প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীয়তপুর-চাঁদপুর নৌপথে মেঘনা নদীর উপর চলন্ত ফেরিতে একটি বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় তরিকুল ইসলাম (১১) নামে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যাদের মধ্যে তিনজন শিশু। দুর্ঘটনার পর নৌ-পুলিশ বাল্কহেডটি জব্দ করেছে। এই ঘটনায় বাল্কহেডের দুই শ্রমিক এবং ফেরির চালককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাক্কি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল ডামুড্যা উপজেলার বাসিন্দা ছিলেন এবং তিনি পরিবারের সঙ্গে চাঁদপুর থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চাঁদপুরের হরিণা ঘাট থেকে ‘কাকলি’ নামের ফেরিটি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে। ফেরিটি বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় ফেরিতে থাকা একটি বাস ক্ষতিগ্রস্ত হয় এবং বাস ও বাল্কহেডের মাঝখানে চাপা পড়ে চার শিশু। দুর্ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু ঘটে। আহত তিন শিশুসহ অপর একজনকে উদ্ধার করে অন্য একটি নৌযানে চাঁদপুরে পাঠানো হয়।
দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ফেরিতে থাকা যাত্রী আলী আজগর বলেন, "আমি চাঁদপুরে চিকিৎসকের কাছে দেখিয়ে ফেরিতে করে সখিপুরের বাড়িতে ফিরছিলাম। ফেরিটি নরসিংহপুর ফেরিঘাটের কাছাকাছি পৌঁছালে বালুভর্তি একটি দ্রুতগতির বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দেয়। এ সময় বাসের পাশে কয়েকটি শিশু চাপা পড়ে আটকে যায়। আমরা দ্রুত তাদের উদ্ধারের চেষ্টা করি। কিন্তু একটি শিশু ঘটনাস্থলেই মারা যায়। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চাই। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধারকাজ চালান।"
তিনি আরও বলেন, "এ ধরনের বাল্কহেডের বেপরোয়া চলাচল বন্ধ করা দরকার। আজ একটি শিশু প্রাণ হারিয়েছে, কাল হয়তো অন্য কারও সন্তান এভাবে মারা যেতে পারে। এ ঘটনায় তদন্ত করে ফেরিচালকের কোনো গাফিলতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা উচিত।"
এদিকে বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ফেরিটি মেঘনা নদীর মূল অংশ পাড়ি দিয়ে একটি চরের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় পাশ দিয়ে কয়েকটি বালুভর্তি বাল্কহেড চলাচল করছিল। এর মধ্যে দ্রুতগতির একটি বাল্কহেড চলন্ত ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা একটি বাস ক্ষতিগ্রস্ত হয় এবং বাস ও বাল্কহেডের মাঝখানে চাপা পড়ে চার শিশু। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে চাঁদপুরে পাঠানো হয়েছে।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে নৌ-পুলিশ সদস্যরা বাল্কহেডটি জব্দ করেন এবং এর দুই শ্রমিককে আটক করেন। পাশাপাশি ফেরির চালককেও আটক করা হয়েছে। দুর্ঘটনাজনিত অবহেলায় মৃত্যুর অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন