০৮:১৮ পি.এম
অর্থ আত্মসাত এবং প্রতারণার অভিযোগে নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া বাজারে আব্দুর রহিম দবির শেখের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে শনিবার দুপুরের দিকে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য দেন ভুক্তভোগী ডুমুরিয়া গ্রামের আহম্মদ আলী, শাহিনুর বেগম, সাজেদা বেগম, মেহেদী হাসান, যোগানিয়া গ্রামের কাজলী বেগম, খুকু বেগম, শাহিন শেখ সহ আরও অনেকেই।
আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ
বক্তাগণ বলেন, নড়াইল জেলার যোগানিয়া গ্রামের আব্দুর রহিম দবির নিজেকে মেজর বলে পরিচয় দেন। তিনি সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি ফেসবুকে পোস্ট করেন। এলাকার সহজ-সরল মানুষদের কাছে গিয়ে সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। এছাড়া বিদেশ পাঠানোর কথা বলেও তিনি টাকা হাতিয়েছেন। এক্ষেত্রে, কারোর কাছ থেকে পাঁচ লাখ, কারোর থেকে তিন লাখ এবং আবার এক থেকে দুই লাখ টাকাও নিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে দবিরের বিরুদ্ধে।
এদিকে, মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাত এবং মাদক কারবারির অভিযোগও রয়েছে দবির শেখের বিরুদ্ধে। বক্তাগণ জানান, এসব অপরাধমূলক কর্মকান্ডে অন্তত ৫০টি পরিবার ক্ষতির শিকার হয়েছেন। মানববন্ধন শেষে, দবিরের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন ক্ষতিগ্রস্থরা।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, যদি দবির শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় তাহলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন