০৫:১৭ পি.এম
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারে থাকা দানবাক্সের টাকা প্রথমবারের মতো প্রকাশ্যে খোলা ও গণনা করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্সের তালা খুলে গণনা শুরু হয়। গণনা চলতে থাকে বিকেল পর্যন্ত। দান বাক্সে মোট ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া যায়।
দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ভক্ত এই অর্থ দান করেন ফকির লালন সাঁইয়ের মাজারের ভেতরে রক্ষিত দানবাক্সে। স্থানীয়রা প্রকাশ্যে টাকা গণনার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা দাবি করেছেন, দানের অর্থের সঠিক ব্যবহার ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।
স্থানীয় আলমাস হাসান মামুন মন্তব্য করেন, "এইবার প্রথম বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারের রক্ষিত দানবাক্স প্রকাশ্যে খোলা ও টাকা গণনা করা হয়েছে। আমরা চাই এই টাকা সঠিকভাবে আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবহার করা হোক।"
আরও পড়ুন: খাগড়াছড়িতে আগুনে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন জানান, "এবারই প্রথম লালন অ্যাকাডেমি সিন্দুক প্রকাশ্যে খোলা এবং গণনা করা হয়েছে। এই গণনাকৃত টাকা লালন অ্যাকাডেমির ফান্ডে জমা হবে।"
এ কার্যক্রমে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন