ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ইউএনকপস সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন আইজিপি


ইউএনকপস সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন আইজিপি

জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর পুলিশ প্রধানদের ৫ম সম্মেলন, ইউএনকপস-২০২৬-এ অংশগ্রহণের জন্য শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

পুলিশ সদর দফতর থেকে আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইউএনকপস-২০২৬ সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণের মধ্যে রয়েছে অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

সম্মেলনের মূল অধিবেশনে বাংলাদেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বক্তব্য রাখবেন। তাদের বক্তব্যের মাধ্যমে ভবিষ্যৎ জাতিসংঘ পুলিশ কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার, বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, শান্তিরক্ষা মিশনে অবদান এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনমুখী পুলিশিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে।

আরও পড়ুন: সাজেকে হামলার প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়িতে সড়ক অবরোধের ডাক

সম্মেলনে অংশগ্রহণ করার পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা জাতিসংঘ পুলিশ ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন। এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের বর্তমান ও ভবিষ্যৎ অংশগ্রহণ, উচ্চপর্যায়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের প্রতিনিধিত্ব, পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘ পুলিশের ভূমিকা ইত্যাদি নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

দুই দিনব্যাপী ইউএনকপস সম্মেলন আগামী ৭-৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী হিসেবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, নেতৃত্ব এবং শান্তিরক্ষা কার্যক্রমে অবদানকে আরও সুদৃঢ় ও দৃশ্যমান করবে।

আরও পড়ুন: মীর শাহে আলম: বিএনপিতেও গুপ্ত ও জামায়াত-আওয়ামী লীগে রয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুর–পাকুন্দিয়া সড়কের দ্বীপেশ্বর অংশে দুর্ঘটনার ঝুঁকি, সংস্কারে দীর্ঘসূত্রতায় ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


হোসেনপুর–পাকুন্দিয়া সড়কের দ্বীপেশ্বর অংশে দুর্ঘটনার ঝুঁকি, সংস্কারে দীর্ঘসূত্রতায় ভোগান্তি

কোনো কোনো সময় একটি ছোট অবকাঠামোগত ত্রুটিই একটি বৃহৎ প্রশাসনিক বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে ওঠে। কিশোরগঞ্জের হোসেনপুর-বাসকান্দা-পাকুন্দিয়া-ঢাকা আঞ্চলিক সড়কের পৌর এলাকার দ্বীপেশ্বর অংশে প্রায় ৩০ ফুটজুড়ে সৃষ্ট গর্ত তেমনই এক উদাহরণ। দীর্ঘদিন ধরে এই সড়কের অংশটি চলাচলকারীরা দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। স্থানীয়দের দাবি, একাধিক দুর্ঘটনা ঘটলেও স্থায়ী সংস্কারের উদ্যোগ দৃশ্যমান হয়নি। ফলে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কের একটি অংশ বর্তমানে জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়রা জানাচ্ছেন, সড়কের দুই পাশে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কারণে স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে পড়েছে। বর্ষার পানি দীর্ঘ সময় জমে থাকার কারণে সড়কের ভিত্তি দুর্বল হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে ড্রেন নির্মাণের কাজ চললেও ক্ষতিগ্রস্ত অংশটি এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়ে গেছে।

সরেজমিনে যখন দেখা যায়, দ্বীপেশ্বর এলাকায় সড়কের একটি অংশে বড় গর্তের কারণে যানবাহনকে গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় গর্তে পানি জমে গেলে ঝুঁকি আরও বেড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই অবস্থার কারণে যাত্রী ও চালকদের দুর্ভোগ অব্যাহত রয়েছে।

এই সড়ক দিয়ে প্রতিদিন বাসকান্দা, হোসেনপুর, পাকুন্দিয়া ও আশপাশের এলাকার মানুষ জেলা সদর এবং রাজধানীগামী যানবাহনে যাতায়াত করেন। বাস, ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক যোগাযোগপথ।

রোববার (৫ জুলাই) সরেজমিনে দেখা যায়, পাকুন্দিয়ার তারাকান্দি বাজার থেকে সবজি কিনে নান্দাইল উপজেলার বাসকান্দা ফিরছিলেন সবজি ব্যবসায়ী আমিন মিয়া। দ্বীপেশ্বর এলাকায় পৌঁছালে গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এতে চালক মোখলেছুর রহমান গাড়ির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, এ ধরনের দুর্ঘটনা এর আগেও ঘটেছে।

এলাকার ব্যবসায়ী মো. সাহাব উদ্দিন, নাজিম উদ্দিন, মফিজ উদ্দিন, মো. সুবল মিয়া ও সৃজন মিয়া বলেছেন, জনগুরুত্বপূর্ণ এই সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা প্রয়োজন। তারা মনে করেন, দীর্ঘদিন ধরে গর্তটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও স্থায়ী সমাধান না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন হলেও পৌর এলাকার মধ্যে অবস্থিত হওয়ায় দায়িত্ব পালনের ক্ষেত্রে সমন্বয়ের ঘাটতি রয়েছে। এ কারণে সংস্কারকাজে বিলম্ব হচ্ছে বলে তাদের ধারণা। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, “গর্তটি দীর্ঘদিনের। উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অল্প পরিসরের এই অংশ দ্রুত মেরামতের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পৌর প্রকৌশলীকে তাৎক্ষণিকভাবে গর্ত ভরাট করে জনদুর্ভোগ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।” স্থানীয়দের প্রত্যাশা, সাময়িক মেরামতের পাশাপাশি দ্রুত টেকসই সংস্কারকাজ সম্পন্ন করা হবে, যাতে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিত্রনায়ক সালমান শাহ’র লাশ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


চিত্রনায়ক সালমান শাহ’র লাশ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ

চিত্রনায়ক সালমান শাহের (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) লাশ কবর হতে উত্তোলনের উদ্দেশ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২২ জুন সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা এই বিষয়ে এক অফিস আদেশ জারি করেছেন। এই অফিস আদেশের একটি অনুলিপি আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ডাকযোগে পাঠানো হয়েছে। উক্ত অফিস আদেশটি নথিভুক্ত করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, গত ২৪ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ অনুযায়ী মামলার ভিকটিম মৃত চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৭৬(২) ধারা মোতাবেক কবর থেকে লাশ উত্তোলনের সময় উপস্থিত থেকে ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের জন্য সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পারভেজকে নিয়োগ করা হলো।

রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম আজ বিকেলে বাসস’কে এই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ মে সালমান শাহ’র মৃতদেহ (লাশ) কবর থেকে উত্তোলনের জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দেন।

এরপর গত ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলার বাদি মোহাম্মদ আলমগীর (কুমকুম) লাশ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। আদালত আবেদনটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন- সালমান শাহ’র স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মে ফেয়ার বিউটি পার্লারের রুবি, আবুল সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ’র মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছিল। তবে গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদিপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর সালমান শাহ’র মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে মোহাম্মদ আলমগীর উল্লেখ করেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার বোন নীলুফার জামান চৌধুরী (নীলা চৌধুরী), বোনের স্বামী কমরউদ্দিন আহমদ চৌধুরী এবং তাদের ছোট ছেলে শাহরান ইস্কাটনের বাসায় সালমান শাহের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন, সালমান ঘুমাচ্ছেন। কিছু সময় পর প্রোডাকশন ম্যানেজার সেলিম ফোন করে জানান, সালমানের কিছু হয়েছে। তখন দ্রুত তারা বাসায় ফিরে দেখেন, সালমান শয়নকক্ষে নিথর পড়ে আছেন এবং কয়েকজন বহিরাগত নারী তার হাত-পায়ে তেল মালিশ করছেন। পাশের কক্ষে সামিরার আত্মীয় রুবি বসে ছিলেন।

সালমানের মা চিৎকার করে তাকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন। পথে তারা সালমানের গলায় দড়ির দাগ এবং মুখমণ্ডল ও পায়ে নীলচে দাগ দেখতে পান। তারা সালমান শাহকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, সালমান শাহ অনেক আগেই মারা গেছেন।

মোহাম্মদ আলমগীর এজাহারে আরও দাবি করেছেন, সালমানের পিতা কমরউদ্দিন আহমদ চৌধুরী তার মৃত্যুর আগে ছেলের মৃত্যুকে হত্যা বলে সন্দেহ করে ১৯৯৭ সালের ২৪ জুলাই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি দরখাস্ত দাখিল করেন। সেখানে তিনি রমনা থানার অপমৃত্যু মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা হিসেবে গ্রহণ ও সিআইডির মাধ্যমে তদন্তের আবেদন জানান। সালমানের পিতার মৃত্যুর পর তিনি তার বোনের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করছেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে কেউ মৃত্যুবরণ করে থাকলে প্রমাণ সাপেক্ষে তারা মামলার দায় থেকে অব্যাহতি পাবেন। এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে সালমান শাহকে হত্যা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালতলীতে বন বিভাগের মামলায় ৫ জন কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


তালতলীতে বন বিভাগের মামলায় ৫ জন কারাগারে

বরগুনার তালতলীতে বন বিভাগের মামলা অনুযায়ী ৫ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

 বন বিভাগের মামলা অনুযায়ী, বরগুনার তালতলীতে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে প্রবেশ, গাছ কাটা, বনভূমির ক্ষতি এবং মাটি কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে ৫ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রবিবার (৫ জুলাই) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান এই আদেশ দেন।

বন বিভাগ থেকে পাওয়া তথ্যে জানা যায়, তালতলী উপজেলার ছকিনা বিট অফিসের আওতাধীন নিদ্রারচর ডিসি পয়েন্ট এলাকায় সংরক্ষিত বনাঞ্চলে ইউপি সদস্য মো. শহিদ আকনের নেতৃত্বে মাসুদ খান, সবুজ ফকির, কুডি মোল্লা ও মোহাম্মদ নেকিয়ার হোসেন অনধিকার প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তারা বনাঞ্চলের গাছ কেটে ফেলে সেখানে বেঞ্চ তৈরি করেন এবং মাটি কেটে রাস্তা নির্মাণ করে বনভূমির ক্ষতি সাধন করেন।

এ ঘটনায় গত ২৬ এপ্রিল ছকিনা বিট অফিসার মাহিদুল ইসলাম জুয়েল বাদী হয়ে বন আইনে পাঁচজনকে আসামি করে টেংরা মামলা নং-১/২০২৬ দায়ের করেন।

মামলার আসামিরা রবিবার আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী ও ছকিনা বিট অফিসার মাহিদুল ইসলাম জুয়েল বলেন, সংরক্ষিত বনাঞ্চলে অনধিকার প্রবেশ, গাছ কেটে বেঞ্চ নির্মাণ এবং মাটি কেটে রাস্তা তৈরির অভিযোগে মামলাটি করা হয়। রবিবার আসামিরা আদালতে হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


জয়পুরহাটে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম শুরু

জয়পুরহাটের তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগণের জীবনমান উন্নয়ন লক্ষ্যে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ ও গাভি পালন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রবিবার দুপুরে কালাই উপজেলা প্রশাসন মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে এবং কালাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।

অনুষ্ঠানের বক্তারা বলেছেন, অবহেলিত হিজড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশ্যে এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ ও গাভি পালনের মাধ্যমে তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কালাই উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণে অংশ নেওয়া তৃতীয় লিঙ্গের জনগণের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%