০৭:৫৩ পি.এম
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়নের উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে। তিনি উল্লেখ করেন, মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ থাকলেও, তা গত অক্টোবরে ৮ দশমিক ২৭ শতাংশে নেমে এসেছে। সরকারের লক্ষ্য হলো মূল্যস্ফীতি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনা।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘স্টেট অব দ্য ইকোনমি : হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে রয়েছে, যা অভ্যন্তরীণ ও আমদানিজনিত দুই ধরনের। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সার ও পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে। এর ফলে, আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা সীমিত। তবে, অভ্যন্তরীণ মূল্যস্ফীতি কমাতে খাদ্যপণ্য এবং খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামালের ওপর শুল্ক-কর কমানো হয়েছে।
আরও পড়ুন: ৫০তম বিসিএসের ফল প্রকাশে ৭২ ঘণ্টার আলটিমেটাম প্রার্থীদের
তিনি আরও জানান, আগের শাসনামলে মূল্যস্ফীতি প্রায় ৯ দশমিক ৭০ শতাংশে পৌঁছেছিল, যা গত অক্টোবরে কমে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ১৪ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে।
অর্থমন্ত্রী স্বল্প আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বর্তমানে ৫০ লাখ পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় ২ কোটি পরিবারকে আনার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, কৃষকদের বীজ ও সারে সহায়তা, চাল বিতরণ কর্মসূচি এবং শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল অনুমোদনের কথাও তিনি উল্লেখ করেন। সর্বজনীন স্বাস্থ্যসেবা চালু, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব এবং ওষুধশিল্পের বিকাশেও সরকার কাজ করছে বলে জানান অর্থমন্ত্রী।
দেশের ঋণ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অতীতের ঋণের বোঝা ও ব্যয় বৃদ্ধির চাপ থাকা সত্ত্বেও প্রতিটি ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করা হচ্ছে। বাংলাদেশ কোনো ঋণ পরিশোধে খেলাপি হয়নি।
আরও পড়ুন: বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী আমির খসরু
ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আলাদা ঋণ ব্যবস্থাপনা বিভাগ গঠন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে নাগরিকেরা দেশের প্রকৃত ঋণ পরিস্থিতি ও মাথাপিছু ঋণের হিসাব জানতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন