ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

চাঁদাবাজি ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর কঠোর হুঁশিয়ারি


চাঁদাবাজি ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর কঠোর হুঁশিয়ারি

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ অবৈধ ইটভাটা, মাটি কাটা এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শুক্রবার দেবীদ্বারে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এলাকার সব ধরনের অবৈধ কর্মকাণ্ড গুঁড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সমাবেশে অবৈধ ইটভাটা মালিকদের উদ্দেশ্যে হুঁশিয়ারি প্রদান করে হাসনাত আবদুল্লাহ বলেন, "যারা নতুন করে ব্রিক ফিল্ড (ইটভাটা) চালু করছেন, ছোট ছোট চুঙা লাগাচ্ছেন, আপনারা একটু খরচটা করে নেন আগে। খরচটা করলে না ভাঙতাম! কিছু না থাকলে ভাঙব কীভাবে?" তিনি আরও বলেন, "দেখছি ইট বানাচ্ছেন, চুঙা বানাচ্ছেন—সবগুলোকে একদম সমান করে ফেলা হবে, ভেঙে ফেলা হবে। এখানে কোনো অবৈধ জিনিসকে সহ্য করা হবে না।"

এলাকায় রাজনৈতিক বিভেদ ভুলে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, "রাজনৈতিক দল থাকবে ভোটের মাঠে। কিন্তু আমাদের দেবীদ্বারে দল মূলত দুটি—একটি হলো অপরাধী ও দুর্নীতিবাজদের দল, আর অন্যটি সাধারণ জনগণের দল।"

আরও পড়ুন: জমির প্রকৃত বাজারমূল্য ঠিক করতে নতুন নিয়ম প্রবর্তন

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত জনতাকে অপরাধ, দুর্নীতি, মাটি খেকো ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদে নববিতে মুসল্লিদের জন্য চালু হলো বিশেষ ‘তাসহিল কার্ড’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


মসজিদে নববিতে মুসল্লিদের জন্য চালু হলো বিশেষ ‘তাসহিল কার্ড’

সৌদি আরবের পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সুবিধার জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’ চালু করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে জরুরি প্রয়োজনের জন্য সাময়িকভাবে মসজিদের বাইরে গেলে মুসল্লিরা পুনরায় প্রবেশের সুবিধা পান।

প্রতিবেদন অনুযায়ী, প্রতি শুক্রবার মসজিদে নববিতে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে। এক পর্যায়ে মসজিদের ভেতরের নামাজের স্থান পূর্ণ হয়ে গেলে নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে নতুন করে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। ফলে, যারা আগে থেকেই ভেতরে অবস্থান করছেন, তারা যদি ওজু বা অন্য কোনো জরুরি প্রয়োজনে বাইরে যান, তবে পুনরায় প্রবেশের ক্ষেত্রে অনিশ্চয়তার সম্মুখীন হন।

এই পরিস্থিতিতে মুসল্লিদের ভোগান্তি কমানোর জন্য ‘তাসহিল কার্ড’ প্রদান করা হয়। মসজিদের ভেতরে অবস্থানরত মুসল্লিরা সাময়িক প্রয়োজনে বাইরে যাওয়ার আগে সংশ্লিষ্ট স্থান থেকে এই কার্ডটি সংগ্রহ করতে পারেন। পরে প্রবেশপথে কার্ডটি প্রদর্শন করলে, সাধারণ প্রবেশ বন্ধ থাকলেও তাদের পুনরায় মসজিদের ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হয়।

এর ফলে, ওজু কিংবা অন্যান্য জরুরি প্রয়োজনে বাইরে গেলেও মুসল্লিদের আগে থেকে নেওয়া নামাজের স্থান হারানোর আশঙ্কা কমে যায়। জুমার দিনে বিপুলসংখ্যক মুসল্লির সমাগমের মধ্যে প্রবেশ ব্যবস্থাপনা সহজ করা এবং মুসল্লিদের দুর্ভোগ কমাতে এই উদ্যোগ বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদাগাড়ীসহ উত্তরাঞ্চলের পাট চাষিরা পাটের দাম ভালোতে আশার আলো দেখছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


গোদাগাড়ীসহ উত্তরাঞ্চলের পাট চাষিরা পাটের দাম ভালোতে আশার আলো দেখছেন

এক সময় সোনালী আঁশ কৃষকদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। বর্তমানে সেই পরিস্থিতি আর নেই। গোদাগাড়ী উপজেলাসহ উত্তরাঞ্চলের পাট চাষিরা এখন শুধু সোনালী আঁশের উপরই নির্ভরশীল নয়, বরং পাটকাঠির ক্ষেত্রেও আশার আলো দেখছেন। পাটের পাশাপাশি পাটকাঠি বিক্রি করায় তাদের মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে।

এক সময় পাটকাঠি প্রধানত গ্রামের অসচ্ছল পরিবারের ঘরের বেড়া তৈরির কাজে ব্যবহৃত হতো এবং এটি জ্বালানি হিসেবেও ব্যবহার করা হতো। তবে প্রযুক্তির উন্নতির ফলে পাটকাঠি এখন একটি অর্থকরী পণ্য হয়ে উঠেছে। পানের বরজ, পার্টিকেল বোর্ড এবং চারকোল কারখানায় পাটকাঠির চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে গোদাগাড়ী উপজেলায় পাট ধোয়ার পর কৃষক-কৃষাণিরা পাটকাঠি শুকিয়ে আঁটি করে রাখার কাজে ব্যস্ত রয়েছেন। গ্রামীণ সড়কের পাশে মাইলের পর মাইল জুড়ে পাটকাঠি শুকানোর কাজ চলছে।

পাটের তুলনায় পাটকাঠির কদর এখন অনেক বেড়ে গেছে। রান্নার জ্বালানি, ঘরের বেড়া, পানের বরজ, গৃহস্থালী সামগ্রী এবং বিভিন্ন সৌখিন পাটজাত পণ্য তৈরির কাজে পাটকাঠির ব্যবহার অপরিসীম। বর্তমানে বিভিন্ন কলকারখানায় পাটকাঠির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এর মূল্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এক সময় শুধুমাত্র জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো পাটকাঠি, কিন্তু এখন এর বহুমুখী ব্যবহারের কারণে এর কদর কয়েক গুণ বেড়ে গেছে। কুমুরপুর, রাজবাড়ী, চরআষাড়িয়াদহ, কানাপাড়া, ভাটুপাড়া, বিদিরপুর, প্রেমতলী, বাসুদেবপুর প্রভৃতি এলাকায় দেখা যায়, রাস্তার দুপাশে পাটকাঠি শুকানো হচ্ছে। রান্নার কাজে জ্বালানি সংগ্রহের জন্য ভোরে বিভিন্ন এলাকার মহিলারা পাটচাষিদের কাছ থেকে পাট সংগ্রহ করে আঁশ ছাড়াতে সহায়তা করছেন এবং বিনিময়ে পাটকাঠি নিচ্ছেন।

পাট চাষী আব্দুল মতিন জানান, ব্যবসায়ীরা দূর-দূরান্ত থেকে এসে পাটকাঠি কিনে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, "এক আঁটি পাটকাঠি ১০০/১২০ টাকা করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছি।"

এদিকে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে স্বল্প মূল্যে পাটকাঠি ক্রয় করে ভ্যানযোগে পার্শ্ববর্তী শহরে নিয়ে বিক্রি করছেন চড়া দামে। তারা প্রতিদিন কিছু টাকা আয় করছেন। পাটকাঠি ব্যবসায়ী জালাল শেখ বলেন, "এখন পাটকাঠি বিক্রির মৌসুম। তাই আমরা পাটচাষিদের কাছ থেকে ২০/৩০ টাকা মুঠোপ্রতি কিনে শহরে গিয়ে ৫০ থেকে ৬০ টাকা বিক্রি করছি। এতে করে ভ্যানপ্রতি আমাদের ১৫০০ থেকে ২০০০ টাকা আয় হয়।"

উপজেলা কৃষি অফিসার মরিয়ন আহম্মেদ জানান, চলতি বছর গোদাগাড়ীতে পাটের বাম্পার ফলন হয়েছে, তবে জাগ দেয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। বাজারে পাটের দামও ভালো। হাট-বাজারে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৪ হাজার ৯০০ থেকে ৫ হাজার ১০০ টাকা দরে। পাটের উপজাত পাটখড়ি বা পাটকাঠি দিয়ে পানের বরজ, কার্বন ফ্যাক্টরীসহ বিভিন্ন কাজে ব্যবহার হওয়ায় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। এই কারণে ভালো দামে পাটকাঠি বিক্রি করে এ অঞ্চলের কৃষকেরাও লাভবান হচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে পৌরসভার প্রাচীন দুটি পুকুর সংস্কার ও ওয়াকওয়ে নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


ফরিদপুরে পৌরসভার প্রাচীন দুটি পুকুর সংস্কার ও ওয়াকওয়ে নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন

ফরিদপুরে পৌরসভার প্রাচীন দুটি পুকুর সংস্কার ও ওয়াকওয়ে নির্মাণের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, যা জেলা শহরের দুটি সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়।

ফরিদপুর শহরের ঝিলটুলী কাঠপট্টি ও চকবাজার সংলগ্ন পৌরসভার মালিকানাধীন দুটি পুকুর সংস্কার, ঘাটলা নির্মাণ এবং জনসাধারণের হাঁটার জন্য ওয়াকওয়ে তৈরির দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ ফরিদপুর জেলা ও উপজেলা শাখা এবং ‘পরিবেশ উন্নয়ন ফোরাম, ফরিদপুর’-এর যৌথ উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করা হয়।

মানববন্ধনে সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা শাখার সভাপতি লিয়াকত হোসেন কামাল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, এস এ মান্নান ক্যাডেট স্কুলের চেয়ারম্যান সাংবাদিক শেখ সাইফুল ইসলাম ওহিদ, এ্যাড আসাদুজ্জামান আসাদ, রেহেনা প্রিয়া, ইরা নাহার দীবা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘পরিবেশ বাঁচাও, শহর বাঁচাও এবং জনস্বাস্থ্য রক্ষা করো’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, শহরের পরিবেশের ভারসাম্য ও জলাধার রক্ষায় অভ্যন্তরীণ পুকুরগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।

দীর্ঘদিন ধরে অবহেলা ও সংস্কারের অভাবে পৌর মালিকানাধীন পুকুর দুটি বর্তমানে বেহাল দশায় রয়েছে। তারা অবিলম্বে পুকুর দুটি সংস্কার করে এর চারপাশে দৃষ্টিনন্দন ঘাটলা নির্মাণ এবং নগরবাসীর শরীরচর্চা ও হাঁটার সুবিধার্থে ওয়াকওয়ে তৈরির জোর দাবি জানান।

জানা গেছে, ঐতিহ্যবাহী এই পুকুর দুটি এখন পলিথিন প্লাস্টিকের বোতলসহ দখল দূষণে মৃত্যুর মুখে রয়েছে।

মানববন্ধনে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সচেতন নাগরিক এবং স্থানীয় সাধারণ মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন। এ সময় ফরিদপুরের প্রধান প্রধান সড়কে কমপক্ষে আধঘণ্টা নিথর হয়ে পড়ে। সড়কের দুই পাশের বহু ব্যবসায়ী এবং পথচারীরা এদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অগ্রগামী হওয়ার সাহস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেঘনায় ফেরি-বাল্কহেড সংঘর্ষে শিশু তরিকুলের মৃত্যু, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


মেঘনায় ফেরি-বাল্কহেড সংঘর্ষে শিশু তরিকুলের মৃত্যু, আহত ৪

শরীয়তপুর-চাঁদপুর নৌপথে মেঘনা নদীর উপর চলন্ত ফেরিতে একটি বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় তরিকুল ইসলাম (১১) নামে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যে তিনজন শিশু। দুর্ঘটনার পর নৌ-পুলিশ বাল্কহেডটি জব্দ করেছে। এই ঘটনায় বাল্কহেডের দুই শ্রমিক এবং ফেরির চালককে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাক্কি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল ডামুড্যা উপজেলার বাসিন্দা ছিলেন এবং তিনি পরিবারের সঙ্গে চাঁদপুর থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চাঁদপুরের হরিণা ঘাট থেকে ‘কাকলি’ নামের ফেরিটি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে। ফেরিটি বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় ফেরিতে থাকা একটি বাস ক্ষতিগ্রস্ত হয় এবং বাস ও বাল্কহেডের মাঝখানে চাপা পড়ে চার শিশু। দুর্ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু ঘটে। আহত তিন শিশুসহ অপর একজনকে উদ্ধার করে অন্য একটি নৌযানে চাঁদপুরে পাঠানো হয়।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ফেরিতে থাকা যাত্রী আলী আজগর বলেন, "আমি চাঁদপুরে চিকিৎসকের কাছে দেখিয়ে ফেরিতে করে সখিপুরের বাড়িতে ফিরছিলাম। ফেরিটি নরসিংহপুর ফেরিঘাটের কাছাকাছি পৌঁছালে বালুভর্তি একটি দ্রুতগতির বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দেয়। এ সময় বাসের পাশে কয়েকটি শিশু চাপা পড়ে আটকে যায়। আমরা দ্রুত তাদের উদ্ধারের চেষ্টা করি। কিন্তু একটি শিশু ঘটনাস্থলেই মারা যায়। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চাই। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধারকাজ চালান।"

তিনি আরও বলেন, "এ ধরনের বাল্কহেডের বেপরোয়া চলাচল বন্ধ করা দরকার। আজ একটি শিশু প্রাণ হারিয়েছে, কাল হয়তো অন্য কারও সন্তান এভাবে মারা যেতে পারে। এ ঘটনায় তদন্ত করে ফেরিচালকের কোনো গাফিলতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা উচিত।"

এদিকে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ফেরিটি মেঘনা নদীর মূল অংশ পাড়ি দিয়ে একটি চরের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় পাশ দিয়ে কয়েকটি বালুভর্তি বাল্কহেড চলাচল করছিল। এর মধ্যে দ্রুতগতির একটি বাল্কহেড চলন্ত ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা একটি বাস ক্ষতিগ্রস্ত হয় এবং বাস ও বাল্কহেডের মাঝখানে চাপা পড়ে চার শিশু। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে চাঁদপুরে পাঠানো হয়েছে।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে নৌ-পুলিশ সদস্যরা বাল্কহেডটি জব্দ করেন এবং এর দুই শ্রমিককে আটক করেন। পাশাপাশি ফেরির চালককেও আটক করা হয়েছে। দুর্ঘটনাজনিত অবহেলায় মৃত্যুর অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%