তারা।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াস আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়।

সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী অধ্যাপক ড. শামীমা তাসনিমের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী, সংসদ সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও নাজমুন নাহার নীলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক সানেমুন ফাতেমা ক্যামেলিয়া, শিক্ষক জান্নাতুল কারীম সুইটি, ড. ফেরদৌস আরা, সুমাইয়া রাবেয়া প্রমুখ।

অনুষ্ঠানে ড. দিলারা চৌধুরী তার বক্তব্যে নারীর প্রতি সহিংসতাকে কেবল ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা হিসেবে না দেখে রাষ্ট্রীয়, সামাজিক ও কাঠামোগত সমস্যা হিসেবে বিবেচনার ওপর জোর দেন। নারীর প্রতি সহিংসতা বন্ধে বিচারহীনতার সংস্কৃতি ভাঙা, রাজনৈতিক সদিচ্ছা, আইনের নিরপেক্ষ প্রয়োগ, অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। নারীর অধিকার রক্ষায় রাষ্ট্রের দায়বদ্ধতা নিশ্চিত না হলে টেকসই পরিবর্তন সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মানবাধিকার, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ভুক্তভোগীকে দোষারোপ না করে তার পাশে দাঁড়াতে হবে। সব ধরনের সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা কোনো বিশেষ অনুগ্রহ নয়। এটি নারীর মৌলিক অধিকার।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও স্মৃতিস্মারক উপহার দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তনের সম্ভাবনা : শেখ রবিউল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


আগামী পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তনের সম্ভাবনা : শেখ রবিউল

সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো যদি নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা যায়, তবে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব হবে। তিনি উল্লেখ করেছেন, রেল, নৌ ও সড়ক যোগাযোগের উন্নয়নে যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে আয়োজিত এক অবহিতকরণ কর্মশালায় এসব মন্তব্য করেন মন্ত্রী। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে যোগাযোগ খাতের পেশাদার সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের অবহিত করতে এই কর্মশালার আয়োজন করা হয়।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘যদি আগামী পাঁচ বছরে রেল, নৌ ও সড়কের ক্ষেত্রে ইতিমধ্যে গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশের যোগাযোগ খাতে আমূল পরিবর্তন হয়ে যাবে।’

কর্মশালায় ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, প্রকল্পটির বাস্তবায়নে তিনটি বিকল্প প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। প্রথম প্রস্তাবে পুরো ১৩২ কিলোমিটার উড়ালপথ নির্মাণের পরিকল্পনা ছিল। তবে বিস্তারিত পর্যালোচনার পর দ্বিতীয় বিকল্পটিকে বেশি উপযোগী মনে করা হয়েছে। এই পরিকল্পনায় প্রায় ৫৪ কিলোমিটার উড়ালপথ এবং বাকি অংশ মাটির সমতলে (অ্যাট গ্রেড) নির্মাণের কথা রয়েছে।

দ্বিতীয় বিকল্প অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়ন হলে এক বছরের মধ্যে কাজ শুরু করা সম্ভব হতে পারে বলে তিনি জানান। তবে পুরো ঢাকা-চট্টগ্রাম পথে উড়াল এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে গেলে প্রকল্প শুরুর প্রক্রিয়ায় আরো বেশি সময় লাগতে পারে।

পদ্মা দ্বিতীয় সেতু প্রকল্পের বিষয়ে শেখ রবিউল আলম বলেন, প্রকল্পটির অর্থায়ন নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। নির্বাচনী ইশতেহারেও এটিকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে দ্রুত প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু করা হয়েছে। পাশাপাশি বিস্তারিত নকশা প্রণয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী প্রকল্প বাস্তবায়নের সময়সীমা তুলে ধরে বলেন, কোনো প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত থেকে বাস্তবায়ন পর্যায়ে যেতে সাধারণত এক থেকে দেড় বছর সময় লাগে। এরপর প্রকল্প বাস্তবায়নে আরো তিন থেকে চার বছর প্রয়োজন হয়। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ে সক্ষমতার কিছু ঘাটতি রয়েছে।

দিনব্যাপী এ কর্মশালায় বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান কবির, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম এবং বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আসিফুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%