বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং
০৪:৪৭ পি.এম
কিশোরগঞ্জের ভৈরবে ৫৯৭ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘এসকাফ সিরাপ’, দুটি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪, ভৈরব ক্যাম্প।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রনি (৩০), মো. আরাফাত (১৮) ও জানে আলম সম্রাট (২৫)। তাদের সবার জেলা কিশোরগঞ্জ বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি-১৪-এর সিপিসি-২, ভৈরব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার চণ্ডিবের মধ্যপাড়ার পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় মাদক বহনকারী সন্দেহে একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হলে তিনজনকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের হেফাজতে নেশাজাতীয় মাদকদ্রব্য ‘এসকাফ সিরাপ’ থাকার কথা স্বীকার করেন বলে জানায় এসআরবি। তাদের দেওয়া তথ্য ও দেখানো স্থান অনুযায়ী সিএনজিতে বিশেষ কৌশলে রাখা ৫৯৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়। পাশাপাশি দুটি মোবাইল ফোনও জব্দ করে অভিযানকারী দল।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাদের কিশোরগঞ্জের ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৪ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে আন্ত ধর্মীয় সম্প্রীতি, বহুমাত্রিক সংস্কৃতি, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং দুই দেশের পার্লামেন্টারি সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে বৈঠক করেছে যুক্তরাজ্যের পার্লামেন্টের একটি বিশেষ প্রতিনিধিদল, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রীর দপ্তরে যুক্তরাজ্যের পার্লামেন্টের ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশ’-এর তিন সদস্যের এই প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।
যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য মিজ আপসানা বেগমের নেতৃত্বে প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন এমপি মিস্টার শকাত আদম ও লর্ড কুরবান হোসেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পার্লামেন্ট-টু-পার্লামেন্ট সম্পর্ক উন্নয়ন, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণ, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময় জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রতিনিধিদলকে বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংস্কৃতির প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘বাংলাদেশে পাহাড় ও সমতলের ৫০টিরও বেশি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নিজস্ব ভাষা ও স্বকীয়তা বজায় রেখে মিলেমিশে বসবাস করছে। আমাদের রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু বলে কোনো বিভাজন নেই; আইনের চোখে সব নাগরিক সমান সুযোগ ও অধিকার ভোগ করেন।’
গণতান্ত্রিক অগ্রযাত্রার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এর মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারায় এক নতুন যাত্রার সূচনা হয়েছে।
তিনি আরো জানান, বিগত ফ্যাসিবাদের পতনের পর যেকোনো অস্থিতিশীলতা রোধে এবং বিশেষ করে দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারি পদক্ষেপের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরাসরি মাঠে থেকে সহায়তা করেছে।
বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার নিদর্শন হিসেবে দুর্গাপূজার ব্যাপ্তি তুলে ধরে নিতাই রায় চৌধুরী জানান, গত বছর সারা দেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে পূজা উদযাপিত হলেও চলতি বছর মণ্ডপের সংখ্যা আরো প্রায় ৫ হাজার বাড়তে পারে।
বৈঠকে উপস্থিত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রতিনিধিদলকে অবহিত করেন যে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ৪ কোটি টাকা চাহিদার বিপরীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ কোটি টাকা বরাদ্দের বিশেষ উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সুবিধার্থে দুর্গাপূজায় সরকারি ছুটি একদিন বাড়ানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উচ্চপর্যায়ের এ দ্বিপক্ষীয় বৈঠকে অন্যান্যের মধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম এবং যুগ্ম সচিব ইলিয়াস সুমনা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের মইনখালি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোট ৮ জনকে আটক করে সর্বমোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার মইনখালি এলাকায় কারখানা নদী ও পাণ্ডব নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধ উপায়ে নদী থেকে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ৮ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং সর্বমোট ৫ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। এ সময় সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদী ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ দল হোঁচট খায়। পাকিস্তানের কাছে পরাজিত হয়ে সেমিফাইনাল থেকে বাদ পড়ে জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, ইকবাল হোসেন ইমনরা। গত আসরের দুঃখ ভুলে আবারো এশিয়ার সেরা হওয়ার লক্ষ্য নিয়ে যুবারা ওমানে যাবেন।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১৩তম আসর শুরু হবে ৫ নভেম্বর। ৫০ ওভারের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। ৮টি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।
‘বি’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়াকে। যুব এশিয়া কাপের পর্দা উঠবে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার ম্যাচ দিয়ে। একই দিনে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।
বাংলাদেশের যুবাদের দ্বিতীয় ম্যাচ হবে ৭ নভেম্বর, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর।
প্রতিটি গ্রুপের পয়েন্ট টেবিলের সেরা দুইটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে ‘বি’ গ্রুপের রানার্স আপের সঙ্গে। দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে ‘এ’ গ্রুপের রানার্স আপের বিপক্ষে।
সেমিফাইনাল জেতা দুই দল ১৪ নভেম্বর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের মৃত্যুতে একটি চিকিৎসা সংক্রান্ত আইনি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় তার নিজস্ব বাড়িতে অসুস্থ হয়ে পড়ার পর তিনি মারা যান। মৃত্যুর সঠিক কারণ ও পেছনের পরিস্থিতি যাচাই করার জন্য ইতিমধ্যে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ অভিনেতার দেহের ময়নাতদন্তের সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে নানার বুকে ব্যথা শুরু হলে দ্রুত চিকিৎসকদের খবর দেওয়া হয়। চিকিৎসকদের একটি দল বাড়িতে পৌঁছে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। সংবাদ সংস্থা এএনআই এর সূত্রে জানা গেছে, গোয়ার মণিপাল হাসপাতালে নেওয়ার আগে প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর জন্য সিপিআর দেওয়া হয়। তবে সকাল সাড়ে ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠায় ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত এগোচ্ছে। অন্যদিকে, এই প্রভাবশালী অভিনেতার আকস্মিক প্রয়াণে বলিউডে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অক্ষয় কুমার, রাম গোপাল বর্মা, কঙ্গনা রনৌত ও প্রমোদ সওয়ন্তসহ বহু বিশিষ্ট ব্যক্তি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ