ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আতিফ আসলাম কনসার্টে আসলে মুফতি তাকী উসমানি কেন আসবেন না: ত্বহা মাহমুদ


আতিফ আসলাম কনসার্টে আসলে মুফতি তাকী উসমানি কেন আসবেন না: ত্বহা মাহমুদ

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম যদি বাংলাদেশে এসে কনসার্ট করার সুযোগ পান, তাহলে কেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ও বিচারপতি মুফতি তাকী উসমানি বাংলাদেশে আসতে পারবেন না, এই প্রশ্ন তুলেছেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সম্পাদক মাওলানা ত্বহা মাহমুদ।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আতিফ আসলাম যদি পাকিস্তান থেকে বাংলাদেশে এসে কনসার্ট করতে পারেন, তাহলে বিচারপতি মুফতি তাকী উসমানি কেন বাংলাদেশে আসতে পারবেন না? শিল্পীর জন্য দরজা খোলা, আর একজন আলেমের জন্য বাধা! এর ব্যাখ্যা কী?’

মাওলানা ত্বহা মাহমুদ আরও প্রশ্ন তোলেন, মুফতি তাকী উসমানির বাংলাদেশ সফরের ক্ষেত্রে দিল্লির অনুমতি না পাওয়ার বিষয়টি কতটা সত্য। তিনি সরকারের অবস্থানও জানতে চান।

আরও পড়ুন: রিজভী: শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না

তিনি বলেন, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমের সফর বাতিলের ঘটনায় সরকারের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুশীলনে ড্রোন চালিয়ে ক্ষমা, সরিয়ে নিলেন ফুটেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


অনুশীলনে ড্রোন চালিয়ে ক্ষমা, সরিয়ে নিলেন ফুটেজ

ঢাকা, ২০ নভেম্বর ২০২৬ : ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ মরিসিও পচেত্তিনোর প্রথম অনুশীলন সেশনের কিছু অংশ ড্রোনের মাধ্যমে ধারণ করার পর ভিডিওটি সরিয়ে নিয়েছেন এক ড্রোন অপারেটর। তিনি এই ঘটনায় নিজের ‘সম্পূর্ণ বিচারবুদ্ধিহীন’ সিদ্ধান্তের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।

বৃহস্পতিবার, ক্লাবটির ক্যারিংটন অনুশীলন কমপ্লেক্সের নিকট ড্রোন উড়িয়ে ১২ মিনিটের একটি ভিডিও ধারণ করে ওই ব্যক্তি নিজের ইউটিউব চ্যানেল ‘সিসি ওভারভিউ’-তে প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, পচেত্তিনো, যিনি এই সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব গ্রহণ করেছেন, রোববার লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের প্রস্তুতি হিসেবে খেলোয়াড়দের অনুশীলন করাচ্ছেন।

শুক্রবার, নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে ঐ ব্যক্তি বলেন, “আমার সম্পূর্ণ বিচারবুদ্ধিহীন সিদ্ধান্তের কারণেই ক্যারিংটনে ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনের কিছু অংশ ভিডিও করেছি।”

তিনি আরও যোগ করেন, “ড্রোনসংক্রান্ত আইন অনুযায়ী উড্ডয়নটি বৈধ হলেও আমার কাজটি যে নৈতিক ছিল না, তা আমি পুরোপুরি স্বীকার করছি।”

“সমর্থকদের প্রথমবারের মতো ইউনাইটেডের অনুশীলনের পোশাকে মরিসিও পচেত্তিনোকে দেখানোই ছিল আমার উদ্দেশ্য।”

তিনি জানান, অনুশীলন শুরুর সময় ভিডিও করায় ভুল করে ভেবেছিলেন, তখনো গুরুত্বপূর্ণ কোনো অনুশীলন শুরু হয়নি। তাই কেবল ওয়ার্ম-আপের দৃশ্য ধারণ করা হবে বলে তাঁর ধারণা ছিল।

নিজেকে কলিন পরিচয় দিয়ে ওই ড্রোন অপারেটর বলেন, অনুশীলন সেশনটি বিভিন্ন সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে বলেও তিনি ভুলভাবে ধারণা করেছিলেন।

তিনি বলেন, “আমার এই কাজের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড, মরিসিও পচেত্তিনো ও খেলোয়াড়দের কাছে ক্ষমা চাইছি। আন্তরিকভাবে আশা করছি, আমার এই কর্মকান্ড কোনো ম্যাচের ফলাফলে প্রভাব ফেলবে না।”

ভিডিও ধারণের সিদ্ধান্তের সঙ্গে লিভারপুল বা অন্য কোনো ক্লাবের সংশ্লিষ্টতা ছিল না বলেও তিনি জানিয়েছেন।

এ বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এখনও কোনো মন্তব্য করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে ফুলকপির কেজি ২ থেকে ৩ টাকায় বিক্রি, কৃষকেরা বিপাকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


ঝিনাইদহে ফুলকপির কেজি ২ থেকে ৩ টাকায় বিক্রি, কৃষকেরা বিপাকে

ঝিনাইদহে ফুলকপি চাষের ফলে কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি ফুলকপির মূল্য মাত্র দুই থেকে তিন টাকা পাওয়া যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলায় পাঁচটি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে ফুলকপির চাষ করা হয়। তবে, দোড়া ইউনিয়নে সবচেয়ে বেশি ফুলকপি চাষ হয়। চলতি বছর উপজেলায় ১০৯ হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে।

দয়ারামপুর গ্রামের তিন বন্ধু এনজিও থেকে ঋণ নিয়ে সাড়ে পাঁচ বিঘা জমিতে ফুলকপির চাষ করেছেন। যদিও উৎপাদন ভালো হয়েছে, কিন্তু বাজারে দাম না থাকায় তারা বিপাকে পড়েছেন। বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকায়। উৎপাদন খরচের তুলনায় আয় অনেক কম হওয়ায় ফসল সংগ্রহের শ্রমিকের মজুরি দিতে পারছেন না তারা।

দয়ারামপুর গ্রামের অলিয়ার রহমান বলেন, "অনেক কষ্ট করে তিন বন্ধু ফুলকপির চাষ করেছিলেন। এখন দাম না পাওয়ায় জমিতে কেটে ফেলে রাখতে হচ্ছে।"

তিন বন্ধু হাসান আলী, সবুজ হোসেন ও খায়রুল ইসলাম জানান, প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষে খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। সব মিলিয়ে সাড়ে পাঁচ বিঘা জমিতে তাদের ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৪০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা। ফলনও ভালো ছিল। কিন্তু বাজারে প্রতি কেজি ফুলকপির দাম মাত্র দুই থেকে তিন টাকা। এ দামে বিক্রি করলে বিঘাপ্রতি আয় হবে মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা। এই টাকা দিয়ে ফসল কাটার শ্রমিকের মজুরি দেওয়া সম্ভব নয়।

তিন বন্ধু আরও জানান, তারা দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন।

কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদ হোসেন বলেন, "চলতি বছর উপজেলায় ১০৯ হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে। মৌসুমের শুরুতে যেসব কৃষক বাজারে ফুলকপি তুলতে পেরেছেন, তারা ভালো দাম পেয়েছেন। তবে বর্তমানে শীতকালীন ফুলকপি বাজারে আসায় সরবরাহ বেড়েছে। এ কারণে কৃষকেরা এখন তুলনামূলক কম দাম পাচ্ছেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামুনুল হক: প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বান স্বাগত, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


মামুনুল হক: প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বান স্বাগত, ফাটল মেরামতের দায়িত্ব সরকারের

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক মন্তব্য করেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা জাতীয় ঐক্যকে ধরে রাখতে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকার গঠনের পর বিএনপির এই ব্যর্থতা আরও বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে অবিশ্বাস ও দূরত্ব তৈরি করে বিএনপি নিজেদের জন্য আত্মঘাতী পরিস্থিতি সৃষ্টি করেছে। জাতীয় ঐক্যের ফাটল মেরামতের দায়িত্ব প্রধানত সরকারের উপর বর্তায়।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের আগে দীর্ঘ ১৫-১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যে ঐক্য ও সংহতি গড়ে উঠেছিল, তা রক্ষার ওপর বাংলাদেশ খেলাফত মজলিস শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে। অন্তর্বর্তী সরকারের আমল থেকে শুরু করে নির্বাচনের আগেও বিভিন্ন রাজনৈতিক ফোরামে এ বিষয়ে আলোচনা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বিএনপি দল হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সরকার হিসেবে আরও বেশি ব্যর্থ হয়েছে। রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে অবিশ্বাস তৈরি করে কথায় কথায় মিত্রদের আক্রমণ করে নিজেদের জন্য আত্মঘাতী পরিস্থিতি সৃষ্টি করেছে দলটি।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান অনেক বিলম্বে এলেও আমরা তাকে স্বাগত জানাই। তবে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বাংলাদেশের মানুষ যে বিপুল জনমত দিয়েছে, সেই গণরায়কে সম্মান করতে হবে। নিজেদের অতীত ভূমিকা পর্যালোচনা করতে হবে। গণভোটের আগে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালিয়েছেন। তাদের এই ভূমিকার কারণেই ‘হ্যাঁ’-এর পক্ষে জনসমর্থন আরও বিস্তৃত হয়েছে। অথচ কিছু ইসলামী রাজনৈতিক সংগঠনও যথাযথ বিশ্লেষণ ছাড়াই বিএনপির অবস্থানের সঙ্গে সুর মিলিয়েছে। এটি ছিল তাদের চরম আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত।

জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সৃষ্ট নতুন সম্ভাবনার কথা তুলে ধরে খেলাফত মজলিসের আমির বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট হলে এই সম্ভাবনার অপমৃত্যু ঘটবে। তাই ঐক্যের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। জুলাই সনদের যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

সরকার ও বিএনপির প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে তিনি বলেন, বাংলাদেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষার সংগ্রামে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সরকার ও বিএনপি ভুল পথে পরিচালিত হলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একচুল পরিমাণ পিছপা হব না। সরকার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষ কারও হাতে দেশের ভাগ্য ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবে না। প্রয়োজনে আবার নতুন জুলাই আসবে, আবার নতুন সংগ্রাম হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনৈতিক অবস্থান তুলে ধরে মামুনুল হক বলেন, সংগঠনটি তার আদর্শ ও লক্ষ্য নিয়ে কখনো দ্বিধান্বিত ছিল না। ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক যে আদর্শিক ভিত্তির ওপর সংগঠনটির যাত্রা শুরু করেছিলেন, সেই ধারাবাহিকতায় কোরআন-সুন্নাহর নির্দেশনা ও পূর্বসূরি আকাবিরদের পদাঙ্ক অনুসরণ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে তারা কাজ করছেন।

তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বর্তমানে একটি গুরুত্বপূর্ণ উত্তরণপর্ব অতিক্রম করছে। দীর্ঘদিন ধরে প্রান্তিক অবস্থানে থাকা কওমি ধারার রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে দলটি জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এ অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবাইকে দক্ষতা, ভারসাম্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে।

বন্ধুপ্রতিম ইসলামী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নীতির প্রশ্নে অটল থাকতে হবে, তবে বক্তব্য ও আচরণে নম্রতা বজায় রাখতে হবে। অন্য সংগঠনগুলোর প্রতি কটু ভাষা প্রয়োগ না করে ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। ইসলামী অঙ্গনের বিচ্ছিন্ন শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর ইসলামী শক্তির উত্থানে বাংলাদেশ খেলাফত মজলিসকে ভূমিকা রাখতে হবে।

বিএনপির রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে মামুনুল হক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে বিএনপি ও সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন ব্যক্তিরা থাকতে পারেন, যারা জিয়া ও খালেদা জিয়ার আদর্শবিরোধী। তারা দল ও সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করতে পারেন। তাই বিএনপিকে নিজেদের আদর্শিক অবস্থান পর্যালোচনা করতে হবে।

তিনি আরও বলেন, জুলাইয়ের অর্জনকে নিজেদের লড়াই ও সংগ্রামের ফসল মনে করে বাংলাদেশ খেলাফত মজলিস। এই অর্জনকে পূর্ণতা দিতে সংগঠনটি শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সল আহমাদ ও মাওলানা এনামুল হক মুসাসহ কেন্দ্রীয় নেতারা।

এ ছাড়া বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সহপ্রশিক্ষণ সম্পাদক মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ ও মুহাম্মাদ কামাল উদ্দীন।

কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য হাবীবুল্লাহ মিসবাহর পরিচালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইমদাদ আশরাফ, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোশাররফ হুসাইন লাবিব, সাবেক সভাপতি পরিষদ সদস্য মাহমুদুল হাসান সাগর, আশরাফুল ইসলাম সাদ ও মাহদী হাসান শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ দিদারুল ইসলাম ঘোষণাপত্র পাঠ করেন। এতে বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তার নদীর বুকে কৃষকদের সোনালি স্বপ্নের ফলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


তিস্তার নদীর বুকে কৃষকদের সোনালি স্বপ্নের ফলন

একসময় তিস্তার ভাঙনে ১০ বিঘারও বেশি আবাদি জমি বিলীন হয়ে গেছে। নদী তাদের বসতভিটা কেড়ে নিয়েছে। বর্তমানে সমতলে তাদের কোনো জমি নেই। তবুও ৬০ বছরের বৃদ্ধ কৃষক সেকেন্দার আলী মাটির মায়া ছাড়তে পারেননি।

জীবিকার তাগিদে সেকেন্দার আলী তিস্তার বুকে জেগে ওঠা চরে অন্যের জমি বর্গা নিয়ে আবারও চাষাবাদ শুরু করেছেন। এবার তিনি পাঁচ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছেন। তার খেতজুড়ে এখন দুলছে সোনালি ধানের শীষ। ভালো ফলন দেখে তিনি পুরোনো ক্ষতির বেদনা ভুলতে বসেছেন।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দে সেকেন্দার আলীর খেতের প্রায় সব ধান পেকে গেছে। তিনি আগামী দুই-তিন দিনের মধ্যে ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন। তার প্রত্যাশা, প্রতি বিঘায় ২৩ থেকে ২৪ মণ ধান পাবেন।

সেকেন্দার আলীর কাছে এই ধান শুধুমাত্র একটি ফসল নয়, বরং নদীর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকার স্বপ্নও। তিনি বলেন, “প্রতিবছর ধান পাকার সময় বন্যা, অতিবৃষ্টি কিংবা ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকে। এতে চরের ফসল ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় প্রত্যাশা অনুযায়ী ধান ঘরে তোলা যায় না। তবে এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। খেতের দিকে তাকালে মন ভরে যায়। কোনো দুর্যোগ না হলে এবার ভালোভাবেই ধান ঘরে তুলতে পারব।”

সেকেন্দার আলীর মতো তিস্তার বুকে জেগে ওঠা চরজুড়ে কৃষকদের ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। কোথাও ধান কাটা চলছে, কোথাও মাড়াইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবার কোথাও কৃষকরা সোনালি ধান ঘরে তোলার অপেক্ষায় রয়েছেন। নদীর বুকজুড়ে বিস্তীর্ণ খেতের দিকে তাকালে মনে হয়, স্রোত আর ভাঙনের মাঝেও নতুন করে জীবন সাজিয়েছে তিস্তার চর।

একই চরের কৃষক জয়নাল আবেদীন (৫৮) চার বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। এর মধ্যে দুই বিঘার ধান কেটে বাড়িতে তুলেছেন। বাকি দুই বিঘার ধান আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে কাটবেন। তার চোখেমুখেও ভালো ফলনের তৃপ্তি দেখা যাচ্ছে।

জয়নাল বলেন, “গত বছরের তুলনায় এবার চরে আমনের আবাদ বেড়েছে। চার-পাঁচ দিন ধরে বিভিন্ন চরে ধান কাটা শুরু হয়েছে। চলতি নভেম্বরের মধ্যেই অধিকাংশ জমির ধান কাটা শেষ হবে। এরপর এসব জমিতে আলু, পেঁয়াজ, কুমড়া, আদা ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের আবাদ করা হবে।”

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর চরের কৃষক অনিল চন্দ্র বর্মণ (৬৫) এবার আট বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। রোববার থেকে তার খেতের ধান কাটা শুরু হয়েছে। গত বছর প্রতি বিঘায় ১৯ মণ ধান পেয়েছিলেন। এবার ফলন বেড়ে ২৪ মণ হতে পারে বলে তিনি আশা করছেন।

অনিল চন্দ্র জানান, সমতলের তুলনায় চরের জমিতে ধান চাষে প্রতি বিঘায় প্রায় তিন হাজার টাকা কম খরচ হয়। তবে বীজ, সার, কীটনাশক ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় এবার উৎপাদন খরচ গত বছরের চেয়ে বেশি হয়েছে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বুড়িরহাটের কৃষক যতীন চন্দ্র সরকার (৭০) ২৫ বিঘা আবাদি জমির মালিক। নদীর ভাঙাগড়ার খেলায় তার সব জমিই এখন তিস্তার বুকে জেগে ওঠা চরে। গত বছর পাঁচ বিঘায় আমন ধান চাষ করলেও এবার করেছেন আট বিঘায়। তার খেতের প্রায় সব ধানই পেকে গেছে। যতীন চন্দ্রের চোখে এবার ভালো ফলনের আনন্দ থাকলেও কিছুটা শঙ্কা রয়েছে।

তিনি বলেন, “এবার আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন খুব ভালো হয়েছে। চারদিকে পাকা ধান দেখে মন ভরে যাচ্ছে। তবে ধানের ন্যায্যমূল্য না পেলে উৎপাদন খরচ তুলে লাভবান হওয়া কঠিন হবে।”

একই এলাকার কৃষক আক্তার হোসেন (৬০) এবার সাত বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছেন। গত বছর করেছিলেন মাত্র তিন বিঘায়। তিনি জানান, গত বছরের তুলনায় এবার তিস্তার চরে প্রায় দ্বিগুণ জমিতে আমন ধানের চাষ হয়েছে। কেউ ধান কেটে বাড়িতে তুলছেন, কেউ কাটছেন। আবার অনেক কৃষক ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন। এবার বৈরী আবহাওয়া না থাকায় ফলন ভালো হয়েছে। খেতভরা সোনালি ধান দেখে তাদের মনও আনন্দে ভরে গেছে।

কৃষকদের এই আনন্দের প্রতিফলন ঘটেছে আবাদ বৃদ্ধির পরিসংখ্যানেও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের পাঁচ জেলা—লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধার তিস্তা নদীর চরাঞ্চলে এবার প্রায় ২৪ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। গত বছর এ পরিমাণ ছিল প্রায় ১৯ হাজার হেক্টর। এক বছরের ব্যবধানে পাঁচ জেলার চরাঞ্চলে আমনের আবাদ বেড়েছে পাঁচ হাজার হেক্টর।

চরাঞ্চলে প্রতি বিঘায় গড়ে ২২ মণ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অনুকূল আবহাওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হতে পারে বলে আশা করছে কৃষি বিভাগ।

রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু বকর সাইফুল ইসলাম বলেন, “এবার তেমন বন্যা না হওয়ায় তিস্তার বুকে জেগে ওঠা অধিকাংশ চরে আমন ধানের আবাদ করা সম্ভব হয়েছে। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বাম্পার। চরাঞ্চলের কৃষকরা এবার ভালো ফলন পেয়েছেন। তিস্তার বিস্তীর্ণ চরজুড়ে সোনালি ধান দেখে কৃষকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যাচ্ছে।”

নদীভাঙনে জমি হারানো সেকেন্দার আলী থেকে শুরু করে আট বিঘার চাষি অনিল চন্দ্র কিংবা ২৫ বিঘা জমির মালিক যতীন চন্দ্র—সবার গল্পই এক সুতোয় গাঁথা বেঁচে থাকার লড়াই। তিস্তা একদিকে তাদের জমি কেড়ে নিয়েছে, অন্যদিকে আবার জেগে ওঠা চরে নতুন করে চাষাবাদের সুযোগ তৈরি করেছে। তাই চরবাসীর কাছে সোনালি ধান শুধু বাম্পার ফলনের বার্তা নয়, নদীর সঙ্গে লড়াই করে নতুন করে বাঁচার আশাও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%