ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ঠাকুরগাঁও নির্বাচনে কারচুপির শঙ্কা, ১১ দলের সতর্কতা


ঠাকুরগাঁও নির্বাচনে কারচুপির শঙ্কা, ১১ দলের সতর্কতা

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে যদি ভোট কারচুপি বা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করার চেষ্টা করা হয়, তাহলে সরকারকে মাগুরা নির্বাচনের ঘটনাটি থেকে শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ১১-দলীয় জোট। একই সঙ্গে দুর্নীতি বন্ধ করার, প্রশাসনে দলীয়করণ রোধের, মেধার ভিত্তিতে নিয়োগ-পদোন্নতি এবং গুম-খুন ও হত্যাকাণ্ড প্রতিরোধে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানানো হয়েছে জোটের পক্ষ থেকে।

শুক্রবার (২৩ অক্টোবর) মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন কমিটির সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

তিনি উল্লেখ করেন, ‘আগামী ২৯ তারিখ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোট দেওয়ার জন্য এবং তাদের পছন্দের প্রার্থী নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। সেখানে আজকে ১১-দলীয় যে প্রার্থী দেলোয়ার হোসাইনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, সেটি আমাদের জানা আছে। আগামীকাল সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হবে, যেখানে আমরা জনসমুদ্র লক্ষ্য করব। জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।’

আরও পড়ুন: ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বিজিএমইএ

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে বিভিন্ন ধরনের সংবাদ এসেছে। আবার ১২ ফেব্রুয়ারির ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা হচ্ছে। যদি এ ধরনের কিছু ঘটে, তাহলে মাগুরা থেকে শিক্ষা নেওয়ার জন্য সরকারকে আমরা আহ্বান জানাব। আপনারা জানেন, মাগুরার নির্বাচন বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের একটি কালো অধ্যায়, একটি দৃষ্টান্ত। এখান থেকে সরকার পতন আন্দোলন শুরু হয়েছিল এবং তা চূড়ান্ত রূপ নিয়েছিল।’

সরকারের উদ্দেশ্যে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক বলেন, ‘যদি সরকার ক্ষমতায় থাকতে না চায়, তাহলে আমরা জোর করে ক্ষমতায় রাখতে পারব না। তাদের প্রতিটি আচরণ মনে হচ্ছে, তারা পালানোর অজুহাত তৈরি করছে। এ ধরনের পরিস্থিতি আপনারাই তৈরি করেন, জনগণের কিছু বলার নেই। তাই আমরা ঠাকুরগাঁওয়ে মাগুরার পুনরাবৃত্তি চাই না। এজন্য সাবধান হন এবং সতর্ক থাকুন। যদি এ ধরনের অসৎ পরিকল্পনা থাকে, তাহলে সেগুলো ধুয়ে-মুছে ফেলুন।’

তিনি আরও বলেন, ‘জনগণ আজ সজাগ এবং তারা প্রস্তুতি নিচ্ছে কীভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানো যায়। সেই পথেই আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামব, ইনশা আল্লাহ।’

সাত দলের সঙ্গে সাম্প্রতিক আলোচনা ও ১১-দলীয় জোটের ঐক্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, ‘গতকালের মিটিংয়ের ব্যাপারে কিছু আলোচনা হয়েছে। বক্তব্য দেওয়া ছাড়াই এটি প্রমাণ করে যে, যারা সেখানে সাত দল বা যে দলেই হোক, জোট হোক, তারা আজ এখানে ১১ দলে আছেন। সুতরাং সেখানে ১১ দলকে নিয়ে বেরিয়ে আসছে, ভেঙে গেছে– নানা অপপ্রচার এবং বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তাদের উপস্থিতিই হচ্ছে এর জবাব।’

আরও পড়ুন: ঢাকা মেট্রোরেলসহ তিন প্রকল্পে কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

তিনি বলেন, ‘সুতরাং ১১ দল আছে এবং থাকবে। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং গণভোটের রাস্তা না হওয়া পর্যন্ত যে ঐক্য হয়েছে, সেই ঐক্য অটুট রেখে আমরা এগিয়ে যাব।’

আগামী ৩১ অক্টোবর লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে জোটের পক্ষ থেকে হামিদুর রহমান আযাদ জানান, সকাল ৭টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জমায়েত শুরু হবে। সকাল ৮টায় সমাবেশ শেষে যাত্রা শুরু হবে। ঢাকা থেকে শুরু করে খুলনা হয়ে কুষ্টিয়ায় গিয়ে কর্মসূচি শেষ হবে।

লংমার্চের পথে ছয়টি পথসভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে মাদারীপুর-শরীয়তপুরের নাওডোবা, বাগেরহাটের কাটাখালী, খুলনার বাবরি চত্বর, খুলনার ফুলতলার স্বাধীনতা চত্বর, যশোরের মণিরামপুর মোড় এবং চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড। কর্মসূচির সমাপনী সভা হবে কুষ্টিয়া জেলা হাইস্কুল মাঠে।

তিনি বলেন, ‘আমাদের এই লংমার্চ হবে শান্তিপূর্ণ, অত্যন্ত সুশৃঙ্খল এবং জনবান্ধব। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভিত্তিতে এটি হবে। এর মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, সরকার যেন দ্রুত জনগণের ভাষা বুঝতে পারে, দেয়ালের লিখন পড়তে পারে এবং শিক্ষা নিতে পারে।’

আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন, হেডকোয়ার্টারে এবং জেলা-উপজেলা পর্যায়ে সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে লংমার্চ করব। ঢাকা থেকে শুরু করে একেবারে খুলনা হয়ে কুষ্টিয়ায় গিয়ে শেষ করব। প্রতিটি জায়গায় জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের।’

লংমার্চে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা প্রসঙ্গে সমন্বয়ক বলেন, ‘যদি কারও উসকানি এবং বিশৃঙ্খলা করার সামান্যতম নমুনা থাকে, তাহলে যেন আগেভাগে ব্যবস্থা নেওয়া হয়। যদি আপনারা ব্যবস্থা না নেন, তাহলে আমরা বুঝে নেব সরকার এবং ফ্যাসিবাদী শক্তি আমাদের এই কর্মসূচির মধ্যে বিশৃঙ্খলা তৈরির জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি না, প্রজাতন্ত্রের কোনো কর্মচারী এ ধরনের ষড়যন্ত্রমূলক কাজে জড়িত হোক। তারা জনগণের হয়ে কাজ করবেন এবং জননিরাপত্তার জন্য কাজ করবেন। শান্তিপূর্ণ এই কর্মসূচি পালনের ক্ষেত্রে তাদের সহায়তা চাই।’

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র মহাসচিব আতাউল্লাহ আমিন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোয়াজ্জেম হোসেন হেলাল, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, এবি পার্টির নেতারা, জাগপার নেতারা, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানসহ ১১-দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় দেশীয় অস্ত্র তৈরি ও বিক্রির অভিযোগে যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


কুমিল্লায় দেশীয় অস্ত্র তৈরি ও বিক্রির অভিযোগে যুবক আটক

কুমিল্লার লালমাইয়ে এক যুবককে আটক করা হয়েছে দেশীয় অস্ত্র তৈরি ও বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে। বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অভিযানে গিয়ে তার বাড়িতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করার দাবি করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। আটক যুবকের নাম আবু মোহাম্মদ তৌকিরি নেওয়াজ আসিফ, যিনি স্থানীয় বাসিন্দা শাহনেওয়াজ লাভলুর পুত্র।

এসআরবি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফের দেশীয় অস্ত্র প্রদর্শন এবং সেগুলো তৈরি ও বিক্রির বিজ্ঞাপন নিয়ে তাদের দৃষ্টি আকর্ষিত হয়। পরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তথ্য যাচাই করে আসিফের বাড়িতে অভিযান চালানো হয় এবং তাকে আটক করা হয়।

অভিযানে ১৬টি ছোট-বড় রামদা, চাকু ও চাপাতি, দুটি এয়ারগান, এক বক্স কার্তুজ, একটি ড্রিল মেশিন, একটি কাটার মেশিন এবং একটি সামুরাই উদ্ধার করা হয়েছে। এসআরবি জানায়, এসব সরঞ্জাম দেশীয় অস্ত্র ও পাইপগান তৈরির কাজে ব্যবহৃত হতো কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এসআরবি ১১ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফের দেশীয় অস্ত্র প্রদর্শনের বিষয়টি তাদের নজরে আসে। পরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তথ্য সংগ্রহ করে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আসিফকে আটক করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকদের সত্যনিষ্ঠ হওয়ার পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


সাংবাদিকদের সত্যনিষ্ঠ হওয়ার পরামর্শ দিলেন সিএনএনের আমানপুর

আন্তর্জাতিক বিষয়ক অভিজ্ঞ সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুর, যিনি সিএনএনের প্রধান আন্তর্জাতিক অ্যাঙ্কর, আগামী বছরের জুনে নেটওয়ার্কটি ছাড়বেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি মন্তব্য করেছেন, ‘সত্যনিষ্ঠ হতে হবে, নিরপেক্ষ নয়।’

সম্প্রতি এক ঘোষণায় আমানপুর সিএনএন ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। ৪৩ বছরের সম্প্রচার সাংবাদিকতার অভিজ্ঞতার পর তিনি এই পদক্ষেপ নিয়েছেন।

গত সোমবার এক বিবৃতিতে আমানপুর বলেন, ‘অনেক মাস ধরে চিন্তাভাবনা এবং কয়েকটি নির্ঘুম রাত কাটানোর পর আমি সিএনএন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রতিষ্ঠানটি ছিল আমার ৪৩টি অসাধারণ বছরের সঙ্গী।’

তবে সিএনএন ছাড়ার এই সিদ্ধান্তকে তিনি অবসর হিসেবে দেখছেন না। বরং এটি নতুন সুযোগ ও সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার একটি পরিবর্তন হিসেবে অভিহিত করেছেন।

তিনি উল্লেখ করেন, ‘সামনে আকর্ষণীয় কিছু নতুন প্রকল্প নিয়ে কাজ করার অপেক্ষায় আছি। তবে সিএনএনের প্রতি সব সময় আমার সমর্থন থাকবে। প্রতিষ্ঠানটির স্বাধীন সাংবাদিকতার ঐতিহ্যও আমি সমুন্নত রাখতে চাই। মনে রাখবেন, সব সময় সত্যনিষ্ঠ হতে হবে, নিরপেক্ষ নয়।’

সিএনএনে নিজের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আমানপুর বিশ্বের গুরুত্বপূর্ণ সংঘাত ও যুদ্ধের সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি সহকর্মীদের সঙ্গে কাজ করার স্মৃতিও উল্লেখ করেন।

আমানপুর বলেন, ‘প্রথম উপসাগরীয় যুদ্ধের সংবাদ সংগ্রহের রোমাঞ্চকর দায়িত্ব থেকে শুরু করে বসনিয়া যুদ্ধের ভয়াবহতা, রুয়ান্ডা, আফগানিস্তান, ইউক্রেন ও ইরানসহ বিভিন্ন সংঘাতের সংবাদ সংগ্রহ করেছি। এর মধ্যবর্তী সময়ে আরও অনেক ঘটনা কাভার করেছি। তবে এসব কাজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমাদের দল ও সহকর্মীদের পারস্পরিক বন্ধন।’

তিনি আরও বলেন, ‘আমরা একসঙ্গে সত্য, প্রমাণ ও মানবিকতার সন্ধানে কাজ করেছি, যাতে সিএনএন নির্ভয়ে ও পক্ষপাতের ঊর্ধ্বে থেকে বিশ্বের সত্য তুলে ধরতে পারে এবং বিশ্ববাসীর কাছে তা পৌঁছে দিতে পারে।’

২০০৯ সাল থেকে সিএনএন ইন্টারন্যাশনালে নিজের নামে প্রচারিত রাতের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনা করে আসছেন আমানপুর।

সিএনএন ছাড়লেও তিনি পডকাস্ট অনুষ্ঠান ‘দ্য এক্স ফাইলস’-এর সহ-উপস্থাপনা চালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্লোবাল প্রযোজিত এই পডকাস্টে তার সঙ্গে থাকবেন সাবেক স্বামী জেমি রুবিন।

কে এই আমানপুর

আমানপুরের জন্ম পশ্চিম লন্ডনের ইলিং এলাকায়। তার বাবা মোহাম্মদ তাকি আমানপুর ছিলেন ইরানি এবং মা অ্যান প্যাট্রিসিয়া হিল ছিলেন ব্রিটিশ। তার বাবা ছিলেন শিয়া মুসলিম এবং মা রোমান ক্যাথলিক।

আমানপুর ১১ বছর বয়স পর্যন্ত তেহরানে বেড়ে ওঠেন। এরপর তাকে ইংল্যান্ডে পাঠানো হয়, যেখানে তিনি বাকিংহামশায়ারের একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করেন। ১৬ বছর বয়সে তিনি এসেক্সের চেমসফোর্ডের রোমান ক্যাথলিক শিক্ষাপ্রতিষ্ঠানে চলে যান।

ইংল্যান্ডে পড়াশোনা শেষ করার পর আমানপুর ইরানে ফিরে আসেন। তার বাবা ‘ইরান এয়ার’-এ নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন, কিন্তু ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের সময় তিনি তার চাকরি ও সম্পদ হারান। ১৯৭৯ সালেই তার পরিবার যুক্তরাষ্ট্রে চলে যায়। সেখানে তিনি রোড আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি রোড আইল্যান্ডের প্রভিডেন্সে অবস্থিত ডব্লিউবিআরইউ-এফএমের সংবাদ বিভাগে কাজ করতেন। এ ছাড়া তিনি প্রভিডেন্সেই এনবিসির সহযোগী স্টেশন ডব্লিউজেএআরে ইলেকট্রনিক গ্রাফিক্স ডিজাইনার হিসেবেও কাজ করেছেন। ১৯৮৩ সালে আমানপুর সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।

নিজের প্রজন্মের অন্যতম সম্মানিত সম্প্রচার সাংবাদিক হিসেবে তিনি নব্বইয়ের দশকের শুরু থেকেই গণমাধ্যমে এক পরিচিত মুখ হয়ে ওঠেন। পরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন; যার মধ্যে রয়েছে সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ (১৯৯৬-২০০৫) অনুষ্ঠানে প্রতিবেদক হিসেবে কাজ করা এবং পিবিএসে নিজের অনুষ্ঠান ‘আমানপুর অ্যান্ড কোম্পানি’ (২০১৮-বর্তমান) উপস্থাপনা করা। এ ছাড়া তিনি এবিসির রোববারের সকালের আলোচনা অনুষ্ঠান ‘দিস উইক’র উপস্থাপক হিসেবেও কিছুকাল দায়িত্ব পালন করেছেন। সূত্র: জেরুজালেম পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২০০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


সিলেটে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২০০

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টার মধ্যে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ঘটেছে। মৃত ৩ শিশুর বয়স এক বছরের নিচে। এ ঘটনার ফলে বিভাগজুড়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ২০০ জনে পৌঁছেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে এম এ জি ওসমানী হাসপাতালে নতুন করে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশুদের মধ্যে রয়েছে এক বছর বয়সী আব্দুল্লাহ আল সাফওয়ান, যিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা শহীদুল ইসলামের সন্তান। ৯ মাস বয়সী জিসান আহমেদ একই জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা মকবুল হোসাইনের ছেলে। এছাড়া তিন মাস ২৪ দিন বয়সী জায়ান হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মিজানুর রহমানের সন্তান।

তবে গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানো ২০০ জনের মধ্যে ১০ জনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগে ১ হাজার ১১৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে আটক ৪ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে আটক ৪ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে। আটক ব্যক্তিরা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের নেতারা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকাল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা রাজু ভাস্কর্যের সামনে অনশন কর্মসূচি শুরু করেন। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী সেখানে উপস্থিত থাকার তথ্য পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ কয়েকজন নেতাকর্মী সেখানে যান। এরপর তারা ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেন। আটককৃতদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ফেরদৌস খান, অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি একরাম গাজী হৃদয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম এবং একই হল শাখার শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান মনির।

এ বিষয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন মন্তব্য করেন, "আমরা অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে পেয়েছি। তারা বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন। পরে পুলিশ এসে তাদের নিয়ে গেছে।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের এক সদস্য জানান, ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন গণমাধ্যমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায়। আটক চারজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা বলে নিশ্চিত হওয়ার পর তাদের শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%