০১:০৩ এম
ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয়লাভ করেছে স্বাগতিক পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ইংল্যান্ড পাকিস্তানকে আগে ব্যাটিং করতে পাঠায়। যদিও শুরুতে পাকিস্তানের ব্যাটিং ভালো হয়নি, তবে হাসান নেওয়াজ ও আরাফাত মিনহাসের দুর্দান্ত জুটিতে ৯ উইকেট হারিয়ে ৩০২ রানের একটি বড় পুঁজি গড়ে পাকিস্তান। ইংল্যান্ডের ইনিংস ২১৫ রানে শেষ হয়। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অসাধারণ পারফর্ম করেন আরাফাত মিনহাস, যিনি একাই ৬ উইকেট নেন।
টসের পর ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ১০০ রানের আগেই ৪ উইকেট হারায়। সেখান থেকে দলের হাল ধরেন হাসান নেওয়াজ ও আরাফাত মিনহাস। নেওয়াজ ৭৪ বলে ৭৯ রান এবং মিনহাস ৫৮ বলে ৫৯ রান করেন। এছাড়া, ফাহিম আশরাফ ৩৯, সাদ বেগ ৩৫ এবং বাবর আজম ৩৪ রান সংগ্রহ করেন।
ইংল্যান্ডের পক্ষে সনি বেকার ৩ উইকেট নেন। গাস অ্যাটকিনসন ২ উইকেট পান এবং উইল জ্যাক্স, ওভারটন, রশিদ ও কারান প্রত্যেকে একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: এবার ইতিহাদে ব্রাইটনের কাছে ১-০ ব্যবধানে হারল সিটি
ইংল্যান্ডের ইনিংস শুরু হয় দারুণভাবে। ব্যান্টন ও ডাকেটের ওপেনিং জুটি ৯১ রান সংগ্রহ করে। তবে এই জুটি ভাঙার পর ইংলিশরা পথ হারিয়ে ফেলে। ডাকেট ৪৫ রান করে আউট হন, যেখানে ব্যান্টন দলের সর্বোচ্চ ৫৭ রান করেন। জো রুট ৩৩ রান করলেও এরপর কেউ আরাফাত মিনহাসের স্পিনের সামনে দাঁড়াতে পারেননি।
মিনহাস ৮.৪ ওভারে মাত্র ৪০ রান দিয়ে ৬ উইকেট নেন। এর ফলে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শেষ ১৮ রানে তারা ৫ উইকেট হারায়। পাকিস্তান ইংল্যান্ডকে ২১৫ রানে অল আউট করে ৮৭ রানের বিশাল জয় পায়। মিনহাসের ৬ উইকেট ছাড়াও হারিস রউফ ২ উইকেট নেন, নাসিম শাহ্ একটি উইকেট পান এবং একটি রান আউট হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন